1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্টুন পাখি আঁকায় অস্ট্রেলিয়ায় গ্রাফিতি শিল্পী আটক

প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ৭ জুলাই ২০২৬

কার্টুন পাখি আঁকায় অস্ট্রেলিয়ায় গ্রাফিতি শিল্পী আটক, ন্যাটো সম্মেলন শুরু, এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই কর্মী, বিশ্বকাপে একটি লাল কার্ড, ট্রাম্পের ‘হস্তক্ষেপ’ ও ‘প্রকৃতির প্রতিশোধ’... আরো খবর এখানে।

https://p.dw.com/p/5GcPp
বোল্টে ব্রিজের চূড়ায় পা ঝুলিয়ে বসে আছেন তিনি, নিচে দেখা যাচ্ছে প্যাম দ্য বার্ড-এর আদলে আঁকা পাখির বিশাল কার্টুন গ্রাফিতি
পুলিশ বারবার তাকে নিচে নেমে আসার আহ্বান জানাচ্ছিল৷ কিন্তু স্যান্ডউইচের দাবিতে ওই ব্যক্তি অনড় থাকায় এক পর্যায়ে সেতুর একটি লেন বন্ধ করে দিতে হয়৷ এর ফলে যান-চলাচলে বিঘ্ন ঘটে৷ছবি: Joel Carrett/AAP/REUTERS
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • কার্টুন পাখি আঁকায় অস্ট্রেলিয়ায় গ্রাফিতি শিল্পী আটক
  • তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শুরু
  • এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার যুবলীগের দুই নেতা-কর্মী
  • বিশ্বকাপে একটি লাল কার্ড, ট্রাম্পের ‘হস্তক্ষেপ’ ও ‘প্রকৃতির প্রতিশোধ’
  • বিশ্বকাপ থেকে বিদায় অ্যামেরিকা, পর্তুগালের
  • হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে আগুন
  • হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
  • পশ্চিমবঙ্গে বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার
  • বাংলাদেশে এনসিপি-র সমাবেশে বিস্ফোরণ, আহত চার
  • লিবিয়াতেও মধ্যস্থতা করছে পাকিস্তান
স্কিপ নেক্সট সেকশন কার্টুন পাখি আঁকায় অস্ট্রেলিয়ায় গ্রাফিতি শিল্পী আটক
প্রকাশিত ৭ জুলাই ২০২৬শেষ আপডেট ৭ জুলাই ২০২৬

কার্টুন পাখি আঁকায় অস্ট্রেলিয়ায় গ্রাফিতি শিল্পী আটক

বোল্টে ব্রিজের চূড়ায় পা ঝুলিয়ে বসে আছেন তিনি, নিচে দেখা যাচ্ছে প্যাম দ্য বার্ড-এর আদলে আঁকা পাখির বিশাল কার্টুন গ্রাফিতি
পুলিশ বারবার তাকে নিচে নেমে আসার আহ্বান জানাচ্ছিল৷ কিন্তু স্যান্ডউইচের দাবিতে ওই ব্যক্তি অনড় থাকায় এক পর্যায়ে সেতুর একটি লেন বন্ধ করে দিতে হয়৷ এর ফলে যান-চলাচলে বিঘ্ন ঘটে৷ছবি: Joel Carrett/AAP/REUTERS

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক ক্যান্টিলিভার সেতুর ১৪০ মিটার (৪৬০ ফুট) উঁচু টাওয়ারে চড়ে বিশাল কার্টুন পাখি আঁকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়৷

শহরের প্রধান বাণিজ্যিক এলাকার কাছের বোল্ট ব্রিজের দৃশ্য সম্বলিত এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, এক ব্যক্তি টাওয়ারের চূড়ায় পা ঝুলিয়ে বসে আছেন৷ পরের পোস্টগুলোতে তিনি অস্ট্রেলিয়ায় কর কমানোর দাবি জানান৷ নিচে নামার আগে ড্রোনে করে তার কাছে পিনাট বাটার স্যান্ডউইচ পৌঁছে দেওয়ার অনুরোধও জানান তিনি৷
বারবার অনুরোধ জানানো সত্ত্বেও টাওয়ার থেকে না নামা ওই ব্যক্তি পরে কেন নেমে এলেন পুলিশের বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি৷ তবে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে বোঝা যায়, পিনাট বাটার স্যান্ডউইচ পেয়ে তিনি নামেননি৷ ওই পোস্টে লেখা ছিল, ‘‘কোনো স্যান্ডউইচ ছাড়াই এখানে ড্রোন উড়িয়ে আনার দুঃসাহস৷'' 

এ বিষয়ে আরো জানতে ক্লিক করুন এখানে https://p.dw.com/p/5GiLY
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5GiPj
স্কিপ নেক্সট সেকশন তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শুরু
প্রকাশিত ৭ জুলাই ২০২৬শেষ আপডেট ৭ জুলাই ২০২৬

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শুরু

আঙ্কারার আয় ইলদিজে অনুষ্ঠিত হচ্ছে এবারের ন্যাটো সম্মেলন৷ ছবিতে ভবনের সামনে একজন নিরাপত্তাকর্মী (ফাইল ফটো)
শুরু হয়েছে দু দিনের ন্যাটো সম্মেলন৷ সম্মেলনে অংশ নিচ্ছেন সম্মিলিত সামরিক জোট ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতারা৷ছবি: Ahmet Serdar Eser/Anadolu Agency/IMAGO

তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে দু দিনের ন্যাটো সম্মেলন৷ সম্মেলনে অংশ নিচ্ছেন সম্মিলিত সামরিক জোট ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতারা৷ ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, এবারের সম্মেলনের লক্ষ্য হলো সামরিক জোটটির কার্যকারিতা ও সাফল্য অব্যাহত রাখা৷
২০২৫ সালে হেগ-এ অনুষ্ঠিত সম্মেলনের পর যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে এবারের সম্মেলনে তার পর্যালোচনা হবে বলে ধারণা করা হচ্ছে৷ গত বছরের সম্মেলনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে মিত্র দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল৷
আজ মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, জোটকে ঐক্যবদ্ধ রাখতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এর সঙ্গে সম্পৃক্ত রাখতে তিনি কাজ করে যাচ্ছেন৷ তবে ব্যয়ের বোঝা ভাগাভাগি, যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতি এবং ইরান যুদ্ধকে ঘিরে দেখা দেয়া মতপার্থক্য ন্যাটোর ঐক্যের জন্য বড় ধরনের পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5GhmZ
স্কিপ নেক্সট সেকশন এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার যুবলীগের দুই নেতা-কর্মী
৭ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার যুবলীগের দুই নেতা-কর্মী

এনসিপির নির্বাচনি সমাবেশের ফাইল ফটো
এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘‘পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত ছাড়া শুধু দায় এড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলিশকেই এটার দায় নিতে হবে৷’’ছবি: Salahuddin Ahmed/AFP

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে৷ মামলার এজাহারে বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে উল্লেখ করা হয়৷ এ ঘটনায় ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে সন্দেহভাজন হিসেবে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে৷
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন৷
এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘‘গতকাল (সোমবার) রাতে অভিযোগ দিয়ে থানা থেকে বের হতে রাত প্রায় ১২টা বেজে গিয়েছিল৷ এরপর নিরপেক্ষ ও সঠিকভাবে তদন্ত করে সকালের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে ফেলল! বিষয়টি আমার কাছে ক্লিয়ার না৷’’ তিনি আরো বলেন, পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত ছাড়া শুধু দায় এড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলিশকেই এটার দায় নিতে হবে৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5Ghh0
স্কিপ নেক্সট সেকশন বিশ্বকাপে একটি লাল কার্ড, ট্রাম্পের ‘হস্তক্ষেপ’ ও ‘প্রকৃতির প্রতিশোধ’
প্রকাশিত ৭ জুলাই ২০২৬শেষ আপডেট ৭ জুলাই ২০২৬

বিশ্বকাপে একটি লাল কার্ড, ট্রাম্পের ‘হস্তক্ষেপ’ ও ‘প্রকৃতির প্রতিশোধ’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে চতুর্থ গোল করার পর সতীর্থদের সঙ্গে রোমেলু লুকাকুর উদযাপন
নিকোলাস রাসকিন৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আগেই বলেছি, আমার মনে হয় জীবনে কোথাও-না-কোথাও সব সময়ই একটা বিচার থাকে৷ এ ধরনের ঘটনার যেমন ব্যাখ্যাই করা হোক না কেন আমরা মনে করি না তা ন্যায্য ছিল৷’’ছবি: Jamie Squire/Getty Images/AFP


বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিলেও ডনাল্ড ট্রাম্পের কারণে তার দেশ যুক্তরাষ্ট্র এখনো আছে ফিফার ২০২৬ বিশ্বকাপে৷ খেলার মাঠে নেই, আছে জমজমাট বিতর্কের মঞ্চে৷
বিতর্কের শুরু রাউন্ড অফ ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাচ থেকে৷ সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের ফোলারিন ব্যালোগান৷ নিয়ম অনুযায়ী পরের ম্যাচ, অর্থাৎ সদ্য শেষ হওয়া বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে তার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকার কথা এবং সেই নিষেধাজ্ঞার কারণে ব্যালোগানের খেলারই কথা নয়৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচটা তিনি খেলেছেন৷
অবশ্য আগের ম্যাচে লাল কার্ড পাওয়ার পরও ব্যালোগান যে এই ম্যাচে খেলতে পারেন তা জানা হয়ে গিয়েছিল আগেই৷ এ বিষয়ে ডনাল্ড ট্রাম্প  ফোন করেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে৷

তারপরই লালকার্ডের নিষেধাজ্ঞা হয়ে যায় স্থগিত৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ১-৪ গোলে বেলজিয়ামের কাছে বিধ্বস্ত হওয়ার পরও তাই এ নিয়ে বিতর্ক থামেনি৷
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের এমন পরাজয়কে ‘প্রকৃতির বিচার’ বলে বরং বিতর্কের আগুনে নতুন ঘি ঢেলেছেন বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিন৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আগেই বলেছি, আমার মনে হয় জীবনে কোথাও-না-কোথাও সব সময়ই একটা বিচার থাকে৷ এ ধরনের ঘটনার যেমন ব্যাখ্যাই করা হোক না কেন আমরা মনে করি না তা ন্যায্য ছিল৷’’
যুক্তরাষ্ট্রকে হারিয়ে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর অফিশিয়াল ফেসবুক পেজে গোল উদযাপনের একটি ছবি পোস্ট করে রেড ডেভিলরা লিখেছে, ‘‘ওভারটার্ন দিস!’’ বিদ্রুপাত্মক এ চ্যালেঞ্জে বার্তাটা খুব স্পষ্ট - ‘‘লাল কার্ডের সাজা তো স্থগিত রেখেছো, পারলে ম্যাচের এই ফলাফলও উল্টে দেখাও।’’
এসিবি/ জেডএইচ (ডিডাব্লিউ, এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5Gh7l
স্কিপ নেক্সট সেকশন বিশ্বকাপ থেকে বিদায় অ্যামেরিকা, পর্তুগালের
প্রকাশিত ৭ জুলাই ২০২৬শেষ আপডেট ৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় অ্যামেরিকা, পর্তুগালের

অ্যামেরিকাকে হারিয়ে দিল বেলজিয়াম
অ্যামেরিকাকে হারিয়ে দিল বেলজিয়ামছবি: Troy Wayrynen/IMAGN Images/REUTERS

সিয়াটেলে অ্যামেরিকাকে ৪-১ গোলে হারিয়ে দিল বেলজিয়াম। এর ফলে বিশ্বকাপের উদ্যোক্তা কোনো দেশই আর প্রতিযোগিতায় থাকলো না। সোমবার ইংল্যান্ডের কাছে হেরেছে আরেক উদ্যোক্তা দেশ মেক্সিকো। 

এবারের বিশ্বকাপে অ্যামেরিকাকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অ্যামেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগানকে লাল কার্ড দেখিয়েছিল রেফারি। এরপর তা নিয়ে ফিফার সঙ্গে সরাসরি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই কথা স্বীকার করেছেন। 

ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে এরপর তীব্র বিতর্ক শুরু হয় ফুটবলপ্রেমীদের মধ্যে। এদিন বেলজিয়াম ম্যাচেও খেলা ছাপিয়ে বিতর্ক আলোচিত হয়েছে বার বার। 

অন্যদিকে স্পেনের কাছে এক গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। রোনাল্ডোও জানিয়ে দিয়েছেন, তিনি আর বিশ্বকাপ খেলবেন না। 

পরে রোনাল্ডো বলেছেন, তিনি পর্তুগালের হয়ে ইউরো কাপসহ তিনটে ট্রফি জিতেছেন। তিনি আসার আগে পর্তুগাল একটাও ট্রফি জেতেনি। এটাই বাস্তব।

এসজি/জিএইচ (ফিফা বিশ্বকাপ)

https://p.dw.com/p/5GgTs
স্কিপ নেক্সট সেকশন লিবিয়াতেও মধ্যস্থতা করছে পাকিস্তান
৭ জুলাই ২০২৬

লিবিয়াতেও মধ্যস্থতা করছে পাকিস্তান

লিবিয়ায় অ্যামেরিকা ও লিবিয়ার বাহিনীর যৌথ প্রশিক্ষণের ছবি।
লিবিয়ায় সংঘাত বন্ধ করে শান্তি ফেরানোর কাজেও মধ্যস্থতা করছে পাকিস্তান। ছবি: Special Operations Command Africa

ইরান যুদ্ধ থামাতে অন্যতম মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছি্ল পাকিস্তান। এবার তারা লিবিয়ায় সংঘাত থামাতে মধ্যস্থতার কাজ শুরু করেছে। দুইটি পাকিস্তানি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, যদি এই কাজে তারা সফল হন, তাহলে পাকিস্তানের কূটনৈতিক ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। 

লিবিয়া এখন পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত। যুক্তরাষ্ট্র এখন  কূটনৈতিক পথে এই সমস্যার করার জন্য উঠেপড়ে লেগেছে। মুয়াম্মার গদ্দাফি সরকারের পতনের পর লিবিয়ায় গৃহযুদ্ধ হয়। তারপর দেশটি পূর্ব ও পশ্চিম এই দুইভাগে বিভক্ত হয়ে গেছে।
 
পাকিস্তান এখন এখানে মধ্যস্থতা করে লিবিয়ার পূর্ব ও পশ্চিমের প্রশাসনকে মেলাতে চাইছে। পাকিস্তানি সূত্র জানিয়েছে, অ্যামেরিকা এর সঙ্গে যুক্ত, তাদের জানিয়েই সব কাজ হচ্ছে। এই মধ্যস্থতায় সৌদি আরবের পূর্ণ সমর্থন আছে বলে দুই সূত্রই দাবি করেছে। সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা চুক্তি আছে এবং লিবিয়ায় সৌদি আরবের প্রভাব যথেষ্ট।  

দুই পাক সূত্রই জানিয়েছে, গত বছরের শেষের দিক থেকে পাকিস্তান এই মধ্যস্থতা করছে। তারা দুই পক্ষকে বোঝাবার কাজে কতটা সফল হয়েছে তা জানা যায়নি।  পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেনার মিডয়া বিভাগ এবং কাতার, তুরস্ক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েও পাওয়া যায়নি। 

রয়টার্সের কাছে শান্তিপ্রস্তাবের যে খসড়া আছে, তাতে বলা হয়েছে, জাতীয় মতৈক্যের সরকার গঠিত হবে এবং একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল থাকবে। ৩৬ মাসের ক্ষমতা হস্তান্তরের সময় এই ব্যবস্থা কাজ করবে। 
জাতিসংঘ স্বীকৃত পশ্চিম লিবিয়ার জোটের নেতা আব্দুলহামিদ প্রধানমন্ত্রী হবেন এবং পূর্ব লিবিয়ার লিবিয়ান ন্যাশনাল আর্মির ডেপুটি কম্যান্ডার সাদ্দাম হাফতার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হবেন। 

গতমাসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির রওয়ালপিন্ডিতে হাফতারের সঙ্গে বৈঠক করেছেন। তারপর হাফতার ওয়াশিংটন গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছিলেন। 

বিশ্লেষকরা মনে করেন, লিবিয়াতে মূল মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, আমিরাত, তুরস্ক ও মিশর। ইসলামাবাদ লিবিয়ার দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ভূরাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইনফর্মমি-র ডিরেক্টর তারেক মেগেরিসি সাবধান করে দিয়ে বলেছেন, রাওয়ান্ডা ও ডিআর কঙ্গোতে শান্তিচুক্তি কয়েকমাসের মধ্যে ভেঙে পড়ে। এই বিষয়টি মাথায় রাখা দরকার।

জিএইচ/এসজি (রয়টার্স)

https://p.dw.com/p/5GgWO
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে এনসিপি-র সমাবেশে বিস্ফোরণ, আহত চার
৭ জুলাই ২০২৬

বাংলাদেশে এনসিপি-র সমাবেশে বিস্ফোরণ, আহত চার

এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপি-র সমাবেশে বিস্ফোরণ যখন হয়, তখন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। ছবি: DW

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে এ বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। প্রশাসনের সহায়তায় সমাবেশে এই ককটেল হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) ও ইমরান হোসেন। তাঁদের তাৎক্ষণিকভাবে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পরে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ করছেন দলটির নেতা-কর্মীরা।

এনসিপির নেতা–কর্মীরা জানান, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার সাভারে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ডে জড়ো হন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। পরে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি প্রায় এক কিলোমিটার দূরে তারাপুর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। 

এনসিপির নেতা-কর্মীরা জানান, রাত পৌনে ১০টার দিকে নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে মঞ্চের সামনের দিকে উপস্থিত লোকজনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে অন্তত চারজনকে সমাবেশস্থলের পাশেই বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জিএইচ/এসজি(প্রথম আলো)

বিশেষ সাক্ষাৎকার: নাহিদ ইসলাম

https://p.dw.com/p/5GgV5
স্কিপ নেক্সট সেকশন পশ্চিমবঙ্গে বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার
৭ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার

কলকাতায় ধর্ষণ-বিরোধী প্রতিবাদের অঙ্গ হিসাবে রাস্তায় লেখা হয়েছে।
বারুইপুর কাণ্ডে কিসোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ছবি: Satyajit Shaw/DW

পশ্চিমবঙ্গের বারুইপুরে ১২ বছরের কিশোরীর মৃত্যুর তদন্তে নেমে প্রধান অভিযুক্ত হিসাবে আনন্দ সর্দারকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু স্থানীয় বাসিন্দা, সংগঠন ও বিরোধীরা অভিযোগ করেছেন, এই আনন্দ সর্দারকে রোববার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর আনন্দ সর্দার বেরিয়ে য়ায়। স্থানীয় মানুষের প্রশ্ন, কেন তখন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 

স্থানীয় বাসিন্দা ইমদাদুল্লা সর্দার ডিডাব্লিউকে জানিয়েছেন, ''যাদের আমরা ধরেছিলাম, তারা স্বীকারও করেছিল। তারা নিজেরাই দাঁড়িয়ে থেকে বডি উদ্ধার করিয়ে দিয়েছে। তারপরেও আমরা দুই আড়াই ঘণ্টা পুলিশের কোনো সহযোগিতা পাইনি বাকিদের ধরার ক্ষেত্রে।'' 

আরেক স্থানীয় বাসিন্দা ডিডাব্লিউকে বলেছেন, ''পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করেনি।'' 

জাতীয় মহিলা কমিশন বারুইপুর নিয়ে রিপোর্ট চেয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে তারা জানতে চেয়েছে, সরকার কী ব্যবস্থা নিয়েছে, গণপিটুনিতে মৃত্যু নিয়েও তারা জানতে চেয়েছে। 

জিএইচ/এসজি(এএনআই, আনন্দবাজার)

https://p.dw.com/p/5GgV4
স্কিপ নেক্সট সেকশন হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
৭ জুলাই ২০২৬

হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফটছবি: CFOTO/picture alliance

মাইক্রোসফটের গেমিং ডিভিশনে এই কর্মী ছাঁটাই হবে বলে সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন। গেমিং সেকশন ভালো কাজ করছে না বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এআই দিয়ে ওই জায়গা পূরণ করা হবে না। 

সব মিলিয়ে চার হাজার ৮০০ জন কর্মীকে ছেঁটে ফেলা হবে বলে মাইক্রোসফট জানিয়েছে। এরমধ্যে তিন হাজার ২০০ কর্মী গেমিং সেকশনের। 

মাইক্রোসফটের ভিপি জানিয়েছেন, তাদের ব্যবসার মডেল বদলাচ্ছে কারণ গোটা বিশ্বের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। সে কারণেই এই সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছেন। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5GgTz
স্কিপ নেক্সট সেকশন হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে আগুন
প্রকাশিত ৭ জুলাই ২০২৬শেষ আপডেট ৭ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে আগুন

হরমুজ প্রণালীতে এখনো আটকে জাহাজ
হরমুজ প্রণালীতে এখনো আটকে জাহাজছবি: REUTERS

একটি প্রজেক্টাইল এসে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। এরপর ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। ওমানের বন্দরের কাছে এই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে। যুক্তরাজ্য এই তথ্য দিয়েছে। 

অ্যামেরিকা দাবি করেছে, ইরানের রেভেলিউশনারি গার্ড দুইটি বেসামরিক জাহাজে আক্রমণ চালিয়েছে। তবে ইরানের তরফে এখনো এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। 

ইরান ও অ্যামেরিকার মধ্যে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এই চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিও ছিল। কিন্তু প্রায় প্রতিদিনই চুক্তি ভেঙে দুই দেশই আক্রমণ চালাচ্ছে। তার প্রভাব পড়ছে হরমুজ প্রণালীতেও। আগুন লেগে যাওয়ায় তেলের ট্যাঙ্কারটি ওমানেই আটকে পড়েছে বলে যুক্তরাজ্য জানিয়েছে। এর আগেও হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজের উপর আক্রমণ চালানো হয়েছিল। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5GgTt
স্কিপ নেক্সট সেকশন শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে নিহত ২৫
প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ৬ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে নিহত ২৫

নেগোম্বো কারাগারের সামনে শ্রীলঙ্কার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যরা
কর্মকর্তারা জানান, গতকাল রোববার কারাগারের ভেতরে সাজাপ্রাপ্ত অপরাধী এবং বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপের অপেক্ষায় থাকা বন্দিদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়৷ছবি: Ishara S. Kodikara/AFP

শ্রীলঙ্কার নেগোম্বোর এক কারাগারে বন্দিদের মধ্যে সহিংস সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন৷
রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২০ মাইল) উত্তরের উপকূলীয় শহর নেগোম্বোয় প্রায় এক লাখ ৩৭ হাজার মানুষের বসবাস৷

আজ সোমবার কর্মকর্তারা জানান, গতকাল রোববার কারাগারের ভেতরে সাজাপ্রাপ্ত অপরাধী এবং বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপের অপেক্ষায় থাকা বন্দিদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষের প্রকৃত কারণ এবং নিহত বা আহতদের মধ্যে কোনো নিরাপত্তা কর্মী আছেন কি না তা এখনো জানা যায়নি৷
স্থানীয় গণমাধ্যমে আহত বন্দিদের বাসে করে বের করে আনার দৃশ্য দেখানো হয়েছে৷ বাসগুলো আহতদের নিয়ে স্থানীয় হাসপাতালে গেছে৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5GfK9
স্কিপ নেক্সট সেকশন খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ৩: পুলিশ
প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ৩: পুলিশ


খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতি (জেএসএস-মূল)-এর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷
আজ সোমবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে৷
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে৷ এতে তিনজন নিহত হয়েছেন৷
তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) কোনো বক্তব্য পাওয়া যায়নি৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

বাংলাদেশের পাহাড়ে এখনো অবিশ্বাস আর অসন্তোষ

https://p.dw.com/p/5GfDY
স্কিপ নেক্সট সেকশন গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্ত
প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ৬ জুলাই ২০২৬

গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্ত

গত ২৪ জুন গাজা শহরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েল৷  (ফাইল ফটো)
হামাসের এই ঘোষণার ফলে গাজায় বেসামরিক শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞভিত্তিক কমিটি গঠনের পথ প্রশস্ত হলো৷ছবি: Dawoud Abu Alkas/REUTERS

গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস৷ আজ সোমবার এ ঘোষণা দিয়েছে তারা৷
এর ফলে গাজায় বেসামরিক শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞভিত্তিক কমিটি গঠনের পথ প্রশস্ত হলো৷
হামাসের সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘সরকারের জরুরি বিষয়ক কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন৷’’ তিনি আরো বলেন, ‘‘গাজা প্রশাসন বিষয়ক জাতীয় কমিটির (এনসিএজি) কাছে প্রশাসনিক ও সরকারি দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে কমিটিটি বিলুপ্ত করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি৷’’
ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করার সময় কায়রোভিত্তিক সংগঠন এনসিএজি গঠন করেন৷ এর আগে হামাসের এক কর্মকর্তা জানিয়েছিলেন, কায়রোয় অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে সংগঠনটি ফিলিস্তিনের অন্য দলগুলোকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

এসিবি/ জেডএইচ (এএফপি)

https://p.dw.com/p/5Gf0S
স্কিপ নেক্সট সেকশন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ধসে পড়া ভবনে চাপা পড়ে ৬ জনের মৃত্যু
প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ৬ জুলাই ২০২৬

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ধসে পড়া ভবনে চাপা পড়ে ৬ জনের মৃত্যু

মুম্বইয়ের রাস্তায় ভেঙে পড়েছে গাছ
রোববার মুম্বইয়ের মানখুর্দ এলাকায় একটি বস্তির দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ায় পাঁচ শিশু ও এক নারী নিহত হন৷ছবি: AP Photo/Rafiq Maqbool

ভারতের মুম্বই শহরের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের সময় কয়েকটি ভবন ধসে পড়লে ভবনগুলোর নীচে চাপা পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়৷ নিহতদের মধ্যে পাঁচজনই শিশু৷
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের (৩.৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে৷ কোনো কোনো এলাকায় ১৬১ মিলিমিটার (৬.৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে৷
ভারী বৃষ্টির কারণে শহরের যোগাযোগ-ব্যবস্থা ব্যাহত হয়ে যাওয়ায় মুম্বইয়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়৷ এমন পরিস্থিতিতেই গতকাল রোববার প্রাণহানির এ ঘটনা ঘটলো৷
নগর কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার মুম্বইয়ের মানখুর্দ এলাকায় একটি বস্তির দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ায় পাঁচ শিশু ও এক নারী নিহত হন৷
ভারী বৃষ্টির কারণে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতেও ভূমিধসের ঘটনা ঘটে৷ রাস্তাটি বন্ধ করে দেয়ায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হয়৷
বৃষ্টির কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে৷ মুম্বই-পুনে দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5GdPw
স্কিপ নেক্সট সেকশন ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি
৬ জুলাই ২০২৬

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

বেনাপোলের ফাইল ফটো
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী৷ তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়৷ছবি: BM Ahmed

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি৷ গতকাল রোববার রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে৷ পরে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরেন৷
তখন দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী৷ তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

সীমান্তে কথিত বাংলাদেশিদের হস্তান্তরের খবরে বিজিবি যা বলছে

https://p.dw.com/p/5Gcxy
আরো পোস্ট দেখান