1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‍্যাব নাম না থাকলেও ‘এলিট ফোর্স’ থাকবে

প্রকাশিত ১৮ মে ২০২৬শেষ আপডেট ১৯ মে ২০২৬

র‍্যাব নাম না থাকলেও ‘এলিট ফোর্স’ থাকবে, বাংলাদেশে আসছে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী, ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলি, সন্দেহভাজন দুই কিশোরসহ নিহত ৫, ইরানের প্রস্তাব যুক্তরাষ্ট্রকে হস্তান্তর পাকিস্তানের...আরো খবর এখানে...

https://p.dw.com/p/5Du01
জাহেদ উর রহমান (ফাইল ফটো)
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রের প্রয়োজনেই এ ধরনের এলিট ফোর্সের প্রয়োজন আছে৷ তাদের কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করার সুযোগ নেই৷ছবি: DW
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

 

  • র‍্যাব নাম না থাকলেও ‘এলিট ফোর্স’ থাকবে
  • বাংলাদেশে আসছে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী
  • ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলি, সন্দেহভাজন দুই কিশোরসহ নিহত ৫
  • ইরানের সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রকে হস্তান্তর পাকিস্তানের
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার নিন্দা জানালেন ম্যার্ৎস
  • সময় ফুরিয়ে আসছে : ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
  • বিদেশিরা না দিলে ভ্যাকসিন দিতে পারবো না: স্বাস্থ্যমন্ত্রী
  • ইবোলার প্রাদুর্ভাবে ‘আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণা
স্কিপ নেক্সট সেকশন র‍্যাব নাম না থাকলেও ‘এলিট ফোর্স’ থাকবে
প্রকাশিত ১৯ মে ২০২৬শেষ আপডেট ১৯ মে ২০২৬

র‍্যাব নাম না থাকলেও ‘এলিট ফোর্স’ থাকবে

জাহেদ উর রহমান (ফাইল ফটো)
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রের প্রয়োজনেই এ ধরনের এলিট ফোর্সের প্রয়োজন আছে৷ তাদের কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করার সুযোগ নেই৷ছবি: DW

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম থাকবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে এ নাম না থাকলেও এমন বাহিনী থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান৷
তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনেই এ ধরনের এলিট ফোর্সের প্রয়োজন আছে৷ তাদের কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করার সুযোগ নেই৷
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷ 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘‘ তাদের (র‍্যাব) ভালো ইকুইপমেন্টস ও প্রশিক্ষণ আছে৷ সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামেই হোক বা ভিন্ন নামেই হোক এবং ওয়েল ডিফাইনড আইন থাকবে৷’’
আওয়ামী লীগ আমলে অন্য অনেকের সঙ্গে বিএনপির পক্ষ থেকেও র‍্যাব বিলুপ্তির দাবি জানানো হয়েছিল৷ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘‘এক অর্থে র‍্যাব আগের মতো করে থাকছে না৷ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, র‍্যাবের জন্য একটা নতুন আইন হবে৷ আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে৷’’
এ বাহিনীর প্রয়োজনীয়তার বিষয়ে তিনি আরো বলেন, ‘‘র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখবো র‍্যাব অত্যন্ত যোগ্যতার সঙ্গে নানা ধরনের সন্ত্রাস মোকাবিলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি৷’’
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5Dyjr
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে আসছে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী
প্রকাশিত ১৯ মে ২০২৬শেষ আপডেট ১৯ মে ২০২৬

বাংলাদেশে আসছে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন (ফাইল ফটো)
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সমন্বিত রেগুলেশনের মধ্যে রাখতে গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি৷ নির্বাচনি ইশতেহারে ও বিএনপির ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচিতেও এটি বলা হয়েছে৷ছবি: DW

সমন্বিত রেগুলেশনের জন্য বাংলাদেশে একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে সরকার৷ এ নিয়ে জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন৷
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমন্বিত রেগুলেশনের মধ্যে রাখতে গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি৷ নির্বাচনি ইশতেহারে ও বিএনপির ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচিতেও এটি বলা হয়েছে৷
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জুন মাসের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5Dxnu
স্কিপ নেক্সট সেকশন ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলি, সন্দেহভাজন দুই কিশোরসহ নিহত ৫
প্রকাশিত ১৯ মে ২০২৬শেষ আপডেট ১৯ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলি, সন্দেহভাজন দুই কিশোরসহ নিহত ৫

ওপর থেকে তোলা মসজিদ ও মসজিদের চার পাশের ছবি
দুই কিশোর বন্দুকধারী মসজিদের সামনে এক নিরাপত্তা রক্ষী এবং আরো দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে৷ পরে দুই সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ছবি: ABC Affiliate KGTV/REUTERS

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে দুই কিশোর বন্দুকধারী এক নিরাপত্তা রক্ষী এবং আরো দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে৷ পরে দুই সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ পুলিশের ধারণা, ওই দুই কিশোর নিজেদের গুলি করে আত্মহত্যা করেছে৷
গতকাল সোমবার এ ঘটনা ঘটে৷ সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং এফবিআই সান ডিয়েগো কাউন্টির বৃহত্তম এই মসজিদে চালানো হামলাটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে গণ্য করে তদন্ত করছে৷
তবে এই সহিংসতার সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য কিংবা এর পেছনে কোনো উসকানি ছিল কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি৷
জানা গেছে, হামলার সময় মসজিদ চত্বরের এক দিবা-স্কুলে ক্লাস চলছিল৷ গোলাগুলি থামার পর সেখান থেকে শিশুদের অক্ষত অবস্থায় সরিয়ে নেয়া হয়৷
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, গোলাগুলির ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে দুই সন্দেহভাজনের একজনের মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, তার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে৷ পালানোর সময় সে মায়ের তিনটি বন্দুক এবং গাড়ি নিয়ে গেছে বলেও জানান তিনি৷ তখন এ-ও জানানো হয় যে, ঘর থেকে পালানো ওই কিশোর ‘আত্মহত্যার প্রবণতাসম্পন্ন’৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল
পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, গোলাগুলির ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে দুই সন্দেহভাজনের একজনের মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, তার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে৷ পালানোর সময় সে মায়ের তিনটি বন্দুক এবং গাড়ি নিয়ে গেছে বলেও জানান তিনি৷ছবি: Mike Blake/REUTERS
https://p.dw.com/p/5DxR3
স্কিপ নেক্সট সেকশন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার ঋণ
প্রকাশিত ১৮ মে ২০২৬শেষ আপডেট ১৮ মে ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার ঋণ


আজ সোমবার বিশ্বব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেখা দেয়া জ্বালানি সংকট, জ্বালানি আমদানির ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের জন্য ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন করা হয়েছে৷
বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান জঁ পেসমে বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের সংঘাত এলএনজির দাম বাড়িয়েছে এবং সরবরাহে ব্যাঘাত ঘটিয়েছে৷ জ্বালানি ও গ্যাসের নিট আমদানিকারক দেশ হিসেবে জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশকে উল্লেখযোগ্য আর্থিক চাপের মুখোমুখি হতে হচ্ছে৷’’ এই ঋণ বাংলাদেশকে ‘‘এলএনজি আমদানির স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে’’ সহায়তা করবে এবং তা জ্বালানি সংকট থেকে অর্থনীতি ও জনগণকে সুরক্ষা দেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ – এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘আরো নির্ভরযোগ্য গ্যাস সরবরাহের প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে অতিরিক্ত এই অর্থায়ন বিদ্যুৎ উৎপাদন, শিল্প কার্যক্রম এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে৷’’
এসিবি/ জেডএইচ (এএফপি)

https://p.dw.com/p/5DvaP
স্কিপ নেক্সট সেকশন ইরানের সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রকে হস্তান্তর পাকিস্তানের
প্রকাশিত ১৮ মে ২০২৬শেষ আপডেট ১৮ মে ২০২৬

ইরানের সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রকে হস্তান্তর পাকিস্তানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই (ফাইল ফটো)
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই-ও বিষয়টি নিশ্চিত করে বলেন, তেহরানের দৃষ্টিভঙ্গি ‘‘পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷’’ তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি৷ছবি: Foad Ashtari/ZUMA/IMAGO

যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরানের একটি সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে৷ আজ সোমবার পাকিস্তানের এক সূত্র রয়টার্সকে এ কথা জানান৷ ওই সূত্র সতর্ক করে বলেন, বিবদমান পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য কমিয়ে আনার জন্য তাদের হাতে ‘‘খুব বেশি সময় নেই৷’’
পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই-ও বিষয়টি নিশ্চিত করে বলেন, তেহরানের দৃষ্টিভঙ্গি ‘‘পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷’’ তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি৷
এদিকে দুই পক্ষ, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য দূর করতে আরো সময় লাগবে কিনা জানতে চাইলে রয়টার্সকে ওই সূত্র বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো ‘‘বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে৷’’ তিনি আরো বলেন, ‘‘আমাদের হাতে খুব বেশি সময় নেই৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5DvIm
স্কিপ নেক্সট সেকশন সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার নিন্দা জানালেন ম্যার্ৎস
প্রকাশিত ১৮ মে ২০২৬শেষ আপডেট ১৮ মে ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার নিন্দা জানালেন ম্যার্ৎস

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখা এক বিবৃতিতে ম্যার্’স বলেন,‘‘সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য অংশীদারদের বিরুদ্ধে ইরানের নতুন বিমান হামলাগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি৷’’ছবি: Chris Emil Janßen/IMAGO

সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷ 
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখা এক বিবৃতিতে তিনি বলেন,‘‘সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য অংশীদারদের বিরুদ্ধে ইরানের নতুন বিমান হামলাগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি৷’’
রোববার ড্রোন হামলার কারণে আবুধাবির একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়৷ সেই হামলার বিষয়ে ম্যার্ৎস বলেন, ‘‘পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা পুরো অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য হুমকি৷’’ ইরানের প্রতি জার্মানির চ্যান্সেলরের আহ্বান – তারা যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিক আলোচনায় বসে, প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়া বন্ধ করে এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দেয়৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5DuxX
স্কিপ নেক্সট সেকশন বিদেশিরা না দিলে ভ্যাকসিন দিতে পারবো না: স্বাস্থ্যমন্ত্রী
১৮ মে ২০২৬

বিদেশিরা না দিলে ভ্যাকসিন দিতে পারবো না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘আজ বিদেশিরা ভ্যাকসিন না দিলে আমরা দিতে পারবো না৷ আমাদের সেই সক্ষমতা এখনো হয়নি৷’’ 
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম ও বৈজ্ঞানিক’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন৷ তিনি আরো বলেন, ‘‘বিগত সরকারের সময়ে শুধু হামের টিকাই নয়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়মিত ক্যাম্পেইনও হয়নি৷’’
মন্ত্রী বলেন, ‘‘প্রত্যেক বছর দুইবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন করার কথা৷ গত বছরের প্রথমার্ধে একটি ক্যাম্পেইন হয়েছিল৷ এরপর আর কোনো ক্যাম্পেইন হয়নি এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুলও নেই৷ সামান্য কিছু ভিটামিন ‘এ’ আমাদের কাছে আছে, যেটা কিছু কিছু করে ভাগ করে দেওয়া হচ্ছে৷ ভিটামিন ‘এ’ একেবারেই অপ্রতুল৷’’
এ সময় তিনি জানান, সরকার অর্থ ছাড় করেছে এবং আগামী ১০ জুনের মধ্যে ইউনিসেফের মাধ্যমে ভিটামিন ‘এ’ সরবরাহ পাওয়ার কথা রয়েছে৷
মুন্সীগঞ্জে ভ্যাকসিন উৎপাদন ইউনিট স্থাপনের কাজ এগিয়ে চলেছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, কয়েক বছরের মধ্যেই দেশে সব ধরনের ভ্যাকসিন উৎপাদন সম্ভব হবে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
 

https://p.dw.com/p/5Du7j
স্কিপ নেক্সট সেকশন সময় ফুরিয়ে আসছে : ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
১৮ মে ২০২৬

সময় ফুরিয়ে আসছে : ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

ডনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে ডনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘ইরানের জন্য সময়ের কাঁটা দ্রুত ঘুরছে৷ তাদের উচিত এখনই এবং খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘সময়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়!’’ছবি: Saul Loeb/AFP

শান্তি চুক্তিতে সম্মতি দেওয়ার জন্য চাপ বাড়াতে ডনাল্ড ট্রাম্প আবার ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন।তিনি বলেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে সম্মত হতে হবে, ‘‘নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’’
নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘‘ইরানের জন্য সময়ের কাঁটা দ্রুত ঘুরছে৷ তাদের উচিত এখনই এবং খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘সময়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়!’’
গত এপ্রিলের শুরুর দিকে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল৷ সম্প্রতি ট্রাম্প সেই চুক্তির মেয়াদ বাড়িয়েছেন৷ তবে ইরানের সঙ্গে এখনও স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি৷
গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন, সেই যুদ্ধবিরতি এখন ‘‘মুমূর্ষু অবস্থায় টিকে আছে৷’’
এর আগেও ইরানের বিরুদ্ধে তিনি কঠোর ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছেন৷ একবার বলেছিলেন, ইরানের ‘সমগ্র সভ্যতা’ ধ্বংস হয়ে যাবে৷ এছাড়া ওয়াশিংটনের শর্ত মেনে নিতে বাধ্য করার উদ্দেশ্যে ইরানের বেসামরিক অবকাঠামোকে সুপরিকল্পিতভাবে ‘লক্ষ্যবস্তু’ করার হুমকিও দিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
 

https://p.dw.com/p/5Du04
আরো পোস্ট দেখান