বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
প্রকাশিত ২ ফেব্রুয়ারি ২০২৬শেষ আপডেট ৮ ফেব্রুয়ারি ২০২৬
আপনার যা জানা দরকার
- বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
- অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী
- ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
- উন্নয়ন বলতে রাস্তা, কালভার্ট, কর্মসংস্থান মনে করেন ৭৭% ভোটার
- চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা
- পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত অনেক
- তারেক রহমানের ঢাকা সমাবেশ স্থগিত, তবে প্রচারণা চালাবেন
- ওমানে শুরু ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা
- টি২০ বিশ্বকাপ: পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে শ্রীলঙ্কা
- জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন
- রাশিয়া-অ্যামেরিকার নতুন পারমাণবিক চুক্তি প্রয়োজন: ট্রাম্প
বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক৷
সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন৷ এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা৷
এই সিদ্ধান্ত আজ (রোববার) রাত ১২টা থেকে কার্যকর হবে৷ ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে৷ বাংলাদেশ ব্যাংক আজ রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে৷
এছাড়া ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে৷
কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে৷ ফলে আজ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি৷ তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে৷ লেনদেনের বাইরে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা উল্লিখিত সময়সীমার মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে৷’’
এ ছাড়া এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংগঠিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে৷
আরআর/এডিকে (প্রথম আলো)
অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী
অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী৷
রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী৷ এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম৷
সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, ‘‘আজ রোববার (সংযুক্ত আরব আমিরাতের) ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে একটি চিঠি পাওয়া গেছে৷ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই চিঠি এসেছে৷ চিঠিতে ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি নিয়ে চলমান দর – কষাকষির (নেগোসিয়েশন) অগ্রগতির প্রশংসা করেছে এবং এটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে৷ তারা আশা প্রকাশ করেছে, এই নেগোসিয়েশন ভবিষ্যতে আরও এগোবে এবং সঠিক দিকেই যাবে৷ নেগোসিয়েশনের অগ্রগতি প্রশংসার পাশাপাশি ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি তারা গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে৷ তবে তারা এটি আরও পুনর্মূল্যায়ন (রিভিউ) করার জন্য কিছু সময় চেয়েছে৷’’
আশিক চৌধুরী বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ রয়েছে আর দুই কার্যদিবস৷ যেহেতু তারা (ডিপি ওয়ার্ল্ড) সময় চেয়েছে, সে কারণে বিষয়টি বর্তমান সরকারের আমল পেরিয়ে নির্বাচন-পরবর্তী সময়ে গিয়ে নেগোসিয়েশনটি আবারও কন্টিনিউ হতে পারে৷’’
আরআর/এডিকে (প্রথম আলো)
ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ৷
তদন্তে সহযোগিতা চেয়ে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন ৬ ফেব্রুয়ারি ২০২৬ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন- অফিস অব দ্য ইউনাইটেড ন্যাশনস হাই হাইকমিশনার ফর হিউম্যান রাইটস-এর দপ্তরে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল প্রেরণ করেছে৷
নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে বলে জানা গেছে৷
উল্লেখ্য, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা৷ এরপর শুক্রবার একই দাবিতে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ও শাহবাগ এলাকায় অবরোধ করেন৷ এক পর্যায়ে পুলিশে সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন৷
আরআর/এডিকে (বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়)
জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: শফিকুর রহমান
নির্বাচনে জয়ী হলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান৷
রোববার রাজধানী ঢাকার মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এই কথা বলেন৷
তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে, সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী করা হবে৷
জনগণ নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান৷
বিএনপি নেতা-কর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি—আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না৷ মজলুমের কষ্ট তো বোঝার কথা৷ কিন্তু দেখা গেল, বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজি শুরু হয়ে গেছে৷’’
আরআর/এডিকে (প্রথম আলো)
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন নিয়ে ক্রিকেটার জাহানারার অসন্তোষ
যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম৷
তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ এক বিবৃতিতে এ কথা জানায়৷
জাহানারা আলমের আইনজীবীদের দাবি, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকলেও বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি৷ এমনকি প্রতিবেদনের কোনো অনুলিপিও তাকে সরবরাহ করা হয়নি৷
বিবৃতিতে বলা হয়েছে, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক৷ তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি বোধ করলেও এর স্বচ্ছতার অভাবে তিনি হতাশ৷
৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতির পরিপ্রেক্ষিতে এই বিবৃতিটি প্রদান করা হয়৷
জাহানারার আইনজীবীদের দাবি, বিসিবির কাছে ইমেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে বোর্ড জানিয়েছে যে প্রতিবেদনটি বর্তমানে লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে৷ তবে জাহানারাকে আদৌ এই প্রতিবেদন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি৷
বিসিবির বিবৃতির তথ্য অনুযায়ী, তদন্ত কমিটির কাছে জাহানারা আলমের করা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে৷ বাংলাদেশ
নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মিলেছে৷
উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন ক্রিকেটার জাহানারা আলম৷ এক সাক্ষাৎকারে তিনি জানান, মঞ্জুরুল নারী ক্রিকেটারদের 'মন্দ স্পর্শ' করতেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে চাইতেন৷
ওই সময় মঞ্জুরুল অভিযোগ অস্বীকার করে তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন বলে জানিয়েছিলেন৷
আরআর/এডিকে (প্রথম আলো)
উন্নয়ন বলতে রাস্তা, কালভার্ট ও কর্মসংস্থান মনে করেন ৭৭% ভোটার
দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়৷
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে৷
জরিপে দেখা গেছে, দেশের ভোটারদের মধ্যে উন্নয়ন সম্পর্কে ধারণা অবকাঠামো নির্মাণকেন্দ্রিক৷ অর্থাৎ উন্নয়ন বলতে তারা মনে করেন, রাস্তা, কালভার্ট এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি৷
জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি তাদের প্রভাবিত করছে৷
শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়৷
গবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সঙ্গে ব্রিজ ও সড়ক নির্মাণের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন৷ পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি), উপকূলীয় অঞ্চল, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলে এ ধারণা প্রবল৷
ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা গেছে৷ কিছু ক্ষেত্রে দলীয় প্রতিনিধিদের মধ্যে উন্নয়ন ধারণা তুলনামূলকভাবে বিস্তৃত হলেও ভোটারদের ধারণা এখনো মূলত অবকাঠামোকেন্দ্রিক রয়ে গেছে৷
আরআর/এডিকে (প্রথম আলো)
চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা
রোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ৷
কর্মবিরতি কর্মসূচি দুই দিন স্থগিত থাকার পর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন৷
কর্মসূচিতে বন্দরের বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে৷ কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে পড়বে৷
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে আট ঘণ্টা করে তিন দিন এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি৷
এতে বন্দরের কনটেইনার পরিবহনের কার্যক্রম অচল হয়ে পড়ে৷ তবে বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিকেলে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেন সংগঠনটির নেতারা৷
সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন চার দফা দাবি তুলে ধরেন৷ দাবির মধ্যে রয়েছে—এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকার কর্তৃক ঘোষণা দেওয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া৷
আরআর/এসিবি (প্রথম আলো)
পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত অনেক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছের শিয়া মসজিদে শুক্রবার প্রবল বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন৷
ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, মসজিদে এই বিস্ফোরণ একটি হামলার অংশ এবং তদন্ত শুরু হয়েছে৷ একটি নিরাপত্তা সূত্রের থেকে জানা গিয়েছে, "হামলাকারীকে গেটে আটকানো হলে সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়৷" উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ‘গভীর শোক’ প্রকাশ করেছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন৷
এখনো কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ তবে সন্দেহ পড়তে পারে পাকিস্তানি তালেবান বা ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর, যারা এর আগে দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপরহামলা চালিয়েছে৷
এই হামলার প্রায় এক সপ্তাহ আগে নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলা করে প্রায় ৫০ জনকে হত্যা করেছিল৷ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী সেই হামলার জবাবে ২০০-র বেশি ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে৷
এসএসজি/জেডএইচ (এপি, এএফপি)
তারেক রহমানের ঢাকা সমাবেশ স্থগিত, তবে প্রচারণা চালাবেন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রোববারে নির্ধারিত ঢাকার সমাবেশ স্থগিত করা হয়েছে৷ খবর দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ৷
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান৷
রিজভী বলেন, সমাবেশের পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান৷
এসএসজি/জেডএইচ (ডেইলি স্টার)
ওমানে শুরু ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা
তেহরানের পরমাণু চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে ওমানে৷ খবর দিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন৷
গত বছর জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর এই প্রথম দুই দেশ আলোচনায় বসছে৷
আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি বা দুঃসাহসিকতার’ বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে প্রস্তুত তার দেশ৷ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে বৈঠকে তিনি বলেন, কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করবে তেহরান৷
অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতে কূটনীতি ছাড়াও ‘অনেক বিকল্প’ রয়েছে৷
ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে না পারলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে৷
এসএসজি/জেডএইচ
টি২০ বিশ্বকাপ: পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে শ্রীলঙ্কা
টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে তা পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা৷
ম্যাচ না হলে বিশাল এক অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানো দেশটির পর্যটন খাতে বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করছে তারা৷ শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা শুক্রবার বলেন, ১৫ ফেব্রুয়ারির ম্যাচের জন্য সব নিরাপত্তা ব্যবস্থা, হোটেল বুকিং ও টিকিট বিক্রি হয়ে গেছে৷ ‘‘আমরা পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি,’’ বলেন তিনি৷
বাংলাদেশ দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরসংহতি জানাতেই ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান৷ নিরাপত্তার কারণে ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়েছিল বাংলাদেশ৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বাধীন মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা সমস্যা পায়নি৷ তাই তাদের বদলে স্কটল্যান্ড খেলছে বিশ্বকাপে৷
পাকিস্তানের অভিযোগ, সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ মাঠে খেলার সুযোগ দিলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির নীতিতে দ্বৈততা রয়েছে৷
দুই দেশের ক্রিকেট বোর্ডের সুসম্পর্কের কথা উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট৷ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে প্রথম সফর করেছিল শ্রীলঙ্কা৷
২০২২ সালে অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা৷ এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পুনরুদ্ধার কর্মসূচির আওতায় রয়েছে দেশটি৷ পর্যটনই তাদের অর্থনীতির মূল ভিত্তি৷
এসএসজি/জেডএইচ (এপি)
জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন
জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে দিল্লিতে ৮০৮ নিখোঁজ হয়েছেন। বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে যে আটশ জন নিখোঁজ হয়েছেন, তার মধ্য়ে ৫০৯ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ হলো নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। ভারতের রাজধানী থেকে প্রতিদিন গড়ে ৫৪ জন নিখোঁজ হয়ে যাচ্ছেন।
পুলিশের তথ্য বলছে, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। পুলিশ এপর্যন্ত ২৩৫ জনের খোঁজ পেয়েছে। ৫৭২ জন এখনো নিখোঁজ।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এত মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ''এটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বরং রীতিমতো আতঙ্কের পরিস্থিতি। রাজধানীর মানুষের নিরাপত্তা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি-র শাসনে একবছর থাকার পর দিল্লি কেন এতটা নিরাপত্তাহীন শহর?"
দিল্লি পুলিশের তথ্য বলছে, জানুয়ারি মাসের প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ১৩ জন করে অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছে। ১৯১ জন নিখোঁজ অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন মেয়ে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। পুলিশ এর মধ্যে ৯০ জন পুরুষ ও ৯১ জন নারীকে উদ্ধার করেছে। বাকিরা এখনো নিখোঁজ।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ দাবি করেছে, দিল্লিতে এক লাখ মানুষের মধ্যে ১২২ দশমিক পাঁচজন নিখোঁজ হন। এই হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের থেকে কম। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাচ্চাদের ফিরতে একটু দেরি হলে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ করতে না পারলেই উদ্বিগ্ন বাবা-মা রিপোর্ট ফাইল করেন। সেটা সরকারি সংখ্যাতত্ত্বের মধ্যে ঢুকে যায়।
পুলিশ জানিয়েছে, এই বছর জানুয়ারি মাসে এক হাজার ৭৭৭জন নিখোঁজ হয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে হয়েছিলেন দুই হাজার ৪২ জন এবং ২০২৪ সালে এক হাজার ৭৮৬ জন। গত দুই বছরের তুলনায় ২০২৬ সালে বরং কম মানুষ নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালে মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হয়েছিলেন। তার মধ্যে পুলিশ ১৫ হাজার ৪২১ জনকে খুঁজে বের করেছে।
তারপরেও যে প্রশ্নটা থাকছে, দিল্লি থেকে এত মানুষ কেন নিখোঁজ হন, এর পিছনে কি কোনো চক্র কাজ করছে কেন এতজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি?
জিএইচ/এসসি(পিটিআই, এএনআই)
খুলনায় সেলুন থেকে বের করে তরুণকে গুলি করে হত্যা
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব লবনচরা থানার আশিবিঘা এলাকার একটি সেলুনে বসে ছিলেন। এমন সময় হঠাৎ দুই ব্যক্তি সেলুনের ভেতর ঢুকে তাকে টেনে বাইরে রাস্তায় নিয়ে যান। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করা হয়। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
জিএইচ/এসসি(প্রথম আলো)
সরকারি কর্মী হয়েও নির্বাচনী প্রচারের অভিযোগে শোকজ
সরকারি কর্মী হওয়া সত্ত্বেও তারা বিএনপি-র প্রচারে অংশ নিয়েছেন বলে অভিযোগ। তাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া তাদের এই নোটিশ দেন।
নোটিশ পাওয়া ছয়জন হলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ ও নেপাল চন্দ্র দাস এবং স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন। সরকারি চাকরি করেও তারা প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকারি চাকরি করে এই ছয়জন বিএনপির পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করছেন বলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনেজামায়াতের প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা শিবলী নোমানী সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অভিযোগ দেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ নভেম্বর ২০২৫ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপনের ২০ (খ) ধারা মোতাবেক সরকারি কর্মকর্তা/কর্মচারীর কোনো রাজনৈতিক সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিষেধ করা হয়েছে। ছয়জন সরকারি নির্দেশ অমান্য করেছেন। তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, এর জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জিএইচ/এসসি(প্রথম আলো)
মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত ১৮
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় বৃহস্পতিবার কয়লাখনিতে বিস্ফোরণে অন্ততপক্ষে ১৮ জন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে। খনির ভিতরে বিস্ফোরণের পর তারা আটকা পড়েন। এই খনিটি বেআইনি বলে অভিযোগ।
পুলিশের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্মীরা তাদের দেহ উদ্ধার করে বলে পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেটি প্রত্যন্ত জঙ্গল এলাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা বলেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেঘালয় হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে, যারা এই খনি চালাচ্ছিল, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হাইকোর্ট নিজে থেকেই এই মামলা শুরু করেছে।
জিএইচ/এসসি(পিটিআই)