মমতাজকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
২৪ জুন ২০২৬
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলা জানায়, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মমতাজকে আজ আদালতে হাজির করা হয়। তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক।
আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। এ ছাড়া প্রয়োজন হলে তাকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
মমতাজ একাধিকবার মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে হত্যা–হত্যাচেষ্টাসহ কয়েকটি মামলা আছে।
মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানিতে তারা বলেন, এই মামলার ঘটনার সঙ্গে মমতাজের কোনো সংশ্লিষ্টতা নেই।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মো. মুক্তার হোসেন নামের এক ব্যক্তি মিরপুর এলাকায় জুলাই গণ–আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমনে হামলা–গুলিবর্ষণ করেন পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।
পরে মুক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। সেই মামলায় আজ মমতাজকে গ্রেপ্তার দেখানো হলো।
এসিবি/ এসএস (প্রথম আলো)