1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেনজীরকে ফেরাতে খুব শিগগিরই চিঠি পাঠানো হবে: দুদক

প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

বেনজীরকে ফেরাতে চিঠি পাঠানো হবে: দুদক, বিশ্বকাপে বর্ণবাদী ইঙ্গিত করার অভিযোগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টার ঘটনায় বাংলেদেশ সরকারের প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের হামলায় ভারতীয়দের মৃত্যুতে শোক ও পদক্ষেপ দাবি ...আরো খবর এখানে।

https://p.dw.com/p/5FOip
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ (ফাইল ফটো)
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া চলছে৷ এ বিষয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে৷ছবি: bdnews24.com
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে খুব শিগগিরই চিঠি পাঠানো হবে: দুদক
  • বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগে এক কর্মকর্তাকে বিশ্বকাপ থেকে সরানোর দাবি
  • বাংলেদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • ভারত : যুক্তরাষ্ট্রের হামলায় নাবিকদের মৃত্যুতে শোক, সরকারের কাছে পদক্ষেপ দাবি
  • যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানালো বাংলাদেশ
  • ইরান- অ্যামেরিকার শান্তি চুক্তি চূড়ান্ত, খুলবে হরমুজও
  • ভেঙে পড়লো স্কাইডাইভিং বিমান, ১২ জনের মৃত্যু অ্যামেরিকায় 
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশ নিয়ে বিতর্ক
  • অভিষেককে আবার আট ঘণ্টারও বেশি সময় ধরে জেরা
  • তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা যে দলে যোগ দিলেন
  • ন্যাশনাল সিটিজেন্স পার্টি কেন আলোচনার কেন্দ্রে?
স্কিপ নেক্সট সেকশন সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে খুব শিগগিরই চিঠি পাঠানো হবে: দুদক
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে খুব শিগগিরই চিঠি পাঠানো হবে: দুদক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ (ফাইল ফটো)
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া চলছে৷ এ বিষয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে৷ছবি: bdnews24.com


বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া চলছে৷ এ বিষয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে৷
তিনি জানান, দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীরকে ফেরাতে প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করার কাজ চলছে৷
আকতারুল ইসলাম আরো বলেন, মামলাগুলোর নথিপত্র চূড়ান্ত হলে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে৷
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ৷ বাংলাদেশ সরকারের অনুরোধে জারি করা ইন্টারপোলের ‘রেড নোটিশ’–এর ভিত্তিতে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়৷
দুবাই পুলিশ গত ১২ জুন বেনজীরকে গ্রেপ্তার করে৷ আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি জানায়৷ 
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5FSBA
স্কিপ নেক্সট সেকশন বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগে এক কর্মকর্তাকে বিশ্বকাপ থেকে সরানোর দাবি
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগে এক কর্মকর্তাকে বিশ্বকাপ থেকে সরানোর দাবি

প্রতীকী ছবি
ভিডিও রিভিউ বিশ্লেষক দলে ছিলেন অস্ট্রেলিয়ার রেফারি শন ইভান্স৷ ম্যাচ শুরুর আগে তিনি নিজের ডান পায়ের সামনে ডান হাত রেখে যে ভঙ্গি করেন তা নিয়েই চলছে তুমুল বিতর্ক৷ ছবি: Colourbox

ভিডিও রিভিউ দলের এক কর্মকর্তাকে হাত দিয়ে বিশেষ ধরনের ভঙ্গি করার কারণে দায়িত্ব থেকে সরানোর আহ্বান জানিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ বৈষম্য পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা৷

গতকাল রোববার কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি৷ এ ম্যাচে ভিডিও রিভিউ বিশ্লেষক দলে ছিলেন অস্ট্রেলিয়ার রেফারি শন ইভান্স৷ ম্যাচ শুরুর আগে তিনি নিজের ডান পায়ের সামনে ডান হাত রেখে যে ভঙ্গি করেন তা নিয়েই চলছে তুমুল বিতর্ক৷ 
আন্তর্জাতিক ম্যাচে বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান, পতাকা ও প্রতীক পর্যবেক্ষণে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং ইউরোপের সর্বোচ্চ সংস্থা উয়েফা-র দীর্ঘদিনের সহযোগী সংগঠন ফেয়ার নেটওয়ার্ক তাই এক বিবৃতিতে অস্ট্রেলীয় ওই কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে৷ শন ইভান্সের করা ওই ভঙ্গিকে ‘নব্য নাৎসিদের’ ভঙ্গি অভিহিত করে বিবৃতিতে বলা হয়, ‘‘এই বিশ্বকাপের পরবর্তী কোনো কার্যক্রমে ওই কর্মকর্তার আর কোনো ভূমিকা থাকা উচিত নয়৷’’
এসিবি/ জেডএইচ (এপি)

https://p.dw.com/p/5FRNk
স্কিপ নেক্সট সেকশন বাংলেদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
১৫ জুন ২০২৬

বাংলেদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

জাহেদ উর রহমান (ফাইল ফটো)
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত৷ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়৷ছবি: DW

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ৷
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন৷
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত৷
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবরে বলা হয়, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়৷ পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে আজ দুপুরে ঢাকায় ফেরেন৷
আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-র জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা৷ সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশ নেওয়ার কথা ছিল৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
 

https://p.dw.com/p/5FQsM
স্কিপ নেক্সট সেকশন ভারত : যুক্তরাষ্ট্রের হামলায় নাবিকদের মৃত্যুতে শোক, সরকারের কাছে পদক্ষেপ দাবি
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

ভারত : যুক্তরাষ্ট্রের হামলায় নাবিকদের মৃত্যুতে শোক, সরকারের কাছে পদক্ষেপ দাবি

যুক্তরাষ্ট্রের হামলায় সন্তান শিবানন্দ চৌরাসিয়াকে হারানো কলাবতী দেবির আহাজারি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দিল্লিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি অ্যাফেয়ার্স)-কে তলব করে বেসামরিক জাহাজে এমন হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলেছে, ‘‘এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং তা এক কঠিন সময়ে ও সংবেদনশীল অঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে৷’’ছবি: Priyanshu Singh/REUTERS

ওমান-উপকূলে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত এক নাবিকের স্ত্রী সুশীলা দেবী বাড়ির মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘‘তিনি যদি তার বিপদের কথা আমাদের জানাতেন, আমি তাকে ফিরিয়ে আনতাম৷’’ সুশীলা মনে করেন, ‘‘মানুষকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয় সরকারের৷’’
উত্তর ভারতের দেওরিয়ার বাসিন্দা সুশীলা দেবির মতো যুক্তরাষ্ট্রের হামলায় আরো দুজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন৷ গত শুক্রবার ভারত এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয়বারের মতো প্রতিবাদ জানায়৷ তবে সুশীলা দেবী মনে করেন, সরকারের উচিত উপসাগরীয় অঞ্চলে আটকা পড়া নাবিকদের সুরক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নেওয়া৷
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দিল্লিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি অ্যাফেয়ার্স)-কে তলব করে বেসামরিক জাহাজে এমন হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলেছে, ‘‘এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং তা এক কঠিন সময়ে ও সংবেদনশীল অঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে৷’’
তবে এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আরো জোরালো পদক্ষেপের দাবি উঠছে৷ 
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ ফিলিপাইন্স৷ তারপরেই রয়েছে ভারত৷  অথচ ইরান-যুদ্ধের কারণে ভারতকে চড়া মূল্য দিতে হচ্ছে৷ তিনজন নাবিক নিহত হওয়ার পরের দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার আরেকটি জাহাজে হামলা চালানো হয়৷ সেই জাহাজে ছিলেন ২০ জন ভারতীয় নাবিক৷ তবে তাদের কারো প্রাণহানির বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি৷
নয়াদিল্লির কৌশলগত বিষয়ের বিশ্লেষক ব্রহ্মা চেলানি বলেন, ‘‘ভারত এ বিষয়ে কেবল প্রথাগত কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে৷ মনে হচ্ছে, এতে হামলাগুলোর গুরুত্বকে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে৷’’
বিরোধী দল আম আদমি পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর প্রতি বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে উত্থাপনের আহ্বান জানিয়েছে৷ চলতি সপ্তাহে জি-সেভেন সম্মেলন চলার সময় ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা৷
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, সরকারের নীতির কারণেই ‘‘বহিরাগত শক্তিগুলো কোনো শাস্তির ভয় ছাড়া ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করার সাহস পাচ্ছে৷’’ দলটি মনে করে, ‘‘ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং দীর্ঘমেয়াদী স্বার্থ অবশ্যই স্পষ্টতা ও দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে হবে৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5FQap
স্কিপ নেক্সট সেকশন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানালো বাংলাদেশ
১৫ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ৷
আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানানো হয়৷ 
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান প্রথমে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তিচুক্তিতে সম্মত হয়েছে৷ পরে ওয়াশিংটন ও তেহরান বিষয়টি নিশ্চিত করে৷ ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা৷
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়৷ এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীর প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ৷
এছাড়া চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং একই সঙ্গে তা টেকসই ও দীর্ঘস্থায়ী হবে বলেও আশা প্রকাশ করে বাংলাদেশ৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে শান্তি–স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
সর্বশেষ এই অগ্রগতির ওপর ভিত্তি করে বাকি বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে৷ একই সঙ্গে আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা, সরবরাহশৃঙ্খল ও সহযোগিতা দ্রুত পুনঃস্থাপনের প্রত্যাশা করছে বাংলাদেশ৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5FPMF
স্কিপ নেক্সট সেকশন ইরান- অ্যামেরিকার শান্তি চুক্তি চূড়ান্ত, খুলবে হরমুজও
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

ইরান- অ্যামেরিকার শান্তি চুক্তি চূড়ান্ত, খুলবে হরমুজও

তেহরানের চিত্র। 
অ্যামেরিকা এবং ইরান শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহের কোনো আবরোধ থাকবে না। ছবি: AFP

ইরান এবং অ্যামেরিকা শান্তি চুক্তিতে রাজি হয়েছে। আগামী ১৯ জুন, শুক্রবার, সুইজারল্যান্ডের দুই দেশের মধ্যে এই চুক্তি সই হবে। রোববার গভীর রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একথা ঘোষণা করেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন , "গভীর আলোচনার পর আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে।" তিনি জানান, দুই পক্ষই লেবাননসহ সংশ্লিষ্ট সব এলাকায় সামরিক কার্যকলাপ বন্ধ করবে।   

এর কিছুক্ষণ পরেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সামাজিক মাধ্যমে শান্তি চুক্তির কথা ঘোষণা করেন। তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, বিনা শুল্কে হরমুজ প্রণালী যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, মার্কিন নৌসেনা ওই অঞ্চল থেকে তাদের অবরোধ সরিয়ে নেবে।     

অন্যদিকে, একটি বিবৃতিতে ইরানওএই চুক্তির কথা জানায়। ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানান, এই চুক্তির ফলে ইরান এবং লেবাননে সামরিক আক্রমণ বন্ধ হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে।  ইরানের টিভি চ্যানেলে তিনি বলেন, লেবাননসহ ওই অঞ্চলে অবিলম্বে এবং স্থায়ী ভাবে এই যুদ্ধ বন্ধ হবে। 

জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালিসহ অন্যোন্য দেশও এই চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেন, ইরান এবং অ্যামেরিকার এই চুক্তি কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী খুলে যাওয়াও বিশ্বের অর্থনীতি ফের চাঙ্গা হওয়ার পথে এগোবে বলে মনে করেন তিনি। 

একটি যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, যুদ্ধ থামাতে এটি একটি সদর্থক পদক্ষেপ। হরমুজ প্রণালী খুলে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে এর ভালো প্রভাব পড়বে বলেও জানান তিনি। 

তবে শুক্রবারের আগে হরমুজ প্রণালী খুলবে না বলে জানিয়েছেন ট্রাম্প। বিশ্ব বাজারে তেলের দাম কমার ইঙ্গিত পাওয়া গেছে। 


এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5FOjK
স্কিপ নেক্সট সেকশন ভেঙে পড়লো স্কাইডাইভিং বিমান, ১২ জনের মৃত্যু অ্যামেরিকায়
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

ভেঙে পড়লো স্কাইডাইভিং বিমান, ১২ জনের মৃত্যু অ্যামেরিকায়

বাটলার মেমোরিয়াল বিমানবন্দরে টেক অফ করার সময় বিমানটি ভেঙে পড়ে।
এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ছবি: ABC Affiliate KMBC/REUTERS

স্কাইডাইভিং-এর বিমান দুর্ঘটনায় পাইলটসহ ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার অ্যামেরিকার মিসৌরিতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছ, কানসাস থেকে একশ কিলোমিটার দূরে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরে টেক অফ করার সময় বিমানটি ভেঙে পড়ে। স্কাইডাইভিং সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, "দুঃখজনকভাবে, ১২ জন এই দুর্ঘটনায় মারা গেছেন।" ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ভেঙে পড়া প্লেনটি ছিল, প্যাসিফিক এয়ারোস্পেস পি৭৫০। বিমানবন্দরের কার্যকরি ম্যানেজার এবং বেটস কাউন্টি এমারজেন্সি ম্যানাজমেন্টের ডিরেক্টর ডেনিস জেকব সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সকাল ১১টা বেজে ২০ মিনিট নাগাদ প্লেনটি টেক অফ করে। তার পরেই অপর একটি রানওয়েতে ভেঙে পড়ে। 

এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স) 

https://p.dw.com/p/5FOqv
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশ নিয়ে বিতর্ক
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৫ জুন ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশ নিয়ে বিতর্ক

ছবির জন্য পোজ দিচ্ছেন জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ছবি: DW

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, প্রথমে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তাঁর বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। সোমবার দুপুরের আগেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। 

জিএইচ/এসসি(প্রথম আলো)

https://p.dw.com/p/5FOj5
স্কিপ নেক্সট সেকশন ন্যাশনাল সিটিজেন্স পার্টি কেন আলোচনার কেন্দ্রে?
১৫ জুন ২০২৬

ন্যাশনাল সিটিজেন্স পার্টি কেন আলোচনার কেন্দ্রে?

দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস।
ইলেকশন কমিশনের তথ্য বলছে, এনসিপিআই হলো নথিভুক্ত অস্বীকৃত রাজনৈতিক দল। ছবি: MIRKO KUZMANOVIC/Pond5 Images/IMAGO

তৃণমূলের লোকসভার ২২ জন সাংসদ ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া(এনসিপিআই)-র সঙ্গে তাদের গোষ্ঠীর বিলয় ঘটিয়েছেন বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই দলের নাম ভারতেই খুব বেশি মানুষ জানতেন না। তবে রোববার থেকে অনেকে জানেছেন। ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক দল তৈরি হয়েছিল। কিন্তু তারা সেই নির্বাচনে প্রায় কোনো প্রভাবই ফেলতে পারেনি। 

এই দলই এখন ভারতের জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। কারণ, তণমূলের বিক্ষুব্ধ লোকসভা সাংসদরা এই দলের সঙ্গে তাদের গোষ্ঠীর মিলনের কথা ঘোষণা করেছেন। ফলে রাতারাতি তারা আলোচনার কেন্দ্রে এসে গেছে। 

এনসিপিআই নির্বাচন কমিশনে নথিভুক্ত একটি 'রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি' হিসাবে।  পশ্চিমবঙ্গে এই দল নথিভুক্ত হলেও তারা ত্রিপুরাতে প্রথমবার ভোটে লড়ে।  নির্বাচন কমিশনের নথি অনুযায়ী এই দল মোট এক লাখ ১৩ হাজার টাকা ডোনেশন পেয়েছিল। 

দলের নথিতে দেখা যাচ্ছে, শিউলি কুন্ডু এই দলের কোষাধ্যক্ষ এবং তার স্বামী উত্তীয় কুন্ডু সভাপতি। নথিভুক্ত ঠিকানা হলো হাওড়ার বাণীপুরে। 

জিএইচ/এসসি(এনডিটিভি)

https://p.dw.com/p/5FPDJ
স্কিপ নেক্সট সেকশন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা যে দলে যোগ দিলেন
১৫ জুন ২০২৬

তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা যে দলে যোগ দিলেন

লোকসভা ভোটের প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দত্যোপাধ্য়ায়ও বিক্ষুব্ধদের সঙ্গে যোগ দিয়েছেন। ছবি: Satyajit Shaw/DW

লোকসভায় বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া নামে একটি দলে যোগ দিলেন।  স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে, তার হাতে ২২ জন সাংসদের সইসহ চিঠি তুলে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। 

সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লোকসভায় তৃণমূলের নেতা ছিলেন। তিনিও তৃণমূলের সঙ্গ ছেড়ে বিক্ষুব্ধদের সঙ্গে চলে গেছেন। মালা রায়, সায়নী ঘোষরাও গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌগত রায়সহ ছয়জন সাংসদ থাকলেন। 

কেন একটা আলাদা দলে যোগ দিলেন তারা? সুদীপ বন্দ্যোপাধ্যায় টিভি৯ বাংলাকে জানিয়েছেন, "দুই-তৃতীয়াংশ সাংসদ থাকলেও যদি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়, তাহলে দলত্যাগ আইনে পড়ে যেতে হয়। সেজন্য নির্বাচন কমিশন স্বীকৃত আঞ্চলিক কিংবা সর্বভারতীয় রাজনৈতিক দলের আশ্রয় নিতে হয়। সেই জন্য আমরা এই দলের আশ্রয় নিয়েছি।"

সুদীপ জানিয়েছেন, আগামী ২০ জুলাই লোকসভার বর্ষা অধিবেশন শুরু হবে। তখন স্পিকারকে তারা আবার জানাবেন, তারা তৃণমূলেরই দুই তৃতীয়াংশ সদস্য, যারা আলাদা ব্লকে বসে আছেন। 

জিএইচ/এসসি(এএনআই, টিভি৯ বাংলা)

https://p.dw.com/p/5FOj2
স্কিপ নেক্সট সেকশন অভিষেককে আবার আট ঘণ্টারও বেশি সময় ধরে জেরা
১৫ জুন ২০২৬

অভিষেককে আবার আট ঘণ্টারও বেশি সময় ধরে জেরা

বাঁকুড়ায় একটি জনসভায় ভাষণ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
সই কেলেঙ্কারি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোববার আট ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে সিআইডি।ছবি: AITCofficial X/ANI/IMAGO

সই জাল কাণ্ড নিয়ে রোববার আট ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করলেন সিআইডি-র কর্মকর্তারা। এর আগে পাঁচ ঘণ্টা ধরে তাকে জেরা করা হয়েছিল। ফলে সবমিলিয়ে সই জাল কাণ্ড নিয়ে ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জেরা করা হলো। 

রোববার তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকেও জেরা করে সিআইডি। অভিষেক ও কুণালকে মুখোমুখি্ বসিয়েও জেরা করা হয়। 

শোভনদেব চট্টোপাধ্যায়কে তৃণমূল পরিষদীয় দলের নেতা করে বিধানসভার স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে অনেক অসঙ্গতি আছে বলে অভিযোগ। সেখানে অনেকের নাম শুধু ব্লক লেটারে লেখা আছে। সেই অভিযোগ নিয়েই সিআইডি তদন্ত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সই করে সেই চিঠি স্পিকারকে দিয়েছিলেন। 

একাধিকবার তলব করা হলেও অভিষেক প্রথমে সিআইডি-র মুখোমুখি হননি। পরে হাইকোর্ট তাকে সিআইডি-র কাছে যাওয়ার নির্দেশ দেয়। সময়ও বেঁধে দেওয়া হয়। তারপর দুই দফায় ১৩ ঘণ্টারও বেশি জেরা করা হলো তাকে। 

জিএইচ/এসসি(পিটিআই, এএনআই)

https://p.dw.com/p/5FOir
আরো পোস্ট দেখান