যুক্তরাষ্ট্রকে অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো ছাড়তে হবে : ইরান
প্রকাশিত ১৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ২৮ এপ্রিল ২০২৬
আপনার যা জানা দরকার
- যুক্তরাষ্ট্রকে অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো ছাড়তে হবে : ইরান
- নির্বাচনে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বাংলাদেশকে ইইউ মিশনের ১৯ সুপারিশ
- যুদ্ধ অবসানে ইরানের সর্বশেষ প্রস্তাবে খুশি নন ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত, রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
- সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামীপন্থি আইনজীবীরা
- বাংলাদেশে মৌসুমী ঝড়ের তাণ্ডব, বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু
- ‘অসত্য’ তথ্য ছড়ানোর অভিযোগ নিয়ে চাকমা রানির জবাব
- পশ্চিমবঙ্গ নির্বাচন: শেষ দফার আগে মোদী-মমতার প্রচার তুঙ্গে
- রাঘু রাই, এক অধ্যায়ের অবসান
- সংবাদকর্মীদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলি, অক্ষত ট্রাম্প
- বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত মানুষদের দুই-তৃতীয়াংশের বাস ১০টি দেশে
- পাকিস্তানে সেনা অভিযানে ২২ জন নিহত
যুক্তরাষ্ট্রকে অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো ছাড়তে হবে : ইরান
হরমুজ প্রণালী খোলার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে৷ তবে ইরান বলেছে, অন্যান্য দেশ কী করবে সে বিষয়ে ‘নির্দেশনা’ দিতে পারে না যুক্তরাষ্ট্র৷
রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র আর স্বাধীন দেশগুলোর ওপর তার নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই৷’’ তিনি বলেন, ওয়াশিংটনকে শেষ পর্যন্ত ‘‘মেনে নিতে হবে যে, অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো তাদের ছাড়তে হবে৷’’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ বন্ধ রেখেছে ইরান৷ এর ফলে সারা বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে৷ তাই সংঘাত নিরসনের আলোচনার কেন্দ্রীয় বিষয় এখন হরমুজ প্রণালী৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
নির্বাচনে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বাংলাদেশকে ইইউ মিশনের ১৯ সুপারিশ
বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র নির্বাচন পর্যবেক্ষণ মিশন ১৯টি সুপারিশ করেছে৷
গণতান্ত্রিক নির্বাচনের বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সংগতি রেখে এসব সুপারিশের মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউইওএম)-এর প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস এ তথ্য জানান৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর মিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ইভার্স ইজাবস বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশে এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলো৷ এর মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে৷ সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে৷
তবে নির্বাচনসংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কাজ করতে হবে, সবাইকে এমন পরামর্শ দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি৷ ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনগুলো আন্তর্জাতিক মানে করতে, আরো বিশ্বাসযোগ্য করতে তারা ১৯টি সুপারিশ করেছেন৷ এসব সুপারিশের মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷
এসিবি7 জেডএইচ (প্রথম আলো)
যুদ্ধ অবসানে ইরানের সর্বশেষ প্রস্তাবে খুশি নন ট্রাম্প
দুই মাস ধরে চলমান যুদ্ধ অবসানে ইরানের সর্বশেষ প্রস্তাবে ডনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা৷ তিনি বলেন, এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত করা, মুদ্রাস্ফীতি বাড়ানো এবং অনেক মানুষের প্রাণ কেড়ে নেয়া সংঘাত এড়ানোর আশা ম্লান হয়ে গেছে৷
সর্বশেষ প্রস্তাবে ইরান বলেছে, যুদ্ধ শেষ না হওয়া এবং উপসাগরীয় অঞ্চল থেকে জাহাজ চলাচল নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখতে হবে৷
ডনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে সোমবারের বৈঠক সম্পর্কে অবগত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ, যুক্তরাষ্ট্র মনে করে, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো শুরুতেই সমাধান করা দরকার৷ ইরানের প্রস্তাব এর বিপরীত বলে ট্রাম্প এ প্রস্তাবে অসন্তুষ্ট বলে জানান তিনি৷
এছাড়া হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, যুক্তরাষ্ট্র ‘‘সংবাদমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না৷’’ তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ‘‘রেড লাইন বিষয়ে স্পষ্ট৷’’ ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে মিলে ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ শেষ করতে চায় বলেও জানান তিনি৷
শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের গত সপ্তাহান্তে পাকিস্তানে যাওয়ার কথা ছিল৷ পরিকল্পিত সেই সফর বাতিল করেছেন ট্রাম্প৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সপ্তাহান্তে দুবার ইসলামাবাদ সফর করেন৷ এছাড়া সাম্প্রতিক সময়ে ওমান সফরেও গিয়েছেন তিনি৷ সোমবার রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুটিনের সঙ্গে সাক্ষাৎ করেন আরাঘচি৷ এ সময় ইরানকে সহায়তার আশ্বাস দেন পুটিন৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামীপন্থি আইনজীবীরা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ)-র সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো আইনজীবী অংশ নিতে পারবেন না৷ তারা বলছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই৷
এর আগে গত ১৫ এপ্রিল আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল জ্বালানি সংকটের কারণে এ নির্বাচন স্থগিত করে৷ ১৬ এপ্রিল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে ‘‘ সারা দেশে তীব্র জ্বালানিসংকটের কারণে নির্বাচনি কাজ ও প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে’’ নির্বাচন স্থগিত করার কথা জানানো হয়।
গতকাল রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাউথ হলে অনুষ্ঠিত সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আওয়ামী লীগপন্থি আইনজীবিদের সম্পর্কে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে৷
সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএনপিপন্থি আইনজীবী হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন৷ এসসিবিএ সূত্র জানায়, উপস্থিত আইনজীবীদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক৷
এসসিবিএ সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন দ্য ডেইলি স্টারকে জানান, এই সিদ্ধান্তের বিষয়টি সুপ্রিম কোর্ট বার নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনকে কাছে জানানো হবে৷ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷
আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে আগামী এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত, রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বাতিল হওয়ার পর রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি৷ আজ সোমবার তিনি রাশিয়ায় পৌঁছোন৷
সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থন চাইবেন বলে ধারণা করা হচ্ছে৷
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও ওমান সফরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি প্রচেষ্টা অগ্রসর না হওয়ায় রাশিয়া সফরে গেলেন আরাঘচি ৷
রাশিয়া ও ইরান ঘনিষ্ঠ কৌশলগত মিত্র৷ তবে ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখায় মস্কো এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়ায়নি৷
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তান সফরের সময় এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন আরাঘচি৷ শনিবার তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে আগের দফার আলোচনায় অগ্রগতি হওয়া সত্ত্বেও তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে৷’’ তিনি আরো বলেন, ‘‘হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়৷’’ তার মতে, সংঘাতের কারণে প্রণালীটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটেছে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
‘অসত্য’ তথ্য ছড়ানোর অভিযোগ নিয়ে চাকমা রানির জবাব
পার্বত্য চট্টগ্রামের অধিকারকর্মী ও চাকমা রানি ইয়েন ইয়েনের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক অঙ্গনে সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপনপূর্বক অপপ্রচারে সংশ্লিষ্ট’ থাকার অভিযোগ তুলে চিঠি দিয়েছে সরকার৷
চিঠিতে তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে৷ ইয়েন ইয়েন আইনজীবী সারা হোসেনের মাধ্যমে দেয়া এক লিখিত জবাব বলেছেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’৷
গত ৬ এপ্রিল রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী রানি ইয়েন ইয়েনকে এই চিঠি পাঠান৷ চিঠিতে বলা হয়, তার কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে৷ প্রসঙ্গত, অধিকারকর্মী ইয়েন ইয়েন চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় ওয়াংজার স্ত্রী৷
রাঙ্গামাটির জেলা প্রশাসকের পাঠানো চিঠির বিষয়বস্তুতে উল্লেখ করা হয়, বক্তব্য দেওয়া ও কার্যক্রম পরিচালনার সময় দেশের আইন-কানুন সঠিকভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করতে এই চিঠি দেওয়া হয়েছে৷
ডিসি নাজমা আশরাফী ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর নির্দেশে তিনি এই চিঠি পাঠিয়েছেন, চিঠির রেফারেন্সেও বিষয়টির উল্লেখ রয়েছে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখাটি তদারকি করেন উপসচিব কে এম ইয়াসির আরাফাত৷ তিনি জানান, চিঠিতে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, মূলত সেগুলোর ভিত্তিতেই রাঙ্গামাটির ডিসিকে এই চিঠি পাঠাতে বলা হয়েছিল৷
চিঠিতে বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে, ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পাহাড়ি সংগঠনের সদস্যদের একত্র করে প্রোপাগান্ডা ছড়ানোয় জড়িত৷ এ ছাড়া তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানোর সঙ্গেও জড়িত বলে উল্লেখ করা হয়েছে৷
চিঠিতে আরও বলা হয়েছে, ‘‘যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই এই ধরনের কার্যকলাপ এ অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে৷ এই পরিস্থিতিতে, ভবিষ্যতে এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার বা কার্যক্রম পরিচালনার সময় দেশের প্রচলিত আইনকানুন কঠোরভাবে অনুসরণ করে সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে৷’’
এদিকে গতকাল শনিবার ইয়েন ইয়েন তার আইনজীবী সারা হোসেনের মাধ্যমে এই চিঠির লিখিত জবাব দিয়েছেন৷ তিনি বলেছেন, তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার যে অভিযোগ উঠেছে, তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’৷
চিঠির জবাবে তিনি এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং একই সঙ্গে চিঠিটি অবিলম্বে প্রত্যাহার বা বাতিলের আহ্বান জানিয়েছেন৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
বাংলাদেশে মৌসুমী ঝড়ের তাণ্ডব, বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু
বাংলাদেশের কয়েকটি জেলায় মৌসুমী ঝড়ের সময় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে৷ আকস্মিক ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাতের পর স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়৷ নিহতদের অধিকাংশই কৃষক৷ খোলা মাঠে কাজ করছিলেন তারা৷ উন্মুক্ত এলাকায় কাজ করার সময় শ্রমিকরাও হতাহত হয়েছেন বলে জানা গেছে৷ বজ্রপাতে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর৷
বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়৷ ২০১৬ সালের মে মাসে ২০০ জনেরও বেশি মানুষ মারা যাওয়ার পর বজ্রপাতকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ ঘোষণা করা হয়৷ সেই বছর বজ্রপাতে একদিনেই মারা গিয়েছিলেন ৮২ জন৷
বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রাণঘাতী বজ্রপাত বৃদ্ধির কারণ বন উজাড় করা৷ এর ফলে অনেক স্থানে মানুষকে বজ্রপাতের আঘাত এড়াতে সহায়তা করে এমন অনেক উঁচু গাছ এখন প্রায় বিলুপ্তির পথে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
পশ্চিমবঙ্গ নির্বাচন: শেষ দফার আগে মোদী-মমতার প্রচার তুঙ্গে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার আগে রবিবার প্রচারে সরগরম রাজ্য৷ শনিবার দুইটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, "শেষ দফাতেই বিজেপি ক্ষমতায় আসবে৷’’
প্রথম দফায় রেকর্ড ভোটার উপস্থিতির প্রসঙ্গ তুলে মোদী বলেন, তৃণমূলের ‘দম্ভ’ চুরমার হয়ে গেছে৷ তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ চলে রাজ্য সচিবালয় থেকে নয়, তৃণমূলের ‘দুষ্কৃতীদের’ হাত ধরে।
অন্যদিকে, শনিবার বিজেপির জনসভার মাইক-বিপত্তির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ছেড়ে যান বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ প্রতিশ্রুতি রেখে রবিবার সেখানেই পদযাত্রা করেন তিনি৷
এসএসজি /এফএস
রাঘু রাই, এক অধ্যায়ের অবসান
চলে গেলেন কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রাঘু রাই৷ রবিবার দিল্লিতে দীর্ঘ অসুস্থতার পর ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর ক্যামেরায় ধরা পড়েছে ভারতের ও বিশ্বের ইতিহাস৷ ইন্দিরা গান্ধী থেকে মাদার টেরেসা, ভোপালে গ্যাস দুর্ঘটনা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার লেন্সে হয়ে উঠেছিল ইতিহাসের দলিল৷ ১৯৭৭ সালে কিংবদন্তি ফটোগ্রাফার অঁরি কার্তিয়ে-ব্রেসঁর মনোনয়নে তিনি ম্যাগনাম ফটোসে যোগ দেন৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত রাঘু রাই নিজেকে বলতেন ‘জীবনের অনুসন্ধানী’৷
এসএসজি/এফএস
সংবাদকর্মীদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি, অক্ষত ট্রাম্প
বিভিন্ন গণমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে শনিবার ডনাল্ড ট্রাম্পের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানের সময় ওয়াশিংটনের হিলটন হোটেলে গুলির ঘটনা ঘটেছে৷ এসময় মার্কিন প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷
উপস্থিতদের কেউ কেউ পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনার কথা জানান৷ একজন গোয়েন্দা কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷ কিন্তু বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি বেঁচে যান৷
গুলি ছোড়া সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে৷ কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে৷
বার্তা সংস্থা এপি জানিয়েছে, তার নাম ও ছবির সাথে লিঙ্কডইন প্রোফাইলে কম্পিউটার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর একজন ব্যক্তির মিল পাওয়া গেছে৷
এফএস/এসএসজি
আজারবাইজানে ইউক্রেন-রাশিয়া আলোচনা করতে প্রস্তুত জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন, আজারবাইজানে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বর্তমানে আজারবাইজান সফর করছেন। দেশটির প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা দেন জেলেনস্কি।
এর আগে, জেলেনস্কি এক্স-এ (টুইটার) লিখেছিলেন, তিনি আজারবাইজান সফর শুরু করেছেন একটি ইউক্রেনীয় বিশেষজ্ঞ দলের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। এই বিশেষজ্ঞ দল রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে আকাশপথ রক্ষার বিষয়ে তাদের দেশের অভিজ্ঞতা তুলে ধরছে।
প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরের জন্য জেলেনস্কি শুক্রবার আজারবাইজানে পৌঁছান। এর আগে তিনি সৌদি আরব সফর করেন। সেখানে তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এডিকে/এসএসজি
ইরানের কাছে এখনও প্রচুর ক্ষেপণাস্ত্র রয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ সত্ত্বেও ইরান এখনও তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ ধরে রেখেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের অস্ত্রশিল্প দেশের বিভিন্ন স্থানে, এমনকি গোপন স্থানেও তাদের উৎপাদন অব্যাহত রেখেছে।
তালাই-নিক বলেন, ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ দেশীয়ভাবে এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে।
তবে, ইরানের অস্ত্র ভাণ্ডার এবং উৎপাদনের পরিমাণ স্বাধীনভাবে যাচাই সম্ভব না হওয়ায় এ দাবি সত্য কিনা, সেটাও নিশ্চিত করা প্রায় অসম্ভব।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ একাধিকবার দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে এবং এর উৎপাদন কেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে।
এডিকে/এসএসজি
বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত মানুষদের দুই-তৃতীয়াংশের বাস ১০টি দেশে
২০২৫ সালে বিশ্বব্যাপী খাদ্য সংকটে থাকা মানুষদের দুই-তৃতীয়াংশ ছিল ১০টি মাত্র দেশে৷ তাদের মধ্যে আবার এক-তৃতীয়াংশই ছিল মাত্র তিনটি দেশ - সুদান, নাইজেরিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের৷ আজ শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়৷
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মানবিক সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণ সংঘাত৷ সেখানে আরো বলা হয়, সংঘাত ও চরম জলবায়ু পরিস্থিতি ‘‘অনেক দেশে স্থিতাবস্থায় থাকতে পারে বা পরিস্থিতি আরো খারাপ করতে পারে’’ বলে ২০২৬ সালে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুব ক্ষীণ৷
সদ্য প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর দশম সংস্করণ অনুযায়ী, ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশও ছিল৷ দেশগুলো হলো : আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়ান আরব প্রজাতন্ত্র এবং ইয়েমেন৷
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৪৭টি দেশ বা অঞ্চলের প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল৷ এ সংখ্যা ২০১৬ সালের প্রায় দ্বিগুণ৷
এসিবি/ জেডএইচ (এএফপি)
পাকিস্তানে সেনা অভিযানে ২২ জন নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর এক অভিযানে ২২ জন ‘সন্দেহভাজন জঙ্গি’ নিহত হয়েছে বলে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে৷ আজ শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ‘‘নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এক যৌথ সামরিক অভিযান’’-এর সময় ‘তীব্র গোলাগুলি’ হয় এবং এতে ওই জঙ্গিরা নিহত হয়৷ গোলাগুলির মাঝে পড়ে এক শিশু নিহত হওয়ার কথাও জানানো হয় বিবৃতিতে৷
বিবৃতি অনুযায়ী, আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার জেলায় এই গোলাগুলির সময় দশ বছর বয়সি এক শিশু নিহত হয়৷
এদিকে শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ৷ তার কার্যালয় এত বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ‘‘সন্ত্রাসীদের বিনা উস্কানিতে চালানো গুলিতে ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷’’
এসিবি/ জেডএইচ (এএফপি)
ইরান যুদ্ধের প্রভাবে আবার দারিদ্র্যের শঙ্কায় কোটি মানুষ : জাতিসংঘ
জাতিসংঘের উন্নয়ন প্রধান আলেকজান্ডার ডি ক্রু বলেছেন, ইরান যুদ্ধের প্রভাবে ৩০ মিলিয়ন, অর্থাৎ তিন কোটিরও বেশি মানুষ আবার দারিদ্র্যের কবলে পড়বে৷ জ্বালানি ও সার সরবরাহে বিঘ্নের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আরো বলেন, এমন এক সময়ে এ ঘটনা (ইরান যুদ্ধ) ঘটছে, যখন উত্তর গোলার্ধের কৃষকরা শষ্য বীজ রোপণের জন্য গুরুত্বপূর্ণ মাসগুলোর দিন গুনছেন৷
বিশ্বের বেশিরভাগ সার উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে৷ বিশ্বের বাকি অংশে সার পাঠানো তাই হরমুজ প্রণালীর ওপর অনেকাংশে নির্ভরশীল৷ ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ৷ এ কারণে সারের দাম বেড়েছে, সারের সরবরাহও কমেছে৷
বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, সারের এই ঘাটতির কারণে ইতোমধ্যে কৃষি উৎপাদনশীলতা কমে গেছে৷ চলতি বছরের শেষের দিকে ফসলের ফলনেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ তিনি বলেন, ‘‘খাদ্য নিরাপত্তাহীনতা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং এ ব্যাপারে তেমন কিছু করারও নেই৷’’ এ সময় জ্বালানির ঘাটতি এবং রেমিটেন্স কমে যাওয়ার শক্তার কথাও বলেন তিনি৷
জাতিসংঘের উন্নয়ন প্রধান আলেকজান্ডার ডি ক্রু মনে করেন, ‘‘এমনকি যুদ্ধ যদি আগামীকাল থেমেও যায়, এর যে প্রভাবগুলো ইতোমধ্যে দেখা যাচ্ছে, সেগুলো ৩০ মিলিয়নেরও বেশি মানুষকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দেবে৷’’
চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কাছ থেকেও এসেছিল সতর্কবার্ত৷ তারা বলেছিল, ইরান যুদ্ধের প্রভাবে খাদ্যপণ্যের দাম বাড়বে এবং এর ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আরো সংকটে পড়বে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)