1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৪ জন

প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৬ মে ২০২৬

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৪ জন, ইরানে আবার হামলা অ্যামেরিকার, বাংলাদেশে স্বল্প মাত্রার ভূমিকম্প, দিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, পশ্চিমবঙ্গে একশ দিনের কাজ শুরুর নির্দেশ....আরো খবর এখানে।

https://p.dw.com/p/5EGmP
দুর্ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা
সাতজন শিশুকে নিয়ে যাচ্ছিল একটি স্কুল মিনিবাস৷ একটি ট্রেন মিনিবাসটিতে ধাক্কা দিলে চারজন মারা যায়৷ছবি: Bert Van Den Broucke/Photo News/IMAGO
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৪ জন
  • ইরানে আবার হামলা অ্যামেরিকার
  • বাংলাদেশে স্বল্প মাত্রার ভূমিকম্প
  • দিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
  • পশ্চিমবঙ্গে একশ দিনের কাজ শুরুর নির্দেশ
  • ঈদযাত্রার জন্য পর্যাপ্ত যানবাহন নেই, বললেন মন্ত্রী
  • গাজায় ইসরায়েলের আক্রমণে নারী ও শিশু নিহত
  • সেনেগালে প্রধানমন্ত্রীর পদে এক অর্থনীতিবিদ
  • পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় ৩০ জনেরও বেশি নিহত
  • জার্মানিতে ১,৯৩৩ শিশু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত
  • বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৪৫
  • তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প
  • ভারতে পেট্রোল-ডিজেলের দাম আবার বাড়লো
স্কিপ নেক্সট সেকশন বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৪ জন
২৬ মে ২০২৬

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৪ জন

দুর্ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা
সাতজন শিশুকে নিয়ে যাচ্ছিল একটি স্কুল মিনিবাস৷ একটি ট্রেন মিনিবাসটিতে ধাক্কা দিলে চারজন মারা যায়৷ছবি: Bert Van Den Broucke/Photo News/IMAGO

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছের বুগেনহাউট শহরে একটি ট্রেন একটি স্কুল বাসে ধাক্কা দিলে দুই কিশোরসহ অন্তত চারজন নিহত হয়৷
কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার বেলজিয়ামের উত্তরাঞ্চলে সাতজন শিশুকে নিয়ে যাচ্ছিল একটি স্কুল মিনিবাস৷ একটি ট্রেন মিনিবাসটিতে ধাক্কা দিলে চারজন মারা যায়৷
বেলজিয়ামের পরিবহন মন্ত্রী জঁ-লুক ক্রুকেকে উদ্ধৃত করে আরটিএল টিভি জানায়, নিহতদের মধ্যে বাসচালক এবং শিশুদের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিও রয়েছেন৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5EKu4
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে স্বল্প মাত্রার ভূমিকম্প
২৬ মে ২০২৬

বাংলাদেশে স্বল্প মাত্রার ভূমিকম্প

আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে৷ বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়৷ এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে৷
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪৷ এটি স্বল্পমাত্রার ভূমিকম্প৷ এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই৷
বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে বিশেষজ্ঞদের অভিমত৷ ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ৷ তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা৷ তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে৷ বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5EJCQ
স্কিপ নেক্সট সেকশন ইরানে আবার হামলা অ্যামেরিকার
প্রকাশিত ২৬ মে ২০২৬শেষ আপডেট ২৬ মে ২০২৬

ইরানে আবার হামলা অ্যামেরিকার

অ্যামেরিকার যুদ্ধবিমানবাহী রণতরী।
মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, আত্মরক্ষার জন্য এই আক্রমণ করা হয়। ছবি: U.S. Navy/Planet Pix/ZUMA/picture alliance

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কম্যান্ডের মুখপাত্র জানিয়েছেন, আত্মরক্ষা করতেই এই হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইরানে হামলা চালানো হয়েছে অ্যামেরিকার তরফে জানানো হয়েছে। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি হিজবুল্লার উপর আক্রমণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। 

অ্যামেরিকা জানিয়েছে, দক্ষিণ ইরানে ইরানের সেনাবাহিনীর মিসাইল লঞ্চার এবং যে সমস্ত নৌকো মাইন বিছানোর কাজে ব্যবহার করা হচ্ছিল, সেগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান যাতে ওই সামরিক কাঠামোগুলি ভবিষ্যতে ব্য়বহার করতে না পারে তা মাথায় রেখেই এই হামলা, দাবি মার্কিন সামরিকন বাহিনীর মুখপাত্রের। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, সংঘর্ষবিরতির কথা মাথায় রেখেই এই কাজ করেছে অ্যামেরিকান সেনা। 

নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লার কোমর ভেঙে দেওয়ার জন্য় সবরকম ব্য়বস্থা নেওয়া হচ্ছে। তাদের উপর হামলার পরিমাণ বহু গুণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরানের মদতপুষ্ট এই সংগঠন ইসরায়েলের উপর লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5EIxP
স্কিপ নেক্সট সেকশন দিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
২৬ মে ২০২৬

দিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ইন্দো-প্যাসিফিকসহ একাধিক বিষয়ে কোয়াডে আলোচনা হবে। ছবি: Julia Demaree Nikhinson/AFP

দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছেন কোয়াড দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার পেনি ওয়াং, জাপানের তোশিমিৎসু মোতেগি ও ভারতের এস জয়শংকর ইন্দো-প্যাসিফিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে তৃতীয়বার বৈঠকে বসবেন কোয়াড-এর পররাষ্ট্রমন্ত্রীরা। 

গতবছর ভারতে কোয়াডের শীর্ষবৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ডনাল্ড ট্রাম্প পণ্য মাসুল বসানোর পর তা আর হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইন্দো-প্যাসিফিককে 'ফ্রি ও ওপেন' রাখতে হবে।

রুবিও বলেছেন, ''আমরা এটা চাই না যে, কোয়াড শুধুমাত্র বছরে একবার বৈঠক করুক। আমরা চাই, এই দেশগুলি অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করুক। নৌ-পথের নিরাপত্তা ও জরুরি খনিজ নিয়ে কাজ করুক।''  তিনি জানিয়েছেন, এই বছরের শেষে শীর্ষ নেতাদের বৈঠক হবে। তার জন্য কূটনীতিকরাও প্রস্তুতি নিচ্ছেন। 

জিএইচ/এসজি (রয়টার্স)

https://p.dw.com/p/5EIxM
স্কিপ নেক্সট সেকশন পশ্চিমবঙ্গে একশ দিনের কাজ শুরুর নির্দেশ
প্রকাশিত ২৬ মে ২০২৬শেষ আপডেট ২৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে একশ দিনের কাজ শুরুর নির্দেশ

৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু অধিকারী।
৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ছবি: REUTERS

দুই জেলা বাদে পশ্চিমবঙ্গেরঅন্যত্র একশ দিনের কাজ শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ৩৪টি রাজ্য সরকারি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায় এই প্রকল্প চালু হচ্ছে না। কারণ, সেখানে একশ দিনের কাজে দুর্নীতির অভিযোগ আছে। এই অভিযোগ থাকার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে একশ দিনের কাজের প্রকল্পের অর্থ বন্ধ করে দেয়। এখন নতুন সরকারের আমলে তা শুরু করার কথা বলা হলেও দুই জেলাকে বাদ দেওয়া হয়েছে। 

এই দুই জেলায় ভুয়া জব কার্ড তৈরি, কাজ না করে টাকা তোলা, বেআইনিভাবে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। 

জিএইচ/এসজি(আনন্দবাজার)

https://p.dw.com/p/5EIva
স্কিপ নেক্সট সেকশন ঈদযাত্রার জন্য পর্যাপ্ত যানবাহন নেই, বললেন মন্ত্রী
২৬ মে ২০২৬

ঈদযাত্রার জন্য পর্যাপ্ত যানবাহন নেই, বললেন মন্ত্রী

ঈদযাত্রার সময় প্রায় দেড় কোটি মানুষ পরিবহণের জন্য সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে পর্যাপ্ত যানবাহন নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেল ও ট্রেন সেবায় প্রবীণ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিআরটিএ এ ধরনের যান চলাচলের অনুমতি দেয় না। তবে ঈদযাত্রার সময় বিভিন্ন জেলায় এমন অনেক গাড়ি সড়কে নেমে পড়ে।’

‘পুলিশ সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু যাত্রীর চাপ এত বেশি হয় যে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আমরা ধীরে ধীরে নিশ্চিত করছি, যাতে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে,’ বলেন মন্ত্রী। 

সম্প্রতি রডবোঝাই ট্রাক দুর্ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারানোর আগে ট্রাকটিতে ২৫-২৬ জন যাত্রী উঠেছিলেন। পরে যানটি উল্টে অনেকে মারা গেছেন। এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।’

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দুই দিনের মধ্যে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। অনেকে ছুটি পাওয়ার পর বাস টার্মিনালে না গিয়ে সরাসরি মহাসড়কে চলে যান। অনেক যাত্রীর কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠার ধৈর্য থাকে না। তারা চলন্ত যানবাহনে ওঠার চেষ্টা করেন।’ 

‘সরকার এ ধরনের অনিয়ন্ত্রিত ভ্রমণ নিরুৎসাহিত করে। এছাড়া মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হাইওয়ে পুলিশ সীমিত সক্ষমতা নিয়ে কাজ করছে। অনেক স্থানে ৪৫ কিলোমিটার মহাসড়কের জন্য মাত্র তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন,’ বলেন মন্ত্রী।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5EIxI
স্কিপ নেক্সট সেকশন গাজায় ইসরায়েলের আক্রমণে নারী ও শিশু নিহত
২৬ মে ২০২৬

গাজায় ইসরায়েলের আক্রমণে নারী ও শিশু নিহত

গাজায় ইসরায়েলি হামলা-পরবর্তী চিত্র।
অভিযোগ, ইসরায়েল প্রায় প্রতিদিনই চুক্তি ভেঙে গাজায় আক্রমণ জারি রেখেছে।ছবি: Omar Al-Qattaa/AFP

দক্ষিণ গাজায় ইসরায়েলের আক্রমণে এক নারী ও শিশু নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। দক্ষিণ গাজার মুয়াসি অঞ্চলে একটি অস্থায়ী ত্রাণ শিবিরে ইসরায়েল আক্রমণ চালায় বলে অভিযোগ। সেখানেই পরিবার নিয়ে বসবাস করছিলেন ওই নারী ও শিশু। হাসপাতাল সূত্র জানিয়েছে, আরও একটি বাচ্চা মেয়ে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। 

ইসরায়েলের সেনা জানিয়েছে, তারা একজন জঙ্গিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিলেন। কিন্তু নারী ও শিশুর নিহত হওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। 

দু'বছর টানা লড়াইয়ের পর গত অক্টোবরে গাজা এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে। কিন্তু অভিযোগ, ইসরায়েল প্রায় প্রতিদিনই চুক্তি ভেঙে গাজায় আক্রমণ জারি রেখেছে। তবে আক্রমণের পরিমাণ আগের চেয়ে কমেছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

https://p.dw.com/p/5EIvR
স্কিপ নেক্সট সেকশন সেনেগালে প্রধানমন্ত্রীর পদে এক অর্থনীতিবিদ
২৬ মে ২০২৬

সেনেগালে প্রধানমন্ত্রীর পদে এক অর্থনীতিবিদ

সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু ডিওমায়ে ফায়ে আগের প্রধানমন্ত্রী অউসমানে সনকোকে সরিয়ে দিয়েছিলেন।
অউসমানে সনকোকে সরিয়ে সেনেগাল নতুন প্রধানমন্ত্রী পেল। ছবি: Cem Ozdel/Anadolu/picture alliance

সোমবার সেনেগালের প্রেসিডেন্ট দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আহমাদৌ আল আমিনোউ লো-কে নিয়োগ করেছেন। এর আগে দেশের প্রধানমন্ত্রী ছিলেন অউসমানে সনকো। গত শুক্রবার তাকে পদ থেকে বরখাস্ত করা হয়। কারণ, গত বেশ কিছু মাস ধরে সনকোর সঙ্গে প্রেসিডেন্টের বিতর্ক চলছিল। 

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার ফলে তার গোটা মন্ত্রিসভাও ভেঙে যায়। নতুন প্রধানমন্ত্রী এবার তার মন্ত্রিসভা নতুন করে তৈরি করবেন। 

এর আগে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব সামলেছেন লো। সনকোর সরকারে তিনি প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। অর্থনীতির বিষয়টি লো সবচেয়ে ভালো বোঝেন বলে প্রেসিডেন্ট জানিয়েছেন। 

বস্তুত, ভয়ানক অর্থনৈতিক সংকটের মধ্য় দিয়ে যাচ্ছে সেনেগাল। লো প্রধানমন্ত্রী হওয়ায় অনেকেই মনে করছেন, দেশের অর্থনীতির বেহাল দশার দিকে সবচেয়ে বেশি দৃষ্টিপাত করবেন নতুন প্রধানমন্ত্রী। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

https://p.dw.com/p/5EIsk
স্কিপ নেক্সট সেকশন পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় ৩০ জনেরও বেশি নিহত
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় ৩০ জনেরও বেশি নিহত

হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়
একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ট্রেনটিতে সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে৷ছবি: Mazhar Chandio/Anadolu Agency/IMAGO

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে: আজ সোমবার সে দেশের দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন৷ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে৷
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা জানান, রবিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের স্বজনদের নিয়ে যাওয়ার সময় একটি শাটল ট্রেনে আত্মঘাতী গাড়ি-বোমা হামলা চালানো হয়৷ হামলার পর প্রাথমিকভাবে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে যায়৷ একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ট্রেনটিতে সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5EI6y
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে ১,৯৩৩ শিশু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

জার্মানিতে ১,৯৩৩ শিশু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত

প্রতীকী ছবি
আজ ২৫শে মে আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস৷ এই দিনটিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বিকেএ জানায়, গত ১মে পর্যন্ত সারা জার্মানিতে মোট ১৯৩৩ জন শিশু নিখোঁজ হওয়ার মামলা নথিভুক্ত ছিল৷ ২০২৫ সালে এমন অমীমাংসিত মামলার সংখ্যা ছিল ১,৮১০টি৷ছবি: Chromorange/Bilderbox/picture alliance

কেন্দ্রীয় অপরাধ তদন্ত দপ্তর (বিকেএ)-র পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে বর্তমানে ১,৯৩৩ জন শিশু নিখোঁজের তালিকায় রয়েছে৷ এক বছর আগের তুলনায় সংখ্যাটা একটু বেশি৷
আজ ২৫শে মে আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস৷ এই দিনটিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বিকেএ জানায়, গত ১মে পর্যন্ত সারা জার্মানিতে মোট ১৯৩৩ জন শিশু নিখোঁজ হওয়ার মামলা নথিভুক্ত ছিল৷ ২০২৫ সালে এমন অমীমাংসিত মামলার সংখ্যা ছিল ১,৮১০টি৷
১৯৩৩ জনের মধ্যে সম্প্রতি নিখোঁজ হওয়া শিশুর পাশাপাশি বহুবছর আগে নথিভুক্ত হলেও এখনো খুঁজে পাওয়া যায়নি এমন শিশুও রয়েছে৷ বিকেএ জানায়, শিশু নিখোঁজজনিত মামলার সিংহভাগই শেষ পর্যন্ত সুরাহা হয়ে যায়৷ ২০২৫ সালে মোট নথিভুক্ত মামলা ছিল ১৯ হাজার ২৫৩টি৷ এর মধ্যে ১৮ হাজার ৫০৯টি মামলা নিষ্পত্তি হয়ে যায়৷ অর্থাৎ, ২০২৫ সালে মামলা নিষ্পত্তির হার ছিল ৯৬.৫ শতাংশ৷
জার্মানিতে শিশু নিখোঁজজনিত মামলাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো যে মামলাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে, সেটি ১৯৫৭ সালের৷
এসিবি/ জেডএইচ (ডিপিএ)
 

https://p.dw.com/p/5EHsJ
স্কিপ নেক্সট সেকশন আরো ১৭ শিশুর মৃত্যুতে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৪৫
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

আরো ১৭ শিশুর মৃত্যুতে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৪৫

হাসপাতালে শিশুকে টিকা দেয়ার মুহূর্ত (ফাইল ফটো)
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৭ শিশুই ঢাকা বিভাগের৷ এ ছাড়া সিলেট বিভাগে তিন জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুই জন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে৷ছবি: Mahmud Hossain Opu/AP Photo/picture alliance

বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর বাকি একজন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৪৫ জনে দাঁড়িয়েছে৷ এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে৷ আর হামে ৮৭ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে৷
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে৷ এই হিসাব ২৪ মে সকাল আটটা থেকে আজ ২৫ মে সকাল আটটা পর্যন্ত সময়ের৷
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৭ শিশুই ঢাকা বিভাগের৷ এ ছাড়া সিলেট বিভাগে তিন জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুই জন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে৷
শেষ ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন৷ এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ শিশু৷ তাদের মধ্যে ৪২৭ শিশুই ঢাকা বিভাগের৷ এরপর আছে চট্টগ্রাম (২০৮), বরিশাল (১২৮) ও খুলনা (৯৫)৷ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে৷
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়৷ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭১ দিনে মোট হাম রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন৷ হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন৷ মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জনের৷ এ ছাড়া ৭১ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5EHaL
স্কিপ নেক্সট সেকশন তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প

হেলিকপ্টারে ওঠার আগে তেহরান নিয়ে বললেন ট্রাম্প
তেহরান নিয়ে ডনাল্ড ট্রাম্পছবি: Kylie Cooper/REUTERS

ডেমোক্র্য়াট এবং রিপাবলিকান দুই তরফ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্য়ালে জানিয়েছেন, চুক্তি নিয়ে কোনোরকম তাড়াহুড়ো তিনি করবেন না। 

রোববার ট্রুথ সোশ্যালে এই চুক্তি নিয়ে একাধিক পোস্ট করেছেন ট্রাম্প। সর্বশেষ পোস্টে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি 'এখনো পুরোপুরি সমঝোতার জায়গায় পৌঁছায়নি।' ট্রাম্প জানিয়েছেন, এ নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করা হবে না। সময় নিয়ে আলোচনা চালানো হবে। তেহরানের তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে এখনো সমঝোতা হয়নি। 

এদিকে ডেমোক্র্যাটরা তো বটেই রিপাবলিকান সেনেটররাও এনিয়ে ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন। ডেমোক্র্য়াট সেনেটর ক্রিস ভ্য়ান হলেন একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'যুদ্ধের আগে ইরানের সঙ্গে অ্যামেরিকার যে অবস্থান ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে খুব আলাদা বলে মনে হচ্ছে না। এমনটা হলে চরম বিপদ হবে।' 

রিপাবলিকান সেনেটর থম টিলিস বলেছেন, 'যে চুক্তির দিকে আমরা এগোচ্ছি, তাতে মনে হচ্ছে, পরমাণু সংক্রান্ত বেশ কিছু সামগ্রী ইরানকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হবে। তা হলে আর এত ঘটনার কী অর্থ হলো?' আরো বেশ কিছু রিপাবলিকান সেনেটরও একইভাবে ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5EGmZ
স্কিপ নেক্সট সেকশন অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: ANI Video Grab

অবৈধভাবে যে বাংলাদেশি বা রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে আছেন, তাদের ধরে রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিলো নবান্ন। ‘হোল্ডিং সেন্টারে’ সন্দেহভাজনদের ৩০ দিন আটক করে রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতেরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দি ছিলেন, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা সরকার আগেই জারি করেছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন. কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ আগের সরকার পালন করেনি। তার সরকার করবে। সি‌এএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় যারা পড়েন না, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে এবংতুলে দেওয়া হবে বিএসএফ-এর হাতে। বিএসএফ তাদের ফেরত পাঠানোর কাজ করবে। এরপর সরকারও নির্দেশিকা জারি করলো।

জিএইচ/এসজি (এএনআই, আনন্দবাজার)

‘পুশ ব্যাক আমাদের নীতি, কোনো প্রসেস নেই’: শমীক ভট্টাচার্য

https://p.dw.com/p/5EGmV
স্কিপ নেক্সট সেকশন কিউবায় পৌঁছালো চীনের চালের জাহাজ
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

কিউবায় পৌঁছালো চীনের চালের জাহাজ

কিউবায় পৌঁছালো চীনের চাল
কিউবায় পৌঁছালো চীনের চালছবি: Ramon Espinosa/AP Photo/picture alliance

কিউবাজুড়ে কার্যত ব্ল্য়াকআউট চলছে। দ্বীপরাষ্ট্রটিতে আলো নেই। তেল নেই। কার্যত ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে অ্যামেরিকা। তারমধ্য়েই সেখানে পৌঁছালো চীনের চালবোঝাই জাহাজ। কিউবার মানুষের জন্য এই সাহায্য় বর্তমান পরিস্থিতিতে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

রোববার চীনের জাহাজ পৌঁছায় হাভানা বন্দরে। তাতে ছিল ১৫ হাজার টন চাল। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল জানিয়েছেন, এই চাল দেশের প্রতিটি প্রভিন্সে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেও এই চাল ভাগ করে দেওয়া হবে। চীনকে ধন্য়বাদ জানিয়েছেন তিনি। 

বেইজিং জানিয়েছে, সব মিলিয়ে ৬০ হাজার টন চাল কিউবাকে পাঠানো হবে। এটি ছিল তাদের প্রথম জাহাজ। 

গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে অ্যামেরিকা। তারপর থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেলের রপ্তানি বন্ধ করে দিয়েছে অ্যামেরিকা। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কিউবা। রোববার দেশের বিদ্য়ুৎ সংস্থা জানিয়েছে, একসঙ্গে দেশের ৬৪ শতাংশ অঞ্চলে ব্ল্য়াকআউট করা হয়েছে। তেলের অভাবে এই কাজ করতে হচ্ছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5EGme
স্কিপ নেক্সট সেকশন ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শান্তিবাহিনীতে কমছে সেনা
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬

ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শান্তিবাহিনীতে কমছে সেনা

জাতিসংঘের শান্তিবাহিনী
জাতিসংঘের শান্তিবাহিনীছবি: Alexander Kazakov/Russian Govern/ZUMA/IMAGO

সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে যে শান্তি মিশনগুলি চালায়, গত কয়েকবছরে তা চোখে পড়ার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে সব মিলিয়ে বিভিন্ন দেশে মোতায়েন করা শান্তিবাহিনীতে সেনার সংখ্যা ৭৯ হাজার। এই সংখ্যাটি গত ২৫ বছরের নিরিখে সর্বনিম্ন। ২০১৬ সালে, অর্থাৎ ঠিক ১০ বছর আগে শান্তিবাহিনীতে মোট সেনার সংখ্যা ৪৯ শতাংশ বেশি ছিল। 

ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শান্তিবাহিনীতে সেনার সংখ্যা ক্রমহ্রাসমান বলে জানিয়েছে এই রিপোর্ট। এবং অদূর ভবিষ্য়তে এই সংখ্যা আরো কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

https://p.dw.com/p/5EGmb
আরো পোস্ট দেখান