1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত’

প্রকাশিত ১ ডিসেম্বর ২০২৫শেষ আপডেট ৬ ডিসেম্বর ২০২৫

‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত’, সাউথ আফ্রিকায় বারে গুলি: নিহত ১১, শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া, পাকিস্তান-আফগান সীমান্তে গোলাগুলি,.. আরো অনেক খবর এখানে।

https://p.dw.com/p/54Wme
Auto-Rallye Kolkatta Kunming 2013
ছবি: Getty Images/AFP/D. Sarkar
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত’
  • সাউথ আফ্রিকায় বারে গুলি: নিহত  ১১
  • শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া
  • পাকিস্তান-আফগান সীমান্তে গোলাগুলি
  • রুশ হুমকির মুখে জার্মানিতে বিতর্কিত সামরিক সেবা আইন পাস
  • ভারতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ
  • যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হবে
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী ও পরস্পরের জন্য সহায়ক সম্পর্ক চায় ভারত৷

এই সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ, এমন কথা বলেন তিনি৷

শনিবার সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের অনুষ্ঠানে প্রণয় ভার্মা এ আশাবাদ ব্যক্ত করেন৷ ঢাকায় ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস-২০২৫-এর ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে৷

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এই দিনটি ভারত ও বাংলাদেশের ইতিহাসে এমন একটি মাইলফলক, যা কখনো মুছে যাবে না৷

প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, দুই দেশ জনগণের আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করবে এবং অতীতের যৌথ ত্যাগের প্রেরণায় ও ভবিষ্যতের নতুন আকাঙ্ক্ষার পথনির্দেশে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে৷

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, তরুণ প্রজন্ম ও বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

আরআর/টিএম (প্রথম আলো)

https://p.dw.com/p/54tJO
স্কিপ নেক্সট সেকশন সাউথ আফ্রিকায় বারে গুলি: নিহত ১১
৬ ডিসেম্বর ২০২৫

সাউথ আফ্রিকায় বারে গুলি: নিহত ১১

Südafrika Nyanga 2023 | Polizeipatrouille nach Taxi-Streik in Kapstadt
নিহতদের মধ্যে রয়েছেন তিন বছরের এক শিশুসহ তিন কিশোরছবি: Gianluigi Guercia/AFP

সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার নিটকবর্তী শহরের একটি বারে শনিবার ভোর রাতে গুলির ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন৷ 

এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ৷
 
নিহতদের মধ্যে রয়েছেন তিন বছরের এক শিশুসহ তিন কিশোর৷ ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ৷
 
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, প্রিটোরিয়ার নিকটবর্তী সাউলসভিলে শহরের ওই বারটি অবৈধ৷ তবে বারের ভেতরে নাকি বাইরে গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি নিশ্চিত করা যায়নি৷ 

পুলিশের মুখপাত্র আথলেন্ডা মাথে জানান, গুলির ঘটনায় অন্তত ১১জন নিহত হয়েছেন৷ এরমধ্যে গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা৷ আহত অবস্থায় ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি৷

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের এই দেশটিতে প্রায়ই এমন অপরাধের ঘটনা ঘটে৷ এসব ঘটনায় হতাহতের সংখ্যাও অনেক বেশি৷ পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ অপরাধী চক্রের হাতে নিহত হয়েছেন৷ 

আরআর/টিএম (এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/54t2x
স্কিপ নেক্সট সেকশন শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া
৬ ডিসেম্বর ২০২৫

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া

Bangladesch Dhaka 2025 | Leibarzt von Khaleda Zia informiert Medien über Gesundheitszustand
শনিবার বিকেল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারারীক অবস্থার খবর জানান তার ব্যক্তিগত চিকিৎসক ড. জাহিদ হোসেন।ছবি: Munir Uz Zaman/AFP

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার ওপর৷ এ কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন৷ 

শনিবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন৷

খালেদা জিয়ার শারিরীক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মেডিকেল অ্যাম্বুলেন্স এখন প্রস্তুত আছে৷ খালেদা জিয়ার চিকিৎসাকেন্দ্রিক নিরাপত্তার বিষয়টিই এখন প্রাধান্য পাচ্ছে৷ তার চিকিৎসার দায়িত্বে থাকা দেশি-বিদেশি চিকিৎসকেরাও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন৷’’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন বলে জানান জাহিদ হোসেন৷

উল্লেখ্য, ১৪ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়৷ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে৷

আরআর/টিএম (প্রথম আলো)

https://p.dw.com/p/54stX
স্কিপ নেক্সট সেকশন পাকিস্তান-আফগান সীমান্তে গোলাগুলি
৬ ডিসেম্বর ২০২৫

পাকিস্তান-আফগান সীমান্তে গোলাগুলি

Pakistan Oktober 2025 | Afghanisch-pakistanische Grenze
গত কয়েক মাস ধরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে৷ ফাইল ফটো ছবি: H. Achakzai/dpa/picture alliance

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শুক্রবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে৷ তবে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷

ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দুই দেশ৷ সৌদি আরবে দেশ দুটির মধ্যে শান্তি আলোচনা শেষ হওয়ার দুই দিনের মাথায় গুলি বিনিময়ের এই ঘটনা ঘটে৷ অবশ্য সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশ দুটি৷ গত কয়েকমাস ধরেই দেশ দুটির সীমান্তে এমন অস্থিরতা বিরাজ করছে৷  

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলদাক জেলায় শুক্রবার রাতে হামলা চালায় পাকিস্তানের সেনারা৷ এর জবাবে আফগান সেনারা পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়৷

আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, দেশটির চামান সীমান্তে বিনা উসকানিতে গুলি চালিয়েছে আফগান সেনারা৷

আরআর/টিএম (জাক ক্রেলিন)

https://p.dw.com/p/54siU
স্কিপ নেক্সট সেকশন ভারতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ
৫ ডিসেম্বর ২০২৫

ভারতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ

মুম্বাইতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সদর দপ্তরের বাইরে একজন ব্যক্তি তার লোগোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
অক্টোবর থেকে মুদ্রাস্ফীতি দ্রুত কমে কেন্দ্রীয় ব্যাংকের নিম্নতম সহনশীলতা সীমা ভেঙে গেছে৷ছবি: Francis Mascarenhas/REUTERS

ভারতের রিজার্ভ ব্যাংক শুক্রবার মূল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামিয়ে এনেছে এবং ব্যাংকিং খাতে ১৬ বিলিয়ন ডলার পর্যন্ত তারল্য বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপে রয়েছে, যার ফলে বাণিজ্য ঘাটতি বাড়ছে এবং মুদ্রার রেকর্ড মূল্যহ্রাস হয়েছে।
 
আরবিআই এবার ফেব্রুয়ারি ২০২৫ থেকে মোট ১২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে, যা ২০১৯ সালের পর সবচেয়ে বড় হ্রাস। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, ভারতীয় অর্থনীতি এখন একটি ‘বিরল গোল্ডিলকস’সময়ের মধ্য দিয়ে যাচ্ছে
 
অক্টোবর থেকে মুদ্রাস্ফীতি দ্রুত কমে কেন্দ্রীয় ব্যাংকের নিম্নতম সহনশীলতা সীমা ভেঙে গেছে, কিন্তু প্রবৃদ্ধি শক্তিশালী রয়েছে। খুচরা মুদ্রাস্ফীতি অক্টোবরে সর্বকালের সর্বনিম্ন ০.২৫ শতাংশে নেমে এসেছে।
 
কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৩ শতাংশ করেছে, আর মুদ্রাস্ফীতির পূর্বাভাস ২.৬ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে। মালহোত্রা বলেছেন, ভারতের বৈদেশিক খাত "স্থিতিস্থাপক" রয়েছে এবং বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা "আরামদায়কভাবে" পূরণ করা হবে।

এসএসজি/এসিবি (রয়েটার্স)

https://p.dw.com/p/54r5J
স্কিপ নেক্সট সেকশন রুশ হুমকির মুখে জার্মানিতে বিতর্কিত সামরিক সেবা আইন পাস
৫ ডিসেম্বর ২০২৫

রুশ হুমকির মুখে জার্মানিতে বিতর্কিত সামরিক সেবা আইন পাস

জার্মানি আরও ৮০,০০০ সক্রিয় সৈন্য নিয়োগের চেষ্টা করছে
পর্যাপ্ত নিয়োগ না হলে আলাদা বুন্ডেসটাগ ভোটের মাধ্যমে প্রয়োজন-ভিত্তিক বাধ্যতামূলক সেবা চালু করা যাবে।ছবি: DW

জার্মান পার্লামেন্ট শুক্রবার একটি নতুন সামরিক সেবা আইন অনুমোদন করেছে, যার লক্ষ্য বুন্ডেসভেয়ার-এর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণ করা। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইউরোপজুড়ে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতার দাবি উঠছে।

মাসব্যাপী বিতর্কের পর পাস হওয়া এই আইনে দুই ধাপের ব্যবস্থা রয়েছে। প্রথমে তরুণদের আকৃষ্ট করতে আকর্ষণীয় স্বেচ্ছাসেবী পদ্ধতি চালু হবে। পর্যাপ্ত নিয়োগ না হলে আলাদা বুন্ডেসটাগ ভোটের মাধ্যমে প্রয়োজন-ভিত্তিক বাধ্যতামূলক সেবা চালু করা যাবে।

২০৩৫ সালের মধ্যে সক্রিয় সৈন্যের সংখ্যা বর্তমান ১ লাখ ৮৩ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৬০ হাজার এবং রিজার্ভ সৈন্য কমপক্ষে ২ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

২০১১ সালে স্থগিত হওয়ার পর এই প্রথম জার্মানিতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০০৮ সালের পরে জন্ম নেওয়া সব পুরুষকে চিকিৎসা মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। ১৮ বছর বয়সি নারী-পুরুষ উভয়েই সেবা দিতে ইচ্ছুক কিনা জানতে চাওয়া হবে, তবে শুধু পুরুষদের উত্তর দেওয়া বাধ্যতামূলক।

এসএসজি/এসিবি (রয়েটার্স)

https://p.dw.com/p/54r4s
স্কিপ নেক্সট সেকশন যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত

ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তিতেবিধিনিষেধ আরোপ করেছে। ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই পদক্ষেপ নিয়েছে।
 
গত সেপ্টেম্বরে কার্যকর নতুন নীতি অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভিসা আবেদনের ৫ শতাংশের বেশি বাতিল হলে স্পনসর লাইসেন্স ঝুঁকিতে পড়ে। এ বছর বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভিসা আবেদন নাকচের হার যথাক্রমে ২২ ও ১৮ শতাংশ। হোম অফিস যে ২৩ হাজার ৩৬টি আবেদন বাতিল করেছে, তার অর্ধেক এই দুই দেশের শিক্ষার্থীদের।
 
অনেক শিক্ষার্থী কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনা বা ভিসা পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়গুলো কঠোর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র ভিসাকে ট্রানজিট রুট না বানিয়ে সঠিকভাবে ব্যবহার করা উচিত।

এসএসজি/এসিবি (প্রথম আলো)

https://p.dw.com/p/54pHW
স্কিপ নেক্সট সেকশন সব ঠিক থাকলে খালেদা জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হবে
৫ ডিসেম্বর ২০২৫

সব ঠিক থাকলে খালেদা জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি-র চেয়ারপারসন খালেদা জিয়াকেশুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনে নিয়ে যাওয়া হবে।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে।

শুক্রবার সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছে।

ফেসবুক পেজে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। ওই পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে। বিমানটি শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

জিএইচ/এসজি (প্রথম আলো)

https://p.dw.com/p/54ngC
স্কিপ নেক্সট সেকশন একদিনে কেন ৫৫০টি ফ্লাইট বাতিল করলো ইন্ডিগো?
৫ ডিসেম্বর ২০২৫

একদিনে কেন ৫৫০টি ফ্লাইট বাতিল করলো ইন্ডিগো?

ইন্ডিগোর একটি বিমান বিমানবন্দরে নামছে।
বৃহস্পতিবার ৫৫০টি বিমান বাতিল করেছে ইন্ডিগো। ছবি: Pius Koller/imageBROKER/picture alliance

গত কয়েকদিন ধরেই বেশ কিছু ফ্লাইট বাতিল করছিল ইন্ডিগো, তবে বৃহস্পতিবার রেকর্ড ৫৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মুম্বই বিমানবন্দর থেকে ১১৮টি, বেঙ্গালুরু থেকে একশটি, হায়দরাবাদ থেকে ৭৫টি. কলকাতা থেকে ৩৫টি, চেন্নাই থেকে ২৬টি, গোয়া থেকে ১১টি বিমানের যাত্রা বাতিল করা হয়। এছাড়া দেশের অন্য বিমান বন্দর থেকেও বিমান বাতিল করেছে ইন্ডিগো। 

ইন্ডিগো প্রতিদিন দুই হাজার তিনশ বিমান চালায়। আগামী দুই-তিনদিনও তাদের ফ্লাইট বাতিল হবে বলে ইন্ডিগো জানিয়েছে। ইন্ডিগোর সিইও পিটার এলবারস কর্মীদের বলেছেন, পুরো অপারেশন স্বাভাবিক করা এবং ঠিক সময়ে বিমান ছাড়া ও পৌঁছানোর বিষয়টি খুব সহজে হবে না। 

কেন এই অবস্থা তা জানার জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন(ডিজিসিও) কর্মকর্তারা ইন্ডিগোর কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইন্ডিগো কর্তারা সেখানে জানিয়েছেন, ডিজিসিএ  বিমানকর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। সেটা বুঝতে তাদের ভুল হয়েছিল। ফলে তাদের পরিকল্পনায় গলদ ছিল। বিমানকর্মীদের সংখ্যা কমে যায়, শীতের আবহাওয়া এবং বিমানবন্দরের কনজেশনও তাদের বিমান চলাচলকে প্রভাবিত করেছে।  

আদালতের নির্দেশের পর ফ্লাইট ডিউটির সময় বেঁধে দিয়েছে ডিজিসিএ। সেই অনুযায়ী পরিকল্পনা করতেও ইন্ডিগোর অসুবিধা হয়েছে। 

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)

https://p.dw.com/p/54ngD
স্কিপ নেক্সট সেকশন যুক্তরাষ্ট্র জ্বালানি কিনতে পারলে, ভারত পারবে না কেন: পুটিন
৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র জ্বালানি কিনতে পারলে, ভারত পারবে না কেন: পুটিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে লাল কার্পেটের উপর দিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের ভারত সফরে দিল্লি পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। ছবি: Indian Press Information Bureau/AFP

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ''যুক্তরাষ্ট্র যদি এখনো তাদের পারমাণবিক চুল্লির জন্য রাশিয়ার কাছ থেকে নিউক্লিয়ার ফুয়েল বা পরমাণু জ্বালানি কিনতে পারে, রিঅ্যাকটারের জন্য ইউরেনিয়াম কিনতে পারে, তাহলে ভারত কেন তেল কিনতে পারবে না? বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও আমি আলোচনা করতে রাজি।''

পুটিন জানিয়েছেন, রাশিয়ার তেল সংস্থাগুলি ভারতের তেল সংস্থাগুলিকে অত্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে করে। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম নয় মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ সামান্য কমেছে। তবে সবমিলিয়ে বাণিজ্যে স্থিরতা আছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট দুই দিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন। প্রথা ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন এবং তারপর একই গাড়িতে তারা প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান। সেখানে মোদীর দেওয়া প্রাইভেট ডিনারে দুই নেতা বিভিন্ন বিষয়ে খোলাখুলি আলোচনা করেছেন। শুক্রবার হায়দরাবাদ হাউসে ভারত ও রাশিয়ার মধ্যে ২৩তম বার্ষিক শীর্ষবৈঠক হবে। 

জিএইচ/এসজি(ইন্ডিয়া টুডে)

https://p.dw.com/p/54ngE
স্কিপ নেক্সট সেকশন হোয়াইট হাউসে বলরুম তৈরির জন্য নতুন স্থপতি নিয়ে এলেন ট্রাম্প
৫ ডিসেম্বর ২০২৫

হোয়াইট হাউসে বলরুম তৈরির জন্য নতুন স্থপতি নিয়ে এলেন ট্রাম্প

হোয়াইট হাউসের এখানেই তৈরি হচ্ছে নতুন বল রুম
হোয়াইট হাউসের এখানেই তৈরি হচ্ছে নতুন বল রুমছবি: Jacquelyn Martin/AP Photo/picture alliance

৩০০ মিলিয়ন ডলার খরচ করে হোয়াইট হাউসে একটি বলরুম তৈরি করাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হউসের সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে স্থপতি এই কাজের দায়িত্ব নিয়েছিলেন তার সঙ্গে ট্রাম্পের মতবিরোধ হয়েছে। সে কারণেই নতুন স্থপতি নিয়ে এসেছেন প্রেসিডেন্ট।

প্রাথমিকভাবে এই কাজের স্থপতি ছিলেন জেমস ম্যাকক্রে। কিন্তু সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ হয়। হোয়াইট হাউসের সূত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, ট্রাম্প মনে করেন, ম্যাকক্রে সময় মতো কাজ শেষ করতে পারবেন না। এরপরেই শালম ব্যারেনসকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, শালম রাজধানীর বহু ভবন নির্মাণ করেছেন। তিনি একজন প্রসিদ্ধ স্থপতি।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

https://p.dw.com/p/54ngB
স্কিপ নেক্সট সেকশন সোনার লকেট গিলে পালানোর চেষ্টা নিউজিল্যান্ডের চোরের
৫ ডিসেম্বর ২০২৫

সোনার লকেট গিলে পালানোর চেষ্টা নিউজিল্যান্ডের চোরের

এই লকেটই গিলে ফেলেছিল চোর
চুরি হয়ে যাওয়া লকেটছবি: New Zealand Police/AFP

ছয়দিন অপেক্ষা করে পুলিশ সেই লকেট উদ্ধার করেছে। নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে জেমস বন্ডের সিনেমা থেকে উদ্বুদ্ধ হয়ে ওই ফেবাজে এগ লকেটটি তৈরি করা হয়েছিল। যার দাম ১৯ হাজার ডলার। 

অভিযোগ, চোরলকেটটি চুরি করার পর ধরা পড়ে যায়। পুলিশের হাত থেকে বাঁচতে সে আস্ত লকেটটি গিলে ফেলে। পুলিশ সেই অবস্থাতেই তাকে হেফাজতে নেয়। এরপর ছয়দিন ধরে তার পাচনতন্ত্র পরীক্ষা করা হয়। স্বাভাবিক নিয়মেই লকেটটি ক্রমশ নিচে নামতে থাকে এবং শেষপর্যন্ত বেরিয়ে আসে। পুলিশ জানিয়েছে, লকেটটিতে দামের স্টিকার পর্যন্ত অক্ষুণ্ণ আছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/54ngA
স্কিপ নেক্সট সেকশন মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশে সুবিধা পাবে রিপাবলিকানরা
৫ ডিসেম্বর ২০২৫

মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশে সুবিধা পাবে রিপাবলিকানরা

মার্কিন সুপ্রিম কোর্ট
মার্কিন সুপ্রিম কোর্টছবি: Win McNamee/Getty Images

বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে টেক্সাসে নতুন ভোটার তালিকা চালু করা যাবে। এর ফলে হাউস অফ রিপ্রেসেনটেটিভে আরো বেশি রিপাবলিকান যোগ দিতে পারবে। 

আগামী বছর অ্যামেরিকায় মিড টার্ম নির্বাচন। সুপ্রিম কোর্টের এই রায়ের এর ফলে টেক্সাসের নতুন কয়েকটি জেলা এই ভোটে অংশ নিতে পারবে। যার ফলে সুবিধা পাবে রিপাবলিকানরা।

টেক্সাসের এই নতুন ভোটার তালিকা এবং জেলা গঠন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানদের সুবিধা করে দিতেই এই কাজ করা হচ্ছে। বস্তুত, এর আগে অ্যামেরিকার অন্য একটি আদালত নতুন ভোটার তালিকা ব্যবহার না করার রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই রায় বদলে দিলো।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

https://p.dw.com/p/54nfx
স্কিপ নেক্সট সেকশন দিল্লিতে বিমানবন্দরে পুটিনকে স্বাগত জানিয়ে একই গাড়িতে মোদী
৪ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বিমানবন্দরে পুটিনকে স্বাগত জানিয়ে একই গাড়িতে মোদী

প্রেসিডেন্ট পুটিন বিমান থেকে নামার পর প্রধানমন্ত্রী মোদী তাকে স্বাগত জানিয়ে জড়িয়ে ধরেন।
বিমানবন্দরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: GRIGORY SYSOYEV/AFP/Getty Images

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে গেলেন। সেখানে মোদী ও পুটিন প্রথমে একে অপরকে জড়িয়ে ধরলেন, তারপর হাত মেলালেন। পরে একই গাড়িতে বসে পুটিন ও মোদী বিমানবন্দর ছাড়লেন। 

প্রথা ভেঙে বিমানবন্দরে গিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানকে আগেও স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু তারপর সেই বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে একই গাড়িতে করে বিমানবন্দর ছাড়েননি। বিমানবন্দর থেকে দুই নেতা ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে চলে আসেন। সেখানেই প্রেসিডেন্ট পুটিনের জন্য প্রাইভেট ডিনার দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এইখানে দুই নেতা খোলাখুলি কথা বলবেন। শুক্রবার আনুষ্ঠানিক আলোচনা হবে। 

গত ১ সেপ্টেম্বর চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট পুটিনের গাড়িতে চড়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি পরে তিনি নিজেই শেয়ার করেছিলেন। কিন্তু দিল্লিতে তিনি প্রথম এই কাজ করলেন। 

কূটনীতির ক্ষেত্রে বার্তা দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুটিন দুজনেই এইভাবে নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 

অবসরপ্রাপ্ত লেফটোন্যান্ট জেনারেল সুব্রত সাহা এনডটিটিভিকে বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম এস ৪০০ ও এস ৫০০ নিয়ে আলোচনা হতে পারে। অত্য়াধুনিক সুখোই যুদ্ধবিমান ও তার প্রযুক্তি হস্তান্তর ও ভারতে তা তৈরি করার লাইসেন্স দেওয়া নিয়ে কথা হতে পারে। সাবমেরিন  কেনা নিয়েও কথা হতে পারে। 

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডটিটিভি)

https://p.dw.com/p/54mRi
স্কিপ নেক্সট সেকশন আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
৪ ডিসেম্বর ২০২৫

আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

বিএনপির লোগো
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপিছবি: DW

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আরো ৩৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি৷ এ নিয়ে ৩০০টি আসনের মধ্যে মোট ২৭৩টি আসনের প্রার্থী ঘোষণা করলো দলটি৷ 

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ প্রার্থী তালিকা বিএনপির ফেসবুক পেইজেও আপলোড করা হয়েছে৷ 

সদ্য বিএনপিতে যোগ দেয়া রেজা কিবরিয়াকে হবিগঞ্জ-১ এর প্রার্থী করা হয়েছে৷ 

এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি৷ অর্থাৎ, জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে আরো ২৭টি আসনে দলটির প্রার্থী দেয়া বাকি থাকলো, যা পরে ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

এফএস/এসিবি

https://p.dw.com/p/54l7N
আরো পোস্ট দেখান