১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৬ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
- ফ্যাক্ট চেক : বিশ্বকাপে জার্মানির ম্যাচে হিটলারের চেহারার সমর্থক?
- জি-সেভেন সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার দিলেন ম্যার্ৎস
- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন, ‘দিল্লি থেকে ফেরত আসা ইনস্ট্যান্ট প্রতিবাদ’
- জাহাঙ্গীরনগরে দশ শিক্ষককে বাধ্যতামূলক অবসরসহ ভিন্ন ভিন্ন শাস্তি সিন্ডিকেটের
- চুক্তি অনুযায়ী পারমাণবিক পর্যবেক্ষকদের অনুমতি দেবে ইরান: ভান্স
- মার্কিন সামরিক ঘাঁটিতে ভেঙে পড়লো বি-৫২ বম্বার, মৃত ৮
- ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইন করছে যুক্তরাজ্যে
- লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের বিক্ষোভ
- ঢাকায় চারটি বাস টার্মিনাল শহরের বাইরে সরানোর নির্দেশ
- অভিষেককে ১১ ঘণ্টা ধরে জেরা ইডি-র
- মমতার বাড়ির সামনে কুণালকে ডিম
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
বাংলাদেশে নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়েছে৷ এ ঘটনায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷
মামলাটি গত ২ মে করা হলেও অভিযুক্ত ওই নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ এ নিয়ে মেয়েটির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে৷
অভিযুক্ত আসামির নাম মোহন তালুকদার (২৫)৷ তিনি মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন৷ মোহন তালুকদারের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা৷ মামলায় শিশুটিকে কিছুটা মানসিক প্রতিবন্ধী বলে উল্লেখ করা হয়েছে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ফ্যাক্ট চেক : বিশ্বকাপে জার্মানির ম্যাচে হিটলারের চেহারার সমর্থক?
রোববার জার্মানি-কুরাসাও ম্যাচের সময়ের একটা ছবি কি আপনার চোখে পড়েছে? জার্মানির ৭-১ গোলে জেতা ম্যাচটি শেষ হওয়ার আগেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে সেই ছবি৷ আডল্ফ হিটলারের সঙ্গে মিল আছে এমন চেহারার জার্মান সমর্থকের ছবিটা কি আসল?
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ জার্মানির প্রথম ম্যাচটায় নবাগত কুরাসাও কেমন খেলছে – তখন তা দেখায় কৌতূহলী সবাই৷ ম্যাচ শেষে আলোচনার বিষয় হয়ে ওঠে জার্মানির বিশাল জয়৷
তবে মাঠের বাইরে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মনোযোগ ছিল সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে৷ স্টেডিয়ামের ভেতরে জার্মানির জার্সি ও পতাকা হাতে এক দর্শকের ছবিতে আটকে যায় তাদের চোখ৷ আরে, এই সমর্থকের চেহারার সঙ্গে তো আডল্ফ হিটলারের চেহারার খুব মিল!
কয়েক মুহূর্তেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে সেই ছবি, দেখা হয় লক্ষ লক্ষ বার৷
শুধু এক্স-এ-ই সেই ছবিসম্বলিত পোস্ট দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি বার৷ ৪ লাখ ৬০ হাজারের বেশি লাইক পড়েছে ইনস্টাগ্রামের একটি পোস্টে৷
ফেসবুকে স্প্যানিশ এবং থ্রেডস-এ রাশিয়ানসহ বিভিন্ন ভাষায় আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে৷
কিছু পোস্টে জার্মানিবিরোধী মনোভাবও লক্ষ্য করা গেছে৷ যেমন রেডিট-এর একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, ‘‘নিজের দলকে সমর্থন জানাতে আসা দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা সবসময়ই দারুণ ব্যাপার!’’
তবে এত ভিউ, লাইক কামানো, এত আলোচনার জন্ম দেয়া ছবিটি কিন্তু আসল নয়৷
ডিডাব্লিউ-এর ফ্যাক্ট চেক : এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বা ভুয়া ছবি৷
টোমাস স্প্যারো/ এসিবি
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন, ‘দিল্লি থেকে ফেরত আসা ইনস্ট্যান্ট প্রতিবাদ’
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে ‘হয়রানিমূলক’ উল্লেখ করে সেখান থেকে ফিরে আসার বিষয়টিকে তাৎক্ষণিক একটা প্রতিবাদ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান৷ তিনি বলেন, ‘‘আমার কাছে মনে হলো, আমাদের ইনস্ট্যান্ট (তাৎক্ষণিক) একটা প্রতিবাদ হওয়া দরকার৷’’
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
জি-সেভেন সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার দিলেন ম্যার্ৎস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন ফ্রিডরিশ ম্যার্ৎস৷ আজ মঙ্গলবার জি-সেভেন সম্মেলনের প্রথম দিনে এ উপহার দেন জার্মানির চ্যান্সেলর৷
রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারায় জার্মানি৷ তার একদিন পরেই ফ্রান্সে শুরু হলো জাপান, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র -এই সাত দেশের জোট জি-সেভেন-এর সম্মেলন৷
এবারের সম্মেলনে ইউক্রেন ও ইরান ইস্যুতে মতপার্থক্য সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
জাহাঙ্গীরনগরে দশ শিক্ষককে বাধ্যতামূলক অবসরসহ ভিন্ন ভিন্ন শাস্তি সিন্ডিকেটের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাসহ ক্যাম্পাসে সংঘটিত নানা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ শিক্ষক ও দুই কর্মকর্তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট৷
আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে নতুন প্রশাসনিক ভবনের একটি কক্ষে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান৷
সিন্ডিকেটের সূত্রকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো জানায়, জুলাই আন্দোলনের সময় হামলায় জড়িত ও মদদদাতা হিসেবে ১৯ শিক্ষক এবং দুজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল৷
সিন্ডিকেটে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, নয়জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে পদাবনতি ও বেতন অবনমন, দুজন শিক্ষককে সতর্কীকরণ এবং সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
চুক্তি অনুযায়ী পারমাণবিক পর্যবেক্ষকদের অনুমতি দেবে ইরান: ভান্স
অ্যামেরিকার সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী বিশ্বের পারমাণবিক পর্যবেক্ষকদের ঢুকতে দেবে ইরান। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একথা জানিয়েছেন। এই চুক্তির অন্যতম শর্ত ইন্টারন্যাশানাল অ্যাটমিক এনার্জি এজেন্সি(আইএইএ)র সঙ্গে সহযোগিতা করা এবং তেহরানের পারমাণবিক অস্ত্র গবেষণা বন্ধ করা। এই বিষয়টি উল্লেখ্য করে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ভান্সকে প্রশ্ন করে, ইরান বাইরের পর্যবেক্ষকদের ঢুকতে অনুমতি দেবে কিনা। ভান্স জানান, অবশ্যই দেবে। তিনি জানান, শান্তি চুক্তিতে এই শর্ত খুব পরিষ্কার করে লেখা আছে।
রোববার ইরানের সঙ্গে অ্যামেরিকারশান্তি চুক্তিচূড়ান্ত হয়েছে। তবে এখনো এই চুক্তি প্রকাশিত হয়নি। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হওয়ার কথা। তার পরেই তা প্রকাশিত হবে বলে জানান ভান্স।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন ইরানকে আক্রমণ করার ফলে তাদের পারমাণবিক অস্ত্র প্রয়োগ থেকে থামানো গেছে। তিনি বলেন, "আমরা ইসরায়েলকে পারমাণবিক ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি।"
এই শান্তি চুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও, ট্রাম্প জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
মার্কিন সামরিক ঘাঁটিতে ভেঙে পড়লো বি-৫২ বম্বার, মৃত ৮
অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় এডওয়ার্ড সামরিক বিমানঘাঁটিতে টেক অফের সময় ভেঙে পড়লো বি-৫২ বিমান। ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। বিমানঘাঁটির ডেপুটি কম্যান্ডার জেমস হেয়স একটি সাংবাদিক বৈঠকে জানান, "আমরা আটজন মহান অ্যামেরিকাবাসীকে হারিয়েছি। পরে ছবিতে দেখা গেছে ভেঙে পরা বিমানটির কিছু অবশিষ্টাংশ নেই। দুর্ঘটনার পরে এমার্জেন্সি দল সেখানে পৌঁছলেও উদ্ধার করার উপায় ছিল না বলে জানানো হয়। এই বিমানঘাঁটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে কেন এই দুর্ঘটনা ঘটলো তার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। হেয়স জানান, এই তদন্তে ছয়মাস পর্যন্ত সময় লাগতে পারে।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইন করছে যুক্তরাজ্যে
১৬ বছরের নিচের কিশোর কিশোরীরা যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমব্যবহার করতে পারবেন না। আগামী বছর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। যুক্তরাজ্যের সরকার সোমবার এই ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, জনপ্রিয় সামাজিক মাধ্যম, যেমন স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক এবং এক্স (টুইটার) এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এগুলির প্রতি আসক্তি জন্মায়। তিনি বলেন, এটা বিপজ্জনক এবং এগুলি শিশুদের 'অখুশি' করে তুলছে।
আগামী ডিসেম্বরে এই আইনটি পাশ করা নিয়ে আশাবাদী স্টারমার। অস্ট্রেলিয়া, ক্যানাডা, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার পরে এবার যুক্তরাজ্য এই পক্ষেপ গ্রহণ করলো।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
ঢাকায় চারটি বাস টার্মিনাল শহরের বাইরে সরানোর নির্দেশ
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, ‘ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
আন্তঃনগর বাস টার্মিনালগুলো হচ্ছে—ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল ও সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল।
সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তরিত হবে। এছাড়া গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী একইসঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্টস্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন।
জিএইচ/এসসি(দ্য ডেইলি স্টার)
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের বিক্ষোভ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।
এ সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বিকেল থেকে রেস্তোরাঁর সামনে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ইস্ট লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে পৃথক একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। তিনজনকে পুলিশ আটক করে।
জিএইচ/এসসি(প্রথম আলো)
মমতার বাড়ির সামনে কুণালকে ডিম
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। কুণাল ঝুঁকে পড়ে ডিম এড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার মাথায় ডিম এসে পড়ে। কুণাল বলেন, এভাবে তাকে থামানো যাবে না।
কুণালের মাথা ও পিঠে ডিম লাগে। পরে কুণাল সংবাদমাধ্যমকে বলেন, ''এভাবে আমাকে থামিয়ে রাখা যাবে না। দূর থেকে ছোড়া জিনিস। পাথর মারলে মারুক, বোমা মারলে মারুক, ডেডবডি পড়ে থাকবে। আমি ওখান দিয়েই যাব। তারপর যা হওয়ার হবে। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না।''
তৃণমূল ক্ষমতাচ্যূত হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ধরনের ঘটনা এই প্রথম হলো।
জিএইচ/এসসি(পিটিআই, এএনআই, টিভি৯)
অভিষেককে ১১ ঘণ্টা ধরে জেরা ইডি-র
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিজিও কমপ্লেক্সে এই জিজ্ঞাসাবাদের পর অভিষেক বলেন, আবার ডাকলে তিনি তদন্তে সাহায্য করতে উপস্থিত হবেন।
সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ অভিষেক ইডি-র অফিসে আসেন। সূত্র জানাচ্ছে, তৃণমূল নেতাকে মধ্যাহ্নভোজ ও সন্ধ্যার সময় জলখাবারের জন্য কিছুটা সময় দেওয়া হয়। সোমবার জিজ্ঞাসাবাদের পর তাকে আপাতত নতুন করে ডাকা হয়নি।
অভিষেক বলেছেন, “এই মামলায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তার আগেও ডাকা হয়েছে। সবমিলিয়ে আমাকে ১০-১২ বার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভবিষ্যতে আবার ডাকলে যাব।”
জিএইচ/এসসি(অভিষেকের বক্তব্য)
সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে খুব শিগগিরই চিঠি পাঠানো হবে: দুদক
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া চলছে৷ এ বিষয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে৷
তিনি জানান, দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীরকে ফেরাতে প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করার কাজ চলছে৷
আকতারুল ইসলাম আরো বলেন, মামলাগুলোর নথিপত্র চূড়ান্ত হলে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে৷
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ৷ বাংলাদেশ সরকারের অনুরোধে জারি করা ইন্টারপোলের ‘রেড নোটিশ’–এর ভিত্তিতে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়৷
দুবাই পুলিশ গত ১২ জুন বেনজীরকে গ্রেপ্তার করে৷ আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি জানায়৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগে এক কর্মকর্তাকে বিশ্বকাপ থেকে সরানোর দাবি
ভিডিও রিভিউ দলের এক কর্মকর্তাকে হাত দিয়ে বিশেষ ধরনের ভঙ্গি করার কারণে দায়িত্ব থেকে সরানোর আহ্বান জানিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ বৈষম্য পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা৷
গতকাল রোববার কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি৷ এ ম্যাচে ভিডিও রিভিউ বিশ্লেষক দলে ছিলেন অস্ট্রেলিয়ার রেফারি শন ইভান্স৷ ম্যাচ শুরুর আগে তিনি নিজের ডান পায়ের সামনে ডান হাত রেখে যে ভঙ্গি করেন তা নিয়েই চলছে তুমুল বিতর্ক৷
আন্তর্জাতিক ম্যাচে বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান, পতাকা ও প্রতীক পর্যবেক্ষণে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং ইউরোপের সর্বোচ্চ সংস্থা উয়েফা-র দীর্ঘদিনের সহযোগী সংগঠন ফেয়ার নেটওয়ার্ক তাই এক বিবৃতিতে অস্ট্রেলীয় ওই কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে৷ শন ইভান্সের করা ওই ভঙ্গিকে ‘নব্য নাৎসিদের’ ভঙ্গি অভিহিত করে বিবৃতিতে বলা হয়, ‘‘এই বিশ্বকাপের পরবর্তী কোনো কার্যক্রমে ওই কর্মকর্তার আর কোনো ভূমিকা থাকা উচিত নয়৷’’
এসিবি/ জেডএইচ (এপি)
বাংলেদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ৷
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন৷
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত৷
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবরে বলা হয়, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়৷ পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে আজ দুপুরে ঢাকায় ফেরেন৷
আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-র জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা৷ সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশ নেওয়ার কথা ছিল৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)