২০০৯-এর বিমান দুর্ঘটনায় এয়ারবাস, এয়ার ফ্রান্স দোষী সাব্যস্ত
প্রকাশিত ১৮ মে ২০২৬শেষ আপডেট ২১ মে ২০২৬
আপনার যা জানা দরকার
- ২০০৯ সালের বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্স দোষী সাব্যস্ত
- অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ
- ইউক্রেনকে ইইউর ‘সহযোগী’ সদস্য করার আহ্বান জানালেন ম্যার্ৎস
- কঠোর নীতির কারণে যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেকে নেমেছে
- পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ
- যুক্তরাষ্ট্রে অভিযুক্ত রাউল কাস্ত্রো
- বাংলাদেশে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরেও লোডশেডিং
- ফলতায় পুনরায় ভোটগ্রহণ চলছে
- মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান
- দিল্লিতে তিনদিনের ট্যাক্সি, অটো ধর্মঘট
- সুইডেনের প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথের বই উপহার মোদীর
২০০৯ সালের বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্স দোষী সাব্যস্ত
২০০৯ সালের ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্সকে ‘কর্পোরেট নরহত্যা’র দায়ে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের একটি আপিল আদালত৷ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়ায় এয়ার ফ্রান্সের ফ্লাইট ৪৪৭-এর সব আরোহী প্রাণ হারিয়েছিল৷
গতকাল বুধবার ফ্রান্সের একটি আদালত সে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর এ রায় দেয়৷ রায়ে আদালত জানায়, ২০০৯ সালে ব্রাজিলের উপকূলে ঘটা রিও-প্যারিস রুটের সেই বিমান দুর্ঘটনায় ‘কর্পোরেট নরহত্যার’ দায়ে দুই কোম্পানিই দোষী৷ তাই দুই কোম্পানিকেই, অর্থাৎ এয়ারবাস ও এয়ার ফ্রান্সকে সর্বোচ্চ অঙ্কের জরিমানা হিসেবে প্রত্যেককে দুই লাখ ২৫ হাজার ইউরো (দুই লাখ ৬০ হাজার ৯৭১ মার্কিন ডলার) করে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
২০০৯ সালে এয়ার ফ্রান্সের ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়৷ বিমানের ২২৮ জনের একজনকেও আর পাওয়া যায়নি৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট৷
রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন৷
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান, আর রাষ্ট্রপক্ষে রিটের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক৷
রিট আবেদনকারী অ্যাডভোকেট মোহাম্মদ মহসেন রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন৷
গত ৪ মে তিনি হাইকোর্টে এই আবেদনটি জমা দেন৷ আবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল৷
তিনি আরো জানান, ওই সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়েও রিটে প্রশ্ন তোলা হয়৷
এর আগে, এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট আবেদন করেন৷
তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন৷ পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
কঠোর নীতির কারণে যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেকে নেমেছে
২০২৫ সালে ব্রিটেনে দীর্ঘমেয়াদী নিট অভিবাসনের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে৷ সাম্প্রতিক বছরগুলোতে সরকারের নেয়া কিছু কঠোর পদক্ষেপের প্রভাবে এই পরিবর্তন বলে বিশ্লেষকরা মনে করছেন৷
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ১২ মাসে ব্রিটেনে নিট অভিবাসনের সংখ্যা কমে হয়েছে এক লাখ ৭১ হাজার৷ এক বছর আগে এমন অভিবাসনের সংখ্যা ছিল তিন লাখ ৩১ হাজার৷ সরকার কিছু কঠোর ব্যবস্থা নেয়ায় ২০২৩ সালের রেকর্ড সর্বোচ্চ নয় লাখ ৪৪ হাজার থেকে নিট অভিবাসনের সংখ্যার কমছিল৷ ২০২৫ সালেও সেই ধারা অব্যাহত থাকলো৷
এক দশকেরও বেশি সময় ধরে ব্রিটেনে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিবাসন৷ এই সময়ে আসা সব সরকারই কঠোরতর ভিসা বিধি এবং উচ্চতর বেতনসীমা আরোপ করে এসেছে৷ ব্রিটেনের বর্তমান সরকার এ ক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
ইউক্রেনকে ইইউর ‘সহযোগী’ সদস্য করার আহ্বান জানালেন ম্যার্ৎস
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা এক চিঠিতে ইউক্রেনকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷
সহযোগী সদস্য হলে ইউরোপীয় এই জোটের আরো ঘনিষ্ঠ হবে ইউক্রেন, তবে সদস্য রাষ্ট্রগুলোর সমান ভোটাধিকার পাবে না৷ কিয়েভ পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে৷ কিন্তু প্রয়োজনীয় সব শর্ত পূরণ হতে হতে পুরো প্রক্রিয়ায় এক দশকেরও বেশি সময় লাগতে পারে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ
বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান৷
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে৷
ঘটনার মূল আসামি সোহেল রানা (৩৪) গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ জবানবন্দিতে তিনি বলেছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়৷ অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলেন৷
জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে৷
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়৷ ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান৷ ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়৷ সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়৷
মঙ্গলবার রাতে শিশুটির বাবা পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন৷ মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, তার ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
যুক্তরাষ্ট্রে অভিযুক্ত রাউল কাস্ত্রো
কিউবার সাবেক শাসক ফিদেল কাস্ত্রোর ভাই ও সাবেক প্রেসিডেন্ট রউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে. রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। অ্যামেরিকার অভিযোগ, রাউল যখন ক্ষমতায় ছিলেন, তখন কিউবার বিমানবাহিনী দুইটি মার্কিন বেসামরিক বিমান ধ্বংস করে। সেই দুর্ঘটনায় কাস্ত্রো-বিরোধী ব্রাদার্স টু দ্য রেসকিউ নামের সংগঠনের চারজন নিহত হন।
কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বারমুডেজ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্যোগ, যার পিছনে কোনো আইনি অনুমোদন নেই। তার অভিযোগ, অ্যামেরিকা ১৯৯৬ সালে বিমান ভূপতিত হওয়ার ঘটনাকে বিকৃত করছে।
রাউল কাস্ত্রো ২০১৫ সালে বারাক ওবামার সময় অ্যামেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছিলেন। পরে ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসার পর তা খারিজ করে দেন।
ট্রাম্প বলেছেন, কিউবাকে মুক্ত করার ক্ষেত্রে এটা খুবই বড় একটা পদক্ষেপ। তবে কিউবার ভবিষ্যৎ কী হবে তা তিনি জানেন না বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান
ইরান জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব তারা খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য তিনি কয়েক দিন অপেক্ষা করতে রাজি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমরা মার্কিন প্রস্তাব পেয়েছি এবং তা খতিয়ে দেখছি।
দুই পক্ষের মধ্যে বার্তাবিনিময় হচ্ছে পাকিস্তানের মাধ্যমে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার ইরানে ছিলেন। ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতির ঘোষণা হলেও যুদ্ধ বন্ধের আলোচনা খুব বেশিদূর এগোয়নি। এরমধ্যে তেলের দাম বেড়েছে। ফলে বিশ্বের অর্থনীতিতে প্রবল চাপ পড়ছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পও প্রবল চাপের মধ্যে পড়েছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ''বিশ্বাস করুন, যদি দ্রুত উত্তর না পাই, তাহলে আমরাও খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব। কয়েকদিন আমরা অপেক্ষা করব। হয় চুক্তি হবে, না হলে আমরা ভয়ংকর কিছু করব। আশা করি, সেই কাজ করার দরকার আমাদের হবে না।''
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
সুইডেনের প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথের বই উপহার মোদীর
সুইডেনের প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথের বই উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইটালি সফর করেন মোদী। এই সব দেশের রাষ্ট্রপ্রধানের জন্য বাছাই করা উপহার নিয়ে গিয়েছিলেন তিনি। সুইডেনের প্রধানমন্ত্রীর জন্য ছিল রবীন্দ্রনাথের বই এবং শান্তিনিকেতনের কাজ করা চামড়ার ব্যাগ। সরকার জানিয়েছে, সুইডেনের প্রধানমন্ত্রীকে দেওয়া রবীন্দ্রনাথের বইয়ের শুধু যে অসাধারণ সাহিত্যমূল্য আছে তাই নয়, এটা দুই দেশের মধ্যে সেতুর কাজও করছে। জ্ঞানের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সৃজনীশক্তি ও সংস্কৃতির শক্তির উদাহরণ রবীন্দ্রনাথের এই বইগুলি।
ইটালির প্রধানমন্ত্রীকে আসামের মুগা সিল্কের স্টোল উপহার দিয়েছেন মোদী। ইটালির প্রেসিডেন্টকে দিয়েছেন পাথরের উপর কাজ করা বাক্স। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের ডিজিকে দিয়েছেন পশ্চিমবঙ্গের গোবিন্দভোগ চাল, কেরালার লাল চাল, উত্তর ভারতের বাসমতী চাল, আসামের জোহা চাল। নেদারল্যান্ডসের রাজাকে দিয়েছেন ব্লু পটারি এবং রানিকে উপহার দিয়েছেন মিনাকারি ও কলমকারির দুল, সেদেশের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন মধুবনীর পটচিত্র।
আমিরাতের প্রেসিডেন্টকে কচ্ছের কাপড়ের উপর আঁকা দুর্লভ ছবি, কেসর আম, মেঘালয়ের আনারস, যুবরাজকে কাশ্মীরের কাজ করা ছোরা, মিথিলার মাখানা, তার মাকে রুপোর কাজ করা বাক্স, মাহেশ্বরী সিল্কের কাপড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
জিএইচ/এসজি(পিআইবি)
বাংলাদেশে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরেও লোডশেডিং
বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন পৌঁছেছে ১৭ হাজার ২০০ মেগাওয়াটে। বুধবার রাত নয়টায় এই মাইলফলক স্পর্শের ঘটনা ঘটে।
এর আগে দেশে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই এটি অর্জিত হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র মুখপাত্র নাহিদ হাসান বলেন, ‘সন্ধ্যার চাহিদা বৃদ্ধির সময় দেশে নতুন এই উৎপাদন রেকর্ড অর্জিত হয়েছে।’
তবে রেকর্ড উৎপাদনের পরও ওই সময়ে প্রায় ৪০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছেবলে জানিয়েছে পাওয়ার গ্রিড।
পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী, ওই সময়ে বিদ্যুতের চাহিদা রেকর্ড উৎপাদনের মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
দিল্লিতে তিনদিনের ট্যাক্সি, অটো ধর্মঘট
দিল্লিতে বৃহস্পতিবার থেকে তিনদিনের ট্যাক্সি-অটো ধর্মঘট শুরু হলো। এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্র্যান্সপোর্ট কংগ্রেস(এআইএমটিসি) তারা হলো ট্রাক, ট্যাক্সি, ম্যাক্সি ক্যাব, বেসরকারি বাসের সর্বোচ্চ সংগঠন। ভাড়া বাড়ানো ও দিল্লি সরকারের পরিবেশ সংক্রান্ত সেস প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
তবে দিল্লির ছয়টি অটো ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হচ্ছে না। দিল্লির রেল স্টেশনের সামনের ছবি হলো, কিছু ট্যাক্সি চলছে, তবে অন্যদিনের তুলনায় ট্যাক্সির সংখ্যা কম। সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। মাল ওঠানো নামানোর কাজ হচ্ছে না।
জিএইচ/এসজি(এএনআই, পিটিআই, ইন্ডিয়া টুডে)
ফলতায় পুনরায় ভোটগ্রহণ চলছে
পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার পুনরায় ভোটগ্রহণ চলছে। তবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ৪৮ ঘণ্টা আগে জানিয়েছেন, তিনি আর লড়ছেন না। পুনরায় ভোটগ্রহণের দিন জাহাঙ্গিরকে কোথাও দেখা যায়নি। দলের অফিসও বন্ধ। ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিন তার বিরুদ্ধে নানান অভিযোগ ছিল। ইভিএমে অন্য প্রার্থীদের নাম ও প্রতীকের পাশে টেপ আটকে দেওয়া, ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ। ফলে পুরো কেন্দ্রে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় কমিশন। সেই ভোটগ্রহণ বৃহস্পতিবার হচ্ছে। সেখানে স্থানীয় মানুষ বিভিন্ন টিভি চ্যানেলে জানিয়েছেন, তারা শান্তিতে ভোট দিচ্ছেন। এর আগে তারা অনেকেই ভোট দিতে পারতেন না।
জিএইচ/এসজি(আনন্দবাজার, টিভি৯)
রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী সহায়তায় ৬১০ মিলিয়ন ডলারের ঘাটতি: জাতিসংঘ
সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী ত্রাণ সহায়তায় ৬১০ মিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিয়েছে৷ এ তথ্য জানিয়েছে রোহিঙ্গা রিফিউজি রেসপন্স৷
জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় গৃহীত কার্যক্রমগুলো শরণার্থীরা (বাংলাদেশে) আসার পর থেকে সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোর একটির মুখোমুখি হয়েছে৷’’ বিবৃতিতে আরো বলা হয়, ‘‘জনসংখ্যা এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে বাড়ছে, অথচ বৈশ্বিক মানবিক সংকট ও অন্যান্য জরুরি পরিস্থিতির কারণে তহবিল ক্রমশ কমছে৷’’
বাংলাদেশে জাতিসংঘের প্রধান ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘‘এই সংকট যেন বিশ্ববাসীর স্মৃতি থেকে হারিয়ে না যায়’’ - এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি৷
জাতিসংঘ প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার মানুষকে সহায়তার লক্ষ্যে ৭১০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা চেয়েছে৷ এই সহায়তার আওতায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর তিন লাখ সাত হাজার দুস্থ ও ঝুঁকিপূর্ণ বাংলাদেশি নাগরিকও রয়েছেন৷
বিবৃতিতে রোহিঙ্গা রিফিউজি রেসপন্স আরো জানায়, ‘ন্যূনতম প্রয়োজন’ মেটানোর জন্য হলেও ৬১০ মিলিয়ন ডলারের একটি তহবিলের প্রয়োজন৷ এই অর্থ মূলত ‘অত্যন্ত জরুরি জীবনরক্ষাকারী ও সুরক্ষামূলক কার্যক্রমে’ ব্যয় করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়৷
এসিবি/ জেডএইচ (এএফপি)
টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে অন্তর্বর্তী সরকারকে ৫-৬টি চিঠি দেওয়া হয়: ইউনিসেফ
অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে পাঁচ থেকে ছয়টি চিঠি দেয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স৷
আজ বুধবার এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন৷
রানা ফ্লাওয়ার্স বলেন, ‘‘কোনো মহামারি রাতারাতি ঘটে না৷ কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এ রকম পরিস্থিতি দেখা দেয়, বিশেষ করে, টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে৷’’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে (অন্তর্বর্তী সরকারের) মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত৷’’
তিনি জানান, গত বছর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷
‘‘আমার মনে হয় না এ ধরনের সিদ্ধান্ত এর আগে কখনো নেওয়া হয়েছে৷ তবে এ বিষয়টি আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যাচাই করে নিতে পারেন,’’ যোগ করেন রানা ফ্লাওয়ার্স৷
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান দাবি করেন, ইউনিসেফ হামের প্রাদুর্ভাব সম্পর্কে তৎকালীন সরকারকে সতর্ক করেনি৷
এ বিষয়ে ইউনিসেফ প্রতিনিধি রানা বলেন, ‘‘এ মুহূর্তে আমার হাতের কাছে একেবারে সুনির্দিষ্ট দিন-তারিখ নেই৷ তবে তদন্তে বিষয়টি নিশ্চিত হবে৷ আমি এটুকু জানি যে, আমরা ২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ-ছয়টি চিঠি পাঠিয়েছি, যার মধ্যে শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে পৌঁছেছিল৷ আমরা আশা করেছিলাম যে, যিনি নতুন করে এই দায়িত্ব পাবেন, তার ডেস্কে চিঠিটি থাকবে৷’’
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স আরো বলেন, ‘‘আমরা তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছি৷ একইসঙ্গে আমি বলতে পারি, আমি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি৷ আমি এবং আমার কর্মীরা বলেছি - আমরা চিন্তিত৷ আমার মুখ দেখে বুঝুন, আমি চিন্তিত যে, আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন৷’’
‘‘এটা স্পষ্ট ছিল যে, দেশে টিকা আনতে না পারলে সমস্যা তৈরি হবে,’’ বলেন রানা৷
গত দুই বছরে বাংলাদেশে কোনো টিকা সংকট ছিল কি না জানতে চাইলে রানা ফ্লাওয়ার্স বলেন, ‘‘আমরা ২০২৪ সালেই টিকার সংকটের পূর্বাভাস দিয়েছিলাম৷ পরবর্তী দুই বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে৷ তাই আমরা আগেভাগেই সতর্ক করছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে, তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে৷’’
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আসন্ন ঈদুল আজহার আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও লিংক রোডের একটি লেন অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা৷
আজ বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১০টার দিকে নাসা গ্রুপের শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন৷
‘‘এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন সড়ক ছেড়ে দেন,’’ বলেন তিনি৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে৷
যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
পুটিনের চীন সফর
ডনাল্ড ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ভ্লাদিমির পুটিনকেও স্বাগত জানালেন শি জিনপিং৷ আজ বুধবার গ্রেট হল অফ দ্য পিপল-এর বাইরে সামরিক অভিবাদন ও লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে পুটিনকে বরণ করে নেন শি৷
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট৷
রুশ কর্মকর্তারা জানান, এ সফরে দুই দেশের মধ্যে ৪০টির মতো দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে৷
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের কয়েক দিনের মধ্যেই চীন সফর শুরু করলেন পুটিন৷
ধারণা করা হচ্ছে, শি জিনপিং এবং ভ্লাদিমির পুটিনের আলোচনায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোও গুরুত্ব পাবে৷
‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ হয়েছিল ২০০১ সালে৷ এ সফরে সেই চুক্তির ২৫তম বার্ষিকীও উদযাপন করবেন পুটিন৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)