1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খায়রুল হক ও মেননকে ‘নতুন’ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

৮ জুলাই ২০২৬

বুধবার জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত৷

https://p.dw.com/p/5Gkjj
রাশেদ খান মেননকে গ্রেপ্তার করার দৃশ্য (ফাইল ফটো)
আজ বুধবার জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত৷ একই দিনে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়৷ছবি: DW

একই দিনে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়৷

আজ ভার্চুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সাবেক বিচারপতি খায়রুল হককে জুলাই গণ–অভ্যুত্থানকালের হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন৷ অন্যদিকে রাশেদ খান মেননকে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির৷

সাবেক বিচারপতি খায়রুল হককে যে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হলো সেটি রাজধানীর বনানী থানার৷ মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম৷ এই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখাতে ২ জুলাই আবেদনটি করেছিলেন তদন্ত কর্মকর্তা৷

আবেদনের ওপর শুনানির জন্য ৬ জুলাই তারিখ ধার্য করেছিলেন আদালত৷ তবে সেদিন মামলার নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি পেছানো হয়৷ ৮ জুলাই ভার্চ্যুয়ালি শুনানির তারিখ ধার্য করেন আদালত৷ আজ শুনানি শেষে আদালত আদেশ দেন৷

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন৷ সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাঁদের ওপর হামলা, গুলিবর্ষণ, ককটেল–হাতবোমা নিক্ষেপ করা হয়৷ এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন৷

এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন৷

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন৷ তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন৷

খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলের কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ পৃথক আট মামলায় জামিনের পর বনানী থানার মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়৷ এখন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত৷

আদালত সূত্র ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে জানায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখাতে গত ৩০ জুন আবেদন করা হয়৷ আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান৷ সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেছিলেন৷ আজ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন আদালত৷

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি করে দুদক৷

২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ৷ এর পর থেকে তিনি কারাগারে আছেন৷ তাঁর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)