জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা
প্রকাশিত ২৩ মার্চ ২০২৬শেষ আপডেট ২৯ মার্চ ২০২৬
আপনার যা জানা দরকার
- জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা
- কূটনৈতিক সমঝোতা চেষ্টা সত্ত্বেও স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
- গ্রিক উপকূলে ২২ অভিবাসীর মৃত্য, ১৮ জন বাংলাদেশি
- সংবিধানের প্রতি ‘অতিভক্তি’ বন্ধের আহ্বান
- ভারতের ২,৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ক্রয় অনুমোদন
- পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
- ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হুতিদের প্রথম হামলা
- নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন–সংক্রান্ত আলোচনার জন্য সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নোটিশের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল মঙ্গলবার দিনের কর্মদিবসের শেষ দিকে এ বিষয়ে আলোচনার জন্য দুই ঘণ্টা বরাদ্দ দিয়েছেন৷
সংসদে রোববার প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, ‘‘গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। স্পিকার আমাকে যথাযথভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন৷ আমরা তা করেছি৷ এখন আপনার মাধ্যমে এই মহান সংসদে নোটিশটি উপস্থাপন করছি৷’’
এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘‘প্রচলিত নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন ও ৭১ বিধির পর এ ধরনের প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়৷ আমি বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করবো, নিয়ম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে৷’’
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, ‘‘বিরোধীদলীয় নেতার প্রস্তাবের বিষয়ে আমাদেরও কিছু বলার আছে৷ তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে হলে এটি প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধি শেষে আলোচনা করা উচিত৷ এতে অন্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে৷’’
পরে আবার শফিকুর রহমান বলেন, ‘‘স্পিকারের নির্দেশনা অনুযায়ী আমি প্রশ্নোত্তর পর্ব শেষে দাঁড়িয়েছি৷ এটি আমার অধিকার ও দায়িত্ব৷’’ এরপর সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এআই/এফএ (ডেইলি স্টার)
কূটনৈতিক সমঝোতা চেষ্টা সত্ত্বেও স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কূটনৈতিক চেষ্টার কথা বললেও স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে বলে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ রোববার দাবি করেছেন৷
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘শত্রুপক্ষ প্রকাশ্যে সমঝোতা এবং আলোচনার বার্তা দিচ্ছে যখন গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে৷’’
ইরানের যোদ্ধারামার্কিন সেনাদের ‘জ্বালিয়ে’ দিতে ময়দানে তাদের আগমনের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন গালিবাফ৷
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকাশ পথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর একমাস পর এই কঠোর মন্তব্য করলেন তিনি৷ সেই হামলার পর ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে এবং উত্তর এশিয়া বা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে৷
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে অশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) বহনকারী জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে৷ বিশ্বের বিশ শতাংশ তেল ও গ্যাস এই পথে পরিবহণ করা হয়৷ বিশ্ব বাজারে এর বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে৷
এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টও এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগনের তরফ থেকে ইরানে স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযানের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়৷
এআই/এফএ (এএফপি, এপি)
গ্রিক উপকূলে ২২ অভিবাসীর মৃত্য, ১৮ জন বাংলাদেশি
ইউরোপের পৌছার আশায় নৌকায় করে লিবিয়া থেকে যাত্রা করা ২২ অভিবাসী ‘খারাপ আবহাওয়া এবং পানি ও খাবারের অভাবে’ মারা গেছেন৷ তাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি৷
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অন্তত ২২ জন অভিবাসী ছয় দিন সমুদ্রে ভাসমান থাকার পর মৃত্যুবরণ করেছেন৷ বেঁচে যাওয়াদের বরাতে শনিবার গ্রিক উপকূলরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে৷
সংবিধানের প্রতি ‘অতিভক্তি’ বন্ধের আহ্বান
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাসীন দল বিএনপির বিভিন্ন কার্যক্রমে ‘অতিসাংবিধানিকতা’ দেখছে৷ দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘‘কোনো ধরনের ছলচাতুরি, সংবিধানের প্রতি অতিভক্তি দেখানো বন্ধ করে গণভোট ও জুলাই সনদ গণরায় অনুসারে বাস্তবায়ন করতে হবে৷’’
ঢাকায় শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে এ কথা বলেন তিনি৷ আহমেদ বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ ও বিএনপির নেতৃত্বাধীন সরকার দাঁড়িয়ে আছে জুলাই গণঅভ্যুত্থানের ওপর৷ জুলাই অভ্যুত্থান না হলে এখনো দ্বাদশ জাতীয় সংসদ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা করত৷ জুলাই গণঅভ্যুত্থান কোনো ‘সাংবিধানিক’ বিষয় নয়; বরং বিদ্যমান সংবিধানের সুযোগে সৃষ্ট স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনতার গণইচ্ছার বহিঃপ্রকাশ৷ আর আধুনিক রাষ্ট্রে গণইচ্ছাই সর্বোচ্চ আইন৷’’
উল্লেখ্য, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নতুন সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে৷ বিরোধী দলের দাবি, জাতীয় সংসদের বিশেষ কমিটি গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করেছে৷ তবে কমিটির সভাপতি সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীন জানিয়েছেন, তারা গণভোট অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করেননি, রাখার প্রস্তাবও করেননি৷ তারা বলেছেন, এটা নিয়ে আলোচনা হতে পারে৷
তিনি বলেন, ‘‘যেহেতু বিরোধী দল উত্থাপন করেছে, সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে৷ কারণ, সংবিধান সবার ঊর্ধ্বে, সংসদ সংবিধান মোতাবেক চলবে৷’’
এআই/এসএসজি (প্রথম আলো)
ভারতের ২,৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ক্রয় অনুমোদন
ভারত প্রায় ২,৫০০ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছেরাশিয়া থেকে অতিরিক্ত এস-৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই অনুমোদন দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত ৬.৭৩ ট্রিলিয়ন রুপি (৭,১০০ কোটি ডলার) মূল্যের ৫৫টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া ২.২৮ ট্রিলিয়ন রুপি (২,৫০০ কোটি ডলার) মূল্যের চুক্তি সই হয়েছে, যা একক অর্থবছরে সর্বোচ্চ।
বিমানবাহিনীর জন্য অনুমোদিত সামগ্রীর মধ্যে রয়েছে নতুন পরিবহন বিমান, এস-৪০০ ব্যবস্থা, ড্রোন এবং সু-৩০ যুদ্ধবিমানের ইঞ্জিন আপগ্রেড। সেনাবাহিনীর জন্য অনুমোদন দেওয়া হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক গোলাবারুদ ও আর্টিলারি।
সাম্প্রতিক বছরগুলোতে অ্যামেরিকা, ফ্রান্স ও ইসরায়েল থেকে প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাড়ালেও রাশিয়াভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরবরাহকারী হিসেবে রয়ে গেছে।
এআই/এসএসজি (এএফপি)
পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ফ্যাসিবাদী সরকারের আমলে’ অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।’
পাশাপাশি পুলিশ বাহিনীর পুরোনো যেকোনো পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও এ সময় আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস পুলিশ ৪৩তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই এমন এক পুলিশ বাহিনী, যারা ক্ষমতার অপব্যবহার করবে না। বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধদের মনে প্রশান্তি যোগাবে।’
এআই/এসএসজি (দ্য ডেইলি স্টার)
ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হুতিদের প্রথম হামলা
ইয়েমেনের ইসলামিস্ট হুতি বিদ্রোহী গোষ্ঠী শনিবার সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে৷ চার সপ্তাহ আগে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর পর এই প্রথম হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো৷
হুতিদের এক সামরিক মুখপাত্র শনিবার সকালে এক বিবৃতিতে এই হামলার কথা জানায়৷ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিবৃতিটি প্রকাশিত হয়েছে৷
এর আগে শুক্রবার ইরানসমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়েছিল, ইরানে হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধে যোগ দেবে।
হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সনাক্ত করা হয়েছে বলে ইসরায়েলও নিশ্চিত করেছে৷ দেশটি জানিয়েছে, এধরনের হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
এআই/এসএসজি
নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সেপ্টেম্বরের মারাত্মক বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার হয়েছেন। শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগের দিন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি শুধু ন্যায়বিচারের শুরু।"
গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করায় হিমালয় রাষ্ট্রটিতে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। হাজার হাজার তরুণ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে রাস্তায় নামে। বিক্ষোভে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়। পরে ওলি পদত্যাগ করেন এবং সংসদ ভেঙে দেওয়া হয়। মার্চের নির্বাচনে র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া শাহের দল ব্যাপক ব্যবধানে জয়ী হয়।
এসএসজি/এআই (ডিপিএ, রয়টার্স)
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্কুলে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান
গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের একটি স্কুলে চালানো প্রাণঘাতী বোমা হামলা ‘মর্মান্তিক আতঙ্ক’ সৃষ্টি করেছে এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে সেই হামলার তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক৷
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে সেই হামলা নিয়ে অনুষ্ঠিত বিতর্কের সময় টুর্ক বলেন, ‘‘মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, হামলার ঘটনাটি এখন তদন্তাধীন৷ আমি যত তাড়াতাড়ি সম্ভব (তদন্তের) সেই প্রক্রিয়া শেষ করে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি৷’’ তিনি আরো বলেন, ‘‘যে ভয়ংকর ক্ষতি হয়েছে তার জন্য অবশ্যই ন্যায়বিচার হতে হবে৷...দেশগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, এ বিষয়ে আমরা সবাই একমত হতে পারি যে, স্কুলশিক্ষার্থীদের হত্যা করে তার সমাধান হবে না৷’’
সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস-এ ইরানের স্কুলে হামলার ঘটনায় সামরিক তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়৷ সেখানে বলা হয়, ‘লক্ষ্য’ নির্ধারণে ভুল হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে৷
তবে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে অনুষ্ঠিত বিতর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়টিতে সেদিন ‘পরিকল্পিত, পর্যায়ক্রমিক হামলা’ চালানো হয়েছিল৷ এক ভিডিও বক্তব্যে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেদিনের হামলায় ১৭৫ জনেরও বেশি ছাত্র-ছাত্রী ও শিক্ষককে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ৷ ২০২৫ সালের সেপ্টেম্বরে এক গণঅভ্যুত্থানে সে দেশের সরকার-উৎখাতের ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হয় নির্বাচন৷ গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ভূমিধস জয় পাওয়ায় রাজনীতির ময়দানে ‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর মতো করে প্রধানমন্ত্রী হওয়াও একরকম নিশ্চিত করে ফেলেছিলেন বলেন্দ্র৷
নেপালের সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২৭৫টি, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতায় দলের প্রধান মুখ বলেন্দ্রকে আজ শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল৷
বলেন্দ্র শাহর জন্ম রাজধানী কাঠমান্ডুতে৷ তবে তার পরিবার পরে ভারত সীমান্ত-সংলগ্ন হিন্দু-প্রধান অঞ্চল তরাই-এ বসবাস শুরু করে৷
নেপালের নতুন প্রধানমন্ত্রী পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার৷ তবে দেশব্যাপী প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন র্যাপ শিল্পী হিসেবে৷ পরে কাঠমান্ডুর মেয়র হন৷ গত সেপ্টেম্বরে মূলত জেনারেশন জেড প্রজন্মের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনে সরাসরি অংশ না নিলেও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার গণ-আকাঙ্খাকে সমর্থন করেছিলেন বলেন্দ্র শাহ৷
৩৫ বছর বয়সি বলেন্দ্রর সরকারের সামনে এখন নেপালের প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি জনগণের গভীর অসন্তোষ সামাল দেওয়ার চ্যালেঞ্জ৷ দুর্নীতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য সেই দলগুলোকেই দায়ী মনে করেন তিন কোটি মানুষের দেশটির ভোটাররা৷
এসিবি/ জেডএইচ (এপি)
ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?
ইরানের সাহায্য়প্রাপ্ত লেবাননের হেজবোল্লা গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেও ইরান যুদ্ধে কার্যত নিষ্ক্রিয় থাকতে দেখা গেল হুতি যোদ্ধাদের। অথচ এর আগে বিভিন্ন সময় ইরানের জন্য় সরাসরি লড়াইয়ের ময়দানে নেমেছে হুতি যোদ্ধারা। প্রশ্ন উঠছে কেন তারা এবারে সেভাবে সক্রিয় হলো না।
উল্লেখ্য়, ইরানের পক্ষে সওয়াল করেছে হুতিরা। হুতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ সাবরি জানিয়েছিলেন, ইরানকে সবরকমভাবে তারা সাহায্য় করবেন। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
বিশেষজ্ঞদের অনেকের বক্তব্য়, ইচ্ছে থাকলেও সরাসরি লড়াইয়ে অংশ নিতে পারেনি হুতিরা। এর একটা বড় কারণ সৌদি আরব। ইরান সরাসরি সৌদি আরবে আক্রমণ চালিয়েছে। কিন্তু ইয়েমেন সংকটে সৌদি গুরুত্বপূর্ণ আলোচনায় হস্তক্ষেপ করছে। ফলে সৌদিতে আক্রমণ চালালে হুতিদের ব্য়ক্তিগত অবস্থান সংকটজনক হয়ে পড়তো। এছাড়াও হুতিরা আরেকটু অপেক্ষা করার কৌশল নিয়েছিল বলে মনে করছেন কোনো কোনো বিশেষজ্ঞ। পুরো বিষয়টি যে এত দ্রুত শেষ হয়ে যাবে, তা তারা কল্পনা করতে পারেননি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
পেট্রোল, ডিজেলে শুল্ক কমালো মোদী সরকার
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে কমবেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তেল ও গ্যাসের দাম বাড়ছে। কিন্তু ভারতে পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে দিয়েছে মোদী সরকার।
পেট্রোলের ক্ষেত্রে শুল্ক লিটারে তিন টাকা কমানো হয়েছে। ডিজেলের উপর ১০ টাকা শুল্ক ছিল, তা শূন্য করা হয়েছে।
তবে এর ফলে পেট্রোল ডিজেলের দাম কমবে না। তেল সংস্থাগুলির লোকসানের বোঝা কমবে।
সরকার জানিয়েছে, ভারতের কাছে ৬০ দিনের তেল এবং ৩০ দিনের এলপিজি মজুত আছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএআই)
বাংলাদেশে তেলের সংকটে বোরো সেচে সমস্যা
বাংলাদেশে জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। বোরো চাষের গুরুত্বপূর্ণ এ সময়ে সেচ দিতে না পারলে ফলন অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন কৃষক।
ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জালিয়ারডাঙ্গা গ্রামের কৃষক আব্দুর রহমান গাজী এ বছর দুই বিঘা জমিতে বোরো চাষ করেছেন। গত ৪-৫ দিন আগে একদিনের বৃষ্টিতে জমিতে কিছুটা পানি জমলেও গত ২ দিন ধরে তা পুরোপুরি শুকিয়ে গেছে। কিন্তু ডিজেলচালিত পাম্প দিয়ে পাশের ঘের থেকে সেচ দিতে পারছেন না তিনি। কারণ, কোথাও জ্বালানি তেল পাচ্ছেন না।
ওই প্রান্তিক কৃষক বলেন, 'পাশের একটি পেট্রল পাম্পে কয়েকবার গেলেও সেখানে গাড়ি ছাড়া অন্য কোনো পাত্রে তেল দেওয়া হচ্ছে না। অথচ এই মুহূর্তে সেচ দেওয়া অত্যন্ত জরুরি। এখন সেচ দিতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে।'
তার পাশের জমির কৃষক অমৃত বিশ্বাসও একই সংকটে পড়েছেন। ৩ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন তিনি। প্রতি ৫ দিন পরপর সেচ দিতে হয়, যার জন্য প্রয়োজন হয় প্রায় ৩ লিটার তেল। কিন্তু গত ১০-১২ দিন ধরে কোথাও তেল পাচ্ছেন না তিনি।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
প্রবল ঝড়বৃষ্টি, মমতার বিমান দেড়ঘণ্টা চক্কর মারলো
বর্ধমানও বীরভূমে জনসভা করার পর অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের মধ্যে তার বিমান দমদম বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়।
ফলে বিমান তখন নামতে পারেনি। আধঘণ্টা ধরে বিমানবন্দরের উপরে চক্কর দেওয়ার পর বেহালা ফ্লাইং ক্লাবে বিমান নামানোর চেষ্টা করেন পাইলট। কিন্তু সেটাও হয়নি। আবার বিমানটি দমদম বিমানবন্দরে ফিরে যায় এবং চক্কর কাটতে থাকে।
প্রায় দেড়ঘণ্টা পর বিমানটি নামতে পারে। মুখ্যমন্ত্রী বিমান থেকে সাংবাদিক ও সমর্থকদের দিকে হাত নেড়ে চলে যান। কোনো কথা বলেননি।
জিএইচ/এসজি(এবিপি আনন্দ)
কুমিল্লায় দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ মৃত পাঁচ
কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়ায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পরিবারটির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। পরিবার ও চালকসহ মোট ৬ জন প্রাইভেটকারে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল।
পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে তখনই চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে মারা যান।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)