ট্রাম্প আশাবাদী, তবে ইরান এখনো কিছু বলেনি
প্রকাশিত ৪ মে ২০২৬শেষ আপডেট ৭ মে ২০২৬
আপনার যা জানা দরকার
- ট্রাম্প আশাবাদী, তবে ইরান এখনো কিছু বলেনি
- আপ্তসহায়ক খুনে রাজনীতির যোগ থাকতে পারে: শুভেন্দু
- জার্মানিতে উগ্র ডানপন্থি যুব গোষ্ঠীবিরোধী অভিযান
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪-দফার শান্তি চুক্তি নিয়ে আলোচনা
ট্রাম্প আশাবাদী, তবে ইরান এখনো কিছু বলেনি
ইরানের সঙ্গে শান্তি আলোচনা সফল হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেছেন, ''আমাদের সঙ্গে ইরানের গত ২৪ ঘণ্টায় খুব ভালো আলোচনা হয়েছে। সম্ভবত আমরা চুক্তি করতে পারব।''
পরে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, খুব তাড়াতাড়ি চুক্তি হয়ে যাবে। ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, ''যদি মার্কিন দাবি মেনে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করে এবং হরমুজ খুলে না দেয়, তাহলে তাদের উপর আবার বোমা হামলা হবে। আর সেটা হবে আরো বড় আকারে এবং আরো ভয়ংকরভাবে।''
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, অ্যামেরিকার প্রস্তাব নিয়ে তারা পর্যালোচনা করছেন। নিজেদের মতামত তারা পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়ে দেবেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
আপ্তসহায়ক খুনে রাজনীতির যোগ থাকতে পারে: শুভেন্দু
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার পিএ বা আপ্তসহায়াক চন্দ্রনাথ রথকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর জন্য বেশ কয়েকদিন ধরে রেইকি করা হয়েছিল। শুভেন্দু বলেছেন, চন্দ্রনাথকে খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে এনিয়ে তিনি আর কিছু বলতে চাননি।
শুভেন্দু বলেছেন, পুলিশ তাকে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে তারা অনেক তথ্য পেয়েছে। পুলিশের উপর তার ভরসা আছে এবং দোষীরা দ্রুত ধরা পড়বে বলে পুলিশ তাকে জানিয়েছে।
দলের কর্মীদের শুভেন্দু বলেছেন, তারা যেন আইন নিজের হাতে তুলে না নেন। শান্তি বজায় রাখেন। তিনি দাবি করেছেন, বুধবার বিজেপি কর্মীদের উপর খড়দহে বোমা মারা হয়েছে, বরাহনগরে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে এবং বসিরহাটে গুলি চালানো হয়েছে।
জিএইচ/এসজি(শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন)
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪-দফার শান্তি চুক্তি নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাক্সিওস-এর এক প্রতিবেদন বলছে, হোয়াইট হাউস মনে করছে যুদ্ধ অবসানের জন্য ইরানের সঙ্গে চলমান আলোচনা চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি পৌঁছে গেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওস দাবি করে, এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) তৈরির কাজ চলছে৷ ৪৮ ঘণ্টার মধ্যে এর মূল বিষয়গুলোতে ইরানের কাছ থেকে সাড়া প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র৷
অ্যাক্সিওসের সূত্রের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি চুক্তি সম্পাদনের জন্য দুই পক্ষ এ পর্যন্ত যতগুলো প্রয়াস চালিয়েছে বর্তমান প্রচেষ্টা তার মধ্যে লক্ষ্য পুরণের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে৷
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ১৪-দফার এমওইউ-টি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা করবে৷ ৩০ দিনের একটি সমঝোতা আলোচনা শুরুর কথাও থাকবে সেখানে৷ সেই আলোচনার সময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে শুরু করবে- এমন প্রত্যাশার কথাও থাকবে সমঝোতা স্মারকে৷
প্রতিবেদনে আরো বলা হয়, এমওইউ-তে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের ওপর স্থগিতাদেশেরও উল্লেখ রয়েছে৷ বিশেষ সূত্রকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, এই স্থগিতাদেশ কমপক্ষে ১২ বছর স্থায়ী হবে এবং তার পরে ইরান স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে৷ প্রতিবেদন অনুযায়ী, ইরান জাতিসংঘকে পরিদর্শন করতে দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে৷ এছাড়া ইরানের ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলার কথাও বলা হয়েছে অ্যাক্সিওসের প্রতিবেদনে৷
ডিডাব্লিউ অ্যাক্সিওসের প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি৷ তবে রয়টার্স পরে পাকিস্তানের এক সূত্রকে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করেছে৷ সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘‘খুব শীঘ্রই এটি চূড়ান্ত করবো৷ আমরা খুব কাছাকাছি চলে এসেছি৷’’
এসিবি/ জেডএইচ (অ্যাক্সিওস, রয়টার্স)
জার্মানিতে উগ্র ডানপন্থি যুব গোষ্ঠীবিরোধী অভিযান
আজ বুধবার সকালে দুটি কট্টর-ডানপন্থি যুব গোষ্ঠীর ৩৬ জন সন্দেহভাজন সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ জার্মানির ফেডারেল পাবলিক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেছেন৷
তিনি জানান, জার্মান ইয়ুথ ফরওয়ার্ডস (ডয়েচে ইয়ুগেন্ড ফোরান, সংক্ষেপে ডিজেভি) এবং ইয়ং অ্যান্ড স্ট্রং (ইয়ুং উন্ড স্টার্ক, সংক্ষেপে জেএস) নামের যে দুটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়, তাদের বিরুদ্ধে অপরাধী সংগঠন গঠনের অভিযোগের তদন্ত চলছে৷
বুধবার জার্মানির ১২টি ফেডারেল রাজ্যের প্রায় ৫০টি স্থানে অভিযানটি চালানো হয় এবং এতে ৬০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা অংশ নেন৷
তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজনদের অধিকাংশই কিশোর ও অল্প বয়সি তরুণ৷ তাদের মধ্যে কয়েকজনকে অতীতে সহিংস আচরণ করতেও দেখা গেছে৷ এক বিবৃতিতে বলা হয়, ‘‘অভিযুক্তদের মধ্যে কয়েকজন বামপন্থি অথবা যাদের তারা শিশুকামী মনে করতো, তাদের ওপর হামলা চালিয়েছিল বলে জানা গেছে৷ প্রতিটি ঘটনাতেই, ভুক্তভোগীদের একাধিক হামলাকারী মারধর করে এবং তারা গুরুতরভাবে আহত হয়৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
ইরান যুদ্ধ শুরুর আড়াই মাস পর বাংলাদেশে আবার তেলবাহী জাহাজ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সরবরাহ সংকটের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)-এর নতুন চালান৷
আজ বুধবার দুপুরে প্রায় এক লাখ টন তেল নিয়ে ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায় বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে বলেন, জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবদিয়া আউটার অ্যাংকারেজে নোঙর করেছে৷
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-র তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার সিংহভাগ (প্রায় ৭৫-৮০ শতাংশ) সরাসরি পরিশোধিত তেল আমদানির মাধ্যমে মেটানো হয়৷ বাকি ২০-২৫ শতাংশ চাহিদা পূরণ হয় আমদানি করা অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে৷ বছরে গড়ে ১৫ থেকে ১৬ লাখ টন ক্রুড অয়েল এখানে পরিশোধন করা হয়৷
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সরবরাহ বিঘ্নে পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ব্যবস্থাপনায় যে চাপ তৈরি হয়েছিল, নতুন এই চালান আসায় তা অনেকটাই কেটে যাবে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
আমার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে : রুনা লায়লা
মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা এখন দিল্লিতে৷ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পরই হঠাৎ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর৷ তবে খবরটি যে গুজব তা নিশ্চিত করেছেন স্বয়ং রুনা লায়লা৷
দিল্লি থেকে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে তিনি জানান, পরপর বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ হয়েছেন৷ তিনি বলেন, ‘‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে৷ সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না৷
বাংলাদেশ, অ্যামেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান—সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন৷ এটা সত্যিই অবাক করার মতো বিষয়৷’’
এ ধরনের গুজব ছড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা আরো বলেন, এমন ভুয়া খবর শুধু ব্যক্তিগতভাবে নয়, পরিবারের জন্যও মানসিকভাবে কষ্টদায়ক হয়ে ওঠে৷ তার মতে, অতীতেও একাধিক তারকার বিষয়ে একই ধরনের গুজব ছড়িয়েছে, যা একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে৷ তিনি এসব গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন৷
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন৷ তিনি লেখেন, ‘‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে৷ আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি৷’’ পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়৷
রুনা লায়লা আরও বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ৷ তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি৷ একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী৷ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ফলপ্রকাশের পরই রাজনৈতিক সহিংসতা শুরু, মৃত চার
ভোটের আগে বা ভোটগ্রহণের দিন পশ্চিমবঙ্গে সহিংসতা হয়নি, কিন্তু ভোটপর্ব মেটার পরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সহিংসতার অভিযোগ আসছে। সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষ থামাতে গিয়ে থানার ওসি ও দুই কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করছে। ভোটের দিন তৃণমূলের বুথ এজেন্টকে কলকাতার বেলেঘাটায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ।
নিউ টাউনে এক বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ। হাওড়ার উদয়নায়ারণপুরে এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, নিউ মার্কেটে বিজেপি কর্মীরা বুলডোজার নিয়ে পৌঁছে যায়। তারা একটি মাংসের দোকান ভেঙে দিতে যায়। আসানসোলে বেশ কয়েকটি তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, আগুন লাগানো, গেরুয়া রং করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রূপনারায়ণপুর টোল প্লাজ়া, কুমারপুর, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি এবং বার্ণপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে হাঙ্গামার অভিযোগ উঠেছে।
ভোটের ফলপ্রকাশের পর সন্দেশখালির ন্যাজাটে দুই দলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তৃণমূলের অভিযোগ, জেলায় জেলায় তাদের একের পর এক অফিস দখল করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে।
ভোটের আগেই জানানো হয়েছিল, আগামী দুই মাস কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে। তাদের থাকা অবস্থাতেই পশ্চিমবঙ্গে ভোট মিটতেই সহিংসতা শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
জিএইচ/এসজি(আনন্দবাজার, টিভি৯)
ইরানের সঙ্গে চুক্তির জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির স্বার্থে প্রোজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হলো। এই প্রজেক্ট ফ্রিডম হলো, হরমুজ থেকে জাহাজগুলিকে বাইরে নিয়ে আসা।
সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, ''পাকিস্তান এবং অন্য কয়েকটি দেশ এই অনুরোধ করেছিল। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে অভূতপূর্ব সাফল্য এসেছে। এখন চূড়ান্ত ও সামগ্রিক চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষের সম্মতিতে সাময়িকভাবে প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য স্থগিত রাখা হলো। তবে ব্লকেড চলবে। এই অল্প সময়ে দেখা হবে চুক্তি চূড়ান্ত করে তাতে সই হচ্ছে কিনা।''
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, লাভরভই ফোন করেছিলেন। সেখানে ইউক্রেন ও ইরান সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
এখনো ইস্তফা দেননি মমতা
ভোটে হারার পরেও ইস্তফা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছেন, ‘‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন উঠছে কেন?’’ মমতা বলেছেন, ‘‘ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকে। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’’
তৃণমূল নেত্রী দাবি করেছেন, দলের নির্বাচিত নেতারা তৃণমূলের সঙ্গে আছেন। তিনি এবার রাস্তায় নামবেন, রাস্তাতেই থাকবেন। এভাবেই তিনি ঘুরে দাঁড়াবেন।
সাধারণত, হেরে গেলে মুখ্যমন্ত্রী রীাতি মেনে রাজ্যপালের কাছে ইস্তফা দেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সেই রীতি মেনে ইস্তফা দেননি।
বিজেপি কবে সরকার গঠন করবে, কে মুখ্যমন্ত্রী হবেন, সে কথা জানায়নি। বর্তমান সরকারের মেয়াদ ৭ মে শেষ হচ্ছে। মমতা ইস্তফা না দিলেও ৮ তারিখ বা তারপর নতুন মুখ্য়মন্ত্রী শপথ নিতে পারবেন।
আইনজীবী মহেশ জেঠমালানি এনডিটিভিকে বলেছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় ক্ষমার অযোগ্য কাজ করছেন। তিনি গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছেন। তিনি ইস্তফা না দিলে রাজ্যপাল তাকে ডিসমিস করতে পারেন।
জিএইচ/এসজি(মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সাংবাদিক সম্মেলন)
তামিলনাড়ুতে বিজয়কেই সমর্থনের পথে কংগ্রেস
তামিলনাড়ুতে তারকা রাজনীতিক বিজয়ের টিভিকে-কে সমর্থন করতে চলেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানিয়েছেন, তামিলনাড়ুতে সরকার গঠন করার জন্য বিজয় কংগ্রেসের সমর্থন চেয়েছেন । কংগ্রেস মনে করে, তামিলনাড়ুতে মানুষ ধর্মনিরপেক্ষ সরকার গঠনের পক্ষে রায় দিয়েছে। তাই বিজেপি ও তার প্রক্সি দলগুলি যাতে কোনোভাবে সরকার পরিচালনা না করতে পারে, তা কংগ্রেস নিশ্চিত করবে। কংগ্রেস নেতৃত্ব তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিয়েছে, বিজয়ের অনুরোধ নিয়ে তারা যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এরপর গভীর রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি দলের গুরুত্বপূর্ণ নেতা ও জয়ী বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। কংগ্রেস নেতারা জানিয়েছেন, বিজয়কে সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। আর ডিএমকে মুখপাত্র বলেছেন, কংগ্রেস তাদের পিছন থেকে ছুরি মারলো।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের টিভিকে জিতেছে ১০৮টি আসন। কংগ্রেস জিতেছে পাঁচটি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজয়ের আরো পাঁচ বিধায়কের সমর্থন চাই। তারা এই অবস্থায় সিপিএমের দুইজন, সিপিআইয়ের দুইজন এবং ভিসিকের দুই বিধায়কের সমর্থন পাবেন বলে আশা করছেন।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)
নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ মিডিয়ার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানিয়েছেন, বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ আকুয়া বাইপাস এলাকায় র্যাবের ব্যাটালিয়ন সদরে প্রেসব্রিফিং করা হবে।
স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।
সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। পরে গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আসামি মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জিএইচ/এসজি(প্রথম আলো)
পুলিৎজার জিতলেন ভারতের তিন সাংবাদিক
সচিত্র প্রতিবেদন ও সংবাদভাষ্য বিভাগে যৌথভাবে পুলিৎজার পুরস্কার জিতেছেন ভারতের সাংবাদিক আনন্দ আরকে, সুপর্ণা শর্মা এবং ব্লুমবার্গের নাটালি ওবিকো পিয়ারসন৷
ব্লুমবার্গে প্রকাশিত ডিজিটাল নভেল ‘ট্র্যাপড’ (trAPPed)-এর জন্য এ স্বীকৃতি পেয়েছেন তারা৷
তিনজনের যৌথ উদ্যোগ ট্র্যাপড সম্পর্কে পুলিৎজারের ওয়েবসাইটে লেখা হয়, ‘‘এটি ভারতে একজন নিউরোলজিস্টের নিজের ফোনের মাধ্যমে ‘ডিজিটাল গ্রেপ্তার’ হওয়ার এক রোমাঞ্চকর বিবরণ৷ এখানে ছবি ও শব্দ ব্যবহার করে নজরদারি এবং ডিজিটাল কেলেঙ্কারির ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করা হয়েছে৷’’
ভারতের আরেক সাংবাদিক অনিরুদ্ধ ঘোষাল পুলিৎজার জিতেছেন আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে৷ বার্তা সংস্থা এপির জন্য গণ নজরদারির অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি৷ মোট চারজনকে পুরস্কৃত করা হয় এই বিভাগে৷
এক্স-এ লেখা এক পোস্টে অনিরুদ্ধ বলেন, ‘‘এপি-র অন্য অনেক প্রতিবেদনের মতো এটাও সত্যিকারের এক দলগত প্রচেষ্টা৷ এর অংশ হতে পেরে আমি সম্মানিত৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, অজ্ঞাত স্থান থেকে অভিযু্ক্তের ভিডিও বক্তব্য প্রচার
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ তবে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের প্রচার করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন৷
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক আখতারুজ্জামান মুঠোফোনে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, শিশুটিকে একটি ক্লিনিকে পরীক্ষা–নিরীক্ষা করার পর অন্তঃসত্ত্বার বিষয়টি পরিবার নিশ্চিত হয়ে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা করে৷ তারপর পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে জেলা হাসপাতালেও পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷ আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে৷
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য গতকাল সোমবার রাত তিনটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং তা অব্যাহত আছে৷ আশা করা যাচ্ছে, আসামিকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবে৷
এদিকে মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার আসামির আত্মপক্ষ সমর্থনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে৷ ৫ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, অসুস্থতার জন্য তিনি কথা বলতে পারছেন না৷ তারপরও বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছেন৷
দেশের আইন ও বিচারের প্রতি শ্রদ্ধাশীল আছেন দাবি করে ওই শিক্ষক বলেন, তাকে নিয়ে অপপ্রচার চলছে, অপবাদ দেওয়া হচ্ছে৷ মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন৷ তার দাবি, তিনিও চান, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক৷ তিনি বলেন, ‘‘দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে, তাকে খুঁজে বের করবে৷ আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে৷’’
স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন৷ শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত৷ শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন৷
গতকাল সোমবার শিশুটির মা মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, ‘‘আমাকে আমার স্বামী ছেড়ে চলে গেছে৷ ছোট তিন ছেলে ও এক মেয়ে লইয়া খুব কষ্ট করি৷ জীবিকার তাগিদে সিলেটে মানুষের বাসায় কাম করি৷ মেয়েডারে আমার বাপের বাড়িতে রাইখ্যা কষ্ট কইরা মাদ্রাসায় লেখাপড়া করাতে দিছিলাম৷ কিন্তু হুজুর আমার এই শিশু বাচ্চাটার সঙ্গে এমন পিশাচের মতো কাজ করতে পারলো, আমি কোনো দিন স্বপ্নেও ভাবিছিলাম না৷ এই ঘটনায় আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷’’
চিকিৎসককে হুমকি, হয়রানি
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা চিকিৎসক সাইমা আক্তারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে৷ মুঠোফোনে বিভিন্ন হুমকি পাচ্ছেন৷
আজ দুপুর ১২টার দিকে সায়মার মুঠোফোন কল করা হলে ধরেন তার স্বামী মো. আসিফুল ইসলাম৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘‘গত দুই দিন আগে এ বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাইমা বক্তব্য দেওয়ার পর থেকে তাঁকে নানাভাবে হ্যারাসমেন্ট (হয়রানি) করা হচ্ছে৷ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন৷ জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে৷ সায়মা এবং আমি এখন ট্রমাট্রাইজ অবস্থায় আছি৷ সায়মার চিকিৎসক–সংক্রান্ত বিভিন্ন সার্টিফিকেট কাগজপত্র চাওয়া হচ্ছে, ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে, তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে৷ এ বিষয় নিয়ে আমরা এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি৷’’
গত বৃহস্পতিবার মামলা হলেও এখনো আসামিকে গ্রেপ্তার করতে না পারার বিষয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি নিয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছে৷ এ ঘটনা জানার পর পুলিশ উদ্যোগী হয়ে মেয়েটির মাকে সিলেট থেকে আনে এবং থানায় মামলা করা হয়৷ কিন্তু এর আগেই অভিযুক্ত শিক্ষক পরিবার নিয়ে পালিয়ে যান৷ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
জার্মানির লাইপসিশে গাড়িচাপায় ২ জন নিহত
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপসিশের প্রাণকেন্দ্রে সোমবার দ্রুত গতিতে ছুটে আসে একটি ফল্কসভাগেন টাইগো৷ ভিড়ে ঢুকে পড়লে গাড়ির নীচে চাপা পড়ে মারা যান দুই জন, আহত হন অন্তত ২০ জন৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷
ঘটনার পর চালককে আটক করা হয়৷ পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ৩৩ বছর বয়সি এক জার্মান নাগরিক৷ তিনি লাইপসিশেরই বাসিন্দা৷ তাকে গ্রেপ্তারের পর ‘‘বর্তমানে তার দিক থেকে আর কোনো বিপদ নেই’’ বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ৷
স্যাক্সনি রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘বেপরোয়া তাণ্ডব’ হিসেবে বর্ণনা করেছে৷
নিহত দুজনের একজন ৬৩ বছর বয়সি নারী এবং একজন অন্যজন ৭৭ বছর বয়সি পুরুষ৷ দুজনই জার্মান নাগরিক৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হচ্ছে, তৃণমূল পিছিয়ে
ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টির গণনা শেষ হয়েছে৷
বিজেপি ১১৮টি আসনে এগিয়ে এবং ৮৬টিতে জয় নিশ্চিত করেছে৷
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৪৬টি আসনে, জয় নিশ্চিত ৩৭টিতে৷
সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন৷ বর্তমান প্রবণতা অনুযায়ী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে৷
এসএসজি/জেডএইচ