৩৬০ কোটি ডলার পেলেন ট্রাম্প
৪ সেপ্টেম্বর ২০১৯
ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার জানান, সীমান্তে দেয়াল তুলতে খরচ করার জন্য সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে এই ৩৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন৷ যুক্তরাষ্ট্রের দক্ষিণে ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল) দীর্ঘ এ দেয়াল গড়ার জন্য পাঁচ দশমিক সাত বিলিয়ন, অর্থাৎ ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন ডনাল্ড ট্রাম্প৷ কংগ্রেসের সংসদ সদস্যরা তাতে অনুমোদন না দেয়ায় গত ফেব্রুয়ারিতে তিনি ‘জাতীয় জরুরি অবস্থা' ঘোষণা করেন৷
সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে টাকা সরিয়ে দেয়াল নির্মাণে ব্যয়ের অনুমোদনের কথা জানিয়ে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে একটা চিঠি লিখেছেন মার্ক এসপার৷ সেখানে তিনি বলেছেন, ‘‘জাতীয় জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য দেয়াল নির্মাণের প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন '' আর সে কারণেই পেন্টাগন এ অর্থ অনুমোদন করেছে৷
‘মার্কিন সেনাবাহিনীর গালে থাপ্পড়'
সেনাবাহিনীর অনেকগুলো প্রকল্পের টাকা এভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল গড়ায় ব্যয় করার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না ডেমোক্র্যাটরা৷ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ‘‘এটি (অর্থ অনুমোদন) সেনাবাহিনীর সদস্যদের গালে থাপ্পড়৷'' তিনি জানান, তার দল দেয়াল গড়ায় অর্থ ব্যয়ের কঠোর বিরোধিতা করবে৷
এসিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ)