জার্মানিতে ১,৯৩৩ শিশু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৫ মে ২০২৬
আপনার যা জানা দরকার
- জার্মানিতে ১,৯৩৩ শিশু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত
- বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৪৫
- তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প
- ভারতে পেট্রোল-ডিজেলের দাম আবার বাড়লো
- অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার
- ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শান্তিবাহিনীতে কমছে সেনা
- জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে গুলি
- টাঙ্গাইলে ট্রাক উল্টে মৃত ১৫
জার্মানিতে ১,৯৩৩ শিশু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত
কেন্দ্রীয় অপরাধ তদন্ত দপ্তর (বিকেএ)-র পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে বর্তমানে ১,৯৩৩ জন শিশু নিখোঁজের তালিকায় রয়েছে৷ এক বছর আগের তুলনায় সংখ্যাটা একটু বেশি৷
আজ ২৫শে মে আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস৷ এই দিনটিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বিকেএ জানায়, গত ১মে পর্যন্ত সারা জার্মানিতে মোট ১৯৩৩ জন শিশু নিখোঁজ হওয়ার মামলা নথিভুক্ত ছিল৷ ২০২৫ সালে এমন অমীমাংসিত মামলার সংখ্যা ছিল ১,৮১০টি৷
১৯৩৩ জনের মধ্যে সম্প্রতি নিখোঁজ হওয়া শিশুর পাশাপাশি বহুবছর আগে নথিভুক্ত হলেও এখনো খুঁজে পাওয়া যায়নি এমন শিশুও রয়েছে৷ বিকেএ জানায়, শিশু নিখোঁজজনিত মামলার সিংহভাগই শেষ পর্যন্ত সুরাহা হয়ে যায়৷ ২০২৫ সালে মোট নথিভুক্ত মামলা ছিল ১৯ হাজার ২৫৩টি৷ এর মধ্যে ১৮ হাজার ৫০৯টি মামলা নিষ্পত্তি হয়ে যায়৷ অর্থাৎ, ২০২৫ সালে মামলা নিষ্পত্তির হার ছিল ৯৬.৫ শতাংশ৷
জার্মানিতে শিশু নিখোঁজজনিত মামলাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো যে মামলাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে, সেটি ১৯৫৭ সালের৷
এসিবি/ জেডএইচ (ডিপিএ)
আরো ১৭ শিশুর মৃত্যুতে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৪৫
বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর বাকি একজন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৪৫ জনে দাঁড়িয়েছে৷ এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে৷ আর হামে ৮৭ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে৷
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে৷ এই হিসাব ২৪ মে সকাল আটটা থেকে আজ ২৫ মে সকাল আটটা পর্যন্ত সময়ের৷
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৭ শিশুই ঢাকা বিভাগের৷ এ ছাড়া সিলেট বিভাগে তিন জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুই জন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে৷
শেষ ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন৷ এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ শিশু৷ তাদের মধ্যে ৪২৭ শিশুই ঢাকা বিভাগের৷ এরপর আছে চট্টগ্রাম (২০৮), বরিশাল (১২৮) ও খুলনা (৯৫)৷ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে৷
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়৷ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭১ দিনে মোট হাম রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন৷ হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন৷ মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জনের৷ এ ছাড়া ৭১ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প
ডেমোক্র্য়াট এবং রিপাবলিকান দুই তরফ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্য়ালে জানিয়েছেন, চুক্তি নিয়ে কোনোরকম তাড়াহুড়ো তিনি করবেন না।
রোববার ট্রুথ সোশ্যালে এই চুক্তি নিয়ে একাধিক পোস্ট করেছেন ট্রাম্প। সর্বশেষ পোস্টে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি 'এখনো পুরোপুরি সমঝোতার জায়গায় পৌঁছায়নি।' ট্রাম্প জানিয়েছেন, এ নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করা হবে না। সময় নিয়ে আলোচনা চালানো হবে। তেহরানের তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে এখনো সমঝোতা হয়নি।
এদিকে ডেমোক্র্যাটরা তো বটেই রিপাবলিকান সেনেটররাও এনিয়ে ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন। ডেমোক্র্য়াট সেনেটর ক্রিস ভ্য়ান হলেন একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'যুদ্ধের আগে ইরানের সঙ্গে অ্যামেরিকার যে অবস্থান ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে খুব আলাদা বলে মনে হচ্ছে না। এমনটা হলে চরম বিপদ হবে।'
রিপাবলিকান সেনেটর থম টিলিস বলেছেন, 'যে চুক্তির দিকে আমরা এগোচ্ছি, তাতে মনে হচ্ছে, পরমাণু সংক্রান্ত বেশ কিছু সামগ্রী ইরানকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হবে। তা হলে আর এত ঘটনার কী অর্থ হলো?' আরো বেশ কিছু রিপাবলিকান সেনেটরও একইভাবে ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার
অবৈধভাবে যে বাংলাদেশি বা রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে আছেন, তাদের ধরে রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিলো নবান্ন। ‘হোল্ডিং সেন্টারে’ সন্দেহভাজনদের ৩০ দিন আটক করে রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতেরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দি ছিলেন, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা সরকার আগেই জারি করেছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন. কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ আগের সরকার পালন করেনি। তার সরকার করবে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় যারা পড়েন না, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে এবংতুলে দেওয়া হবে বিএসএফ-এর হাতে। বিএসএফ তাদের ফেরত পাঠানোর কাজ করবে। এরপর সরকারও নির্দেশিকা জারি করলো।
জিএইচ/এসজি (এএনআই, আনন্দবাজার)
কিউবায় পৌঁছালো চীনের চালের জাহাজ
কিউবাজুড়ে কার্যত ব্ল্য়াকআউট চলছে। দ্বীপরাষ্ট্রটিতে আলো নেই। তেল নেই। কার্যত ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে অ্যামেরিকা। তারমধ্য়েই সেখানে পৌঁছালো চীনের চালবোঝাই জাহাজ। কিউবার মানুষের জন্য এই সাহায্য় বর্তমান পরিস্থিতিতে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রোববার চীনের জাহাজ পৌঁছায় হাভানা বন্দরে। তাতে ছিল ১৫ হাজার টন চাল। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল জানিয়েছেন, এই চাল দেশের প্রতিটি প্রভিন্সে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেও এই চাল ভাগ করে দেওয়া হবে। চীনকে ধন্য়বাদ জানিয়েছেন তিনি।
বেইজিং জানিয়েছে, সব মিলিয়ে ৬০ হাজার টন চাল কিউবাকে পাঠানো হবে। এটি ছিল তাদের প্রথম জাহাজ।
গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে অ্যামেরিকা। তারপর থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেলের রপ্তানি বন্ধ করে দিয়েছে অ্যামেরিকা। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কিউবা। রোববার দেশের বিদ্য়ুৎ সংস্থা জানিয়েছে, একসঙ্গে দেশের ৬৪ শতাংশ অঞ্চলে ব্ল্য়াকআউট করা হয়েছে। তেলের অভাবে এই কাজ করতে হচ্ছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শান্তিবাহিনীতে কমছে সেনা
সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে যে শান্তি মিশনগুলি চালায়, গত কয়েকবছরে তা চোখে পড়ার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে সব মিলিয়ে বিভিন্ন দেশে মোতায়েন করা শান্তিবাহিনীতে সেনার সংখ্যা ৭৯ হাজার। এই সংখ্যাটি গত ২৫ বছরের নিরিখে সর্বনিম্ন। ২০১৬ সালে, অর্থাৎ ঠিক ১০ বছর আগে শান্তিবাহিনীতে মোট সেনার সংখ্যা ৪৯ শতাংশ বেশি ছিল।
ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শান্তিবাহিনীতে সেনার সংখ্যা ক্রমহ্রাসমান বলে জানিয়েছে এই রিপোর্ট। এবং অদূর ভবিষ্য়তে এই সংখ্যা আরো কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)
টাঙ্গাইলে ট্রাক উল্টে মৃত ১৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
জিএইচ/এসজি (প্রথম আলো)
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে গুলি
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ক্যাম্পে গুলি করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে বলেও র্যাব জানায়। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ হামলা চালানো হয়।
র্যাব বলছে, আত্মরক্ষার্থে তাঁরা পাল্টা গুলি ছুড়েছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
র্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান রাত সাড়ে তিনটার দিকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য জানান। সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে একটি সড়ক ঢুকে গেছে পাহাড়ের ভেতরে। সেই পথেই শুরু সলিমপুর। জঙ্গল সলিমপুর ও আলীনগর, মূলত দুটি অংশে বিভক্ত এলাকাটি। জেলা প্রশাসনের তথ্যমতে, এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী।
প্রথমবারের মতো গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেন। এর আগে বিভিন্ন সময় চেষ্টা করেও এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি। উল্টো অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। এবার অভিযানের পর সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। এ অবস্থায় জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র্যাব-পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি বসানো হয়েছে।
জিএইচ/এসজি (প্রথম আলো)
ভারতে পেট্রোল-ডিজেলের দাম আবার বাড়লো
ভারতে পেট্রোলের দাম প্রতি লিটারে একশো টাকা ছাড়ালো, ডিজেলও শতরান ছুঁইছুঁই। ১০ দিনের মধ্যে চারবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হলো। দিল্লিতে পেট্রোলের দাম দুই টাকা ৭১ পয়সা বেড়ে হলো লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা এবং ডিজেল ৯৫ টাকা ২০ পয়সা।
কলকাতায় পেট্রোলের দাম হলো ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেল ৯৯ টাকা ৮২ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম হয়েছে ১০৭ টাকা ৭৭ পয়সা, মুম্বইতে ১১১ টাকা ২১ পয়সা।
গত ১৫ মে পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় তিন টাকা করে বাড়ে। তারপর থেকে নিয়মিত ব্যবধানে বেড়েই চলেছে। ১০ দিনের মধ্যে চার দফায় পেট্রোলের দাম সাত টাকা বেড়ে গেলো।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় অশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। তার জের পড়ছে দেশের বাজারেও। তবে পেট্রোল ডিজেলের দাম বাড়ার অর্থ হলো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া এবং পরিবহনের খরচ বাড়া। ফলে সাধারণ মানুষের পকেটে টান পড়তে বাধ্য।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)