আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত ৩০ মার্চ ২০২৬শেষ আপডেট ৯ এপ্রিল ২০২৬
আপনার যা জানা দরকার
- আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
- ভোট শুরু আসাম, কেরালা এবং পুদুচেরিতে
- লেবাননে ইসরায়েলি হামলা চললে শান্তি চুক্তি 'অযৌক্তিক' হবে, জানালো ইরান
- ইরান প্রশ্নে ন্যাটোকে নিয়ে অসন্তোষ প্রকাশ ট্রাম্পের
- শুক্রবার ধর্মঘটে লুফথানসার বিমানকর্মীরা
- রাতভর বৃষ্টি ঢাকায়
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর সেমিনার স্থগিত
আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়৷ দুজনই গ্রেপ্তার আছেন৷
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন৷ এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর৷
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার আসামি মোট ৩০ জন৷ এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন৷ তারা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো.আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ৷ তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে৷
বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার ২৪ আসামি পলাতক আছেন৷ পলাতক আসামির মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো.মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মো.হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো.মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডল, সাবেক এমএলএসএস এ কে এম আমির হোসেন, সাবেক নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া এবং সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো.মাহাবুবার রহমান৷
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) সাবেক কমিশনার মো.মনিরুজ্জামান, আরপিএমপির সাবেক উপকমিশনার মো.আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো.শাহ নূর আলম পাটোয়ারী, সাবেক সহকারী কমিশনার মো.আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক এসআই (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়ও পলাতক রয়েছেন৷
আবু সাঈদ হত্যা মামলার আসামি চিকিৎসক মো.সরোয়ার হোসেন (চন্দন)-ও পলাতক৷ এ ছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক মো.মাহাফুজুর রহমান, সহসভাপতি মো.ফজলে রাব্বি, সহসভাপতি মো.আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, দপ্তর সম্পাদক বাবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুদুল হাসান এ মামলার পলাতক আসামি৷
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন৷ তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে৷ ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তাঁর বুকে একের পর এক গুলি করছে৷ এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা৷ পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল৷ ২৭ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়৷ পরদিন আবু সাঈদের বাবা মকবুল হোসেন এ মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন৷ চলতি বছরের ১৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়৷ যুক্তিতর্ক শেষ হয় গত ২৭ জানুয়ারি৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ভোট শুরু আসাম, কেরালা এবং পুদুচেরিতে
বিধানসভা নির্বাচন শুরু হলো আসাম, কেরালা এবং পুরুচেরিতে। এই তিনটি রাজ্যেই এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটদান পর্ব শুরু হয়।
আসামে ১২৬টি, কেরালায় ১৮০টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ১৩০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। একই সঙ্গে কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে আসনে উপনির্বাচন হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ মে। ওইদিন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেরও বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
সকালবেলাই ভোট দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। পিনারাই বিজয়ন কন্নুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালেই তার সামাজিক মাধ্যেমে এই তিন রাজ্যের মানুষকে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বলেন। বিশেষ করে রাজ্যগুলির যুব সম্প্রদায় এবং নারীদের ভোট দিতে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
এসসি/জিএইচ (আনন্দবাজার অনলাইন)
লেবাননে ইসরায়েলি হামলা চললে শান্তি চুক্তি 'অযৌক্তিক' হবে, জানালো ইরান
ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বুধবার লেবাননে শক্তিশালী হামলা চালালো ইসরায়েল। এই হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে অ্যামেরিকার সঙ্গে শান্তি আলোচনা 'অযৌক্তিক' হবে বলে জানিয়েছে ইরান। ইরান ইতিমধ্যেই আবার হরমুজ প্রণালী বন্ধ করেছে।
শনিবার পাকিস্তানে ইরান এবং অ্যামেরিকার শান্তি আলোচনা হওয়ার কথা। ইরানের পক্ষ থেকে এই শান্তি বৈঠকে মধ্যস্থতা করবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। মঙ্গলবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর পরেও বুধবার লেবাননে এই আক্রমণের কথা উল্লেখ করেন কালিবাফ। শনিবার শান্তি চুক্তি নিয়ে দুই দেশের বৈঠক হওয়ার কথা। দুই দেশই তাদের চাহিদা জানিয়েছে। তবে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
কালিবাফ বলেন, লেবাননে হেজবোল্লার উপর আক্রমণ চালিয়ে ইসরায়েল ইতিমধ্যেই যুদ্ধবিরতির একাধিক শর্তকে অগ্রাহ্য করছে। তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক গবেষণার উপর নিষেধাজ্ঞা চেয়ে সেই শর্ত খণ্ডন করছে অ্যামেরিকা।
একটি বিবৃতিতে তিনি জানান, এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি অযৌক্তিক।
ইসরায়েল এবং আমেরিকা জানিয়েছে, লেবাননের উপর লাগু হবে না যুদ্ধবিরতি শর্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাবেন।
এসসি/ জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)
ইরান প্রশ্নে ন্যাটোকে নিয়ে অসন্তোষ প্রকাশ ট্রাম্পের
ইরান প্রশ্নে তিনি 'সামগ্রিকভাবে হতাশ'। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে বুধবার বৈঠকে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদিন হোয়াইট হাউসে ইরানের সঙ্গে অ্যামেরিকা ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনায় বসেন এই দুই নেতা। ন্যাটোর দেশগুলি এই যুদ্ধে সরাসরি অংশ নেয়নি।
ট্রুথ সামাজিক মাধ্যমে এর পড় ট্রাম্প লেখেন, 'আমাদের প্রয়োজনে ন্যাটো ছিলো না। এর পরে প্রয়োজন হলেও তারা থাকবে না।'
রুটে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন বলে মনে করা হয়। এই কারণে তাকে 'ট্রাম্প হুইস্পারার' নামে সম্বোধন করা হয়। এই পরিস্থিতিতে এদিনের বৈঠকের পর সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "মুক্ত মনে এই আলোচনা করা হয়েছে। এবং দুই বন্ধুর মধ্যে এই আলোচনা হয়েছে।"
এসসি/ জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)
শুক্রবার ধর্মঘটে লুফথানসার বিমানকর্মীরা
শুক্রবার একদিনের ধর্মঘট পালন করবেন লুফথানসার বিমানকর্মীরা। ইউএফও ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। বুধবার তারা জানিয়েছে, এই বিমান সংস্থা এবং তাদের আঞ্চলিক কর্মীদলকে রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টা পর্যন্ত কর্মবিরতিতে যেতে অনুরোধ করেছেন।
এই ধর্মঘটের প্রভাব পরবে জার্মানির দুটি ব্যস্ততম বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিখে।
লুফথানসাতে কর্মরত ১৯ হাজার কর্মী কর্মক্ষেত্রের সুরক্ষা এবং সিটিলাইনের ৮০০ কর্মীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আলোচনা হয়। কিন্তু মার্চে শেষেও দুই পক্ষের আলোচনা কার্যকরী না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসসি/ জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ, কেএনএ, এসআইডি, ইপিডি)
রাতভর বৃষ্টি ঢাকায়
আবহাওয়া দপ্তর আগেই সতর্কবার্তা দিয়েছিলো। সেই মতোই বুধবার রাত ১০টার পর থেকে ঢাকায় বৃষ্টি শুরু হয়। রাতভর চলে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে হালকা রোদ উঠলেও পরে আবার মেঘ করে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। ঢাকার আশে পাশে মেঘ থাকার কারণে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যে থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টির কারণে অসুবিধায় পড়েন স্কুল পড়ুয়া, অফিসযাত্রীরা।
দপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এদিন সকালে ডিডাব্লিউ-এর কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, কেবলমাত্র ঢাকা নয়, বাংলাদেশের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে।
কেবলমাত্র বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়।
এসসি/ জিএইচ (প্রথম আলো)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর সেমিনার স্থগিত
বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ‘গণভোট অস্বীকার ও অধ্যাদেশ বাতিলের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রে প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক একটি সেমিনার। বুধবার রাতে জাকসুর সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, এই সেমিনার আপাতত স্থগিত থাকবে। পোস্টে জানানো হয়, ' ফলপ্রসূ আয়োজনের স্বার্থে সেমিনারটি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ শিগগিরই জানানো হবে।'
বৃহস্পতিবার বেলা তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই সেমিনারটি হওয়ার কথা ছিলো।
বুধবার জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সামাজিক মাধ্যমে সেমিনারের প্রচার শুরু করায়, সহসভাপতি আবদুর রশিদ জিতু অভিযোগ করেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি এও জানান, কোনো আনুষ্ঠানিক সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, বিষয়বস্তু নির্ধারণ, অতিথি নির্বাচন, বাজেট ও সময়সূচি—কোনো ক্ষেত্রেই জাকসুর সদস্যদের সঙ্গে ন্যূনতম আলোচনা করা হয়নি।
এরপর বিষয়টি নিয়ে পাল্টা অভিযোগ করেন জাকসুর সাধারণ সম্পাদক ও সমাজসেবা সম্পাদক আহসান লাবিব। ভিপির অভিযোগ অস্বীকার করে তারা জানান, সেমিনারের বিষয়ে জাকসুর ভিপির সঙ্গে পরামর্শ করা হয়েছিল এবং তিনি সম্মতি দিয়েছিলেন। তাদের পাল্টা অভিযোগ, ভিপিকে অতিথিদের খসড়া দেখানোর জন্য ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এসসি/ জিএইচ (প্রথম আলো)
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে পশ্চিমা বিশ্বের ১৩ দেশ
যুক্তরাজ্য, ক্যানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে৷ এতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে৷
১৩টি দেশের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে৷ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে—যুক্তরাজ্য, ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া৷
যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়াসহ ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বেশ কয়েকটি দেশের হাইকমিশন–দূতাবাস নিজেদের ফেসবুক পেজে আজ বুধবার বিবৃতিটি প্রকাশ করেছে৷
১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে৷ জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে৷
এ ধরনের অনিয়মের কারণে ভিসাপ্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
বিবৃতিতে আরো বলা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়৷ কাজেই ভিসাপ্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে, এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে৷
আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে৷ বিবৃতিতে বলা হয়, এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদনের প্রক্রিয়া নিশ্চিত হবে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ৷
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস হয়৷ পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি৷
অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার৷
এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না৷ তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে৷ তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়৷ এটিকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে বিল পাস হলো৷
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন৷
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এ–সংক্রান্ত একটি তুলনামূলক শিট তারা তিন থেকে চার মিনিট আগে হাতে পেয়েছেন৷ এটা পুরো পড়তে পারেননি৷ এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন৷ আইনটি পাসের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক৷
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে৷ সেই সময় আপত্তি হলে গ্রাহ্য করতে পারতেন৷ বিলের এই পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই৷
জবাবে বিরোধী দলের নেতা বলেন, দুঃখজনকভাবে শিটটা তো পেয়েছেন এইমাত্র৷
তখন স্পিকার বলেন, বিষয়টি হয়তো পরে দেখবেন, বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই৷
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে পাস করার প্রস্তাব করেন৷ এ সময় তিনি বলেন, বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ–সংক্রান্ত সংশোধনী৷ আগের যে সন্ত্রাসীবিরোধী আইন ছিল, তা সংশোধনের জন্য৷ বিরোধীদলীয় নেতার নিশ্চয় স্মরণ থাকার কথা, তারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন৷ সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল৷ সেই পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে৷ সে অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনটাও স্থগিত হয়ে আছে৷ এই আইনের অনুবলে পরবর্তী সময়ে ৪৭ অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে৷ পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়৷
বিলে যা আছে…
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে৷
বিলে বলা হয়েছে, উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে-কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে-কোনো মাধ্যমে যে-কোনো ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসসক্ষে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে৷
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি৷ বাকি ২০টির মধ্যে ৪টি রহিত করা হয় এবং ১৬টি পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়৷
যে ১৫টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যদেশ৷ তবে আজ এ–সংক্রান্ত যে বিল পাস হয়েছে, সেখানে কোনো সংশোধনী আনা হয়নি৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
কুমিল্লায় ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর মুক্তি
কুমিল্লায় আদালত থেকে পাঠানো ভুল তথ্যের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক সাংবাদিককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ৷ প্রায় ১৮ ঘণ্টা পর বিচারকের নির্দেশে মুক্তি পান ওই সাংবাদিক৷
ভুক্তভোগী সোহরাব হোসেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর দেবীদ্বার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত৷ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার থানা থেকে সোহরাব হোসেনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়৷ পরে দুপুর ১২টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন৷
ওই ঘটনায় আদালতের পেশকার জসিম উদ্দিন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোকে বলেন, ‘‘এটা ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়, যা হয়েছে সেটা ভুলবশত হয়েছে৷’’ তবে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন সাংবাদিক সোহরাব হোসেন৷
গত সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলা সদর থেকে উপপরিদর্শক ভবতোষ কান্তি দে-র নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লার সিআর মামলা নং-৫৭০/২০২৫-এর একটি গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে সাংবাদিক সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে৷ সারা রাত থানাহাজতে রাখার পর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়৷ পরে বিচারকের নির্দেশে তিনি মুক্তি পান৷
সাংবাদিক সোহরাব হোসেন বলেন, ‘‘আমাকে প্রায় ১৮ ঘণ্টা থানায় আটকে রেখে পরদিন আদালতে পাঠানো হয়৷ আদালতে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট আমার কাগজপত্র দেখে জানান, আমার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই৷ এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়৷’’
সোহরাব হোসেন আরো বলেন, ‘‘ভুয়া ওয়ারেন্টের কারণে আমার সম্মানহানি হয়েছে৷ এ ঘটনায় বিচার চেয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের পেশকার জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি৷ তিনি ওই পরোয়ানা থানায় পাঠিয়েছেন বলে জেনেছি৷ আমি তার বিচার দাবি করছি৷’’
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘‘এখানে পুলিশের কোনো ভুল হয়নি৷ ভুলটা হয়েছে আদালত থেকে৷ সোহরাব হোসেন একটি সিআর মামলার আসামি৷ তবে তিনি জামিনে আছেন৷ কিন্তু একই মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে সোহরাব হোসেনের নামে ভুলবশত ওয়ারেন্ট পাঠানো হয়৷ বাকিটা আদালতে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিরা ভালো বলতে পারবেন৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ইরানের প্রস্তাব মেনে দুই সপ্তাহের যুদ্ধবিরতি, হরমুজ খুলছে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া প্রস্তাব মেনে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।
ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি। হরমুজ খোলার জন্য ট্রাম্প যে চরমসীমা দিয়েছিলেন, তার দুই ঘণ্টা আগে তিনি এই ঘোষণা করেন।
সামাজিক মাধ্যমে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি ইরানে দুই সপ্তাহের জন্য বোমা হামলা বন্ধ রাখছেন। তবে ইরানকে হরমুজ প্রণালী অবিলম্বে, পুরোপুরি খুলে দিতে হবে যাতে জাহাজ সেখান দিয়ে নিরাপদে যেতে পারে।
ট্রাম্প বলেছেন, ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে। তিনি মনে করেন, এর ভিত্তিতে আলোচনা চলতে পারে। ট্রাম্প বলেছেন, অতীতে বিভিন্ন বিষয় নিয়ে মতৈক্য হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ মোজতবা খামেনেই তা অনুমোদন করেছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
বার্তাসংস্থা এপি জানাচ্ছে, ইরানের সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, তারা দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।
সিএনএন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলতে দায়বদ্ধ।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের জয় হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সেনার জয় হলো।
ইরানের সরকারি মিডিয়া দাবি করেছে, ট্রাম্প ইরানের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন। ইরানের বিরুদ্ধাচরণ থেকে তিনি সরে আসতে বাধ্য হয়েছেন। এটা তার পক্ষে মর্যাদাহানিকর।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
শুক্রবার পাকিস্তানে আলোচনা শুরু হবে
আগামী শুক্রবার অ্যামেরিকা ও ইরানের মধ্যে আলোচনার প্রথম পর্ব পাকিস্তানে শুরু হবে। ইসলামাবাদে এই আলোচনা হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তার মানে এই নয় যুদ্ধ শেষ হয়ে গেলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যদি তাদের উপর আক্রমণ বন্ধ হয়, তাহলে ইরান অ্যামেরিকার শরিক প্রতিবেশী দেশগুলির উপর হামলা বন্ধ করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের সামরিক সমন্বয়কারীদের অনুরোধ করেছেন।
ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তাদের আঙুল ট্রিগারে রাখা আছে। শত্রুরা বিন্দুমাত্র ভুল করলে তাহলে পুরো শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
ইস্তাম্বুলে ইসরায়েলের কনসুলেটের বাইরে বন্দুকযুদ্ধ, এক হামলাকারী নিহত
ইস্তাম্বুলে ইসরায়েলের কনস্যুলেট ভবনের বাইরে বন্দুকযুদ্ধ হয়েছে৷ পুলিশের সঙ্গে দীর্ঘ এক বন্দুকযুদ্ধে এক হামলাকারী নিহত এবং দুজন আহত হয় বলে বার্তাসংস্থা রয়টার্সকে কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷
আজ মঙ্গলবার একটি স্থায়ী নিরাপত্তা চৌকির কাছে অন্তত ১০ মিনিট ধরে গুলি বর্ষণ চলে৷ এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা বন্দুক বের করে আড়াল নেন৷ এ সময় কাঁচের টাওয়ারগুলোর মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷
রয়টার্স জানায়, তাদের হাতে আসা এক ভিডিও ফুটেজে গাঢ় রঙের টপ পরা এবং পিঠে ব্যাকপ্যাক বহন করা এক হামলাকারীকে রাস্তার পাশে পার্ক করা পুলিশের গাড়ির ও নিরাপত্তা বাসের মাঝখান থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালাতে দেখা গেছে৷ তখন দুজনের দেহ কাছের রাস্তা এবং পার্কিং এলাকার পাশে ঘাসে আবৃত জায়গায় পড়ে ছিল৷
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি বলেছেন, তিনজন হামলাকারী ‘ধর্মকে ব্যবহার করে’ এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল৷ তিনি আরো বলেন, তাদের মধ্যে দুজন পরস্পরের ভাই ছিল৷
ঘটনাস্থল পরিদর্শন করে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল সাংবাদিকদের জানান, এই হামলায় দুজন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে এডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)৷ আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান৷
সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিবিসিতে তিন মাস মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে৷ বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে অনুমোদনের জন্য৷
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
মহাকাশযাত্রায় মানুষের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ড ভাঙলো আর্টেমিস-২
মহাকাশযাত্রায় মানুষের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ড ভাঙলো আর্টেমিস-২
ওরায়ন মহাকাশযানটি এখন তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, সোমবার মহাকাশযানটির নভোচারীরা ইতিমধ্যে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে অ্যাপোলো-১৩-র রেকর্ড ভেঙে দিয়েছেন৷ ১৯৭০ সালের এপ্রিলে গড়া অ্যাপোলো-১৩-র রেকর্ড অতিক্রম করে মহাকাশে সর্বোচ্চ দূরত্বে পৌঁছেছেন আর্টেমিস ২ অভিযানের নভোচারীরা৷
চন্দ্র প্রদক্ষিণ ও চন্দ্র পর্যবেক্ষণ শুরু হওয়ার এক ঘণ্টা আগে মহাকাশযানটি ২,৫২,৭৫২ মাইল (৪,০৬,৭৬৪.৯ কিলোমিটার) দূরত্বে ওড়ে৷ ৫৬ বছর আগে অ্যাপোলো-১৩ উড়েছিল ২,৪৮,৬৫৫ মাইল দূরত্বে৷
নাসা আরো জানিয়েছে, ওরায়ন ক্যাপসুলটি সোমবার চাঁদের মহাকর্ষীয় বলয়ে পৌঁছে যায়৷ তার মানে, তখন মহাকাশযানটি পৃথিবীর চেয়ে বেশি চাঁদের মহাকর্ষে প্রভাবিত হয়েছিল৷
মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছে যাওয়ায় নভোচারীরা একই সঙ্গে পৃথিবী ও চাঁদকে দেখতে সক্ষম হন৷ এমনকি একটি সূর্যগ্রহণও দেখতে পান তারা৷
নভোচারীরা সোমবার ০৪৪২ গ্রিনিচ মান সময়ে নাসার ভাষায় ‘চাঁদের প্রভাব বলয়ে’ প্রবেশ করেন৷ ১৯৭২ সালের পর প্রথম চন্দ্র ‘ফ্লাইবাই’ রেকর্ড করেন তারা এবং এর মাধ্যমে এর আগে পৃথিবী থেকে মানুষের অতিক্রম করা দূরত্বকে ছাড়িয়ে যান৷
চন্দ্রাভিযান শেষে আর্টেমিস-২ এর নভোচারীরা আবার পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছেন৷ পৃথিবীতে ফিরতে প্রায় চার দিন লাগার কথা৷ সেই হিসেবে আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন তারা৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)