নিরাপত্তা-ঝুঁকির কারণে সরানো হচ্ছে মেসির ভাস্কর্য
প্রকাশিত ২৫ মে ২০২৬শেষ আপডেট ২৭ মে ২০২৬
আপনার যা জানা দরকার
- নিরাপত্তা-ঝুঁকির কারণে সরানো হচ্ছে মেসির ভাস্কর্য
- হরমুজে জাহাজে হামলা : ইরানের রাষ্ট্রদূতকে তলব দক্ষিণ কোরিয়ার
- হাসপাতালের কক্ষে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে: স্বাস্থ্যের ডিজি
- মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ তদন্তে পুলিশ
- রাশিয়ার কূটনীতিকদের তলব ইইউ এবং জার্মানির
- আইএমএফ-এ নতুন সহায়তা কর্মসূচির অনুরোধ বাংলাদেশের
- ইজমিরে তুরস্কের পুলিশ জলকামান চালালো প্রতিবাদীদের উপর
- এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটারের যানজট
- মিসাইল লঞ্চ সিস্টেম পরীক্ষা করলো উত্তর কোরিয়া
- চীন-পাক বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ, ভারতের প্রতিক্রিয়া
- কর্ণাটকে কি মুখ্যমন্ত্রী বদল করছে কংগ্রেস?
নিরাপত্তা-ঝুঁকির কারণে সরানো হচ্ছে মেসির ভাস্কর্য
গত বছর লিওনেল মেসি এসেছিলেন ভারতে৷ তখন পশ্চিমবঙ্গেও যান আর্জেন্টাইন সুপারস্টার৷ ওই সফরকে স্মরণীয় করে রাখতে কলকাতায় যে বিশাল ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল নিরাপত্তার ঝুঁকির কারণে তা সরিয়ে ফেলা হবে।
পশ্চিমবঙ্গের বিধায়ক শারদ্বত মুখার্জি বার্তা সংস্থা এএফপিকে জানান, মূর্তিটি ‘বাতাসের তোড়ে দুলছিল’৷ শারদ্বত মুখার্জি বলেন, ‘‘কলকাতা শহরে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির এই মূর্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন।’’ এ কারণে সবার নিরাপত্তার কথা ভেবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷
তবে ভাস্কর্যটি কবে সরানো হবে তা এখনো স্পষ্ট নয়। বিজেপির রাজনীতিবিদ শারদ্বত বলেন, ‘‘সরিয়ে ফেলার কথা মুখে বলা যতটা সহজ, বাস্তবে তা করা ততটা সহজ নয়। আমরা যত দ্রুত সম্ভব, প্রথম সুযোগেই মূর্তিটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।’’
এসিবি/ এপিবি (এএফপি)
হরমুজে জাহাজে হামলা : ইরানের রাষ্ট্রদূতকে তলব দক্ষিণ কোরিয়ার
চলতি মাসের শুরুর দিকে একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের ঘটনার তদন্ত শেষে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়ার সরকার৷ দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউন-জু এ কথা জানান৷
গত ৪ মে এইচএমএম নামু নামের দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়৷ হামলায় জাহাজের এক কর্মী আহত হন।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডকে পার্ক ইউন-জু বলেন, ‘‘ (জাহাজে পাওয়া )বিভিন্ন আলামত ইরানের দিকেই ইঙ্গিত করছে।’’ তবে ওই হামলা ইচ্ছাকৃত ছিল কি না সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
তবে দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে দেখা গেছে, ওই প্রজেক্টাইলটি ছিল ইরানে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
তিনি আরো জানান, সৌল তেহরানের ওপর ‘দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের’ জন্য চাপ সৃষ্টি করবে৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হবে ইরানকে৷
এসিবি/ এপিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
হাসপাতালের কক্ষে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে: স্বাস্থ্যের ডিজি
বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। ৭২ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে বলেও তিনি জানান।
হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড পরিদর্শনের অভিজ্ঞতা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ‘‘আজকে ভোরবেলায় এই কক্ষে এসি–সংক্রান্ত জটিলতা অথবা অন্য যেকোনো কারণে এখানে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি পাওয়া গেছে। আমরা দেখেছি, এসিটি এমনভাবে ছিল যে, এটি বন্ধ হয়ে গেলে সেখানে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতিতে এখানে চিকিৎসাধীন ছয়টি শিশুকে আমরা হারিয়েছি।’’
আজ বুধবার দুপুরে হাসপাতালের ওই ওয়ার্ডটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এ সময় তার সঙ্গে ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের আরো বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, এখানে ১১ জন মা ছিলেন। তাদের মধ্যে ছয়জন মা তাদের নবজাতক নিয়েছিলেন। নবজাতকদের বয়স একদিন থেকে তিনদিনের মধ্যে। বাকি পাচজন নবজাতক এনআইসিইউতে (বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিল। জন্মগত জটিলতার কারণে তারা সেখানে চিকিৎসা নিচ্ছিল।’’
তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়ে অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘‘শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এর মধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তাকে রাখা হয়েছে।’’
আজ বুধবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
এসিবি/ এপিবি (প্রথম আলো)
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ তদন্তে পুলিশ
বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং আশপাশের ওয়ার্ডে এই শিশুরা মারা যায়।
গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানার পুলিশ জানায়, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ভোর ৬টার দিকে তারা খবর পান যে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘‘আমরা খবর পেয়েছি যে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং আশপাশের এলাকায় ছয়টি বাচ্চা মারা গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কোনো গ্যাস ফল্ট বা লিকেজের কারণে এমনটা হতে পারে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা আমরা এখনো নিশ্চিত নই।’’
তিনি আরো বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে। সেখানে আসলেই কোনো লিকেজ বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।’’
ঘটনার বিষয়ে জানতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি স্টার।
এসিবি/এপিবি (দ্য ডেইলি স্টার)
আইএমএফ-এ নতুন সহায়তা কর্মসূচির অনুরোধ বাংলাদেশের
ইরান যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক প্রভাবের কারণে সংকটে পড়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-কে নতুন সহায়তা কর্মসূচির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার৷ সেই অনুরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছে আইএমএফ৷
মঙ্গলবার আইএমএফ-এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার বলেন, ‘‘বাংলাদেশের কর্তৃপক্ষ আইএমএফ-সমর্থিত একটি নতুন কর্মসূচির জন্য অনুরোধ জানিয়েছে। আইএমএফ-এর কর্মকর্তারা কর্তৃপক্ষের সঙ্গে তাদের সংস্কার এজেন্ডা এবং নীতিগত অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করছেন।’’
এর আগে গত মার্চে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত যে সংকট দেখা দিয়েছে, তা মোকাবিলার জন্য দাতাসংস্থাগুলোর কাছ থেকে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার৷
গত সোমবার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক এক ভার্চুয়েল বৈঠকে অংশ নেন৷ সেই আলোচনায় দুই পক্ষই একটি নতুন কর্মসূচি বিবেচনায় নেয়ার বিষয়ে সম্মত হন বলেও বিবৃতিতে জানানো হয়৷
বর্তমানে আইএমএফ-এর ৫.৭ বিলিয়ন ডলার বা ৫৭০ কোটি ডলারের একটি কর্মসূচির আওতায় রয়েছে বাংলাদেশ৷ চার বছর মেয়াদের এই কর্মসূচিটি শুরু হয়েছিল ২০২৩ সালে৷
গত সপ্তাহে বিশ্বব্যাংক জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দেয়ায় বাংলাদেশের জন্য ৩৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে তারা৷
এসিবি/ এপিবি (এএফপি)
রাশিয়ার কূটনীতিকদের তলব ইইউ এবং জার্মানির
কিয়েভে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী ছেড়ে চলে যেতে বলা হয়েছে বিদেশি কূটনীতিকদের। এর প্রতিবাদে রাশিয়ার কূটনীতিকদের ডেকে পাঠিয়ে নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি।
অভিযোগ, রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুধু তা-ই নয়, সোমবার ক্রেমলিন জানায়, এমন আরো আক্রমণের পরিকল্পনা তাদের আছে। ইউক্রেনের একাধিক সামরিক সংস্থা এবং কাঠামোয় হামলা চালানো হবে। মস্কোর অভিযোগ, ইউক্রেন লাগাতার ড্রোন আক্রমণ চালাচ্ছে রাশিয়ার মাটিতে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি দেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসের কূটনীতিকদের শমন করে। এই হামলার কড়া নিন্দা করা হয়। বার্লিন এবং ব্রাসেলস মঙ্গলবার জানায়, যেভাবে মস্কো কিয়েভে আক্রমণ চালাচ্ছে এবং ইইউ, জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের কিয়েভ ছেড়ে চলে যাওয়ার কথা বলছে, তা নজিরবিহীন। এই ঘটনার প্রতিবাদ ও কড়া নিন্দা করা হয়েছে।
এসজি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)
এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির
বুধবার ভোরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট–এর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন নুরুন্নাহার নিম্নি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখর জয় করেন ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্নি। কাঠমান্ডু থেকে লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেসক্যাম্পে। এরপর ধাপে ধাপে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। সাধারণত মে মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যেই এভারেস্ট সামিটের উপযুক্ত সময় ধরা হয়। গত ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেসক্যাম্প ছাড়েন তিনি। ধাপে ধাপে ২৩ মে পৌঁছান ক্যাম্প–৪-এ। সেদিন শিখরের উদ্দেশে যাত্রা করেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিচে নেমে আসতে হয় তাকে।
এরপর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কয়েকদিন ক্যাম্প–২-এ অবস্থান করেন নিম্নি। ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে আসলে আবার যাত্রা শুরু করেন। মঙ্গলবার পৌঁছান ক্যাম্প–৪-এ। সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করে বুধবার নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা তার সঙ্গে রয়েছেন।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নি। তার এই অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে।
জিএইচ/এসজি (প্রথম আলো)
চীন-পাক বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ, ভারতের প্রতিক্রিয়া
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে সর্বশেষ ঘটনাক্রম নিয়ে পাকিস্তান চীনকে অবহিত করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের চার্টার ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে করতে হবে।
এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখিত বিবৃতিতে বলেছেন, চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ ভারত স্পষ্টভাবে খারিজ করছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। এই বিষয়ে মন্তব্য করার অধিকার অন্য কোনো দেশের নেই।
ভারত জানিয়েছে, চীন-পাকিস্তান আর্থিক করিডোর প্রকল্পে ভারতের সার্বভৌম কিছু এলাকা রয়েছে। পাকিস্তান এই এলাকা বেআইনিভাবে ও জোর করে কব্জা করে রেখেছে। অন্য কোনো দেশ যদি তাকে মান্যতা দেয়, সেটা ভারত বরদাস্ত করবে না। ভারতের মনোভাব চীন ও পাকিস্তানকে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে।
জিএইচ/এসজি(পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটারের যানজট
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও থেমে থেমে, আবার কোথাও দীর্ঘক্ষণ স্থির হয়ে আছে যানবাহন। কিছু কিছু স্থানে গাড়ি চলছে খুব ধীরগতিতে।
অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। রাতভর যানজটের পর বুধবার সকালেও ভোগান্তি কমেনি।
সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, সেতুর দুই পাশেই প্রচণ্ড চাপ থাকলেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।
যানজট কমাতে যমুনা সেতুতে ঢাকামুখী লেন সাময়িকভাবে বন্ধ রেখে উত্তরবঙ্গমুখী একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ যাত্রীরা। বিশেষ করে যারা বাস না পেয়ে ট্রাক, পিকআপ বা অন্য যানবাহনের ছাদে করে বাড়ি ফিরছেন, তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে যাতায়াত করা নারী ও শিশুদের কষ্টও ছিল চোখে পড়ার মতো।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার টাকা।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
কর্ণাটকে কি মুখ্যমন্ত্রী বদল করছে কংগ্রেস?
কর্ণাটকে কংগ্রেসের অন্দরে কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবি উঠেছে। বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সরিয়ে উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে। এই নিয়ে মঙ্গলবার দিল্লিতে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
রাহুল গান্ধী সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তারপর রাহুল, সিদ্দারামাইয়া, মল্লিকার্জুন খাড়গে বৈঠকে বসেন। এছাড়া এআইসিসি-র তরফে কর্ণাটকের দায়িত্বে থাকা সূরযেওয়ালাও বৈঠকে ছিলেন।
ছয়ঘণ্টার বেশি সময় ধরে একাধিক বৈঠকের পরেও কংগ্রেসের তরফ থেকে নেতৃত্ব পরিবর্তন নিয়ে কোনো কথা বলা হয়নি। তবে ভারতের একাধিক মিডিয়া সূত্র উল্লেখ করে জানিয়েছে, রাহুল গান্ধী সিদ্দারামাইয়াকে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন, রাজ্যসভায় আসুন এবং জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন। ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী হোন। তবে সিদ্দারামাইয়ার অনুগামীরা মন্ত্রী থাকবেন এবং একাধিক উপ মুখ্যমন্ত্রীও করা যেতে পারে।
সূরযেওয়ালা বুধবার বেঙ্গালুরু যাচ্ছেন। পরিকল্পনামাফিক সবকিছু চললে এক সপ্তাহের মধ্যে শিবকুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)
মিসাইল লঞ্চ সিস্টেম পরীক্ষা করলো উত্তর কোরিয়া
বুধবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, তারা বেশ কয়েকটি নতুন মিসাইল লঞ্চ সিস্টেম পরীক্ষা করেছে। এর মধ্যে মাল্টি পারপাস মিসাইল লঞ্চ সিস্টেম আছে। মাল্টিপল ক্রুস মিসাইল ওয়েপন সিস্টেমও আছে। অরাথ্ৎ, যে ওয়েপন সিস্টেমের মাধ্য়মে একসঙ্গে অনেকগুলি ক্রুস ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোঁড়া সম্ভব।
এই দুইটি সিস্টেমই সামরিক ভাষায় ট্য়াকটিকল অস্ত্র ভাণ্ডারের মধ্য়ে পড়ে। বিশেষজ্ঞদের বক্তব্য, গত কয়েকবছরে সাধারণ অস্ত্র তৈরির পাশাপাশি ট্যাকটিকল অস্ত্র এবং ওয়েপন সিস্টেম তৈরিতে গুরুত্ব দিয়েছে উত্তর কোরিয়া। একের পর এক এই ধরনের অস্ত্র তারা পরীক্ষা করছে। এআই ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য়বিন্দুতে পাঠানোর মতো ক্ষেপণাস্ত্রও এখন তাদের হাতে আছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বেশ কয়েকটি নতুন মিসাইলের পরীক্ষা করেছে। দেশের পশ্চিম উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে গিয়ে এই মিসাইলগুলি পড়ে। মঙ্গলবার উত্তর কোরিয়া এবিষয়ে কোনো মন্তব্য় করেনি। বুধবার তারা সরকারিভাবে ক্ষেণপাস্ত্র পরীক্ষা করার কথা জানালো।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
ইজমিরে তুরস্কের পুলিশ জলকামান চালালো প্রতিবাদীদের উপর
ওজগুর ওজেল এতদিন ছিলেন তুরস্কের প্রধান বিরোধী দলের চেয়ারপার্সন। সম্প্রতি আদালতের নির্দেশে তাকে পদচ্যূত করা হয়েছে। এরই প্রতিবাদে ইজমিরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন ওজেলপন্থিরা।তুরস্কের পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায়।
প্রতিবাদীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। একটি বাস থেকে বক্তৃতা করছিলেন তাদের নেতা ওজেল। সে সময় পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়ে পড়ে জলকামান ব্যবহার করে। এর ঠিক একদিন আগে আঙ্কারায় রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদর দপ্তরে হানা দিয়েছিল পুলিশ। দপ্তরের দখল নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। বস্তুত, এই দলের পুরনো নেতৃত্বকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এরই প্রতিবাদে দলের কর্মীরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৪ জন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছের বুগেনহাউট শহরে একটি ট্রেন একটি স্কুল বাসে ধাক্কা দিলে দুই কিশোরসহ অন্তত চারজন নিহত হয়৷
কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার বেলজিয়ামের উত্তরাঞ্চলে সাতজন শিশুকে নিয়ে যাচ্ছিল একটি স্কুল মিনিবাস৷ একটি ট্রেন মিনিবাসটিতে ধাক্কা দিলে চারজন মারা যায়৷
বেলজিয়ামের পরিবহন মন্ত্রী জঁ-লুক ক্রুকেকে উদ্ধৃত করে আরটিএল টিভি জানায়, নিহতদের মধ্যে বাসচালক এবং শিশুদের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিও রয়েছেন৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
বাংলাদেশে স্বল্প মাত্রার ভূমিকম্প
আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে৷ বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়৷ এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে৷
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪৷ এটি স্বল্পমাত্রার ভূমিকম্প৷ এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই৷
বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে বিশেষজ্ঞদের অভিমত৷ ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ৷ তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা৷ তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে৷ বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ইরানে আবার হামলা অ্যামেরিকার
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কম্যান্ডের মুখপাত্র জানিয়েছেন, আত্মরক্ষা করতেই এই হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইরানে হামলা চালানো হয়েছে অ্যামেরিকার তরফে জানানো হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি হিজবুল্লার উপর আক্রমণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
অ্যামেরিকা জানিয়েছে, দক্ষিণ ইরানে ইরানের সেনাবাহিনীর মিসাইল লঞ্চার এবং যে সমস্ত নৌকো মাইন বিছানোর কাজে ব্যবহার করা হচ্ছিল, সেগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান যাতে ওই সামরিক কাঠামোগুলি ভবিষ্যতে ব্য়বহার করতে না পারে তা মাথায় রেখেই এই হামলা, দাবি মার্কিন সামরিকন বাহিনীর মুখপাত্রের। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, সংঘর্ষবিরতির কথা মাথায় রেখেই এই কাজ করেছে অ্যামেরিকান সেনা।
নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লার কোমর ভেঙে দেওয়ার জন্য় সবরকম ব্য়বস্থা নেওয়া হচ্ছে। তাদের উপর হামলার পরিমাণ বহু গুণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরানের মদতপুষ্ট এই সংগঠন ইসরায়েলের উপর লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)