1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় মুখোমুখি বৈঠকে ইসরায়েল, লেবানন

শময়িতা চক্রবর্তী এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ
প্রকাশিত ১৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৫ এপ্রিল ২০২৬

অ্যামেরিকায় মুখোমুখি বৈঠকে ইসরায়েল, লেবানন, আন্দামান সাগরে নৌকাডুবি, অন্তত ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজ, যুদ্ধপরিস্থিতিতে ৩০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ, ফের বৈঠকে বসতে পারে আমেরিকা ও ইরান ... আরো খবর এখানে।

https://p.dw.com/p/5C4Qc
ওয়াশিংটনে অ্যামেরিকা, লেবানন এবং ইসরায়েলের নেতৃত্বের।
বৈঠক শেষে রুবিও জানিয়েছেন, 'আশার কথা এই ইয়ে আমরা আজকের পরে শান্তি স্থাপনের রূপরেখা তৈরি করতে পারব।' ছবি: Jacquelyn Martin/AP Photo/dpa/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • অ্যামেরিকায় মুখোমুখি বৈঠকে ইসরায়েল, লেবানন
  • আন্দামান সাগরে নৌকাডুবি, অন্তত ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজ
  • ফের বৈঠকে বসতে পারে আমেরিকা ও ইরান, ইঙ্গিত ট্রাম্পের 
  • যুদ্ধপরিস্থিতিতে ৩০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ 
  • লেবানন-ইসরায়েল শান্তি আলোচনার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
  • পীর শামীম হত্যা: জামায়াতের রোকনসহ ৪ জনের নামে মামলা
  • ইরানের জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন ট্রাম্প 
  • ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
  • কয়লাচুরির মামলায় আইপ্যাক কর্তাকে গ্রেপ্তার করল ইডি 
স্কিপ নেক্সট সেকশন আন্দামান সাগরে নৌকাডুবি, অন্তত ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজ
প্রকাশিত ১৫ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৫ এপ্রিল ২০২৬

আন্দামান সাগরে নৌকাডুবি, অন্তত ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজ

আন্দামান সাগরে নৌকাডুবিতে অন্তত ২৫০ নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন৷ নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক নাগরিকরা আছেন বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে৷

এ ঘটনায় আজ মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে৷

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল৷

প্রচণ্ড বাতাস, উত্তাল সাগর ও অতিরিক্ত যাত্রীর কারণে এটি ডুবে যায়৷

যৌথ বিবৃতিতে বলা হয়, এই দুর্ঘটনা রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি৷

সংস্থা দুটি বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের নিরাপদে বাড়ি ফেরার আশা ম্লান করে দিয়েছে৷ অন্যদিকে, মানবিক সহায়তা কমে যাচ্ছে৷ বাংলাদেশের ক্যাম্পে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, সেখানে শিক্ষা ও কর্মসংস্থানের অভাবও রয়েছে৷

বিবৃতিতে বলা হয়, এসব কারণে মানুষ নিরাপত্তা ও সুযোগের আশায় বিপজ্জনক সমুদ্রযাত্রা বেছে নিচ্ছে৷ বিদেশে ভালো বেতনের আশা ও পাচারকারীদের ভুল তথ্যে মানুষ বিভ্রান্ত হয়ে ঝুঁকি নিচ্ছে৷

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়ে আইওএম ও ইউএনএইচসিআর বলছে, এ মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান করা জরুরি৷ একই সঙ্গে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেন রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে৷

সম্মিলিত উদ্যোগ ছাড়া এমন ভয়ংকর সমুদ্রযাত্রায় আরো অনেক প্রাণ অকালে হারিয়ে যাবে বলেও মন্তব্য করেছে জাতিসংঘের এই দুই সংস্থা৷

এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
 

https://p.dw.com/p/5CBK3
স্কিপ নেক্সট সেকশন অ্যামেরিকায় মুখোমুখি বৈঠকে ইসরায়েল, লেবানন
১৫ এপ্রিল ২০২৬

অ্যামেরিকায় মুখোমুখি বৈঠকে ইসরায়েল, লেবানন

ওয়াশিংটনে অ্যামেরিকা, লেবানন এবং ইসরায়েলের নেতৃত্বের।
বৈঠক শেষে রুবিও জানিয়েছেন, 'আশার কথা এই ইয়ে আমরা আজকের পরে শান্তি স্থাপনের রূপরেখা তৈরি করতে পারব।' ছবি: Jacquelyn Martin/AP Photo/dpa/picture alliance

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় মঙ্গলবার অ্যামেরিকায় বৈঠকে বসলেন ইসরায়েল এবং লেবাননের নেতৃত্ব। বৈঠকের পরে দুই দেশই জানিয়েছে তাদের বৈঠক সদর্থক হয়েছে। দীর্ঘ প্রায় ৭৭ বছর পর মুখোমুখি আলোচনায় বসল এই দুই দেশ। সেই কারণে এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 

অ্যামেরিকায় ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার বলেন, "আজ আমরা জানোতে পারলাম আমরা দুই পক্ষ একই কথা বলছি। আজকের বৈঠকে এটাই সব থেকে সদর্থক বার্তা।"  

লাইটার বলেন, দুই পক্ষই হেজবোল্লাকে পরাস্ত করতে চান। 

অন্যদিকে, লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোওয়াওয়াদ জানিয়েছেন, এদিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, বৈঠকে তারা যুদ্ধবিরতির দাবি করেছেন। একই সঙ্গে বাস্তুচ্যূত লেবাননবাসীদের ঘরে ফেরা নিশ্চিত করতেও উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি। লেবাননের সব অঞ্চলের সার্বভৌমত্ব মেনে নিতে হবে বলেও জানান তিনি। 

অ্যামেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষই নিজেদের মধ্যে আলোচনা করতে রাজি হয়ছে। 

এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5CBCK
স্কিপ নেক্সট সেকশন ফের বৈঠকে বসতে পারে অ্যামেরিকা ও ইরান, ইঙ্গিত ট্রাম্পের
প্রকাশিত ১৫ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৫ এপ্রিল ২০২৬

ফের বৈঠকে বসতে পারে অ্যামেরিকা ও ইরান, ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিছুদিনের মধ্যের ফের বৈঠকে বসতে পারে ইরান এবং অ্যামেরিকা। পাকিস্তান সূত্রে নিউ ইয়র্ক পোস্টের এক সাংবাদিককে ট্রাম্প বলেন, "আপনাদের ওই দেশে অপেক্ষা করা উচিত কারণ আমরা আর দুই/তিন দিনের মধ্যেই ওখানে যেতে পারি।" 

এর আগে ইসলামাবাদে ইরান এবং অ্যামেরিকার আলোচনা ব্যর্থ হয়েছিলো। পাকিস্তান ফের দুই দেশকে আলোচনায় বসাতে উদ্যোগী হওয়ার কারণে প্রশংসিত হয়েছে। 

মার্কিন আধিকারিরা সংবাদসস্থা এপিকে জানিয়েছেন, তারা ফের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এবং দ্বিতীয় বৈঠক ইসলামাবাদ এবং জেনেভার মধ্যে কোনো একটা শহরে হতে পারে। 

এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5CBBx
স্কিপ নেক্সট সেকশন যুদ্ধপরিস্থিতিতে ৩০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ
১৫ এপ্রিল ২০২৬

যুদ্ধপরিস্থিতিতে ৩০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়েছে তেল, গ্যাস এবং সারের দাম। এই পরিস্থিতি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ। মার্চ থেকে আগামী জুনে বাজেট সহায়তা হিসেবে উন্নয়ন–সহযোগীদের কাছ থেকে এই ঋণ নিতে চায় সরকার। এই নিয়ে আলোচনা করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা।

এই চিঠির সঙ্গে একটি অবস্থানপত্র ও পাঠানো হয়ছে। সেখানে যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি হওয়া চাপ তথ্য দিয়ে তুলে ধরা হয়েছে। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ১৪ কর্মকর্তা ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন সভায় যোগ দিতে গেছেন। এই সভায় বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে বাড়তি ঋণ চাওয়ার কথা রয়েছে। ডি ডাব্লিউ-এর কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে অর্থমন্ত্রী বলেন, তিনি বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন। 

এসসি/ জিএইচ (প্রথম আলো) 
 

https://p.dw.com/p/5CB2d
স্কিপ নেক্সট সেকশন পীর শামীম হত্যা: জামায়াতের রোকনসহ ৪ জনের নামে মামলা
১৪ এপ্রিল ২০২৬

পীর শামীম হত্যা: জামায়াতের রোকনসহ ৪ জনের নামে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফে সংঘবদ্ধ হামলা চালিয়ে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে৷ মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন খাজা আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে৷
গতকাল সোমবার রাতে নিহত শামীমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই হত্যা মামলা করেন৷

মামলায় নাম থাকা অন্য তিন আসামি হলেন—স্থানীয় জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি, খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ (৪৫) ও আবেদের ঘাট এলাকার একটি মাদ্রাসার শিক্ষক সাফি৷ ওই চারজন ছাড়াও মামলায় আরও ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান৷

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন৷
হত্যার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ বলেন, ‘‘যিনি মারা গেছেন, তিনি আমার বংশের বড় ভাই৷ তার ভাইয়ের নির্দেশেই আমি লাশ আনতে গিয়েছিলাম৷ ঘটনার দিন পুলিশের সঙ্গেও আমার একাধিকবার কথা হয়েছে৷ এরপরও আমাকে প্রধান আসামি করা হয়েছে৷ অথচ ওই দিন সেখানে ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন৷ তাদের কারও নাম মামলায় নেই৷’’

মামলায় দলের দুজন নেতা-কর্মীর নাম থাকার বিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন বলেন, ‘মামলায় অনেকের নামই আসতে পারে৷ তবে আমাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন৷ আমরা এই অভিযোগ আইনগতভাবে মোকাবিলা করব৷’’

উল্লেখ্য, গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রথম হামলায় প্রায় ৭০-৮০ জন অংশ নেন৷ ভাঙচুরে সরাসরি অংশ নেন ৭-৮ জন৷ পরে দ্বিতীয় দফায় স্থানীয় একটি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী হামলায় যোগ দেয়৷

পুলিশ সূত্র জানায়, যেসব আইডি ও পেজ থেকে ভিডিও ছড়িয়ে হামলার উসকানি দেওয়া হয়েছিল, সেগুলোর কয়েকটির অ্যাডমিনের পরিচয় শনাক্ত করা হয়েছে৷ এ ছাড়া সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও দেখে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ৷

এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5C9zt
স্কিপ নেক্সট সেকশন লেবানন-ইসরায়েল শান্তি আলোচনার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
১৪ এপ্রিল ২০২৬

লেবানন-ইসরায়েল শান্তি আলোচনার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈঠকে মধ্যস্থতা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও৷ ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত এবং বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও এতে অংশ নেবেন৷ছবি: Thomas Trutschel/IMAGO

লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদল যাচ্ছেন ওয়াশিংটনে৷ সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের আলোচনায় বসার কথা৷

গত ২ মার্চ ইরান-সমর্থিত হেজবোল্লাহ ইসরায়েলে হামলা চালালে ইসরায়েল লেবাননে হামলা শুরু করে৷ ফলে লেবাননও ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে৷

ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত দু হাজারেরও বেশি মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে৷

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈঠকে মধ্যস্থতা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও৷ ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত এবং বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও এতে অংশ নেবেন৷

তবে এ শান্তি আলোচনায় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ, হেজবোল্লাহ সোমবার এ আলোচনাকে ‘নিরর্থক’ আখ্যা দিয়েছে৷

অন্যদিকে ইসরায়েল বলেছে, হেজবোল্লাহকে তারা নিরস্ত্র দেখতে চায়৷ যুক্তরাষ্ট্রও তা সমর্থন করে৷

হেজবোল্লাহ তাদের নিরস্ত্র করার আহ্বান ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে৷ তাদের মতে, এ ধরনের দাবি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার পথ খুলে দেয়৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5C8Am
স্কিপ নেক্সট সেকশন ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
প্রকাশিত ১৪ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৪ এপ্রিল ২০২৬

ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

প্রতীকী ছবি
বিজিবি জানায়, ফেরত পাওয়া দুই ব্যক্তিকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে৷ হস্তান্তরের সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন৷ছবি: Dipa Chakraborty/Pacific Press/picture alliance

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে বিএসএফ ফেরত দিয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে৷ গতকাল সোমবার রাতে সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়৷

বিজিবি জানায়, ফেরত পাওয়া দুই ব্যক্তিকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে৷ হস্তান্তরের সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন৷ বিএসএফের ফেরত দেওয়া ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আবদুল গফুরের ছেলে সোলাইমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কুমারটারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)৷

এর আগে রোববার রাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন৷ পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে৷
  
আটক ব্যক্তিদের পরিবারের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথ ভুলে তারা সীমান্ত অতিক্রম করেছিলেন৷ বিষয়টি জানিয়ে তারা চৌদ্দঘড়ি বিওপিতে যোগাযোগ করেন৷ বিজিবি সূত্রে জানা যায়, বিষয়টি জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলে গতকাল বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকের পর বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে৷

সোনালি ফিরলেও, সুইটির অপেক্ষায় তার মা, ছেলে

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস বলেন, বিজিবি ফেরত দেওয়া দুই বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছে৷ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5C7U5
স্কিপ নেক্সট সেকশন ইরানের জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন ট্রাম্প
১৪ এপ্রিল ২০২৬

ইরানের জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন ট্রাম্প

একটি তেলের ট্যাংকারকে প্রদক্ষিণ করছে একটি স্পিডবোট।
মার্কিন অবরোধকে প্রতিহত কওরা হবে বলে জানিয়েছে ইরান। ছবি: Morteza Akhoondi/AP/picture alliance

পাকিস্তানে শান্তি আলোচনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পরেই অ্যামেরিকার নৌবাহিনীকে ইরানের জলপথ অবরোধ করার নির্দেশ দেন ডনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাইসে সাংবাদিকদের তিনি জানান, অবরোধের কাজ শুরু হয়ে গেছে। তিনি আরো জানান, ইরানের পক্ষ থেকে তাকে ফোন করা হয়েছিল এবং তারা চুক্তিতে আসার জন্য মরিয়া। 

ট্রাম্প জানান, পারমাণবিক ইস্যুতেই ইসলামাবাদে ইরান এবং অ্যামেরিকার শান্তি বৈঠক ভেস্তে গেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না। ইরান বিশ্বকে ব্ল্যাকমেইল করুক তা আমরা মেনে নেব না।" 

অন্যদিকে, জলপথে অ্যামেরিকার এই অবরোধকে ইরান 'জলদস্যু'দের সঙ্গে তুলনা করেছে।  

ইরানের সেনাবাহিনীর পক্ষে থেকে বলা হয়েছে, "পারস্য উপসাগর এবং ওমান উপসাগর হয় সকলের জন্য মুক্ত থাকবে নাহলে কারোর জন্যই নয়।" 

ফেব্রুয়ারির শেষে ইরানের উপর আমেরিকা এবং ইসরায়ের আক্রমণের পর থেকেহরমুজ প্রণালীরউপর দখল রেখেছে ইরান। সোমবার ইরানের আধিকারিকরা বলেন, হরমুজ প্রণালীতে অ্যামেরিকার জাহাজ দেখলে তাকে যুদ্ধবিরতি চুক্তির অবমাননা বলে মনে করা হবে। 

এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5C7MA
স্কিপ নেক্সট সেকশন কয়লাচুরির মামলায় আইপ্যাক কর্তাকে গ্রেপ্তার করল ইডি
প্রকাশিত ১৪ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৪ এপ্রিল ২০২৬

কয়লাচুরির মামলায় আইপ্যাক কর্তাকে গ্রেপ্তার করল ইডি

কয়লাচুরি কাণ্ডে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার দিল্লি থেকে আইপ্যাক-এর এক ডিরেক্টর এবং অন্যতম কর্ণধার ভিনেশ চান্দেলকে এই মামলায় গ্রেপ্তার করে তারা। আইপ্যাক তৃণমূল কংগ্রেসের ভোটযুদ্ধের সহযোগী সংস্থা। 

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট। তার আগে আইপ্যাকের কর্তার গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, "এটি গণতন্ত্র নয়, ভীতিপ্রদর্শন।" 

ইডি সূত্রে পিটিআই জানিয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে গ্রেপ্তার হয়েছেন চান্দেল। ২ এপ্রিল দিল্লিতে চান্দেলের বাসভবনের পাশাপাশি বেঙ্গালুরুতে আই-প্যাকের আরেক সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষি রাজ সিংহের এবং মুম্বইয়ে আম আদমি পার্টির (এএপি) প্রাক্তন যোগাযোগ দায়িত্বপ্রাপ্ত বিজয় নায়ারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।  

প্রসঙ্গত, ৮ জানুয়ারি কলকাতার আইপ্যাকের দপ্তরে এবং সংস্থাত আরেক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীকের বাড়ি এবং দপ্তরে ঢুকে পড়েন এবং বেশ কিছু ফাইল এবং ল্যাপটপ নিয়ে তাকে বেড়িয়ে আসতে দেখা যায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই মামলা এখনো চলছে। 

এসসি/ জিএইচ (আনন্দবাজার) 

https://p.dw.com/p/5C7LC
স্কিপ নেক্সট সেকশন নিজেকে যিশু খ্রিস্ট রূপের এআই পোস্ট করে মুছলেন ট্রাম্প
প্রকাশিত ১৪ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৪ এপ্রিল ২০২৬

নিজেকে যিশু খ্রিস্ট রূপের এআই পোস্ট করে মুছলেন ট্রাম্প

ট্রাম্পের যিশু-অনুরূপ এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
মুমূর্ষু রোগীর সেবা করার সঙ্গে অ্যামেরিকার ঈশ্বরবিশ্বাস জড়িত। ছবি: Truth Social/@realDonaldTrump

হাতে আলোকবর্তিকা। পিছনে অ্যামেরিকার জাতীয় পতাকা। ছবিতে ঐশ্বরিক দ্যুতি। সেই দ্যুতিতেই অসহায় মানুষের মাথায় হাত রাখছেন ট্রাম্প। রোববার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালসে এআই দিয়ে তৈরি নিজের এমন ছবি পোস্ট করেছিলেন ট্রাম্প। মুমূর্ষু রোগীর সেবা করার সঙ্গে অ্যামেরিকার ঈশ্বরবিশ্বাস জড়িত। ট্রাম্পের যিশু-অনুরূপ এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ট্রাম্পের সমালোচনায় মুখর হন ধর্মাচারণকারীদের একাংশ। এর পরেই সোশাল মিডিয়া থেকে সেই ছবি মুছে ফেলেন ট্রাম্প।   

সোমবার এই পোস্ট মুছে ফেলার পর সাংবাদিকের পোষণের উত্তরে ট্রাম্পপ বলেন, "আমার মনে হয়েছিল এটা ডাক্তারের ছবি।" রেড ক্রসের সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে করেছিলেন তিনি।  তিনি আর বলেন, "ডাক্তাররা মানুষের ভালো করেন। আমিও মানুষের ভালো করি।" 


এর আগে, যুদ্ধের বিরোধিতায় সরব হয়েছিলেন পোপ লিও। তার কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। পরে ফের পোপ স্পষ্ট ভাষায় বলেন, তিনি যুদ্ধবিরোধী অবস্থান থেকে সরছেন না।    

এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5C7L4
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় নতুন বছর বরণ করলো ছায়ানট
১৪ এপ্রিল ২০২৬

ঢাকায় নতুন বছর বরণ করলো ছায়ানট

বাংলাদেশে মঙ্গলবার উদযাপিত হচ্ছে নববর্ষ। রাজধানী ঢাকায় সকাল ৬টা ১৫ মিনিটে সূর্যোদয়ের সঙ্গেই শুরু হয় ছায়ানটেরবর্ষবরণ। সবাই মিলে ‘জাগো আলোক-লগনে’ গানটি পরিবেশন করেন। 

বাংলা নববর্ষ ১৪৩৩–কে বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানের এবারের মূল ভাবনা, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান পরিবেশিত হয়েছে। সঙ্গে থেকেছে লোকগান।

ছায়ানটেরশিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী এই প্রভাতি অনুষ্ঠানে অংশ নেন। রমনার বটমূল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠান চলে প্রায় দুই ঘণ্টা। 

এসসি/ জিএইচ (প্রথম আলো) 
 

https://p.dw.com/p/5C7L2
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন চ্যান্সেলর ম্যার্ৎস
প্রকাশিত ১৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৩ এপ্রিল ২০২৬

জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন চ্যান্সেলর ম্যার্ৎস

ফ্রিডরিশ ম্যার্ৎস (বাঁ দিক থেকে দ্বিতীয়)
ফ্রিডরিশ ম্যার্ৎস আরো বলেন, ক্রমশ বাড়তে থাকা মূল্যস্ফীতির চাপ কমাতে তেল কোম্পানিগুলোর উচিত এই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া৷ জার্মানির চ্যান্সেলর মনে করেন, ‘‘এর ফলে খুব দ্রুত দেশের গাড়িচালক ও ব্যবসায়ীদের অবস্থার উন্নতি হবে৷’’ছবি: Michael Kappeler/dpa/picture alliance

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, তার সরকার দু মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও পেট্রোলের ওপর জ্বালানি শুল্ক প্রায় ১৭ সেন্ট (১৯.৯ মার্কিন সেন্ট) কমাবে৷

বাভারিয়ার রক্ষণশীল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) দলের প্রধান মার্কুস স্যোডার এবং মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) দলের সহ-নেতা লার্স ক্লিঙ্গবাইল ও বার্বেল বাস-এর সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন৷

আজ সোমবার সকালে ম্যার্ৎস আরো বলেন, ক্রমশ বাড়তে থাকা মূল্যস্ফীতির চাপ কমাতে তেল কোম্পানিগুলোর উচিত এই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া৷ জার্মানির চ্যান্সেলর মনে করেন, ‘‘এর ফলে খুব দ্রুত দেশের গাড়িচালক ও ব্যবসায়ীদের অবস্থার উন্নতি হবে৷’’ ইরান যুদ্ধের কারণে বেশির ভাগ তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে না পারায় জার্মানির পাম্পগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে তেলের দাম আকাশচুম্বী৷

রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) দলের নেতা ম্যার্ৎস মনে করেন, ‘‘এই সংঘাত, এই যুদ্ধই আমাদের দেশের সমস্যাগুলোর আসল কারণ৷’’ 

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5C51J
স্কিপ নেক্সট সেকশন ইরানে যুদ্ধ: হরমুজ প্রণালী অবরোধের নির্দেশ দিলেন ট্রাম্প
প্রকাশিত ১৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১৩ এপ্রিল ২০২৬

ইরানে যুদ্ধ: হরমুজ প্রণালী অবরোধের নির্দেশ দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকার।
হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করছে এমন প্রত্যকটি জাহাজকে আটকাবে মার্কিন নৌবাহিনী। ছবি: Altaf Qadri/AP Photo/picture alliance

ইরানের সঙ্গে পাকিস্তানে শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর মার্কিন নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালী অবরোধ করার নির্দেশ দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানান, বৈঠক ভালো হলেও ইরানের পারমাণবিক গবেষণার বিষয়টির সুরাহা হয়নি। 

তার সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করছে এমন প্রত্যকটি জাহাজকে আটকাবে মার্কিন নৌবাহিনী। এমনকী, হরমুজে যাতায়াত করতে যে জাহাজগুলি ইরানকে শুল্ক দিয়েছে তাদেরকেও আটকানো হবে বলে জানান তিনি। 

ইরানকে হুমকি দিয়ে তিনি বলেন, 'আমাদেরকে বা অন্য কোনো জাহাজকে ইরান আক্রমণ করলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে।" 

তার নির্দেশের পর মার্কিন নৌবাহিনী ইরান বন্দরে ঢোকার সব জাহাজ অবরোধ করেছে। 

চীনকে হুমকি দিয়ে ট্রাম্প জানান, ইরানকে সাহায্য করলে তাদের উপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক ধার্য করা করা হবে। 

অন্যদিকে, পাকিস্তানে বৈঠক ব্যর্থ হওয়ার জন্য অ্যামেরিকাকেই দোষ দিয়েছে ইরান। তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, "৪৭ বছর পর অ্যামেরিকার সঙ্গে আলোচনায় বসেছিল ইরান কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। দুই দেশের মধ্যে মৌ সাক্ষরিত হওয়ার প্রাকমুহূর্তে অ্যামেরিকা তাদের উপর অন্যান্য শর্ত এবং অবরোধ  চাপিয়ে দেয়।" তিনি আরো বলেন, "সদিচ্ছা সদিচ্ছাকে আমন্ত্রণ করে। শত্রুতা শত্রু ডেকে আনে।" 

এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5C4TV
স্কিপ নেক্সট সেকশন অবশেষে জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার
১৩ এপ্রিল ২০২৬

অবশেষে জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার৷ আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে তিনি মুক্তি পান বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে৷ ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে৷

আবুল সরকারের মুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২–এর জেল সুপার হালিমা খাতুন৷ এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়৷

কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, আবুল সরকারের জামিনের কাগজ গতকাল রোববার কাশিমপুর কারাগারে পৌঁছায়৷ জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে আজ বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে৷ এ সময় কারাফটকে তার স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন৷
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে৷ তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়৷

এরপর মাদারীপুরে একটি গানের আসর থেকে ১৯ নভেম্বর রাতে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল৷ ২০ নভেম্বর সকালে তাকে জেলা ডিবির কার্যালয়ে আনা হয়৷ সেদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন৷ এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কটূক্তি ও উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়৷ ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5C4kT
স্কিপ নেক্সট সেকশন পীর শামীম হত্যা : মামলা করবে না পরিবার
১৩ এপ্রিল ২০২৬

পীর শামীম হত্যা : মামলা করবে না পরিবার

প্রতীকী ছবি
শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফেই পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ছবি: Maurizio Gambarini/dpa/picture alliance

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবার কোনো মামলা করবে না বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে৷

আজ সোমবার সকালে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘গতকাল রোববার বিকেলে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম৷ সেখানে পুলিশ কর্মকর্তাও ছিলেন৷ তারা মামলার জন্য বারবার বলেছেন৷ কিন্তু আমরা সবাই মিলে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি৷ আমার বয়স হয়েছে৷ এসব নিয়ে দৌড়ঝাঁপ করার সামর্থ্য আর নেই৷’’

তবে এ ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘‘তারা মামলা করবেন না—এমন কিছু শুনিনি৷ মামলার জন্য আজ তাদের থানায় আসার কথা৷’’

গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফেই পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, শামীম হত্যার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে৷ কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের মাধ্যমে পরিকল্পিতভাবে পুরোনো কিছু ভিডিও ছড়িয়ে দিয়ে এই হামলা উসকে দেওয়া হয়েছিল৷

পুলিশের তদন্ত অনুযায়ী, প্রথম হামলায় প্রায় ৭০-৮০ জন অংশ নেয়, যাদের মধ্যে কয়েকজন বয়স্ক ব্যক্তিও ছিলেন৷ ভাঙচুরে সরাসরি অংশ নেন ৭-৮ জন৷ পরে দ্বিতীয় দফায় স্থানীয় একটি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী হামলায় যোগ দেয়৷

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) বলেন, যেসব আইডি থেকে ভিডিও ছড়ানো হয়েছে, সেগুলোর কয়েকটির অ্যাডমিনের পরিচয় শনাক্ত করা হয়েছে৷ এ ছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ১৫ থেকে ১৮ জনকে ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে৷

তবে পরিবারের পক্ষ থেকে মামলা না হলে আইনি প্রক্রিয়া কীভাবে এগোবে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি৷

এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5C4YK
আরো পোস্ট দেখান