২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: শেহবাজ শরীফ
প্রকাশিত ৮ জুন ২০২৬শেষ আপডেট ১৩ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হতে: শেহবাজ শরীফ
- ক্রিকেটার নাঈমকে পেটানোর ঘটনায় ২ পুলিশ বরখাস্ত
- ভেনেজুয়েলার গ্যাং ত্রেন দে আরাগুয়া-এর নেতা নিহত
- বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর বিমান
- রুশ তেল আমদানি নিয়ে দ্বৈত নীতি, অ্যামেরিকা-ইউরোপের সমালোচনায় জয়শঙ্কর
- হরমুজে হামলায় নাবিকের প্রাণহানির ঘটনায় ভারতে মার্কিন দূতকে তলব
- সীমান্তে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ
- মেক্সিকো সিটিতে শাকিরার গানে, নাচে, আলোয় শুরু বিশ্বকাপ
- বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচেই তিন লালকার্ড
- গ্রান ক্যানেরিয়ারাতে অভিবাসীদের সম্মান জানালেন পোপ
- উত্তর কোরিয়াকে ড্রোন পাঠানোয় ৩০ বছরের কারাদণ্ড
- পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, গুলি, মৃত্যু
- আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, প্রতিবাদ শফিকুর রহমানের
- চোটের কারণে অবসর জাপানের ফুটবল দলের অধিনায়কের
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হতে পারে: শেহবাজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইরান চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছে৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের চুক্তি চূড়ান্ত হতে৷
তিনি বলেন, শান্তি চুক্তির একটি ফ্রেমওয়ার্কে একমত হয়েছে দুই দেশ৷ দুই দেশের মধ্যে একটি ইলেকট্রনিক সাইনিং-এর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান৷ পরের সপ্তাহে এই বিষয়ে টেকনিক্যাল আলোচনা অনুষ্ঠিত হবে৷
প্রস্তাবিত এই চুক্তি গত এপ্রিলে শুরু হওয়া যুদ্ধবিরতি আরো ৬০ দিন বাড়াবে৷ এইসময়ে হরমুজ প্রণালী পুনরায় ধীরে ধীরে চালু করা হবে৷
আরআর/টিএম (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে৷ তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি৷
এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৮৷
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়৷ এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২৷ আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন৷
গত ২৪ ঘণ্টায় ৬৩ শিশুর শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে৷ এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন৷
আরআর/টিএম (দ্য ডেইলি স্টার)
ক্রিকেটার নাঈমকে পেটানোর ঘটনায় ২ পুলিশ বরখাস্ত
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)৷ আজ শনিবার দুপুরে ক্রিকেটার নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী৷
নাঈম হাসানের বাসা চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের ফরিদারপাড়া এলাকায়৷ তাকে মারধরের ঘটনার বিষয়ে জানতে ও দুঃখ প্রকাশ করতে সেখানে যান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী৷
তার আগে নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে৷ পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের৷
আরআর/টিএম (প্রথম আলো)
ভেনেজুয়েলার গ্যাং ত্রেন দে আরাগুয়া-এর নেতা নিহত
ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়া-এর নেতা গোরেরু ফ্লুরেস মার্কিন হামলায় নিহত হয়েছেন৷
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন৷ ভেনেজুয়েলা প্রশাসনের পক্ষ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে৷ বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার যৌথ অভিযানে গ্যাাংটির নেতা গোরেরু ফ্লুরেস নিহত হয়েছেন৷
ভেনেজুয়েলার এই সংঘবদ্ধ গোষ্ঠিটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিল ওয়াশিংটন৷ যুক্তরাষ্ট্রের অনেক শহরে সহিংসতা এবং মাদক চোরাচালানের জন্য এই গোষ্ঠিটিকে দায়ী করে আসছিল মার্কিন প্রশাসন৷
উল্লেখ্য, প্রায় দশ বছর আগে ভেনেজুয়েলার আরাগুয়া শহরের কেন্দ্রীয় কারাগারে জন্ম নিয়েছিল ত্রেন দে আরাগুয়া গ্যাং৷ ওইসময় গোরেরু ফ্লুরেসের নেতৃত্বে কারাগারে থাকা অনেক আসামি জোটবদ্ধ হয়ে কারাগারটির দখলে নেয়৷
আরআর/টিএম (এপি, এএফপি)
বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর বিমান
ভারতীয় বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট শনিবার দেশটির উত্তরে জোরহাট শহরের এয়ারফোর্স স্টেশনে বিধ্বস্ত হয়েছে৷
দেশটিরা সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়৷
ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) জানিয়েছে, বিমানটি অবতরণের সময় হওয়া দুর্ঘটনায় রাশিয়ার তৈরি একটি এন ৩২ বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি৷
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইএএফ৷
আরআর/টিএম (এপি, এএফপি, রয়টার্স)
রুশ তেল আমদানি নিয়ে দ্বৈত নীতি, অ্যামেরিকা-ইউরোপের সমালোচনায় জয়শঙ্কর
রুশ তেল কেনার বিষয়ে ভারতের নীতি মূল্য ও সহজলভ্যতার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর৷
রুশ তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল অবস্থানেরও সমালোচনা করেন তিনি৷
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের আয়োজনে দেশটির রাজধানী হেলসিঙ্কিতে কুলতারান্তা টকস নামের আলোচনায় বৃহস্পতিবার এই কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷ জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, ইউক্রেন সংঘাতের আবহে ভারত কি রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে অতিরিক্ত আগ্রহী হয়ে উঠেছে কি না৷
উত্তরে জয়শঙ্কর বলেন, ঐতিহাসিকভাবে ভারতের তেল সরবরাহের অন্যতম প্রধান উৎস মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা শুরু করে ইউরোপ৷ এ কারণেই ভারত রুশ তেল কেনার দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিল৷ তিনি বলেন, ‘‘অর্থাৎ, পরিস্থিতির কারণেই আমরা একটি নির্দিষ্ট পথে এগোতে বাধ্য হয়েছি৷’’
রুশ তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণেরও অভিযোগ তোলেন জয়শঙ্কর৷ তিনি বলেন, ‘‘বিশ্ববাজার স্থিতিশীল রাখার স্বার্থে যুক্তরাষ্ট্রই ভারতকে রুশ তেল কেনার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল৷’’
তিনি বলেন, ‘‘গত বছর রুশ তেল কেনার জন্য আমাদের ওপর শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্র নিজেই আবার রুশ তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়৷ তাই এখানে কোনো বড় নীতি-নৈতিকতার বিষয় জড়িত, এমন ভান করার কোনো মানে হয় না৷’’
জয়শঙ্কর বলেন, ‘‘বিষয়টি যদি এমন হয় যে, সুবিধামতো কাজ করব আর অসুবিধা হলে করব না, তবে আমরা সবাই প্রাপ্তবয়স্ক মানুষ৷ এই খেলার ধরনটা আমাদের সবারই জানা৷’’ এই বিষয় নিয়ে নৈতিকতার বুলি আওড়ানোর কোনো বিশেষ উপযোগিতা নেই বলেও মন্তব্য করেন তিনি৷
ইউরোপের তথাকথিত ‘নৈতিক অস্পষ্টতা’র দিকেও ইঙ্গিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘ইউরোপীয়রা এমন সব অস্ত্র বিক্রি করে, যা ভারতের ওপর হামলার কাজে ব্যবহৃত হয়৷ শুধু এখন নয়, বহু বছর ধরেই এমনটা চলছে৷ অথচ আমরা ভারতীয়রা কখনোই ইউরোপকে বিপদের মুখে ফেলার মতো কোনো কাজ করিনি৷’’
তবে এক্ষেত্রে জয়শঙ্কর ঠিক কোন অস্ত্র বিক্রি বা ‘হামলা’-র কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি৷
এডিকে/জেডএইচ
হরমুজে হামলায় নাবিকের প্রাণহানির ঘটনায় ভারতে মার্কিন দূতকে তলব
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন সামরিক হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে ভারত শুক্রবার মার্কিন মিশনের উপ-প্রধান জেসন মিকসকে তলব করেছে৷
তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নয়াদিল্লি হরমুজে হামলার বিষয়ে মার্কিন কূটনীতিককে ডেকে নিজেদের উদ্বেগ জানালো৷
বুধবার ওমান উপকূলে সেত্তেবেলো নামের ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন৷ বৃহস্পতিবার জলবীর নামের আরেকটি জাহাজে হামলার পর সেটির ২০ জন ক্রুকে উদ্ধার করা হয়৷
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারত এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে মার্কিন কূটনীতিককে বলেছে, ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীকে বেসামরিক প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে হবে৷
এদিকে এই ইস্যুতে কোনো বিবৃতি না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা কংগ্রেস পার্টির রাহুল গান্ধী৷
এডিকে/জেডএইচ (রয়টার্স)
সীমান্তে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ
সীমান্তের গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সমন্বিত টহলের মাধ্যমে সীমান্তে সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত৷ শুক্রবার বিজিবি-বিএসএফ এর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে৷
২০২৪ সালে গণঅভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার৷ কিন্তু এর মধ্যেই কাগজবিহীন অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর বিষয়ে ভারতের উদ্যোগে নিয়ে এই সম্পর্কে নতুন জটিলতা দেখা দিয়েছে৷
ঢাকার অভিযোগ, ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের জোর করে সীমান্ত পার করার চেষ্টা করছে৷
নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ - বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স - বিএসএফ এর শীর্ষ সীমান্ত কর্মকর্তাদের চার দিনের বৈঠক শেষে এক বিবৃতিতে এই আলোচনাকে ‘সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী’ হিসেবে বর্ণনা করা হয়েছে৷
নিয়মিত এই আলোচনায় ‘সীমান্ত এলাকায় অবৈধ, অনিচ্ছাকৃত ও জোরপূর্বক অনুপ্রবেশের’ বিষয়টিও স্থান পেয়েছে৷
বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে৷ বিশ্বের অন্যতম দীর্ঘ সীমান্ত এটি৷
ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের মতো বাংলাদেশের সীমান্তে থাকা রাজ্যগুলোর শাসনক্ষমতায় রয়েছে ভারতের কেন্দ্রে ক্ষমতায় থাকা দল ভারতীয় জনতা পার্টি -বিজেপি৷
অনিয়মিত অভিবাসন সমস্যা মোকাবিলাকে দলটি অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে৷ গত বছর থেকেই সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মানবপাচার, সীমান্তে মৃত্যু, চোরাচালান, অবকাঠামো এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে৷
পরবর্তী বিজিবি-বিএসএফ শীর্ষ বৈঠকে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে৷
এডিকে/জেডএইচ (রয়টার্স)
মেক্সিকো সিটিতে শাকিরার গানে, নাচে, আলোয় শুরু বিশ্বকাপ
বৃহস্পতিবার মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে শুরু হল এবছরের পুরুষদেরফুটবল বিশ্বকাপ। ২০১০-এর সাউথ আফ্রিকার বিশ্বকাপে শাকিরার ওয়াকা ওয়াকা বিশ্ব ফুটবলের অ্যান্থেম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আজটেকাতে সেই শাকিরা পরিবেশন করলেন তার এই বিশ্বকাপের গান, দাই দাই। সঙ্গে ছিলেন নাইজেরিয়ার বার্না বয়। স্টেডিয়ামের মাঝে ছিল বিশ্বকাপের প্রকাণ্ড স্ট্যাচু। ল্যাটিন সুরে, নাচে, আলোয় মেতে উঠলো বিশ্বের বৃহত্তম ফুটবল উৎসব।
উদ্যোক্তা দেশ মেক্সিকোর খেলা দিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ। স্টেডিয়ামে মেক্সিকোর সবুজ-রূপোলী জার্সি পরা ফ্যানেদের ভিড় ছিল দেখার মতো। উদ্বোধনী ম্যাচে তারা সাউথ আফ্রিকাকে ২-০ গোলে হারায়। তবে এই একটি ম্যাচেই মোট তিনটি রেড কার্ড দেখানো হয়।
আগামী ৩৯ দিন ৪৮টি দেশের মধ্যে মোট ১০৪টি খেলা হবে। ১৯ জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এসসি/ জিএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচেই তিন লালকার্ড
২০২৬ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ শুরু হলো মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে। আর সেই প্রথম ম্যাচেই তিনটি লালকার্ড। সাউথ আফ্রিকার দুইজন ও মেক্সিকোর একজনকে লাল কার্ড দেখালেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাইয়োর।
প্রথম ম্যাচে মেক্সিকো ২-০ গোলে জিতলেও খেলা দেখে মন ভরেনি ফুটবলপ্রেমীদের।
প্রথম লাল কার্ড ৬৫ মিনিটে। গোল করতে উদ্যত ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করেন ইয়াইয়া সিথোলে। রেফারি লাল কার্ড দেখান। তার ২০ মিনিট পর বল ক্লিয়ার করার সময় এনজোয়ানকে ধাক্কা মারেন আরভারালদোকে। রিপ্লে দেখার পর রেফারি এনজোয়ানেকে লালা কার্ড দেখান। খেলা শেষের দিকে মেক্সিকোর সিজার মন্তেস লাল কার্ড দেখেন।
ম্যাচের রাশ মেক্সিকোর হাতে ছিল। তবে পরের দিকে তাদেরও গতি কমে যায়। নয়জন হয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকার কিছু করার ছিল না। তারাও খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি।
জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)
গ্রান ক্যানেরিয়ারাতে অভিবাসীদের সম্মান জানালেন পোপ
সম্প্রতি স্পেনের ক্যানারি আইল্যান্ডে অভিবাসী সংকট ভয়ংকর রূপ নেয়। স্পেন সফররত পোপ লিও বৃহস্পতিবার তাদের প্রতি সম্মান জানান। গ্রান ক্যানেরিয়ারার আরগিনেগিনে পৌঁছে তিনি অভিবাসী সমস্যা নিয়ে কথা বলেন। অভিবাসীদের নিয়ে বিশ্বের নেতাদের, বিশেষ করে ইউরোপের নেতাদের মনোভাব এবং তাদের প্রতি ব্যবহারের কঠোর সমালোচনা করেন তিনি। এই সপ্তাহান্তে স্পেন সফরের রয়েছেন পোপ। এই বন্দর শহরে যাওয়া সেই সফরের অংশ। অভিবাসীদের অধিকার নিয়ে পোপ ফ্রান্সিসও সরব ছিলেন। পোপ লিও একই বার্তা বহন করছেন বলে মনে করা হচ্ছে। সমুদ্রও পেরিয়ে ইউরোপে আসতে গিয়ে যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশে পোপ এদিন সমুদ্রতটে ফুল দেন। তিনি বলেন, "এই সমুদ্রতটে এখানে ভেসে আসা মানুষদের যন্ত্রণার কথা লেখা আছে। সেই যন্ত্রণা থেকে মুখ ফিরিয়ে রাখার দায় ইতিহাস যেন আমাদের উপর না চাপাতে পারে। আজ যারা এই সমুদ্র পথে এখানে এসে পৌঁছন, তারা আমাদের জিজ্ঞাসা করেন, আমাদের মধ্যে মনুষ্যত্ব কতটা বেঁচে আছে।"
এসসি/ জিএইচ (এএফপি, এপি, রয়টার্স)
উত্তর কোরিয়াকে ড্রোন পাঠানোয় ৩০ বছরের কারাদণ্ড
উত্তর কোরিয়াকে ড্রোনপাঠানোর অপরাধে ৩০ বছরের হাজতবাস হলো দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লের। শুক্রবার এই সাজা শুনিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইচ্ছাকৃত ভাবে পিয়ংইং-এর সঙ্গে সম্পর্ক খারাপ করতে ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নেন, যাতে তিনি ২০২৪-এর ডিসেম্বরে ঘোষণা করা মার্শাল ল'র ব্যর্থতা ঢাকতে পারেন। রাজধানী সিওলের সেন্ট্রাল ডিসট্রিক্ট কোর্ট এই রায় দেয়। দেশের ইয়োনহাপ সংবাদসংস্থা জানায়, ক্ষমতার অপব্যবহার এবং শত্রুকে সাহায্য করায় তাকে দোষী হিসেবে চিহ্নিত করে আদালত। ইয়ুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
এসসি/ জিএইচ (এএফপি, এপি, রয়টার্স)
পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, গুলি, মৃত্যু
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবল বিক্ষোভ এবং প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১১ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা বাহিনীর কর্মী বলে বিবিসি জানিয়েছে। গত কয়েকদিন ধরে এই বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। আর্থিক ও রাজনৈতিক অধিকাররক্ষার দাবিতে তারা আন্দোলন করছে।
পুলিশ প্রধান লিয়াকত মালিক বলেছেন, ২৩ জন নিরাপত্তা কর্মী ও ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। বিক্ষোভকারীদের গুলিতে চারজন নিরাপত্তা অফিসার মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা প্রাণ হারিয়েছেন।
এছাড়া মুজফ্ফরাবাদে পাক-কাশ্মীরে সেনার একটি হেলিকপ্টার প্রযুক্তিগত কারণে ভেঙে পড়েছে। তার ফলে ২২ জন সেনার মৃত্যু হয়েছে।
জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, প্রতিবাদ শফিকুর রহমানের
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এই মন্তব্য করেন।
মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের এই সিদ্ধান্তের বিষয়ে ফেসবুক পোস্টে শফিকুর রহমান লিখেছেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হলে তারা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই ঠিক সিদ্ধান্ত হয়নি।
জিএইচ/এসসি(প্রথম আলো)
চোটের কারণে অবসর জাপানের ফুটবল দলের অধিনায়কের
পুরুষদের বিশ্বকাপ ফুটবলের শুরুতেই ধাক্কা খেলো জাপান। দলের অধিনায়ক ওয়াতারু এনডো চোট পেয়েছিলেন। বিশ্বকাপে খেলার মতো অবস্থা ছিল না তার। ৩৩ বছরের এনডো এরপর আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের কথা ঘোষণা করেছেন।
গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন এনডো। সেই চোট এখনো ভোগাচ্ছে তাকে। জাপানের কোচের আশা ছিল, তিনি সেরে উঠবেন। বিশ্বকাপে খেলবেন। কিন্তু এনডো মনে করছেন, তার পক্ষে খেলা সম্ভব নয়। তাই তিনি সরে দাঁড়ালেন। ২০২৬ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার আগে নতুন অধিনায়ক বাছতে হবে জাপানকে।
জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)