1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ব্যাংকে জিম্মি সংকটের অবসান

প্রকাশিত ৪ মে ২০২৬শেষ আপডেট ৮ মে ২০২৬

জার্মানির ব্যাংকে জিম্মি সংকটের অবসান, সমালোচনার মুখে বিএনপি নেতাসহ সচ্ছল চারজনের দুস্থদের ত্রাণ ফেরত, অ্যামেরিকার দাবি, আক্রান্ত হয়েই পাল্টা হামলা, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা এখন প্রাক্তন.. আরো খবর এখানে।

https://p.dw.com/p/5DCvz
ব্যাংকের সামনে পুলিশ, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স৷ জিম্মি সংকট অবসানের আগের ছবি
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কর্মকর্তারা জিনসিগ শহরের ওই ব্যাংকে প্রবেশ করে সন্দেহভাজন কাউকে খুঁজে পাননি৷ তদন্তকারীদের ধারণা, ‘‘ওই ব্যক্তিদের ব্যাংকের ভল্টের ভেতর আটকে রাখার পরপরই অপরাধী বা অপরাধীরা এমন কোনো উপায়ে ঘটনাস্থল ত্যাগ করেছে, যা এখনো অজানা৷’’ছবি: Sascha Ditscher/dpa/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • জার্মানির ব্যাংকে জিম্মি সংকটের অবসান
  • সমালোচনার মুখে বিএনপি নেতাসহ চারজনের দুস্থদের ত্রাণ ফেরত
  • অ্যামেরিকার দাবি, আক্রান্ত হয়েই পাল্টা হামলা
  • বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা এখন প্রাক্তন
  • ঢাকায় এক মাসে ডিমের দাম অনেকটা বেড়েছে
  • দক্ষিণ কোরীয় জাহাজে হামলায় ট্রাম্প ও ইরানের বিপরীত বক্তব্য
স্কিপ নেক্সট সেকশন জার্মানির ব্যাংকে জিম্মি সংকটের অবসান
প্রকাশিত ৮ মে ২০২৬শেষ আপডেট ৮ মে ২০২৬

জার্মানির ব্যাংকে জিম্মি সংকটের অবসান

ব্যাংকের সামনে পুলিশ, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স৷ জিম্মি সংকট অবসানের আগের ছবি
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কর্মকর্তারা জিনসিগ শহরের ওই ব্যাংকে প্রবেশ করে সন্দেহভাজন কাউকে খুঁজে পাননি৷ তদন্তকারীদের ধারণা, ‘‘ওই ব্যক্তিদের ব্যাংকের ভল্টের ভেতর আটকে রাখার পরপরই অপরাধী বা অপরাধীরা এমন কোনো উপায়ে ঘটনাস্থল ত্যাগ করেছে, যা এখনো অজানা৷’’ছবি: Sascha Ditscher/dpa/picture alliance

জার্মানির পশ্চিমাঞ্চলের জিনসিগ শহরের ব্যাংকে জিম্মি সংকটের অবসান হয়েছে৷
শুক্রবার সকালে সশস্ত্র সন্দেহভাজনরা নগদ টাকার গাড়ি আটকে ব্যাংকের দুজন কর্মীকে জিম্মি করে৷ পুলিশ জানিয়েছে, জিম্মি করা দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ তবে সন্দেহভাজন অপরাধীরা পালিয়েছে৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কর্মকর্তারা জিনসিগ শহরের ওই ব্যাংকে প্রবেশ করে সন্দেহভাজন কাউকে খুঁজে পাননি৷ তদন্তকারীদের ধারণা, ‘‘ওই ব্যক্তিদের ব্যাংকের ভল্টের ভেতর আটকে রাখার পরপরই অপরাধী বা অপরাধীরা এমন কোনো উপায়ে ঘটনাস্থল ত্যাগ করেছে, যা এখনো অজানা৷’’
এসিবি/ জেডএইচ (এএফপি)

https://p.dw.com/p/5DUqT
স্কিপ নেক্সট সেকশন জার্মানির ব্যাংকে জিম্মি পরিস্থিতি
প্রকাশিত ৮ মে ২০২৬শেষ আপডেট ৮ মে ২০২৬

জার্মানির ব্যাংকে জিম্মি পরিস্থিতি

ব্যাংকের বাইরে পুলিশ সদস্যদের অবস্থান
স্থানীয় সময় সকাল ৯টার দিকে এক ব্যক্তি ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা এক কর্মীকে হুমকির মুখে জোরপূর্বক ব্যাংকের ভেতরে নিয়ে যায়৷ছবি: Thomas Frey/dpa/picture alliance

জার্মানির পশ্চিমাঞ্চলের শহর জিনসিগ-এর একটি ব্যাংকে সশস্ত্র সন্দেহভাজনরা নগদ টাকার গাড়ি আটকে অন্তত একজন ব্যাংক কর্মীকে জিম্মি করেছে৷ বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে৷ পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে৷
পুলিশ জানায়, জিনসিগ শহরের একটি ব্যাংকের ভেতরে এখন একাধিক সন্দেহভাজন ব্যক্তি এবং জিম্মি করা কর্মচারী অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে৷
এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে৷ পুলিশ আরো জানায়, সুরক্ষিত এলাকাটির বাইরে অবস্থানরত সাধারণ মানুষদের জন্য এখন বিপদের শঙ্কা নেই৷
জানা গেছে, জিম্মিদের একজন ব্যাংকের নগদ অর্থ পরিবহণের গাড়ির চালক৷
পুলিশ বলেছে, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে৷
গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এক ব্যক্তি ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা এক কর্মীকে হুমকির মুখে জোরপূর্বক ব্যাংকের ভেতরে নিয়ে যায়৷ তারপর থেকে দুজনই ব্যাংকের ভল্ট বা সিন্দুক রাখার এলাকায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷
পুলিশ জানিয়েছে, তথ্য প্রকাশের ক্ষেত্রে এখন সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, কারণ, ‘‘কেউ আড়ি পেতে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করতে পারে৷’’
পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘‘পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে৷’’
এসিবি/ জেডএইচ (ডিপিএ)

https://p.dw.com/p/5DU8i
স্কিপ নেক্সট সেকশন সমালোচনার মুখে বিএনপি নেতাসহ সচ্ছল চারজনের দুস্থদের ত্রাণ ফেরত
প্রকাশিত ৮ মে ২০২৬শেষ আপডেট ৮ মে ২০২৬

সমালোচনার মুখে বিএনপি নেতাসহ সচ্ছল চারজনের দুস্থদের ত্রাণ ফেরত

প্রতীকী ফাইল ফটো
কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ ত্রাণসহায়তা পেতে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের (বাবুল) কাছে লিখিত আবেদন করেন ওই চারজন৷ পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের নাম তালিকাভুক্ত করা হয়৷ছবি: MUNIR UZ ZAMAN/AFP

লালমনিরহাটের আদিতমারীতে দুস্থদের জন্য বরাদ্দ ত্রাণের টিন ও অনুদানের টাকা নেন বিএনপির এক নেতাসহ সচ্ছল পরিবারের চারজন৷ এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হওয়ার পর প্রশাসনের নির্দেশনায় তারা সেগুলো ফেরত দিয়েছেন৷
ত্রাণের টিন ও টাকা ফেরত দেওয়া চারজন হলেন উপজেলার ভাদাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দধি প্রসাদ বর্মন, একই ইউনিয়নের দেবেন্দ্রনাথ রায়ের ছেলে শংকর কুমার রায়, মৃত আবদুস সামাদের ছেলে শামসুল হক এবং নৃপেন্দ্র নাথ রায়ের মেয়ে গোলাপী রানী৷
স্থানীয় সূত্রে জানা যায়, ওই চারজনের মধ্যে দধি প্রসাদ বর্মনের ছাদের বাড়ি আছে৷ শংকর কুমার রায়ের টিনশেড আধা পাকা দালান এবং অন্যরাও সচ্ছল পরিবারের সদস্য৷
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ ত্রাণসহায়তা পেতে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের (বাবুল) কাছে লিখিত আবেদন করেন ওই চারজন৷ পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের নাম তালিকাভুক্ত করা হয়৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ পরে অভিযুক্ত ব্যক্তিরা টিন ও অনুদানের টাকা ফেরত দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ তবে সতর্ক করা হয়েছে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5DT3n
স্কিপ নেক্সট সেকশন অ্যামেরিকার দাবি, আক্রান্ত হয়েই পাল্টা হামলা
প্রকাশিত ৮ মে ২০২৬শেষ আপডেট ৮ মে ২০২৬

অ্যামেরিকার দাবি, আক্রান্ত হয়েই পাল্টা হামলা

যুদ্ধবিরতি চলার মধ্যেই আবার অ্যামেরিকা ও ইরানের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ হলো। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজে তিনটি মার্কিন যুদ্ধজাহাজের উপর হামলা করে। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় আঘাত করে। ট্রাম্প এবিসি টিভি-কে বলেছেন, ''যুদ্ধবিরতি চলছে, চলবেও। এর মধ্যে এটা ভালোবেসে টোকা দেয়া হলো।'' 

ট্রাম্পের হুমকি, ''ইরান চুক্তিতে সই না করলে ওদের নকআউট করে দেওয়া হবে। আজ যেমন করেছি। কিন্তু ভবিষ্যতে আরো কঠিন, আরো তীব্র হামলা হবে।'' 

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, অ্যামেরিকা প্রথমে ইরানের তেলবাহী ট্যাংকারকে আক্রমণ করে। ট্যাংকারটি হরমুজের দিকে যাচ্ছিল। তারপর ইরান প্রত্যাঘাত করে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5DSJ7
স্কিপ নেক্সট সেকশন বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা এখন প্রাক্তন
প্রকাশিত ৮ মে ২০২৬শেষ আপডেট ৮ মে ২০২৬

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা এখন প্রাক্তন

পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন। ফাইল ছবি।
পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল।ছবি: Payel Samanta/DW

পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল টি এন রবি। লোকভবন জানিয়েছে, ৭ মে থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর হয়েছে। ফলে ইস্তফা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। 

রাজ্যপাল অবশ্য মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করেননি। তাকে তদারকি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালাতেও বলেননি। তাহলে এখন শাসনভার কার হাতে? এটা স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে বিধানসভা ভেঙে দেওয়ার ফলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী ও বিধায়ক প্রাক্তন হয়ে গেছেন। 

শুক্রবার বিজেপি-র নেতা নির্বাচন হবে। বোঝা যাবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। শুভেন্দু অধিকারী নাকি অন্য কোনো নেতা, কাকে বাছবেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব তা বোঝা যাবে। অমিত শাহ সেই বৈঠকে থাকবেন। তারপর শনিবার নতুন মুখ্যমন্ত্রী ব্রিগেডে শপথ নেবেন। 

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

https://p.dw.com/p/5DSWw
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় এক মাসে ডিমের দাম অনেকটা বেড়েছে
৮ মে ২০২৬

ঢাকায় এক মাসে ডিমের দাম অনেকটা বেড়েছে

ঢাকার এক ডিম বিক্রেতা। ফাইল ছবি।
ঢাকায় ডিমের দাম এক মাসের মধ্যে প্রতি ডজনে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। ছবি: DW

ঢাকায় ডিমের দাম এক মাসে প্রতি ডজনে ৩০ থেকে ৪০ টাকা বাড়লো। গত এক সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ টাকা। ডিম ছাড়াও বাজারে বাড়তি রয়েছে সবজি, বিভিন্ন ধরনের মাছ, মুরগি ও মাংসের দাম।

বিক্রেতারা জানিয়েছেন, সাম্প্রতিক বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। এ সময়ে বেড়েছে ডিমের চাহিদা। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরও প্রভাব পড়েছে এসব পণ্যের দামে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গতকাল রাজধানীর তিনটি বাজারে ফার্মের মুরগির বাদামি রঙের প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হয়েছে। পাড়া–মহল্লার দোকানে এই ডিম বিক্রি হয়েছে ১৪৫ টাকা দরে। আর ফার্মের মুরগির সাদা রঙের ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়। 

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5DSXD
স্কিপ নেক্সট সেকশন শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
প্রকাশিত ৭ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

সাবেক মন্ত্রী দীপু মনি (ফাইল ফটো)
১৪ মে দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে৷ছবি: Sergei Bulkin/TASS/dpa/picture alliance

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করতে বলা হয়েছে৷
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন৷ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী৷ ১৪ মে দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে এই ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে৷
দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা দীর্ঘদিন ধরে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন৷ প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) আবেদনের পরিপ্রেক্ষিতে এই তিনজনকে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল৷
পরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের ব্রিফিং করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম৷ তিনি বলেন, তারা (তিন আসামি) যেহেতু হেফাজতে আছেন, তাদের প্রোডাকশন (হাজির) চাওয়া হয়েছে৷ আগামী তারিখে হয়তো এই মামলা তাদের গ্রেপ্তার দেখানো হবে৷ সেখান থেকে তাদের সেফ হোমে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে এই মামলার স্বার্থে৷
আগামী ৭ জুন এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য আছে৷
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম প্রমুখ এই মামলার আসামি৷
২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া যাওয়ার কথা বলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম৷ তিনি আরো বলেন, এই ৫৮ জনের পরিচয়ও তারা শনাক্ত করতে পেরেছেন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

মোজাম্মেল বাবু (ফাইল ফটো)
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তারা (দীপু মনি, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা) যেহেতু হেফাজতে আছেন, তাদের প্রোডাকশন (হাজির) চাওয়া হয়েছে৷ আগামী তারিখে হয়তো এই মামলা তাদের গ্রেপ্তার দেখানো হবে৷ছবি: privat
https://p.dw.com/p/5DQSb
স্কিপ নেক্সট সেকশন দক্ষিণ কোরীয় জাহাজে হামলায় ট্রাম্প ও ইরানের বিপরীত বক্তব্য
প্রকাশিত ৭ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬

দক্ষিণ কোরীয় জাহাজে হামলায় ট্রাম্প ও ইরানের বিপরীত বক্তব্য

ডনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
সোমবার পানামার পতাকাবাহী দক্ষিণ কোরীয় জাহাজ এইচএমএম নামু ২৪ জন ক্রু সদস্যসহ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়৷ এ ঘটনার পর ডনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ওই জাহাজ লক্ষ্য করে ‘‘কয়েকটি গুলি ছুড়েছে৷’’ এ অভিযোগ অস্বীকার করলো ইরান৷ছবি: AdMedia/picture alliance


আজ বৃহস্পতিবার সৌলে ইরানের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরীয় পণ্যবাহী জাহাজটিতে হামলার অভিযোগ তারা ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও দ্ব্যর্থহীনভাবে অস্বীকার’ করছে৷
সোমবার পানামার পতাকাবাহী দক্ষিণ কোরীয় জাহাজ এইচএমএম নামু ২৪ জন ক্রু সদস্যসহ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়৷ এ ঘটনার পর ডনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ওই জাহাজ লক্ষ্য করে ‘‘কয়েকটি গুলি ছুড়েছে৷’’ এ অভিযোগ অস্বীকার করলো ইরান৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5DPHh
স্কিপ নেক্সট সেকশন রাশিয়ায় মানব পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
প্রকাশিত ৭ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬

রাশিয়ায় মানব পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

মানচিত্রের প্রতীকী ছবি
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় বাংলাদেশি ট্র্যাভেল কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে৷ তারা বলছে, বাংলাদেশি ট্র্যাভেল কোম্পানিটি রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত৷ পাচারের শিকার বাংলাদেশিদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়৷

মানব পাচারের অভিযোগে বাংলাদেশি একটি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার৷
মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷ 
এই নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় বাংলাদেশি ট্র্যাভেল কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে৷ তারা বলছে, বাংলাদেশি ট্র্যাভেল কোম্পানিটি রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত৷ পাচারের শিকার বাংলাদেশিদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়৷
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার এই ঘোষণায় বাংলাদেশসহ একাধিক দেশের ১৭ ব্যক্তি–প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে৷ তালিকায় ৫ নম্বরে রয়েছে বাংলাদেশি কোম্পানিটির নাম৷
নথির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় পড়া বাংলাদেশি কোম্পানিটির নাম ড্রিম হোম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড৷ কোম্পানিটির ঠিকানা হিসেবে ঢাকার বনানীর একটি বাড়ির তথ্য নথিতে উল্লেখ করা হয়েছে৷ আরোপিত নিষেধাজ্ঞার পদক্ষেপের মধ্যে সম্পদ জব্দের বিষয়টি রয়েছে৷
নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, এ ব্যাপারে সন্দেহের যুক্তিসংগত কারণ রয়েছে যে, ড্রিম হোম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড যুক্তরাজ্যের ২০২৫ সালের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালার আওতাভুক্ত একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান৷ কারণ, প্রতিষ্ঠানটি মানব পাচারসংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত ছিল বা আছে৷
নিষেধাজ্ঞার কারণ ব্যাখা করতে গিয়ে যুক্তরাজ্য সরকার আরো বলেছে, বিশেষভাবে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ কার্যক্রমে জড়িত ছিল৷ পরে তাদের শোষণ করেছে৷ প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়েছিল৷ তবে বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোর করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখসারিতে যুদ্ধ করতে বাধ্য করা হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5DOnn
স্কিপ নেক্সট সেকশন বায়ুদূষণে বিশ্বের এক নম্বর শহর হলো ঢাকা
প্রকাশিত ৭ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬

বায়ুদূষণে বিশ্বের এক নম্বর শহর হলো ঢাকা

বৃহস্পতিবার সকালে বায়ুদূষণের নিরিখে ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর।  সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, ঢাকার বায়ুদূষণের মান ছিলো ১৭৭, যা অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে ছিল জাকার্তা, সেখানে বায়ুর মান ছিল ১৫৯। 

অথচ, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে বায়ুদূষণের পরিমাণ কমে। অথচ, বৃহস্পতিবার সকালে সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা। কেন এই অবস্থা?

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো এই বিষয়ে বায়ুমান বিশেষজ্ঞ ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদারের সঙ্গে কথা বলেছে। তিনি বলেছেন, ‘'উন্মুক্ত অবস্থায় নির্মাণসামগ্রী পড়ে আছে, খোলা অবস্থায় সবকিছু ফেলে রাখা হয়েছে। পথ দিয়ে যাওয়া গাড়িগুলোর চাকায় এসব ধুলাবালু জমবে আর সেগুলো পড়বে বড় সড়কে। রাজধানীতে অন্তত ৩০০ জায়গা পাবেন এমন। এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ নেই। বৃষ্টি হলে তাই সাময়িকভাবে হয়তো দূষণ কমছে, কিন্তু এসব স্থান থেকে দ্রুত আবার ধুলাবালু ছড়িয়ে পড়ছে। আর এর সঙ্গে ত্রুটিযুক্ত যানবাহন তো আছে। সেগুলোর একটিও তো হাঁকডাক দিয়ে বন্ধ করা যায়নি।'’

কামরুজ্জামান মজুমদার বলছিলেন, শুধু নির্মাণকাজের সময় দূষণ রোধে ব্যবস্থা নেওয়া গেলে বায়ুর মান কিছুটা হলেও ফিরবে। এ কাজের দায়িত্ব সিটি করপোরেশনের। এ জন্য তাদের কোনো আলাদা করে প্রকল্পের দরকার নেই। তাদের বিদ্যমান আইনেই করণীয় লেখা আছে। কিন্তু সিটি করপোরেশনগুলোর এসব দিকে ভ্রুক্ষেপ নেই।

জিএইচ/এসজি(প্রথম আলো)

বায়ুদূষণ: ২০৫০ সালে কেমন ঢাকা দেখতে চাই?

https://p.dw.com/p/5DO95
স্কিপ নেক্সট সেকশন ট্রাম্প আশাবাদী, তবে ইরান এখনো কিছু বলেনি
প্রকাশিত ৭ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬

ট্রাম্প আশাবাদী, তবে ইরান এখনো কিছু বলেনি

ভাষণ দিচ্ছেন ডনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: Matt Rourke/AP Photo/dpa/picture alliance

ইরানের সঙ্গে শান্তি আলোচনা সফল হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেছেন, ''আমাদের সঙ্গে ইরানের গত ২৪ ঘণ্টায় খুব ভালো আলোচনা হয়েছে। সম্ভবত আমরা চুক্তি করতে পারব।'' 

পরে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, খুব তাড়াতাড়ি চুক্তি হয়ে যাবে। ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, ''যদি মার্কিন দাবি মেনে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করে এবং হরমুজ খুলে না দেয়, তাহলে তাদের উপর আবার বোমা হামলা হবে। আর সেটা হবে আরো বড় আকারে এবং আরো ভয়ংকরভাবে।''  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, অ্যামেরিকার প্রস্তাব নিয়ে তারা পর্যালোচনা করছেন। নিজেদের মতামত তারা পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়ে দেবেন। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5DO8X
স্কিপ নেক্সট সেকশন আপ্তসহায়ক খুনে রাজনীতির যোগ থাকতে পারে: শুভেন্দু
প্রকাশিত ৭ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬

আপ্তসহায়ক খুনে রাজনীতির যোগ থাকতে পারে: শুভেন্দু

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী মনে করেন, তার আপ্তসহায়ককে খুনের পিছনে রাজনীতি থাকতে পারে। ছবি: Prabhakar Mani Tewari/DW

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার পিএ বা আপ্তসহায়াক চন্দ্রনাথ রথকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর জন্য বেশ কয়েকদিন ধরে রেইকি করা হয়েছিল। শুভেন্দু বলেছেন, চন্দ্রনাথকে খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে।  তবে এনিয়ে তিনি আর কিছু বলতে চাননি। 

শুভেন্দু বলেছেন, পুলিশ তাকে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে তারা অনেক তথ্য পেয়েছে। পুলিশের উপর তার ভরসা আছে এবং দোষীরা দ্রুত ধরা পড়বে বলে পুলিশ তাকে জানিয়েছে। 

দলের কর্মীদের শুভেন্দু বলেছেন, তারা যেন আইন নিজের হাতে তুলে না নেন। শান্তি বজায় রাখেন। তিনি দাবি করেছেন, বুধবার বিজেপি কর্মীদের উপর খড়দহে বোমা মারা হয়েছে, বরাহনগরে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে এবং বসিরহাটে গুলি চালানো হয়েছে। 

জিএইচ/এসজি(শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন)

https://p.dw.com/p/5DO8a
স্কিপ নেক্সট সেকশন দলের জয়ী প্রার্থীদের যা বললেন মমতা
৭ মে ২০২৬

দলের জয়ী প্রার্থীদের যা বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে বেরোবার সময় কর্মীদের সঙ্গে কথা বলছেন। ফাইল ছবি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি লড়াই করে ফিরবেন। ছবি: ANI/IMAGO

পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত নির্বাচনে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন  ৬৯ জন। হাসন থেকে নির্বাচিত কাজল শেখ ও ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকিসহ ১১ জন জিতে আসা তৃণমূল প্রার্থী উপস্থিত ছিলেন না। 

মমতা নবনির্বাচিত বিধায়কদের বলেন, তিনি ইস্তফা দেবেন না। তাকে দরকার হলে বরখাস্ত করা হোক। বরখাস্ত করলে সেটা হবে কালো দিন। 

মমতা দলের নেতাদের জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্যসমাপ্ত নির্বাচনে জেতার জন্য অসম্ভব খেটেছেন ও লড়াই করেছেন। অভিষেকের লড়াইকে সম্মান জানানোর জন্য সবাইকে উঠে দাঁড়াতে হবে। এরপর প্রবীণ নেতাসহ সকলে উঠে দাঁড়ান। মমতা জানিয়ে দেন, অভিষেকের সমালোচনা দল বরদাস্ত করবে না। শৃঙ্খলারক্ষা কমিটিও গড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। তাতে ডেরেক ওব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যসহ চারজন আছেন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সকাল থেকে রাত পর্যন্ত ডেরেক বসবেন বলেও মমতা জানিয়েছেন। 

মমতার অভিযোগ, তাকে জোর করে হারানো হয়েছে। তিনি আবার আন্দোলন ও লড়াই করে ফিরে আসবেন। দেশকে দেখিয়ে দেবেন, কী করে ফিরে আসতে হয়। ইন্ডিয়াভুক্ত দলগুলি তার সঙ্গে আছে বলে তিনি দাবি করেন। 

জিএইচ/এসজি(আনন্দবাজার, এবিপি আনন্দ)

https://p.dw.com/p/5DO96
স্কিপ নেক্সট সেকশন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪-দফার শান্তি চুক্তি নিয়ে আলোচনা
প্রকাশিত ৬ মে ২০২৬শেষ আপডেট ৬ মে ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪-দফার শান্তি চুক্তি নিয়ে আলোচনা

তেহরানের একাংশে জনজীবন৷ গত ৫ মে তোলা ছবি৷
প্রতিবেদনে বলা হয়, এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) তৈরির কাজ চলছে৷ ৪৮ ঘণ্টার মধ্যে এর মূল বিষয়গুলোতে ইরানের কাছ থেকে সাড়া প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র৷ছবি: Majid Asgaripour/WANA/REUTERS

যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাক্সিওস-এর এক প্রতিবেদন বলছে, হোয়াইট হাউস মনে করছে যুদ্ধ অবসানের জন্য ইরানের সঙ্গে চলমান আলোচনা চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি পৌঁছে গেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওস দাবি করে, এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) তৈরির কাজ চলছে৷ ৪৮ ঘণ্টার মধ্যে এর মূল বিষয়গুলোতে ইরানের কাছ থেকে সাড়া প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র৷
অ্যাক্সিওসের সূত্রের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি চুক্তি সম্পাদনের জন্য দুই পক্ষ এ পর্যন্ত যতগুলো প্রয়াস চালিয়েছে বর্তমান প্রচেষ্টা তার মধ্যে লক্ষ্য পুরণের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে৷
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ১৪-দফার এমওইউ-টি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা করবে৷ ৩০ দিনের একটি সমঝোতা আলোচনা শুরুর কথাও থাকবে সেখানে৷ সেই আলোচনার সময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে শুরু করবে- এমন প্রত্যাশার কথাও থাকবে সমঝোতা স্মারকে৷
প্রতিবেদনে আরো বলা হয়, এমওইউ-তে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের ওপর স্থগিতাদেশেরও উল্লেখ রয়েছে৷ বিশেষ সূত্রকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, এই স্থগিতাদেশ কমপক্ষে ১২ বছর স্থায়ী হবে এবং তার পরে ইরান স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে৷ প্রতিবেদন অনুযায়ী, ইরান জাতিসংঘকে পরিদর্শন করতে দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে৷ এছাড়া ইরানের ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলার কথাও বলা হয়েছে অ্যাক্সিওসের প্রতিবেদনে৷
ডিডাব্লিউ অ্যাক্সিওসের প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি৷ তবে রয়টার্স পরে পাকিস্তানের এক সূত্রকে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করেছে৷ সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘‘খুব শীঘ্রই এটি চূড়ান্ত করবো৷ আমরা খুব কাছাকাছি চলে এসেছি৷’’
এসিবি/ জেডএইচ (অ্যাক্সিওস, রয়টার্স)

https://p.dw.com/p/5DMuj
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে উগ্র ডানপন্থি যুব গোষ্ঠীবিরোধী অভিযান
প্রকাশিত ৬ মে ২০২৬শেষ আপডেট ৬ মে ২০২৬

জার্মানিতে উগ্র ডানপন্থি যুব গোষ্ঠীবিরোধী অভিযান

প্রতীকী ছবি
বুধবার জার্মানির ১২টি ফেডারেল রাজ্যের প্রায় ৫০টি স্থানে অভিযানটি চালানো হয় এবং এতে ৬০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা অংশ নেন৷ছবি: Matthias Balk/dpa/picture alliance

আজ বুধবার সকালে দুটি কট্টর-ডানপন্থি যুব গোষ্ঠীর ৩৬ জন সন্দেহভাজন সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ জার্মানির ফেডারেল পাবলিক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেছেন৷
তিনি জানান, জার্মান ইয়ুথ ফরওয়ার্ডস (ডয়েচে ইয়ুগেন্ড ফোরান, সংক্ষেপে ডিজেভি) এবং ইয়ং অ্যান্ড স্ট্রং (ইয়ুং উন্ড স্টার্ক, সংক্ষেপে জেএস) নামের যে দুটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়, তাদের বিরুদ্ধে অপরাধী সংগঠন গঠনের অভিযোগের তদন্ত চলছে৷
বুধবার জার্মানির ১২টি ফেডারেল রাজ্যের প্রায় ৫০টি স্থানে অভিযানটি চালানো হয় এবং এতে ৬০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা অংশ নেন৷
তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজনদের অধিকাংশই কিশোর ও অল্প বয়সি তরুণ৷ তাদের মধ্যে কয়েকজনকে অতীতে সহিংস আচরণ করতেও দেখা গেছে৷ এক বিবৃতিতে বলা হয়, ‘‘অভিযুক্তদের মধ্যে কয়েকজন বামপন্থি অথবা যাদের তারা শিশুকামী মনে করতো, তাদের ওপর হামলা চালিয়েছিল বলে জানা গেছে৷ প্রতিটি ঘটনাতেই, ভুক্তভোগীদের একাধিক হামলাকারী মারধর করে এবং তারা গুরুতরভাবে আহত হয়৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5DMYc
আরো পোস্ট দেখান