হেনস্তার শিকার অভিষেক, নোটিশ পেলেন সিআইডির
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ৩১ মে ২০২৬
আপনার যা জানা দরকার
- হেনস্তার শিকার অভিষেক, নোটিশ পেলেন সিআইডির
- বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে ৫৮৩, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর প্রাণহানি
- লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরায়েলের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে সক্ষম যুক্তরাষ্ট্র: হেগসেথ
- মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্টের ভারত সফর
হেনস্তার শিকার অভিষেক, নোটিশ পেলেন সিআইডির
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে প্রথম নির্বাচনি কর্মসূচিতে গিয়ে শনিবার হেনস্তার শিকার হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এদিকে, শনিবারই বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে তাকে নোটিশ পাঠিয়েছে সিআইডি৷ নোটিশ হাতে পাওয়ার পর অভিষেক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘আমাকে দমিয়ে রাখা যাবে না৷’’ আগামীকাল, অর্থাৎ সোমবার কলকাতার ভবানী ভবনে তদন্তকারীদের সামনে তাকে হাজির হতে হবে, নোটিশে এমনই লেখা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম৷
পাশাপাশি, রবিবার তৃণমূল কর্মীদের আটকের প্রতিবাদে থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে।
বিরোধী দলনেতা নির্বাচনের জন্য তৃণমূল বিধায়কদের সইসহ একটি প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়৷ তাতে কয়েকজনের সইয়ে অসংগতি রয়েছে বলে অভিযোগওঠে বিধানসভার তরফে৷ ওই মামলার তদন্তের দায়িত্ব এখন রাজ্য সিআইডির৷
এই নোটিশ পাওয়ার আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পথে হেনস্তার মুখে পড়েন অভিষেক৷ তাকে মারধর করা হয়, ছোড়া হয় ডিম৷ ওঠে চোর স্লোগানও৷ অভিষেক দাবি করেছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল৷ ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা প্রশাসনিক শীর্ষকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি৷
পিটিআই/প্রথম আলো/এসটি/এফএ
বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে ৫৮৩, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর প্রাণহানি
বাংলাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে৷ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে ঢাকায় তিনজন, সিলেটে দুজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুজন শিশু মারা গেছে৷
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৪৯৩ শিশু এবং হাম শনাক্তের পর ৯০জন শিশু মারা গেছে৷ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যাদাঁড়িয়েছে ৫৮৩৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে৷ হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজারেরও বেশি শিশু, যাদের মধ্যে ৫২ হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে৷ এ সময়ে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে৷
এসএসজিটি/এম (প্রথম আলো)
লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরায়েলের নির্দেশ
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে৷ হেজবোল্লাহর ঘাঁটিতে হামলার আগে এই সতর্কতা জারি করা হয়েছে৷
ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনেরকারণে সেনাবাহিনী ‘‘নির্ণায়ক পদক্ষেপ’’ নিতে বাধ্য হচ্ছে৷ নাবাতিয়েহ-সহ বেশ কয়েকটি এলাকার নাম উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়৷
একই সময়ে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের সামরিক কর্মকর্তারা বৈঠক করেছেন৷ পেন্টাগনের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা এলব্রিজ কলবি জানিয়েছেন, বৈঠকটি ‘‘ফলপ্রসূ’’ হয়েছে এবং এটি আগামী সপ্তাহের কূটনৈতিক আলোচনার ভিত্তি তৈরি করবে৷ তবে ইরান-সমর্থিত হেজবোল্লাহএই আলোচনায় অংশ নিচ্ছে না এবং যেকোনো সমঝোতা প্রত্যাখ্যান করেছে৷ ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে৷
এসএসজি/টিএম
ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে সক্ষম যুক্তরাষ্ট্র: হেগসেথ
প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ৷ সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় শনিবার তিনি এ কথা বলেন৷
হেগসেথ বলেন, ''প্রয়োজনে পুনরায় শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে৷ আমাদের মজুত এর জন্য যথেষ্ট, দেশে এবং বিশ্বজুড়ে৷'' তিনি আরও বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরিকরতে না পারে তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দায়িত্ব৷
সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে হেগসেথ বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ভালো চুক্তি হবে৷ তবে একই সঙ্গে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা খোলা রাখার বার্তা দিলেন তিনি,যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন৷
এসএসজি/টিএম
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্টের ভারত সফর
মিয়ানমারের সেনা সমর্থিত সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং শনিবার ভারত সফরে রওনা হয়েছেন৷ এপ্রিলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম ভারত সফর৷ এর আগে ২০১৯ সালে সামরিক প্রধান হিসেবে তিনি শেষবার ভারতে গিয়েছিলেন৷
সফরে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন৷ দুই দেশের মধ্যে অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সহযোগিতা জোরদার করাই সফরের মূল লক্ষ্য৷
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপকরলেও ভারত সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে৷ দুই দেশের মধ্যে এক হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানে দুই দেশ একসঙ্গে কাজ করে৷
তবে এই সফরের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার৷ সংগঠনটির মুখপাত্র ইয়াদানার মং বলেন, মিন অং হ্লাইং একজন যুদ্ধাপরাধী এবং ভারতের এই সফরের আয়োজন সামরিক জান্তাকে বৈধতা দেওয়ার শামিল৷
এসএসজি/টিএম (এপি)
কেনেডি সেন্টার থেকে সরছে ট্রাম্পের নাম, আদালতের রায়
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত রায় দিয়েছে যে কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর নাম পরিবর্তন বা সংস্কারের এখতিয়ার একমাত্র কংগ্রেসের৷ ফলে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ভবনের গায়ে যুক্ত করা ট্রাম্পের নাম সরিয়ে নিতে হবে৷
বিচারক ক্রিস্টোফার কুপার তার রায়ে বলেন, কেনেডি সেন্টারের নাম কংগ্রেস দিয়েছে, একমাত্র কংগ্রেসই তা পরিবর্তন করতে পারে৷ তিনি কেনেডি সেন্টার বোর্ডের সংস্কারের সিদ্ধান্তকেও বেআইনি বলে উল্লেখ করেন৷
রায়ের পর ট্রাম্প বলেন, ‘‘বিচারক ওবামার আমলে নিযুক্ত এবং তার লজ্জিত হওয়া উচিত৷’’ তবে একই সঙ্গে তিনি সংস্কার পরিকল্পনা বাতিল করে কেন্দ্রের নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন৷
এই রায়কে ওয়াশিংটনের ঐতিহ্যবাহী স্থাপনায় নিজের ছাপ রাখার ট্রাম্পের প্রচেষ্টায় আরেকটি আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে৷
এসএসজি/টিএম
ইসরায়েলের হামলায় বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো বিপন্ন, দাবি লেবাননের
ইসরায়েলের বোমাবর্ষণের কারণে দেশের দক্ষিণাঞ্চলে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলোর ‘মারাত্মক বিপদের’ বিষয়ে সতর্ক করেছেন লেবাননের সংস্কৃতি মন্ত্রী ঘাসান সালামে৷
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘বোমাগুলো টায়ার শহরের ধ্বংসাবশেষের খুব কাছেই ছোঁড়া হয়েছে৷’’ প্রাচীন ফিনিশীয় এই নগরীকে ১৯৮৪ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ইউনেস্কো৷ ওই নগরীর কথা উল্লেখের পাশাপাশি মধ্যযুগীয় বোফোর্ট দুর্গে ইসরায়েলের সরাসরি আঘাত হানার কথাও বলেন তিনি৷ লেবাননের সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘‘সংঘাতের তীব্রতা বৃদ্ধির অর্থ হলো এই স্থানগুলো মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
কেনিয়ায় যুক্তরাষ্ট্রের ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের পরিকল্পনায় আদালতের বাধা
যুক্তরাষ্ট্রের ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কেনিয়ার স্বাস্থ্যকর্মীরা৷ আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব আফ্রিকার দেশটির এক আদালত৷
এ বছর কেনিয়ায় এখন পর্যন্ত কোনো রোগীর দেহে ইবোলার সংক্রমণ ধরা পড়েনি৷ তা সত্ত্বেও সেখানে একটি কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র৷
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে, ইবোলায় আক্রান্ত কোনো রোগীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না৷ ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারি চলার সময় ইবোলায় আক্রান্ত বেশ কয়েকজন মার্কিন নাগরিকের চিকিৎসা যুক্তরাষ্ট্রেই করা হয়েছিল৷
এ বছর কেনিয়ায় কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের যুক্তরাষ্ট্রের প্রস্তাব স্বাস্থ্যকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়ে৷
কেনিয়া মেডিকেল প্র্যাকটিশনার্স, ফার্মাসিস্টস অ্যান্ড ডেন্টিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা দাভজি ভিমজি আতেল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘‘কেনিয়া সার্বভৌম প্রজাতন্ত্র – এটা কোনো ভূ-রাজনৈতিক আইসোলেশন ওয়ার্ড নয়৷’’
ইবোলার বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চল৷ যুদ্ধবিধ্বস্ত দেশটির কিছু এলাকা উগান্ডা ও সাউথ সুদানের সীমান্ত সংলগ্ন৷ উগান্ডার রাজধানী কাম্পালায় বেশ কয়েকজনের ইবোলায় সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে৷ তাদের মধ্যে একজনের মৃত্যুর পর সীমান্ত বন্ধ করে দিয়েছে উগান্ডা৷
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় এক হাজারেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কঙ্গোতে ইবোলায় এ পর্যন্ত অন্তত ২৪৬ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
চলতি সপ্তাহের শুরুর দিকে একাধিক সংবাদমাধ্যম জানায়, বিদেশে অবস্থানকালে ইবোলা সংক্রমণের ঝুঁকিতে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে না নিয়ে কেনিয়ার কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র৷
এ পরিকল্পনার বিরুদ্ধে মামলা করে কেনিয়ার বিভিন্ন সংগঠন৷ আইনি সংস্থা কাতিবা ইনস্টিটিউট এবং ‘কেনিয়া ল সোসাইটি’ দেশে ইবোলা কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে৷ আজ সেই প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্র ও কেনিয়ার মধ্যে স্বাক্ষরিত যেকোনো চুক্তি বাতিল ঘোষণা করেছে নাইরোবির আদালত৷ আদালতের নির্দেশে বলা হয়, কেনিয়ায় কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলোর ওপর শুনানি হবে মঙ্গলবার, শুনানি না হওয়া পর্যন্ত ইবোলা কেন্দ্র সংক্রান্ত যেকোনো চুক্তি বা কার্যক্রম স্থগিত থাকবে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
সিন্ডিকেটের কারণে চামড়া নষ্ট হতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো ধরনের অব্যবস্থাপনা কিংবা সিন্ডিকেটের কারণে চামড়া যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে৷
আজ শুক্রবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে রাজধানীর আমিনবাজার চামড়া বিক্রয় কেন্দ্রে গিয়ে তিনি এ কথা বলেন৷
বাসসকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানায়, এসময় মন্ত্রী কাঁচা চামড়ার ক্রেতা-বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি ও কার্যক্রমের খোঁজখবর নেন৷
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
চুক্তি শেষ পর্যায়ে হলেও চূড়ান্ত হয়নি: ভান্স
ইরান এবং অ্যামেরিকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সদর্থক পথে এগোলেও মার্কিন প্রেসিডেন্ট এখনো তাতে সই করতে সম্মত হচ্ছেন না। বৃহস্পতিবার এই কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এর আগে মার্কিন সূত্র জানিয়েছিল, চুক্তি নিয়ে সম্মতি জানিয়েছে ওয়াশিংটন এবং তেহরান। তার কিছু পরেই ভ্যান্স জানান, অ্যামেরিকা এখনো সম্মত হয়নি। তবে তিনি এও জানান, চুক্তির কাছাকাছি পৌঁছেছেন তারা এবং এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষা অনেকটাই প্রতিহত করা যাবে।
ইরানে মজুত ইউরেনিয়াম প্রশ্নে আটকে আছে দ্বিপাক্ষিক এই সমঝোতা। ভ্যান্স জানান, "ট্রাম্প কবে এই সমঝোতায় সই করবেন তা বলা শক্ত। চুক্তির বয়ান নিয়ে আলোচনা চলছে। আমি গ্যারান্টি দিয়ে কিছুই বলতে পারব না তবে আমরা খুব ভালো এগিয়েছি। আশা করব, এই অগ্রগতি অক্ষুণ্ণ থাকবে এবং প্রেসিডেন্ট চুক্তিতে সই করবেন।"
এর মধ্যে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, ইরান একটি সন্দেহজনক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। পরে অ্যামেরিকা স্পষ্ট করে ওটি তাদের বিমান নয়।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
কর্ণাটকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশ মেনে ইস্তফা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তার জায়গায় মুখ্যমন্ত্রী হতে পারেন ডিকে শিবকুমার।
তবে সিদ্দারামাইয়াকে রাহুল গান্ধী বলেছিলেন, রাজ্যসভার সাংসদ হতে এবং জাতীয় স্তরে কাজ করতে। কিন্তু সিদ্দারামাইয়া এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ হতে রাজি হননি। শুক্রবার আবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করছেন তিনি। তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
যিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই ডিকে শিবকুমার গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। তিনি কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতা। তিনিও দিল্লিতে এসেছেন। কর্ণাটকের বিধানসভা নির্বাচন হতে দুই বছর বাকি আছে। সেই নির্বাচতনে দলকে জিতিয়ে আনা শিবকুমারের সামনে বড় চ্যালেঞ্জ।
জিএইচ/এসসি(পিটিআই, এএনআই)
ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত ১৬
ঈদের আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরেছে অন্তত ১৬ প্রাণ। তাদের কেউ ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ বাসে ঢাকায় ফিরছিলেন। নিহতদের মধ্যে ১০ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী ও নড়াইলে আটজন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
অন্যদিকে ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৭৭ জন।
জিএইচ/এসসি(প্রথম আলো)
ভারতের আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
২০ বছর পর আবার ভারত থেকে আম কেনা বন্ধ করলো জাপান। কীটনাশক ব্যবহার, বিশেষ করে ফলে যে সব মাছি থাকে তা নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে জাপান। প্রতিবছর আম আমদানি করার আগে জাপানের কর্মকর্তারা ভারতে আসেন এবং ভেপার হিট ট্রিটমেন্ট(ভিএইচটি) প্লান্ট পরিদর্শন করেন।
ভিএইচটি হলো রাসায়নিক মুক্ত পদ্ধতি যাতে আমকে গরম ও ভ্যাপসা অবস্থায় রাখা হয়, এর ফলে যাবতীয় পোকা মরে যায়। জাপানে আম রপ্তানি করতে গেলে আমগুলিকে এই পদ্ধতিতে শোধন করতে হয়।
গত মার্চে উত্তরপ্রদেশের রহমানপুরের ভিএইচটি প্লান্টে জাপানের কর্মকর্তারা এসেছিলেন। কিন্তু তারা সেখানে এই পদ্ধতিতে খামতি আছে বলে রিপোর্ট দিয়েছেন। কোথায় খামতি ছিল তা নিয়ে জাপান বা ভারতের কর্মকর্তারা মুখ খোলেননি।
এরপর জাপানের ইয়োকোহামা প্লান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, তারা ভারত থেকে আম আমদানি করবেন না।
ভারতে প্রতিবছর ২৮ মেট্রিক টন আম উৎপাদন হয়। তার অনেকটাই দেশে বিক্রি হয়। কিন্তু দামি আম জাপান সহ বেশ কিছু দেশ কেনে। জাপান আম কেনা বন্ধ করে দেওয়ায় তা ভারতের আম উৎপাদক ও রপ্তানিকারকদের কাছে ধাক্কা।
জিএইচ/এসসি(এনডিটিভি)
রোমানিয়ার শহরে আছড়ে পড়লো রাশিয়ার ড্রোন
শুক্রবার রোমানিয়ার আকাশসীমায় ঢুকে দক্ষিণ পূর্বের গাহলাটস শহরের বাড়ির ছাদে আছড়ে পড়ে রাশিয়ার ড্রোন। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে একথা জানিয়েছে। মন্ত্রক থেকে বলা হয়েছে, "মে মাসের ২৮-২৯ এর রাতে ইউক্রেনের সাধারণ মানুষ এবং পরিকাঠামো লক্ষ্য করে ফের ড্রোন আক্রমণ শুরু করেছে রাশিয়া।" ইউক্রেনের যে অঞ্চলে ড্রোন আক্রমণ চালানো হচ্ছে তা রোমানিয়ার সীমান্তে অবস্থিত। বিবৃতিতে আরো জানানো হয়, "একটি ড্রোনকে রাডারে ট্র্যাক করা হয়। সেটি গাহলাটস-এর বাড়ির ছাদে আছড়ে পরে। এর ফলে বাড়িটিতে আগুন লাগে।" রোমানিয়ার আপৎকালীন বিভাগ তাদের ফেসবুকে জানিয়েছে, এই ঘটনায় দুই জন সামান্য আহত হয়েছেন। তারা আরো জানায়, ১০ তলা এই বাড়িটিতে ড্রোনটি পড়ার পরেই তার বিষ্ফোরক নিষ্ক্রিয় করা হয় এবং স্থানীয়ও মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসসি/ জিএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)
ইবোলা: কঙ্গো পৌঁছলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান
দ্রুত বাড়ছে ইবোলা সংক্রমণ। তার মধ্যে বৃহস্পতিবার কঙ্গোতে পৌঁছলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান টেড্রোস ওঢানম ঘিব্রেয়সাস। এই পরিস্থিতিতে কঙ্গোর প্রতি সংহতি জানাতেই এই সফর বলে জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে কঙ্গোবাসীদের ঘিব্রেয়সাস লেখেন, "আমি আপনাদের জানাতে চাই, এই যুদ্ধে আপনারা একা নন। আমরা সবাই মিলে এর মোকাবিলা করব।" বিশ্ব স্বাস্থ্যসংস্থা যে সব রকম ভাবে তাদের সাহায্য করবে তাও জানান তিনি। বুন্ডিবুজো নামে একটি স্ট্রেইনের কারণে এই পর্যায়ের ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থার হিসেব অনুযায়ী, এখনো পর্যন্ত ২২০ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই মুহূর্তে ৯০০ জন ইবোলা আক্রান্ত। পার্শ্ববর্তী উগান্ডাতেও ইবোলা ছড়িয়েছে। সেখানে সাত জন চিকিৎসাধীন। তবে বাস্তবে ইবোলা এর থেকে অনেক বেশি ছড়িয়েছে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। তারা মনে করছে, শুরুতে এর প্রাদুর্ভাব ধরা যায়নি, ফলে বেশ কিছুদিন অনিয়ন্ত্রিত গতিবিধি ছিল ইবোলা ভাইরাসের।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)