ক্রিসমাসের যত অদ্ভুত সাজসজ্জা
বড়দিনের সাজসজ্জার সবচেয়ে বড় অংশ ক্রিসমাস ট্রি। আর এই ক্রিসমাস ট্রি নানাভাবে সাজিয়ে তোলেন খ্রিস্টানরা। একেক দেশে এর রয়েছে একেক রকম ঐতিহ্য।

পপকর্ন শুধু সিনেমার জন্যই নয়
মার্কিন মুল্লুকে ছুটির এই ঐতিহ্যটি ১৮ শ এর দশক থেকে শুরু হয়। ভুট্টা একটি সহজ গৃহস্থালির উপকরণ যা নানাভাবে খাওয়া যায়। জার্মান-অ্যামেরিকান অভিবাসীদের গাছ ছাঁটাইয়ের চর্চার ফলে ২০ শতকে পপকর্নের মালা জনপ্রিয় হয়ে ওঠে। উজ্জ্বল লাল রঙের জন্য পরিচিত তাজা ক্র্যানবেরিও মালাগুলোতে যোগ করা হয়েছিল। মোমের মতো প্রাকৃতিক আবরণের ফলে এই মালা অনেকদিন তাজা থাকতো।
বড়দিনের কুড়মুড়ে মালা
কের্স্টক্রানসিয়েস একটি ডাচ ঐতিহ্য। এর অর্থ হচ্ছে 'ফুলের মালার বিস্কুট'। ঢেউ খেলানো কিনারা থাকে এই কুকিগুলোর, আর মাঝখানে থাকে ছিদ্র। ক্রিসমাসের ফুলের মতোই লাগে দেখতে এই বিস্কুট। নেদারল্যান্ডসে ক্রিসমাস ট্রি এর ডালে এই কুকিগুলো লাল ফিতা দিয়ে ঝুলিয়ে দেয়া হয়। এই মাখন দিয়ে তৈরি কুকিগুলো অনেক উপায়ে সাজানো হয়। তবে ঐতিহ্যগতভাবে এক ধরনের বাদাম চিনির টপিং দেয়া হয় কুকিগুলোতে।
অ্যাডাম এবং ইভ
আধুনিক ক্রিসমাস ট্রির উৎপত্তি পশ্চিম জার্মানিতে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে অ্যাডাম এবং ইভকে নিয়ে একটি জনপ্রিয় মধ্যযুগীয় নাটকের মূল উপজীব্য ছিল এই গাছ। তখন "স্বর্গের গাছ" হিসাবে পরিচিত ফার গাছটি আপেল দিয়ে সজ্জিত করা হতো, যা ইডেন বাগানের প্রতিনিধিত্ব করে। এইভাবেই বড়দিনের অলঙ্কারের একটি বড় অংশ হয়ে ওঠে আপেল।
নক্ষত্রের মোমবাতি
মনে করা হয় যে ১৬ শতকের জার্মান প্রোটেস্ট্যান্ট সংস্কারক মার্টিন লুথারের হাত ধরে এই বিষয়টি চালু করা হয়েছিল। গল্পটি হচ্ছে, তিনি এক শীতের সন্ধ্যায় বাড়ির পথে হাঁটছিলেন এবং গাছের ফাঁক দিয়ে তারার ঝলক দেখে বিস্মিত হয়েছিলেন। পরিবারের জন্য দৃশ্যটি আবার ফুটিয়ে তোলার জন্য তিনি বাড়িতে একটি গাছ নিয়ে আসেন এবং এর শাখাগুলোতে মোমবাতি ঝুলিয়ে দেন। এখন অবশ্য অগ্নিকাণ্ডের ভয়ে নিরাপদ এলইডি মোমবাতি ব্যবহার করা হয়।
তারার বদলে তারা মাছ?
দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ২৫ ডিসেম্বর গ্রীষ্মকাল। এরমধ্যে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, বলিভিয়া, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে এবং সামোয়া। এর মানে উত্তর গোলার্ধের তুষার এবং স্লেই রাইডের পরিবর্তে সূর্য, সমুদ্র এবং বালি উপভোগ করা হয়। মজার বিষয় হচ্ছে, সেসব দেশের ক্রিসমাস ট্রা সাজাতে তারা ব্যবহার হয়। অবশ্য তারার আকারের মোমবাতির জায়গায় অনেক দেশে ব্যবহার করা হয় স্টারফিশ।
এক টুকরো আকাশ
রাইয়ের খড় দিয়ে তৈরি জ্যামিতিক আকৃতির নকশার নাম হচ্ছে 'হিমেলি'। এই নামের জার্মান ব্যুৎপত্তি রয়েছে। 'হিমেল' অর্থ 'আকাশ' বা 'স্বর্গ'। ঐতিহ্যগতভাবে ফিনিশ ক্রিসমাস সজ্জায় সবচেয়ে বেশি ব্যবহার হয় হিমেলি। সাধারণত এগুলো বড়দিনে খাবার টেবিলের উপরে ঝুলানো হয় এবং ফসলের বেশি ফলনের প্রত্যাশায় গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত সেখানেই ঝুলিয়ে রাখা হয়।
দেশীয় ঐতিহ্যের সংমিশ্রণ
পশ্চিমা মিশনারিরা ১৯ এবং ২০ শতকে চীন এবং জাপানে ক্রিসমাস ট্রির ধারণা চালু করেন। স্থানীয় রীতি মেনে এখানকার গাছগুলোকে প্রায়ই কাগজের নানা নকশা দিয়ে সজ্জিত করা হয়। যেমন এই ছবির গাছটিকে জাপানি অরিগামি সারস দিয়ে সাজানো হয়েছে। অরিগামি হল কাগজ ভাঁজ করার জাপানি শিল্প এবং সারস হচ্ছে সম্মান, সৌভাগ্য, আনুগত্য এবং দীর্ঘায়ুর প্রতীক।
ভয়ঙ্কর? নাকি না?
ইউক্রেনে ক্রিসমাস ট্রিগুলোতে প্রায়ই পুঁতি দিয়ে তৈরি মাকড়সা এবং জাল দিয়ে সজ্জিত করা হয়। লোককথা মতে, এক দরিদ্র বিধবা নারীর তার বাচ্চাদের জন্য ক্রিসমাস ট্রি সাজানোর সামর্থ্য ছিল না। বাড়ির মাকড়সাটির তাদের প্রতি করুণা হয়েছিল এবং সমস্ত গাছ জুড়ে সুন্দর চকচকে জাল বুনে দিয়েছিল। শিশুরা বড়দিনের সকালে জেগে উঠে এই সাজানো গাছ দেখে আনন্দিত হয়ে ওঠে। মাকড়সাকে ইউক্রেনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।
বিড়ালের মিঁয়াও
সাজানো ক্রিসমাস ট্রির সবচেয়ে বড় শত্রু বলা যায় বেড়ালকেই। আইসল্যান্ডের লোককথায় ইউল নামে এক বিড়াল রয়েছে যার কাজ ফ্যাশন পুলিশিং করা। কিংবদন্তি অনুযায়ী, এই বেড়াল বিশালাকৃতির এবং দুষ্টু। ক্রিসমাসের সময় বেড়ালটি তুষারময় পল্লীতে লুকিয়ে থাকে এবং যারা বড়দিনের আগের দিন পরার জন্য নতুন পোশাক প্রস্তুত করেনি, তাদের খেয়ে ফেলে। এর ফলে ইউল বেড়ালটিই আইসল্যান্ডের ক্রিসমাস সজ্জার একটি সংযোজনে পরিণত হয়েছে।
সেইন্ট নিকের পরিবর্তে ট্রল
ইউল বিড়াল ছাড়াও, 'ইয়ুল ল্যাডস' বা ইওলাসভাইনারের ক্ষুদ্র মূর্তিও ব্যবহার করা হয় আইসল্যান্ডের ক্রিসমাস ট্রিগুলোতে সাজসজ্জার জন্য। এরা আসলে ১৩টি পার্বত্য ট্রল যাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। অনেকটা স্নো হোয়াইট এবং সেভেন ডোয়ার্ফস এর মতো। ২৫ ডিসেম্বরের আগের ১৩ দিন এরা ভাল আচরণ করা শিশুদের জন্য উপহার নিয়ে আসে।
ক্রিসমাস ট্রি এর অন্য নাম...
ক্রিসমাস ট্রি কি কেবল পাইন বা ফার গাছই হতে হবে? ভারতে অনেকে আম গাছ সাজায়। জর্জিয়াতে হ্যাজেলনাট বা আখরোটের শুকনো ডাল দিয়ে সাজানো হয় চিচিলাকি। জর্জিয়ানরা বিশ্বাস করেন, চিচিলাকি অর্থোডক্স খ্রিস্টানদের কাছে সম্মানিত সেন্ট বাসিলের দাড়ির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।