এক হাজার ইউরো বোনাসের সময়সীমা বাড়ালো জার্মান সরকার
প্রকাশিত ১৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ২১ এপ্রিল ২০২৬
আপনার যা জানা দরকার
- এক হাজার ইউরো বোনাসের সময়সীমা বাড়ালো জার্মান সরকার
- ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত
- রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ইরানের শান্তি আলোচনা বর্জন, ঝুঁকিতে যুদ্ধবিরতি
- বোমাসহ এক জার্মান নারীকে আটকের দাবি রাশিয়ার
- যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির গুলিতে সাত সন্তানসহ আট জন শিশু নিহত
- আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প
- দিনাজপুরে আদিবাসীদের মন্দিরে হামলা ও জমি দখলের অভিযোগ
এক হাজার ইউরো বোনাসের সময়সীমা বাড়ালো জার্মান সরকার
দ্রব্যমূল্য বাড়ছে, জীবনযাত্রার সার্বিক ব্যয়ও বাড়ছে ক্রমাগত৷ এ পরিস্থিতি মোকাবেলার জন্য কর্মীদের এক হাজার ইউরো (করমুক্ত) বোনাস দিতে বলা হয়েছিল নিয়োগকর্তাদের৷ বোনাস দেয়ার পূর্বঘোষিত সময়সীমা বাড়িয়েছে জার্মান সরকার৷
আগের ঘোষণা অনুযায়ী সময়সীমা শেষ হওয়ার কথা চলতি বছরের শেষে৷ এখন তা ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সরকার৷
সরকারের সমালোচকরা মনে করেন, জীবনযাত্রার ব্যয়-সংকট মোকাবেলায় যথেষ্ট উদ্যোগী নয় সরকার৷ তারা মনে করেন, এই বোনাস নিয়োগকর্তাদের নয়, সরকারেরই দেয়া উচিত৷ জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হওয়া, সেই তুলনায় বোনাসের পরিমাণ খুব কম বলেও মনে করেন তারা৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন৷ স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানায়, নিহত যুবক রাশিয়ার সামরিক বাহিনীর কাজ করতেন৷
নিহত যুবকের নাম মুহিবুর রহমান৷ তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামে৷
আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইকবাল আহমেদ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি জানান, মুহিবুর প্রথমে উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন৷ কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন৷
মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার ভাই পরিবারের সদস্যদের বলেছিলেন যে তিনি রুশ সেনাবাহিনীর রাঁধুনি হিসেবে কাজ করতেন৷ গত বছর তিনি বাংলাদেশে ফিরে বিয়ে করেন এবং কিছুদিন পর আবার রাশিয়ায় চলে যান৷
হাবিবুর আরও জানান, রাশিয়ায় থাকা তার ভাইয়ের এক সহকর্মী মেহেদী হাসান পরিবারকে মৃত্যুর খবর জানিয়েছেন৷ মেহেদী জানান, প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় মুহিবুর নিহত হন৷
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত শুক্রবার পরিবার মৃত্যুর খবর পেলেও গতকাল রাতে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়৷ প্রতিবেশীরাও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন৷ তবে ঠিক কবে বা কখন এই ঘটনা ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার৷
আমতৈল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকেই তিনি ঘটনাটি জেনেছেন৷
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন৷
তার স্বজনেরা তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন৷ মুহিবুর রহমান তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন৷ পরিবারের সদস্যকে হারিয়ে স্বজনরা এ ব্যাপারে আর কথা বলতে চাননি৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
আজ মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়েছে৷ এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য৷ ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৪৩৬ কিলোমিটার৷ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানায়, রাজধানীসহ বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়৷
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর প্রথম আলোকে বলেন, ‘‘এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল৷ ঢাকা থেকে এর উৎপত্তিস্থল অনেকটাই দূরে৷ এতে শঙ্কিত হওয়ার কিছু হয়নি৷ এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও আমাদের কাছে খবর নেই৷’’
ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ৷ তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা৷ তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে৷ বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে৷
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত হওয়া ভূমিকম্পগুলোর তথ্য পাওয়া গেছে৷ এতে দেখা যায়, ২০২৫ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সীমান্ত–সংলগ্ন এলাকায় ৩২টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে৷ এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বৃহত্তর সিলেট এলাকায়—১০টি৷ এসব ভূমিকম্পের উৎপত্তি ডাউকি চ্যুতির কাছাকাছি এলাকায়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ইরানের শান্তি আলোচনা বর্জন, ঝুঁকিতে যুদ্ধবিরতি
অর্থনৈতিক অবরোধ ভাঙার চেষ্টার কথিত অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটক করার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আপাতত নতুন শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান৷ ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা৷
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটন দেখিয়ে দিয়েছে যে, কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তারা ‘আন্তরিক নয়’৷ সুস্পষ্টভাবে ঘোষণা করা দাবিগুলো তেহরান বদলাবে না- এ কথা উল্লেখ করে তিনি আরো জানান, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো সময়সীমা বা চরমপত্রে বিশ্বাস করেন না তারা৷ বাঘাই বলেন, ‘‘এখন পর্যন্ত আমাদের পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই৷ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷’’
দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানে যে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে সে বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ‘‘কিছু অযৌক্তিক এবং অবাস্তব অবস্থানের ওপর জোর দিচ্ছে৷’’
ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে ইরান৷ বাঘাই বলেন, ‘‘আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি৷ এটা সত্যি যে, একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত শুরু থেকেই যুক্তরাষ্ট্র বারবার তা লঙ্ঘন করেছে৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
বোমাসহ এক জার্মান নারীকে আটকের দাবি রাশিয়ার
পিঠের ব্যাগে বোমা পাওয়া যাওয়ায় ৫৭ বছর বয়সি এক জার্মান নারীকে আটকের কথা জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)৷ আজ সোমবার সংস্থাটি দাবি করে, আটক নারী ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন৷
বার্তা সংস্থা রয়টার্স সত্যতা যাচাই করতে পারেনি – এমন এক ভিডিওর উল্লেখ করে জানায়, ভিডিওতে ওই নারীকে একটি গাড়ি পার্কিংয়ের টারম্যাকে শুয়ে থাকতে দেখা গেছে৷ কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ও তার পাশে থাকা একটি ব্যাগের দিকে অস্ত্র তাক করে ছিলেন৷ পরে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, জার্মান ওই নারী দেড় কেজি টিএনটির সমান ক্ষমতাসম্পন্ন একটি বোমা বহন করছিলেন৷ এফএসবি মনে করে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী বোমাটি স্তাভরোপোল অঞ্চলে আইন প্রয়োগকারী সংস্থার একটি স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহার করা হতো৷
এ ঘটনায় মধ্য এশিয়ার একটি দেশের এক নাগরিককেও আটক করার কথা জানিয়েছে এফএসবি৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির গুলিতে সাত সন্তানসহ আট জন শিশু নিহত
লুইজিয়ানার শ্রেভপোর্টের একটি পাড়ায় এক ব্যক্তি তার নিজের সাত সন্তানসহ আট জন শিশুকে হত্যা করেছে৷ এ ঘটনায় দুই নারী আহত হওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ৷
রোববার শ্রেভপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, “এ এক মর্মান্তিক পরিস্থিতি— সম্ভবত এটা আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা৷’’
রোববার এই সহিংসতা শুরু হয় সূর্যোদয়ের আগেই৷ পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলের দক্ষিণ দিকের পাড়ার বাড়িটিতে ওই ব্যক্তি প্রথমে এক নারীকে গুলি করে৷ তারপর গাড়ি চালিয়ে চলে যায় আরেকটি বাড়িতে৷ পুলিশের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, দ্বিতীয় বাড়িটির ভেতরে সাত জন শিশু নিহত হয়েছে৷ ছাদে আরেক শিশুর মৃতদেহ পাওয়া যায়৷ এছাড়া প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফিয়ে পড়া এক শিশু এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে, তার অবস্থা এখন ভালো৷
নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে৷ তাদের মধ্যে তিনজন ছেলে এবং বাকি পাঁচজন মেয়ে৷
গুলিবিদ্ধ নারীদের একজনের চাচাতো বোন ক্রিস্টাল ব্রাউন বলেন, সব শিশুই ছিল “হাসিখুশি, বন্ধুত্বপূর্ণ এবং মিষ্টি৷’’
শিশু ও নারীদের ওপর হামলা চালানো ব্যক্তিকে ধাওয়া করেছিল পুলিশ৷ পরে সেই ব্যক্তিও মারা যায়৷
এসিবি/ জেডএইচ (এপি)
দিনাজপুরে আদিবাসীদের মন্দিরে হামলা ও জমি দখলের অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একটি মন্দিরে হামলা, ভাঙচুর এবং জমি দখলের অভিযোগ উঠেছে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানায়, গতকাল রোববার দুপুরে উপজেলার সনকা খ্রিস্টানপাড়া গ্রামের একটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে৷
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি জানান, মুর্মু ও সরেন আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ঘোড়াবন্দ গ্রামের আবদুল কাদেরের ছেলে রেজাউল ইসলামের ৯৩ শতাংশ খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল৷
আদিবাসী পরিবারগুলোর দাবি, তারা কয়েক প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস করছে৷ সেখানে একটি মন্দির ও একটি কবরস্থানও রয়েছে৷ কিন্তু, রেজাউল ওই জমির মালিকানা দাবি করে আসছেন৷
ওসি সাইফুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে রেজাউল ও তার চাচা আজাদের নেতৃত্বে ১৫০-২০০ জন ওই জমি দখলের উদ্দেশ্যে মন্দির ও কবরস্থানে হামলা চালায়৷ তারা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে মন্দিরের বাইরে ও ভেতরে প্রতিমা ভাঙচুর করে এবং কবরস্থানের ১০-১২টি গাছ কেটে ফেলে৷ এ সময় একটি ঘরও ভাঙচুর করা হয়৷
তিনি আরো বলেন, আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা বাধা দিলে তাদের মারধর করা হয়৷ এতে বেশ কয়েকজন আহত হন৷
ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
ওসি আরও জানান, ভাঙচুর হওয়া প্রতিমা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে৷
আহতদের মধ্যে পিউস মুর্মু (৪৫) ও বিশ্বনাথকে (২৭) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
পিউস মুর্মু দ্য ডেইলি স্টারকে জানান, তারা কয়েক প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস করছেন৷ কিন্তু হামলাকারীরা অবৈধভাবে জমি দখলের চেষ্টা করতে এ হামলা চালায়৷
গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নেতা অ্যান্থনি মুর্মু ডেইলি স্টারকে জানান, তারা এক শতাব্দীর বেশি সময় ধরে ওই জমি ব্যবহার করছেন৷ সনকা খ্রিস্টানপাড়া গ্রামে ৫০-৬০টি পরিবার বসবাস করে৷ এছাড়া আশপাশের ২০০টির বেশি ভূমিহীন আদিবাসী পরিবার এই কবরস্থান ব্যবহার করে৷
তিনি আরো জানান, গ্রামে হিন্দু ও খ্রিস্টান উভয় ধর্মের আদিবাসী বসবাস করেন৷
ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি৷
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেজাউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘‘আমি মনসুর আলীর কাছ থেকে ১৯৯৯ সালে ৪১ শতাংশ ও ২০২৩ সালে আরও ৪৮ শতাংশ জমি কিনেছি৷ বাকি ৪ শতাংশ কবরস্থানের অন্তর্ভুক্ত৷’’
তবে আদিবাসীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি৷
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ফারিহা তাসনিম ডেইলি স্টারকে বলেন, বিশ্বনাথ সরেনের বুকে তীরের আঘাত রয়েছে৷
ঘটনাস্থল পরিদর্শনের পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন ডেইলি স্টারকে বলেন, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত৷ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন ডেইলি স্টারকে বলেন, বিরোধপূর্ণ জমিটি সরকারি খাস জমি৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প
ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রোববার এমন মন্তব্য করেন ট্রাম্প৷
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমার প্রতিনিধারা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন৷ আগামীকাল (সোমবার) সন্ধ্যায় তারা সেখানে পৌঁছাবেন৷’’
প্রতিনিধি দলে কারা আছেন এর বিস্তারিত জানাননি তিনি৷ তবে বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রস্তাব করেছে৷’’
পোস্টে তিনি ইরানের সমালোচনাও করেন৷ হরমুজ প্রণালি পার হতে চাওয়া জাহাজে শনিবার হামলা চালিয়ে ইরান যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প৷
আরআর/এআই (এপি, এএফপি, রয়টার্স)
‘বৃহত্তর ঐক্য’ গড়তে ৪৪ জন এনসিপিতে
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—এই তিন দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের ৪৪ জন নেতা রোববার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন৷
তাদের ফুল দিয়ে বরণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের তরুণদের ‘ব্রডার অ্যালায়েন্সের’ (বৃহত্তর ঐক্য) প্রয়োজনীয়তার কথা বলেছেন৷
এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারও সাবেক পরিচয় মুখ্য নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘‘ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক—তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়৷ তবে কোনো ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সন্ত্রাসী—এ ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না৷’’
তরুণদের দল ও জুলাই গণঅভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এখন এনসিপিকে শক্তিশালী করার চিন্তা থেকেই দল বড় করার উদ্যোগ নিয়েছে এনসিপি৷ ঢাকায় রোববার সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘‘যেভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যাচ্ছে, এখানে আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে৷’’
এআই/আরআর (প্রথম আলো)
তেলের দাম রেকর্ড বৃদ্ধির পেছনে যুদ্ধকে দায়ী করলেন জ্বালানিমন্ত্রী
বাংলাদেশে তেলের দাম রেকর্ড বৃদ্ধির পেছনে যুদ্ধকে দায়ী করেছেন জ্বালানিমন্ত্রী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু৷
ঢাকার রোববার তিনি বলেন, ‘‘যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া৷ এ যুদ্ধে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে প্রভাব পড়েছে৷ দাম বাড়ার পরও ভর্তুকি আছে৷ তবে ভর্তুকির হিসাব মন্ত্রণালয় পরে দিতে পারবে৷’’
বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশেও সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়৷ তাই দাম কিছুটা বাড়িয়ে যাতে সহনীয় জায়গায় থাকতে পারি, সেই ব্যবস্থা করা হয়েছে৷’’
বিএনপি সরকার শনিবার রাতে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে৷ প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বাড়ানো হয়েছে৷ শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা হয়েছে৷
জ্বালানি তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান৷ তিনি বলেছেন, ‘‘এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন মানুষ আগেই জীবনযাত্রার ব্যয়ের চাপে হাঁসফাঁস করছে৷’’
জামায়াত আমির বলেন, ‘‘মানুষের জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়ে গেছে৷ এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে৷ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা৷’’
এআই/আরআর (প্রথম আলো, দ্য ডেইলি স্টার)
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের ‘অগ্রগতি’
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের শান্তি আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে, তবে এখনো অনেক ব্যবধান এবং কিছু মৌলিক বিষয় রয়ে গেছে৷
টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ইরানের অন্যতম এই মধ্যস্থতাকারী অবশ্য এটাও বলেছেন, ‘‘আমরা এখনো চূড়ান্ত আলোচনা থেকে দূরে আছি৷’’
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু করা ইরান যুদ্ধ বন্ধে যারা তেহরানের হয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা করছেন তাদের অন্যতম গালিবাফ৷ গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই বিরতি বুধবার শেষ হয়ে যাবে যদি না সেটির মেয়াদ বাড়ানো হয়৷
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে তবে তিনি তেহরানকে কোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ না করার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন৷
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে এবং ইরানের স্পিকার গালিবাফের নেতৃত্বে দুই দেশের মধ্যকার দীর্ঘ শান্তি আলোচনা কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয়৷
তাদের মধ্যে মতভেদের অন্যতম কারণ হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি৷ মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরান সব পারমাণবিক উপাদান হস্তান্তর করুক৷ তবে ইরান তাতে রাজি নয়৷
এআই/আরআর (এএফপি, এপি)
হামে আক্রান্ত আরও ৩৬ শিশু ময়মনসিংহ মেডিকেলে ভর্তি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩৬ শিশু ভর্তি হয়েছে৷
হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু৷
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৬ শিশু ভর্তি হয়েছে৷ গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৫৭৭ শিশু ভর্তি হয়েছে৷ এদের মধ্যে ৪৪৭ শিশু ছাড়া পেয়েছে এবং ১৩ জন মারা গেছে৷ গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে৷
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হাসপাতালটিতে হামের রোগী ভর্তি হতে শুরু করে৷ মার্চের মাঝামাঝি থেকে সংখ্যা বাড়তে থাকে৷
রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে৷ তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে৷
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো শিশুর মৃত্যু হয়নি৷
এসএসজি/আরআর (প্রথম আলো)
বাংলাদেশে মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু
জ্বালানি পেতে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ সারাদেশে সাত জেলায় সম্প্রসারণ করা হয়েছে৷
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে৷
ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে৷
এছাড়া রাজধানীর আরও ১১টি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে৷
এর মধ্যে রয়েছে শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, তেজগাঁও শিল্প এলাকার সততা অ্যান্ড কোম্পানি, উত্তরার সেবা গ্রিন ফিলিং স্টেশনসহ অন্যান্য স্টেশন৷ এ নিয়ে ঢাকায় মোট ১৮টি পাম্পে অ্যাপটি চালু হলো৷
দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক এই অ্যাপ চালু করেছে৷ প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য উন্মুক্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোটরসাইকেলগুলো জ্বালানি নিতে পারবে৷
সফল পাইলটিং শেষে পর্যায়ক্রমে অ্যাপটি দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে৷
এসএসজি/আরআর (প্রথম আলো)
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি খোলা রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ইরান৷ দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ উঠিয়ে না নেওয়া পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে বলে জানায় দেশটি৷
শনিবার ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলোতে এই তথ্য জানানো হয়৷
তার আগে শুক্রবার প্রণালিটি খুলে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, পারমাণবিক কর্মসূচিসহ চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ ‘পূর্ণ শক্তিতে’ বলবৎ থাকবে৷
উল্লেখ্য, ইরানের পাশ দিয়ে যাওয়া হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়ে থাকে৷
ইরানের আইনপ্রণেতা বলেছেন, এই প্রণালি দিয়ে শুধুমাত্র রেভল্যুশনারি গার্ড অনুমোদিত জাহাজ যেতে পারবে এবং ‘টোল’ প্রদান করতে হবে৷ যদিও ইরানের এই পদক্ষেপ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
এদিকে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, ২২ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই মার্কিন-ইরান চুক্তি অনেকটা কাছাকাছি পৌঁছেতে পারে৷ পাকিস্তান রাজধানী ইসলামাবাদে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
উল্লখ্য, কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধে ইরানে তিন হাজার, লেবাননে দুই হাজার ৩০০, ইসরায়েলে ২৩ এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোতে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ যুদ্ধে ১৩ মার্কিন সেনা সদস্যও মারা গেছেন৷
এসএসজি/আরআর (এএফপি)
বুধবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি চায় যুক্তরাষ্ট্র
আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে দীঘমেয়াদী চুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ চুক্তি না হলে যুদ্ধ বিরতি থেকে সরে আসতে পারেন বলে জানিয়েছেন তিনি৷
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ চালিয়ে গেলে হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান৷ হরমুজ প্রণালি থুলে দেওয়ার কয়েক ঘণ্টা পর এমন হুঁশিয়ারি দিযেছে তেহরান৷
যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি ট্রাম্পের
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, বুধবারের মধ্যে যুদ্ধ শেষের দীর্ঘমেয়াদী চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারেন৷
অ্যারিজোনার ফিনিক্স থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘হয়তো আমি এটা বাড়াব না, কিন্তু অবরোধ থাকবে৷ সুতরাং অবরোধ আছে, এবং দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে৷’’
ট্রাম্প আরও বলেন, ইরান বিষয়ে কিছু ‘বেশ ভালো খবর’পাওয়া গেছে৷ তবে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিিন৷
‘‘আমরা ২০ মিনিট আগে বেশ ভালো খবর পেয়েছি, কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বিষয়টি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে,’’ বলেন তিনি৷
শনিবার জনসমক্ষে একটি বিবৃতি দেবেন বলেও ঘোষণা দেন ট্রাম্প৷ তবে এটি ইরান বিষয়ে হবে না বলেও জানান তিনি৷
হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ চালিয়ে গেলে হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান৷
এদিকে আগামী বুধবারের মধ্যে ইরান যদি কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে চলমান যুদ্ধবিরতি থেকে সরে এসে দেশটতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ শনিবার হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে৷
সামাজিক মাধ্যম এক্স-এ ঘালিবাফ লিখেছেন, ‘‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না৷’’ তিনি বলেন, এই জলপথ দিয়ে চলাচল তেহরানের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং ইরানের অনুমোদন সাপেক্ষে হবে৷
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই হুঁশিয়ারি দেয় তেহরান৷ তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখা হবে৷
এসএসজি/আরআর (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)