1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশে

প্রকাশিত ১৮ মে ২০২৬শেষ আপডেট ২৩ মে ২০২৬

চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৯০, মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশে, হরমুজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় চলাচল করেছে ৩৫টি জাহাজ ...আরো খবর এখানে৷

https://p.dw.com/p/5Du01
জার্মানি, টুবিঙেন ২০২১ | মেয়র পদের প্রার্থিতা নিয়ে গ্রিনস সদস্যদের সভা
গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজের দেশে ফিরতে হবে৷ | প্রতীকী চিত্রছবি: Ulmer/ULMER Pressebildagentur/IMAGO
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৯০
  • মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশে
  • হরমুজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় চলাচল করেছে ৩৫টি জাহাজ 
  • ইউরোপে মার্কিন সেনা-উপস্থিতির বিষয়ে স্পষ্টতা দাবি ন্যাটো মিত্রদের
  • বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ টোমাস ডুলি
  • পোল্যান্ডে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প
স্কিপ নেক্সট সেকশন চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৯০
২৩ মে ২০২৬

চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

শানসি, চীন ২০২৬ | কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা
শানসি প্রদেশের কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে৷ ছবি: Cao Yang/Xinhua/dpa/picture alliance

উত্তর চীনের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন৷ শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে৷

শুক্রবার রাত সাড়ে সাতটায় শানসি প্রদেশের কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে৷ সে সময় ভূগর্ভে কর্মরত ছিলেন ২৪৭ জন শ্রমিক৷ শনিবার ভোরের মধ্যে বেশিরভাগকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে নয়জন এখনো নিখোঁজ, তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে৷

সিনহুয়া জানিয়েছে, খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক সীমা ছাড়িয়ে গিয়েছিল৷ আটকে পড়াদের মধ্যে কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় ছিলেন৷

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযানে সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ তদন্তে কঠোর জবাবদিহিতার আদেশ দিয়েছেন৷ গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ঘটনা এখনো নিয়মিত ঘটনা৷

এসএসজি/এডিকে (এপি)
 

https://p.dw.com/p/5EEW4
স্কিপ নেক্সট সেকশন মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশে
২৩ মে ২০২৬

মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশে

যুক্তরাষ্ট্র ২০২৩ | গ্রিন কার্ড লটারি থেকে প্রাপ্ত গ্রিন কার্ড - যুক্তরাষ্ট্রের পতাকার ওপর
গ্রিন কার্ডের আবেদন এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে করতে হবে৷ছবি: Mehaniq/Panthermedia/IMAGO

গ্রিন কার্ডের নতুন নিয়ম৷ কার্ডের আবেদন এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে করতে হবে৷

ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন, তাদের গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজের দেশে ফিরতে হবে৷ একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এই নিয়মের কোনো বিকল্প থাকবে না৷

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস এমনটাই জানিয়েছে৷ 

এতদিন পর্যন্ত পর্যটক, শিক্ষার্থী বা অস্থায়ী ভিসাধারীরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে দেশের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন৷ ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, প্রতি বছর যত গ্রিন কার্ড দেওয়া হয় তার অর্ধেকেরও বেশি এই পদ্ধতিতে৷

ইউএসসিআইএস জানিয়েছে, অস্থায়ী ভিসায় আসা ব্যক্তিদের নির্দিষ্ট সময় শেষে দেশ ছেড়ে যাওয়ার কথা৷ তাদের সফর যেন গ্রিন কার্ড প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ব্যবহৃত না হয়, সেটাই এই নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য৷

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ক্রমশ কঠোর হচ্ছে৷

এসএসজি/এডিকে (ডিপিএ)

https://p.dw.com/p/5EEQu
স্কিপ নেক্সট সেকশন হরমুজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় চলাচল করেছে ৩৫টি জাহাজ
২২ মে ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় চলাচল করেছে ৩৫টি জাহাজ

মানচিত্রে হরমুজ প্রণালী
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোর চলাচল সম্ভব হয়েছে৷ছবি: Dado Ruvic/REUTERS

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী দিয়ে ৩৫টি জাহাজ চলাচল করেছে৷ আজ শুক্রবার ইরানের কর্তৃপক্ষ এ কথা জানায়৷
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাহাজগুলোর চলাচল সম্ভব হয়েছে৷
তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কপলার এর আগে বুধবার হরমুজ দিয়ে ১০টি জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছিল৷ তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার চলাচল করেছিল ৪টি জাহাজ৷
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান উচ্চ হারে মাশুল আদায় করে৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি মনে করেন, ‘‘বিশ্বের কোনো দেশেরই তা মেনে নেওয়া উচিত নয়৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5ECKu
স্কিপ নেক্সট সেকশন ইউরোপে মার্কিন সেনা-উপস্থিতির বিষয়ে স্পষ্টতা দাবি ন্যাটো মিত্রদের
২২ মে ২০২৬

ইউরোপে মার্কিন সেনা-উপস্থিতির বিষয়ে স্পষ্টতা দাবি ন্যাটো মিত্রদের

সুইডেনের হেলসিংবর্গে বৈঠকে যোগ দেয়া ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা
পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনকে যখন ন্যাটো প্রধান স্বাগত জানালেন ঠিক তখনই ইউরোপকে প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাগনা৷সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, ‘‘বিষয়টি সত্যিই বিভ্রান্তিকর৷ এর গতিপ্রকৃতি বোঝা বা এর সঙ্গে মানিয়ে নেওয়া সবসময় সহজ নয়৷’’ ছবি: Julia Demaree Nikhinson/REUTERS


ডনাল্ড ট্রাম্পের পোল্যান্ডে পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে৷ তবে ন্যাটোর মিত্র দেশগুলো থেকে উঠেছে ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের উপস্থিতির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি৷
ইউরোপে নিজেদের উপস্থিতি কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছে ডনাল্ড ট্রাম্পের প্রশাসন৷ ওয়াশিংটনের এমন পরিকল্পনার প্রেক্ষাপটে সুইডেনের হেলসিংবর্গে বৈঠকে বসেছেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা৷ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রুবিও বলেছেন, ইউরোপে মার্কিন উপস্থিতি কমানো কোনো ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নয়৷
তবে পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনকে যখন ন্যাটো প্রধান স্বাগত জানালেন ঠিক তখনই ইউরোপকে প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাগনা৷
সুইডেনের হেলসিংবর্গে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, ‘‘বিষয়টি সত্যিই বিভ্রান্তিকর৷ এর গতিপ্রকৃতি বোঝা বা এর সঙ্গে মানিয়ে নেওয়া সবসময় সহজ নয়৷’’ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ‘‘গুরুত্বপূর্ণ দিকটি হলো, এ প্রক্রিয়া এমন এক সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় যাতে যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের উপস্থিতি কমালে ইউরোপ নিজেদের সক্ষমতা বাড়াতে পারে৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5EBij
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ টোমাস ডুলি
২২ মে ২০২৬

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ টোমাস ডুলি

বাংলাদেশের পুরুষদের জাতীয় ফুটবল দলের নতুন কোচ টোমাস ডুলি (ফাইল ফটো)
‎জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টোমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে৷ যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন, গোল করেন ৭টি৷ছবি: firo Sportphoto/picture alliance

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টোমাস ডুলি৷ আজ সকালে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানায়৷
‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সি এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সোমবার সকালেই ঢাকায় পা রেখেছেন৷ সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে৷
‎জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টোমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে৷ যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন এবং গোল ৭টি৷
‎‎১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে চারটি ম্যাচেই খেলেন ডুলি৷ চার বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে সব ম্যাচ খেলেন৷
ক্লাব ফুটবলেও তার প্রোফাইল বেশ ভারী৷ বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে৷ এ ছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও৷
কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ৷ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে কাজ করেছেন৷ এরপর ফিলিপাইন্সের কোচের দায়িত্ব পালন করেন৷ তারপর ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন ডুলি৷ ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইন্সের ডাগআউটে ফেরেন তিনি৷ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন৷
‎ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন৷ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে সেই দেশে যাবে বাংলাদেশ দল৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5EAUW
স্কিপ নেক্সট সেকশন পোল্যান্ডে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প
প্রকাশিত ২২ মে ২০২৬শেষ আপডেট ২২ মে ২০২৬

পোল্যান্ডে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

পোল্যান্ডে আরো পাঁচ হাজার সেনা পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পোল্যান্ডের জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাওরোকির সঙ্গে সুসম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, ''কারোল নাওরকি নির্বাচনে সফল হয়ে এখন পোল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছেন। আমরা তাকে সমর্থন করেছিলাম। আমি এখন সেখানে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছি।'' 

দুই দিন আগেই পেন্টাগন জানিয়েছিল, তারা ইউরোপ থেকে সেনা ব্রিগেডের সংখ্যা চার থেকে কমিয়ে তিন করবে।  পেন্টাগনের প্রধান মুখপাত্র সিন পারনেল একটি বিবৃতিতে জানিয়েছেন, তারা ইউরোপে সেনার সংখ্যা কমাচ্ছেন। ইউরোপের ক্ষেত্রেও তারা ট্রাম্পের অ্যামেরিকা ফার্স্ট নীতি নিয়ে চলছেন।  ইউরোপের সুরক্ষার প্রাথমিক দায়িুত্ব ন্যাটোর শরিক দেশগুলিকেই নিতে হবে। 

মে মাসের গোড়ায় অ্যামেরিকা জানিয়েছিল, তারা জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহার করছে।  

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5E9oF
স্কিপ নেক্সট সেকশন রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে নিহত বাংলাদেশি যুবক
২২ মে ২০২৬

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে নিহত বাংলাদেশি যুবক

ইউক্রেনের দনেৎস্ক এলাকায় রাশিয়ার সেনা। ফাইল ছবি।
রাশিয়ার সেনার হয়ে লড়ছিলেন মাদারীপুরের যুবক। ছবি: Hanna Sokolova-Stekh/DW

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী (৩৫)। গত সোমবার প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরুজের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সুরুজ মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে। তার মৃত্যুর খবরে বাড়িতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় বাংলাদেশি এক দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন সুরুজ। অনেক চেষ্টার পরও ইউরোপের ভিসা না পেয়ে এক এজেন্সির মাধ্যমে তিনি রাশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। আট মাস আগে তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় যান। সেখানে স্বাভাবিক কাজে যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত হন সুরুজ। প্রথমে তাঁর মৃত্যুর বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী যুবক ফোনে সুরুজের পরিবারকে বিষয়টি জানান।

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5EADf
স্কিপ নেক্সট সেকশন আইফেল টাওয়ারের সিঁড়ির অংশ যে দামে বিক্রি হলো
প্রকাশিত ২২ মে ২০২৬শেষ আপডেট ২২ মে ২০২৬

আইফেল টাওয়ারের সিঁড়ির অংশ যে দামে বিক্রি হলো

নিলামের আগে আইফেল টাওয়ারের এই ঘোরানো সিঁড়ির অংশটিকে প্রেস প্রিভিউয়ের জন্য রাখা ছিল।
১৯৮৩ সালে লিফট বসানোর পর এই সিঁড়ি খুলে ফেলা হয়। আইফেল টাওয়ারের দুই ও তিনচলার সংযোগকারী সিঁড়ির অংশ ছিল এটা। ছবি: Alice Sacco/REUTERS

ফ্রান্সে আইফেল টাওয়ারের একটা ছোট ঘোরানো সিঁড়ি বৃহস্পতিবার নিলামে সাড়ে চার লক্ষ ইউরোয়(বাংলাদেশি মুদ্রায় ছয় কোটি ৩৯ লাখ টাকার বেশি ও  ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বেশি) বিক্রি হলো। 

একজন ফরাসি কালেক্টর প্রায় তিন মিটার লম্বা(প্রায় নয় ফুট) এই ঘোরানো সিঁড়ির টুকরো কিনলেন এই বিপুল অর্থব্যয় করে। এই সিঁড়ি ১৮৮৯ সালে তৈরি, ১৪টা ধাপ আছে, ওজন এক দশমিক চার টন। 

আইফেল টাওয়ারের দুই ও তিন তলার সংযোগকারী সিঁড়ির অংশ ছিল এটা। ১৯৮৩ সালে আইফেল টাওয়ারে লিফট বসানোর পর সিঁড়ি খুলে ফেলা হয় ও তা ২৪ টুকরো করা হয়। এগুলো কালেকটরস আইটেম হিসাবে বিক্রি করা হয়। কিছু অংশ অ্যামেরিকায় স্ট্যাচু অফ লিবার্টির চত্বরে, কিছু জাপানের উদ্যানে আছে। বাকি বিভিন্ন কালেকটরের কাছে আছে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5EA2O
স্কিপ নেক্সট সেকশন পুরুষদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল
প্রকাশিত ২২ মে ২০২৬শেষ আপডেট ২২ মে ২০২৬

পুরুষদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল

আইএসএল ট্রফি হাতে ইস্টবেঙ্গল ফুটবলাররা।
২২ বছর পর পুরুষদের ফুটবলে আবার ভারতসেরা হলো ইস্টবেঙ্গল। ছবি: Samir Jana/Hindustan Times/Sipa USA/picture alliance

২২ বছরের খরা কাটলো। পুরুষদের ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল) চালু হওয়ার পর এই প্রথমবার তা জিতলো কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব। আর যার হাত ধরে এই সাফল্য আসলো, তিনি হলেন কোচ অস্কার ব্রুজোন। এর আগে বাংলাদেশে কোচিং করিয়ে সাফল্য পেয়েছিলেন তি্নি। 

আইএসএল জিততে হলে শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারাতে হতো ইস্টবেঙ্গলকে। কিশোর ভারতী স্টেডিয়ামে অবশ্য প্রথমে গোল করে এগিয়ে যায় ইন্টার কাশী। প্রথমার্ধে তারা একাধিক গোলের সুযোগও পেয়েছিল। সুযোগ ইস্টবেঙ্গলও পেয়েছিল। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। সাফল্য পান ইউসুফ ইজেজ্জারি। ইন্টার কাশীর গোলকিপারের ভুলে তিনি বল পেয়ে গোল করেন। এরপর বিপিন সিংয়ের ক্রস ইন্টার কাশীর জালে জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের ফিলিস্তিনি ফুটবলার রশিদ। ২-১ গোলে জেতে ইস্টবেঙ্গল। 

২২ বছরের খরা শেষ হওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা আবেগতাড়িত হয়ে পড়েন। গ্যালারি ও মাঠে জ্বলতে থাকে ক্লাবের প্রতীক মশাল। 

এর আগে মেয়েদের ফুটবলেও ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল। 

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

আইএসএল জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকরা ক্লাবের প্রতীক মশার জ্বালিয়ে উৎসব পালন করছেন।
দীর্ঘদিন পর পুরুষদের ফুটবলে ভারতসেরা হওয়ার পর ইস্টবেঙ্গলের সমর্থকরা উৎসবে মাতেন। ছবি: Samir Jana/Hindustan Times/Sipa USA/picture alliance
https://p.dw.com/p/5E9t6
স্কিপ নেক্সট সেকশন ভারতে প্রতি ৯০ মিনিটে একজন নারীর মৃত্যু পণের কারণে
২২ মে ২০২৬

ভারতে প্রতি ৯০ মিনিটে একজন নারীর মৃত্যু পণের কারণে

ভারতে পণ সংক্রান্ত নিগ্রহের সমস্যা ভয়ংকর আকার নিয়েছে। প্রতীকী ছবি।
ভারতে এখনো প্রতি ৯০ মিনিটে পণ সংক্রান্ত কারণে একজনের মৃত্যু হয়। ছবি: Dinodia Photo Library/picture alliance

বিয়েতে পণ না পেয়ে বধূহত্যার দুইটি ঘটনা সম্প্রতি ভারতে আলোড়ন ফেলেছে। ভোপালে ত্বিষা শর্মা এবং গ্রেটার নয়ডার দীপিকা নাগরের মৃত্যু পণ সংক্রান্ত কারণে হয়েছে বলে অভিযোগ। এরপর এই নিয়ে জনরোষ দেখা দিয়েছে। কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ভারতে ২০২৪ সালে পণসংক্রান্ত মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ হাজার ৭৩৭। ২০২৩-এর তুলনায় কম হলেও এখনো ভারতে প্রতি ৯০ মিনিটে একজন নারীর মৃত্যু হচ্ছে পণ সংক্রান্ত কারণে। প্রতিদিন পণের কারণে ১৬ জন মারা যান। 

বিভিন্নভাবে এই পণ সংক্রান্ত মৃত্যু ঘটে। এরমধ্যে আত্মহত্যা ও অন্য অস্বাভাবিক মৃত্যু যেমন আছে, তেমনই হয়রানির জন্য মৃত্যু থেকে হত্যাও রয়েছে।  ২০২৪ সালে ১৬৩ জন মারা গেছেন, ওড়িশায় ১৬১ জন, রাজস্থানে ৭৫ জন, বিহার ও উত্তরপ্রদেশে ৬৬ ও ৫৮ জন মারা গেছেন। 

কলকাতায় কতটা নিরাপদ নারীরা?

২০২৪ সালে স্বামী ও তার আত্মীয়দের নিষ্ঠুরতার মামলা হয়েছে এক লক্ষ ২০ হাজারটি। গত এক দশক ধরে এই ধরনের ঘটনার সংখ্যা এক লক্ষের বেশি আছে। 

২০২৪ সালে উত্তরপ্রদেশে এরকম ২১ হাজার ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গে ১৯ হাজার এবং রাজস্থান, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় দশ হাজারের বেশি ঘটনা ঘটেছে। 

জিএইচ/এসজি(এনডিটিভি)

https://p.dw.com/p/5EA9L
স্কিপ নেক্সট সেকশন ২০০৯ সালের বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্স দোষী সাব্যস্ত
২১ মে ২০২৬

২০০৯ সালের বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্স দোষী সাব্যস্ত

আটলান্টিক মহাসাগরে চলছে তল্লাসি (ফাইল ফটো)
২০০৯ সালে এয়ার ফ্রান্সের ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়৷ বিমানের ২২৮ জনের একজনকেও আর পাওয়া যায়নি৷ছবি: epa/dpa/picture alliance

২০০৯ সালের ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্সকে ‘কর্পোরেট নরহত্যা’র দায়ে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের একটি আপিল আদালত৷ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়ায় এয়ার ফ্রান্সের ফ্লাইট ৪৪৭-এর সব আরোহী প্রাণ হারিয়েছিল৷
গতকাল বুধবার ফ্রান্সের একটি আদালত সে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর এ রায় দেয়৷ রায়ে আদালত জানায়, ২০০৯ সালে ব্রাজিলের উপকূলে ঘটা রিও-প্যারিস রুটের সেই বিমান দুর্ঘটনায় ‘কর্পোরেট নরহত্যার’ দায়ে দুই কোম্পানিই দোষী৷ তাই দুই কোম্পানিকেই, অর্থাৎ এয়ারবাস ও এয়ার ফ্রান্সকে সর্বোচ্চ অঙ্কের জরিমানা হিসেবে প্রত্যেককে দুই লাখ ২৫ হাজার ইউরো (দুই লাখ ৬০ হাজার ৯৭১ মার্কিন ডলার) করে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
২০০৯ সালে এয়ার ফ্রান্সের ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়৷ বিমানের ২২৮ জনের একজনকেও আর পাওয়া যায়নি৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5E7xd
স্কিপ নেক্সট সেকশন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ
২১ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)
রিট আবেদনকারী জানান, তিনি হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন৷ গত ৪ মে তিনি হাইকোর্টে এই আবেদনটি জমা দেন৷ আবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল৷ছবি: Chief Adviser GOB

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট৷
রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন৷
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান, আর রাষ্ট্রপক্ষে রিটের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক৷
রিট আবেদনকারী অ্যাডভোকেট মোহাম্মদ মহসেন রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন৷
গত ৪ মে তিনি হাইকোর্টে এই আবেদনটি জমা দেন৷ আবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল৷
তিনি আরো জানান, ওই সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়েও রিটে প্রশ্ন তোলা হয়৷
এর আগে, এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট আবেদন করেন৷
তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন৷ পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5E6vg
স্কিপ নেক্সট সেকশন কঠোর নীতির কারণে যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেকে নেমেছে
২১ মে ২০২৬

কঠোর নীতির কারণে যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেকে নেমেছে

২০২৫ সালে ব্রিটেনে দীর্ঘমেয়াদী নিট অভিবাসনের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে৷ সাম্প্রতিক বছরগুলোতে সরকারের নেয়া কিছু কঠোর পদক্ষেপের প্রভাবে এই পরিবর্তন বলে বিশ্লেষকরা মনে করছেন৷
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ১২ মাসে ব্রিটেনে নিট অভিবাসনের সংখ্যা কমে হয়েছে এক লাখ ৭১ হাজার৷ এক বছর আগে এমন অভিবাসনের সংখ্যা ছিল তিন লাখ ৩১ হাজার৷ সরকার কিছু কঠোর ব্যবস্থা নেয়ায় ২০২৩ সালের রেকর্ড সর্বোচ্চ নয় লাখ ৪৪ হাজার থেকে নিট অভিবাসনের সংখ্যার কমছিল৷ ২০২৫ সালেও সেই ধারা অব্যাহত থাকলো৷
এক দশকেরও বেশি সময় ধরে ব্রিটেনে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিবাসন৷ এই সময়ে আসা সব সরকারই কঠোরতর ভিসা বিধি এবং উচ্চতর বেতনসীমা আরোপ করে এসেছে৷ ব্রিটেনের বর্তমান সরকার এ ক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
 

https://p.dw.com/p/5E6to
স্কিপ নেক্সট সেকশন ইউক্রেনকে ইইউর ‘সহযোগী’ সদস্য করার আহ্বান জানালেন ম্যার্ৎস
প্রকাশিত ২১ মে ২০২৬শেষ আপডেট ২১ মে ২০২৬

ইউক্রেনকে ইইউর ‘সহযোগী’ সদস্য করার আহ্বান জানালেন ম্যার্ৎস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস (ফাইল ফটো)
আগেই ইইউ’র সদস্যপদের জন্য আবেদন করেছে ইউক্রেন৷ কিন্তু প্রয়োজনীয় সব শর্ত পূরণ হতে হতে পুরো প্রক্রিয়ায় এক দশকেরও বেশি সময় লাগতে পারে৷ছবি: Michaela Stache/AFP

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা এক চিঠিতে ইউক্রেনকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷
সহযোগী সদস্য হলে ইউরোপীয় এই জোটের আরো ঘনিষ্ঠ হবে ইউক্রেন, তবে সদস্য রাষ্ট্রগুলোর সমান ভোটাধিকার পাবে না৷ কিয়েভ পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে৷ কিন্তু প্রয়োজনীয় সব শর্ত পূরণ হতে হতে পুরো প্রক্রিয়ায় এক দশকেরও বেশি সময় লাগতে পারে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5E5QH
স্কিপ নেক্সট সেকশন পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ
প্রকাশিত ২১ মে ২০২৬শেষ আপডেট ২১ মে ২০২৬

পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

প্রতীকী ছবি
আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ জবানবন্দিতে তিনি বলেছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়৷ অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলেন৷ছবি: Evgeniia Gordeeva/Zoonar/picture alliance


বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান৷
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে৷
ঘটনার মূল আসামি সোহেল রানা (৩৪) গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ জবানবন্দিতে তিনি বলেছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়৷ অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলেন৷
জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে৷ 
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়৷ ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান৷ ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়৷ সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়৷
মঙ্গলবার রাতে শিশুটির বাবা পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন৷ মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, তার ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5E50W
আরো পোস্ট দেখান