1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের স্কুলে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান

প্রকাশিত ২৩ মার্চ ২০২৬শেষ আপডেট ২৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্কুলে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান, নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বলেন্দ্র, ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা, পেট্রোল, ডিজেলে শুল্ক কমালো মোদী সরকার...আরো খবর এখানে।

https://p.dw.com/p/5AtiL
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক (ফাইল ফটো)
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে সেই হামলা নিয়ে অনুষ্ঠিত বিতর্কের সময় টুর্ক বলেন, ‘‘মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, হামলার ঘটনাটি এখন তদন্তাধীন৷ আমি যত তাড়াতাড়ি সম্ভব (তদন্তের) সেই প্রক্রিয়া শেষ করে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি৷’’ছবি: Uncredited/AP/dpa/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্কুলে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান
  • নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র
  • ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?
  • পেট্রোল, ডিজেলে শুল্ক কমালো মোদী সরকার
  • বাংলাদেশে তেলের সংকটে বোরো সেচে সমস্যা
  • মার্কিন ডলারে এবার ট্রাম্পের সই
  • আইনি লড়াইয়ের অর্থ নেই, আদালতে জানালেন মাদুরো
  • প্রবল ঝড়বৃষ্টি, মমতার বিমান দেড়ঘণ্টা চক্কর মারলো
  • কুমিল্লায় দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ মৃত পাঁচ
স্কিপ নেক্সট সেকশন যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্কুলে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান
২৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্কুলে হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক (ফাইল ফটো)
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে সেই হামলা নিয়ে অনুষ্ঠিত বিতর্কের সময় টুর্ক বলেন, ‘‘মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, হামলার ঘটনাটি এখন তদন্তাধীন৷ আমি যত তাড়াতাড়ি সম্ভব (তদন্তের) সেই প্রক্রিয়া শেষ করে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি৷’’ ছবি: Uncredited/AP/dpa/picture alliance

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের একটি স্কুলে চালানো প্রাণঘাতী বোমা হামলা ‘মর্মান্তিক আতঙ্ক’ সৃষ্টি করেছে এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে সেই হামলার তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক৷

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে সেই হামলা নিয়ে অনুষ্ঠিত বিতর্কের সময় টুর্ক বলেন, ‘‘মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, হামলার ঘটনাটি এখন তদন্তাধীন৷ আমি যত তাড়াতাড়ি সম্ভব (তদন্তের) সেই প্রক্রিয়া শেষ করে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি৷’’ তিনি আরো বলেন, ‘‘যে ভয়ংকর ক্ষতি হয়েছে তার জন্য অবশ্যই ন্যায়বিচার হতে হবে৷...দেশগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, এ বিষয়ে আমরা সবাই একমত হতে পারি যে, স্কুলশিক্ষার্থীদের হত্যা করে তার সমাধান হবে না৷’’

সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস-এ ইরানের স্কুলে হামলার ঘটনায় সামরিক তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়৷ সেখানে বলা হয়, ‘লক্ষ্য’ নির্ধারণে ভুল হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে৷

তবে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে অনুষ্ঠিত বিতর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়টিতে সেদিন ‘পরিকল্পিত, পর্যায়ক্রমিক হামলা’ চালানো হয়েছিল৷ এক ভিডিও বক্তব্যে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেদিনের হামলায় ১৭৫ জনেরও বেশি ছাত্র-ছাত্রী ও শিক্ষককে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়৷ 

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5BFKM
স্কিপ নেক্সট সেকশন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র
২৭ মার্চ ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বলেন্দ্র শাহ৷
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ৷তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২৭৫টি, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতায় দলের প্রধান মুখ বলেন্দ্রকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল৷ছবি: Prakash Mathema/AFP

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ৷ ২০২৫ সালের সেপ্টেম্বরে এক গণঅভ্যুত্থানে সে দেশের সরকার-উৎখাতের ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হয় নির্বাচন৷ গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ভূমিধস জয় পাওয়ায় রাজনীতির ময়দানে ‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর মতো করে প্রধানমন্ত্রী হওয়াও একরকম নিশ্চিত করে ফেলেছিলেন বলেন্দ্র৷ 

নেপালের সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২৭৫টি, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতায় দলের প্রধান মুখ বলেন্দ্রকে আজ শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল৷

রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ কন্যা নিলুফার শাহকে কোলে নিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ৷ পেছনে দাঁড়িয়ে স্ত্রী নিলুফার কাফলে৷
প্রধানমন্ত্রী বলেন্দ্র পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার৷ তবে দেশব্যাপী প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন র‍্যাপ শিল্পী হিসেবে৷ পরে কাঠমান্ডুর মেয়র হন৷ ছবি: Navesh Chitrakar/REUTERS

বলেন্দ্র শাহর জন্ম রাজধানী কাঠমান্ডুতে৷ তবে তার পরিবার পরে ভারত সীমান্ত-সংলগ্ন হিন্দু-প্রধান অঞ্চল তরাই-এ বসবাস শুরু করে৷

নেপালের নতুন প্রধানমন্ত্রী পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার৷ তবে দেশব্যাপী প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন র‍্যাপ শিল্পী হিসেবে৷ পরে কাঠমান্ডুর মেয়র হন৷ গত সেপ্টেম্বরে মূলত জেনারেশন জেড প্রজন্মের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনে সরাসরি অংশ না নিলেও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার গণ-আকাঙ্খাকে সমর্থন করেছিলেন বলেন্দ্র শাহ৷ 

৩৫ বছর বয়সি বলেন্দ্রর সরকারের সামনে এখন নেপালের প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি জনগণের গভীর অসন্তোষ সামাল দেওয়ার চ্যালেঞ্জ৷ দুর্নীতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য সেই দলগুলোকেই দায়ী মনে করেন তিন কোটি মানুষের দেশটির ভোটাররা৷
এসিবি/ জেডএইচ (এপি)

https://p.dw.com/p/5BEH4
স্কিপ নেক্সট সেকশন ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?
প্রকাশিত ২৭ মার্চ ২০২৬শেষ আপডেট ২৭ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?

ইরানের সমর্থনে হুতি বিদ্রোহীরা
ইরানের সমর্থনে হুতি বিদ্রোহীরাছবি: Mohammed Huwais/AFP

ইরানের সাহায্য়প্রাপ্ত লেবাননের হেজবোল্লা গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেও ইরান যুদ্ধে কার্যত নিষ্ক্রিয় থাকতে দেখা গেল হুতি যোদ্ধাদের। অথচ এর আগে বিভিন্ন সময় ইরানের জন্য় সরাসরি লড়াইয়ের ময়দানে নেমেছে হুতি যোদ্ধারা। প্রশ্ন উঠছে কেন তারা এবারে সেভাবে সক্রিয় হলো না।

উল্লেখ্য়, ইরানের পক্ষে সওয়াল করেছে হুতিরা। হুতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ সাবরি জানিয়েছিলেন, ইরানকে সবরকমভাবে তারা সাহায্য় করবেন। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। 

বিশেষজ্ঞদের অনেকের বক্তব্য়, ইচ্ছে থাকলেও সরাসরি লড়াইয়ে অংশ নিতে পারেনি হুতিরা। এর একটা বড় কারণ সৌদি আরব। ইরান সরাসরি সৌদি আরবে আক্রমণ চালিয়েছে। কিন্তু ইয়েমেন সংকটে সৌদি গুরুত্বপূর্ণ আলোচনায় হস্তক্ষেপ করছে। ফলে সৌদিতে আক্রমণ চালালে হুতিদের ব্য়ক্তিগত অবস্থান সংকটজনক হয়ে পড়তো। এছাড়াও হুতিরা আরেকটু অপেক্ষা করার কৌশল নিয়েছিল বলে মনে করছেন কোনো কোনো বিশেষজ্ঞ। পুরো বিষয়টি যে এত দ্রুত শেষ হয়ে যাবে, তা তারা কল্পনা করতে পারেননি। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5BDcI
স্কিপ নেক্সট সেকশন পেট্রোল, ডিজেলে শুল্ক কমালো মোদী সরকার
প্রকাশিত ২৭ মার্চ ২০২৬শেষ আপডেট ২৭ মার্চ ২০২৬

পেট্রোল, ডিজেলে শুল্ক কমালো মোদী সরকার

ভারতের একটি পেট্রোল পাম্পে কর্মীরা দাঁড়িয়ে আছেন।
পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক কমালো মোদী সরকার। ছবি: Prakash Singh/AFP/Getty Images

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে কমবেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তেল ও গ্যাসের দাম বাড়ছে। কিন্তু ভারতে পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে দিয়েছে মোদী সরকার। 

পেট্রোলের ক্ষেত্রে শুল্ক লিটারে তিন টাকা কমানো হয়েছে। ডিজেলের উপর ১০ টাকা শুল্ক ছিল, তা শূন্য করা হয়েছে। 

তবে এর ফলে পেট্রোল ডিজেলের দাম কমবে না। তেল সংস্থাগুলির লোকসানের বোঝা কমবে। 

সরকার জানিয়েছে, ভারতের কাছে ৬০ দিনের তেল এবং ৩০ দিনের এলপিজি মজুত আছে। 

জিএইচ/এসজি(পিটিআই, এএআই)

https://p.dw.com/p/5BDcY
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে তেলের সংকটে বোরো সেচে সমস্যা
প্রকাশিত ২৭ মার্চ ২০২৬শেষ আপডেট ২৭ মার্চ ২০২৬

বাংলাদেশে তেলের সংকটে বোরো সেচে সমস্যা

বাংলাদেশে ধানের চারা লাগানো হচ্ছে।
বোরো চাষের জন্য নিয়মিত জল দিতে হয়। জ্বালানি তেল না পেয়ে সমস্যায় পড়ছেন কৃশকরা। ছবি: Joy Saha/ZUMA Press Wire/IMAGO

বাংলাদেশে জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। বোরো চাষের গুরুত্বপূর্ণ এ সময়ে সেচ দিতে না পারলে ফলন অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন কৃষক।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জালিয়ারডাঙ্গা গ্রামের কৃষক আব্দুর রহমান গাজী এ বছর দুই বিঘা জমিতে বোরো চাষ করেছেন। গত ৪-৫ দিন আগে একদিনের বৃষ্টিতে জমিতে কিছুটা পানি জমলেও গত ২ দিন ধরে তা পুরোপুরি শুকিয়ে গেছে। কিন্তু ডিজেলচালিত পাম্প দিয়ে পাশের ঘের থেকে সেচ দিতে পারছেন না তিনি। কারণ, কোথাও জ্বালানি তেল পাচ্ছেন না।

ওই প্রান্তিক কৃষক বলেন, 'পাশের একটি পেট্রল পাম্পে কয়েকবার গেলেও সেখানে গাড়ি ছাড়া অন্য কোনো পাত্রে তেল দেওয়া হচ্ছে না। অথচ এই মুহূর্তে সেচ দেওয়া অত্যন্ত জরুরি। এখন সেচ দিতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে।'

তার পাশের জমির কৃষক অমৃত বিশ্বাসও একই সংকটে পড়েছেন। ৩ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন তিনি। প্রতি ৫ দিন পরপর সেচ দিতে হয়, যার জন্য প্রয়োজন হয় প্রায় ৩ লিটার তেল। কিন্তু গত ১০-১২ দিন ধরে কোথাও তেল পাচ্ছেন না তিনি।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5BDd0
স্কিপ নেক্সট সেকশন প্রবল ঝড়বৃষ্টি, মমতার বিমান দেড়ঘণ্টা চক্কর মারলো
প্রকাশিত ২৭ মার্চ ২০২৬শেষ আপডেট ২৭ মার্চ ২০২৬

প্রবল ঝড়বৃষ্টি, মমতার বিমান দেড়ঘণ্টা চক্কর মারলো

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের জানুয়ারি মাসে তোলা ছবি।
বর্ধমান ও বীরভূমে জনসভার পর কলকাতায় ফিরছিলেন মমতা বোপাধ্যায়। ছবি: ANI Video Grab

বর্ধমানও বীরভূমে জনসভা করার পর অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের মধ্যে তার বিমান দমদম বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। 

ফলে বিমান তখন নামতে পারেনি। আধঘণ্টা ধরে বিমানবন্দরের উপরে চক্কর দেওয়ার পর বেহালা ফ্লাইং ক্লাবে বিমান নামানোর চেষ্টা করেন পাইলট। কিন্তু সেটাও হয়নি। আবার বিমানটি দমদম বিমানবন্দরে ফিরে যায় এবং চক্কর কাটতে থাকে। 

প্রায় দেড়ঘণ্টা পর বিমানটি নামতে পারে। মুখ্যমন্ত্রী বিমান থেকে সাংবাদিক ও সমর্থকদের দিকে হাত নেড়ে চলে যান। কোনো কথা বলেননি। 

জিএইচ/এসজি(এবিপি আনন্দ)

https://p.dw.com/p/5BDd1
স্কিপ নেক্সট সেকশন কুমিল্লায় দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ মৃত পাঁচ
২৭ মার্চ ২০২৬

কুমিল্লায় দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ মৃত পাঁচ

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়ায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পরিবারটির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। পরিবার ও চালকসহ মোট ৬ জন প্রাইভেটকারে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। 

পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে তখনই চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে মারা যান।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5BDd3
স্কিপ নেক্সট সেকশন আইনি লড়াইয়ের অর্থ নেই, আদালতে জানালেন মাদুরো
২৭ মার্চ ২০২৬

আইনি লড়াইয়ের অর্থ নেই, আদালতে জানালেন মাদুরো

দ্বিতীয়বার আদালতে পেশ হলেন নিকোলাস মাদুরো
দ্বিতীয়বার আদালতে পেশ হলেন নিকোলাস মাদুরোছবি: Jane Rosenberg/REUTERS

ব্রুকলিনের একটি জেলে বন্দি ভেনেজুয়েলার সাবেক রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরস। মাদক সন্ত্রাসের অভিযোগে তাদের ভেনেজুয়েলা থেকে অ্যামেরিকায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার তাদের দ্বিতীয়বারের জন্য় নিউ ইয়র্কের একটি আদালতে তোলা হয়। 

জানা গেছে, মাদুরোরআইনজীবী আদালতকে জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সরকার মাদুরোকে মামলা লড়ার অর্থ দিয়ে সাহায্য় করছে না। ব্য়ক্তিগত অর্থে এই মামলা লড়ার সামর্থ্য় নেই বলে জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট। এই কারণে মামলা তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন মাদুরোর আইনজীবী। বিচারক জানিয়েছেন, মামলা তুলে নেওয়ার প্রশ্ন নেই। তবে ডিফেন্স যাতে আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5BDcR
স্কিপ নেক্সট সেকশন মার্কিন ডলারে এবার ট্রাম্পের সই
প্রকাশিত ২৭ মার্চ ২০২৬শেষ আপডেট ২৭ মার্চ ২০২৬

মার্কিন ডলারে এবার ট্রাম্পের সই

ডলারে থাকবে ট্রাম্পের সই
ডলারে থাকবে ট্রাম্পের সইছবি: Nathan Howard/REUTERS

যুক্তরাষ্ট্রের প্রশাসন জানিয়েছে, ডলারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সই ছাপার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রথম ক্ষমতায় থাকাকালীন কোনো প্রেসিডেন্টের সই ডলারে ব্যবহার করা হবে। 

অ্যামেরিকার ট্রেজারি বিভাগের প্রধান স্কট বেসেন্টের সইয়ের পাশে ট্রাম্পের সই থাকবে বলে জানা গেছে। বাদ দেওয়া হবে ট্রেজারারের নাম। গত একশ বছরের ঐতিহ্য বদলে দেওয়া হবে। স্কট জানিয়েছেন, ট্রাম্পের আমলে অ্যামেরিকার অর্থনীতি আকাশচুম্বী উন্নতি করেছে। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5BDcJ
স্কিপ নেক্সট সেকশন অলিম্পিকে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদরা নিষিদ্ধ
২৬ মার্চ ২০২৬

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদরা নিষিদ্ধ

অনুশীলনে আর্জেন্টিনার ট্রান্সজেন্ডার নারী ফুটবলার মারা গোমেজ (ফাইল ফটো)
আইওসি বলেছে, অলিম্পিক গেমস বা আইওসির অন্য যে-কোনো প্রতিযোগিতায় একক এবং দলীয়সহ নারীদের সব ইভেন্ট এখন থেকে শুধু জৈবিক নারীদের (বায়োলজিক্যাল ফিমেল) মধ্যে সীমাবদ্ধ থাকবে৷ছবি: Natacha Pisarenko/AP Photo/picture alliance

অলিম্পিক গেমস থেকে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)৷ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে তারা৷ ২০২৮ সালে অনুষ্ঠেয় লস এঞ্জেলেস গেমসকে সামনে রেখে ডনাল্ড ট্রাম্পের দেয়া নারী ক্রীড়া বিষয়ক নির্বাহী আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ 

আইওসি বলেছে, অলিম্পিক গেমস বা আইওসির অন্য যে-কোনো প্রতিযোগিতায় একক এবং দলীয়সহ নারীদের সব ইভেন্ট এখন থেকে শুধু জৈবিক নারীদের (বায়োলজিক্যাল ফিমেল) মধ্যে সীমাবদ্ধ থাকবে৷

অলিম্পিক পর্যায়ে কতজন ট্রান্সজেন্ডার নারী অংশগ্রহণ করছেন বা আদৌ কেউ করছেন কিনা, তা স্পষ্ট নয়৷ পুরুষ হিসেবে জন্ম নিলেও এক সময় লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন এমন কেউ ২০২৪ সালের প্যারিস গ্রীষ্মকালীন গেমসে
অংশগ্রহণ করেননি৷

এসিবি/ জেডএইচ (এপি)

https://p.dw.com/p/5BBfB
স্কিপ নেক্সট সেকশন ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের জরিমানা ছাড়াই সৌদি থেকে ফেরার সুযোগ
প্রকাশিত ২৬ মার্চ ২০২৬শেষ আপডেট ২৬ মার্চ ২০২৬

ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের জরিমানা ছাড়াই সৌদি থেকে ফেরার সুযোগ

সৌদি আরবের রাজধানী রিয়াদ (প্রতীকী ফাইল ফটো)
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং আঞ্চলিক পরিস্থিতির কারণে সময়মতো দেশ ছাড়তে পারেননি, তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ এ সুযোগ দিয়েছে৷ এ সুবিধার আওতায় সব ধরনের ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীরা অন্তর্ভুক্ত থাকবেন৷ছবি: Vadim Nefedov/YAY Images/IMAGO

ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা৷ ভ্রমণ, ওমরাহ, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ এ সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি সরকার৷ ১৮ এপ্রিলের মধ্যে এ সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস৷

সোমবার এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং আঞ্চলিক পরিস্থিতির কারণে সময়মতো দেশ ছাড়তে পারেননি, তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ এ সুযোগ দিয়েছে৷ এ সুবিধার আওতায় সব ধরনের ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীরা অন্তর্ভুক্ত থাকবেন৷

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব ভিসাধারীর ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারি পার হয়ে গেছে, তারা কোনো প্রকার জরিমানা প্রদান বা ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই সরাসরি আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে পারবেন৷ এ ক্ষেত্রে বিমানের টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই দেশ ত্যাগ করা সম্ভব হবে এবং এর জন্য আগে থেকে কোনো বাড়তি প্রক্রিয়ার প্রয়োজন হবে না৷

প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাস বিশেষ অনুরোধ জানিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে যেন তারা অবশ্যই সৌদি আরব ত্যাগ করেন৷ এ সময়ের মধ্যে দেশত্যাগ না করলে পরবর্তীকালে বড় ধরনের আইনি জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5BB81
স্কিপ নেক্সট সেকশন ন্যাটোর মিত্রদের ট্রাম্পের তীব্র সমালোচনা
প্রকাশিত ২৬ মার্চ ২০২৬শেষ আপডেট ২৬ মার্চ ২০২৬

ন্যাটোর মিত্রদের ট্রাম্পের তীব্র সমালোচনা

ডনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘এখন সামরিকভাবে বিধ্বস্ত উন্মাদ রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সহায়তায় ন্যাটোর দেশগুলো একেবারে কিছুই করেনি৷’’ একই পোস্টে ট্রাম্প আরো বলেন, ‘‘(তারা যেন) অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তটি ‘কখনো ভুলে না যায়’- এইটুকু ছাড়া ন্যাটোর কাছ থেকে যুক্তরাষ্ট্রের আর কিছু প্রয়োজন নেই৷’’ছবি: Saul Loeb/AFP/Getty Images

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সমর্থন না দেওয়ায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর মিত্রদের তীব্র সমালোচনা করেছেন ডনাল্ড ট্রাম্প৷ এ যুদ্ধের বিষয়ে কখনো পরামর্শ করা হয়নি এমন দেশগুলোকে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে আরো উদ্যোগী না হওয়ায় এর আগে ‘কাপুরুষ’ বলেছেন তিনি৷

‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘এখন সামরিকভাবে বিধ্বস্ত উন্মাদ রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সহায়তায় ন্যাটোর দেশগুলো একেবারে কিছুই করেনি৷’’ একই পোস্টে ট্রাম্প আরো বলেন, ‘‘(তারা যেন) অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তটি ‘কখনো ভুলে না যায়’- এইটুকু ছাড়া ন্যাটোর কাছ থেকে যুক্তরাষ্ট্রের আর কিছু প্রয়োজন নেই৷’’

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5BAdT
স্কিপ নেক্সট সেকশন হরমুজ দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ
প্রকাশিত ২৬ মার্চ ২০২৬শেষ আপডেট ২৬ মার্চ ২০২৬

হরমুজ দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ

হরমুজ প্রণালীর কাছে একটি পণ্যবাহী জাহাজ (ফাইল ফটো)
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচল করতে পারবে বলে অভয় দিয়েছে ইরান৷ছবি: REUTERS


মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচল করতে পারবে বলে অভয় দিয়েছে ইরান৷ তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে৷ ইরানের এই বন্ধুতালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে৷

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-র বড় অংশ এই সংকীর্ণ জলপথ হরমুজ দিয়ে পরিবাহন করা হয়৷ গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকেই এই প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান৷ এতে বিশ্বজুড়ে জ্বালানি–সংকট ও পণ্য সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদমাধ্যম যে দাবি করে আসছে, তা সত্য নয়৷ তিনি বলেন, ‘‘অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে৷ আমরা যাদের বন্ধুরাষ্ট্র মনে করি বা অন্য কোনো কারণে অনুমতি দিয়েছি, আমাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করছে৷’’

আরাগচি আরো বলেন, ‘‘আপনারা খবরে দেখেছেন, চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারত (এ তালিকায় আছে)৷ গত কয়েক রাতে ভারতের দুটি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে৷ এমনকি আমি বিশ্বাস করি, বাংলাদেশও এ তালিকায় আছে৷ এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরও এ সহযোগিতা অব্যাহত থাকবে৷’’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান,  যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না৷ বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5BA2W
স্কিপ নেক্সট সেকশন তাদের অনুরোধে ইরানের কর্মকর্তাদের হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল, দাবি পাকিস্তানের
২৬ মার্চ ২০২৬

তাদের অনুরোধে ইরানের কর্মকর্তাদের হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল, দাবি পাকিস্তানের

বোমা হামলায় বিধ্বস্ত তেহরানের উত্তরাঞ্চলের একটি এলাকা (ফাইল ফটো)
পাকিস্তানের অনুরোধে ইরানের শীর্ষ কূটনীতিক এবং সংসদের স্পিকারকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল৷ পাকিস্তানের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ছবি: Iranian Red Crescent/UPI Photo/IMAGO

পাকিস্তানের অনুরোধে ইরানের শীর্ষ কূটনীতিক এবং সংসদের স্পিকারকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল৷ পাকিস্তানের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
 
পাকিস্তানের নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে ‘লক্ষ্যবস্তু’ করতে চেয়েছিল৷ কিন্তু ইসলামাবাদ ওয়াশিংটনকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানায়৷ 

পাকিস্তানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ইসরায়েল এমন পদক্ষেপ থেকে বিরত না থাকলে এরপর মধ্যস্থতার আলোচনার জন্য কেউ থাকবে না৷ ওই কর্মকর্তার দাবি, এ পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বললে তালিকা থেকে শীর্ষ কূটনীতিক এবং সংসদের স্পিকারকে বাদ দেয়া হয়৷ 

ডিডাব্লিউ পাকিস্তানের ওই কর্মকর্তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি৷ 
এর আগে ইসলামাবাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছিলেন, চলমান  যুদ্ধে ইতি টানার জন্য যুক্তরাষ্ট্রের ১৫-দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে৷ ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক পর্যায়ে সংযোগের কারণে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে পাকিস্তানকে৷

এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5B9AU
স্কিপ নেক্সট সেকশন ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ আসামি ১৫
২৬ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ আসামি ১৫

প্রতীকী ছবি
গত মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল দ্বীন ইসলামকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়৷ গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদ পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় নদের পাড়ে ফেলে রেখে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার রাতে শিমরাইল গ্রামে দ্বীন ইসলামের দাফন সম্পন্ন হয়৷ছবি: cesareferrari667/Pond5 Images/IMAGO

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে৷ গতকাল বুধবার রাতে নিহত দ্বীন ইসলামের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মামলাটি করেন৷ মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি, প্যানেল চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন৷ তবে তিনি আসামিদের নাম প্রকাশ করেননি৷

নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা৷ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামের একটি পেজ পরিচালনা করতেন৷ মাদকসেবন, মাদকের ব্যবসা, সীমান্তে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করতেন তিনি৷ জায়গাজমি নিয়ে আগে থেকেই অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাদের বিরোধ ছিল৷ দুই সপ্তাহ আগে নিহত ব্যক্তির মা পারুল বেগম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন৷

দ্বীন ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, মামলায় মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আওয়াল, আক্তার হোসেন, ওমর ফারুক, মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জুলহাস মিয়া, বাবুল মিয়া,  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, স্থানীয় মো. হারুন মিয়া,  মো. জিলানী মিয়া, আলমগীর হোসেন, শহিদ মিয়া, মোসলেম মিয়া, জানু মিয়া,  নুরুল হক ও সুমন মিয়াকে আসামি করা হয়েছে৷ আসামিরা সবাই মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা৷

ওসি নাজনীন সুলতানা প্রথম আলাকে বলেন, মামলার কপি আদালতে না পাঠানো পর্যন্ত আসামিদের নাম বলা যাবে না৷ তিনি বলেন, সম্পত্তি নিয়ে ও পারিবারিক বিষয়ে মামলাসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিরোধের জেরে দ্বীন ইসলামকে মারধর করে হত্যা করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে৷

গত মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল দ্বীন ইসলামকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়৷ গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদ পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় নদের পাড়ে ফেলে রেখে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার রাতে শিমরাইল গ্রামে দ্বীন ইসলামের দাফন সম্পন্ন হয়৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5B96c
আরো পোস্ট দেখান