মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী
প্রকাশিত ১ জুন ২০২৬শেষ আপডেট ১ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
- হজ পালনে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু
- পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
- আবার আইপিএল-জয় বিরাট কোহলির বেঙ্গালুরুর
- বাংলাদেশে পেট্রোল, কেরোসিনের দাম বাড়লো, ডিজেলের নয়
- মমতার বাড়িতে বিধায়কদের বৈঠতে উপস্থিত মাত্র ২০ জন
- প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা কলম্বিয়ায়
- অ্যামেরিকার নেওয়ার্কে কারফিউ ঘোষণা করেছেন মেয়র
- ইসরায়েল ডে-র কুচকাওয়াজে যোগ দিলেন না মামদানি
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী
সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেয়া হবে৷
আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেয়া হবে৷ পদকপ্রাপ্ত বাংলাদেশের ছয় শান্তিরক্ষী হলেন, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল৷
২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে দায়িত্ব পালনের সময় এক ড্রোন হামলায় তারা নিহত হন৷
আগামী ৫ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসচিব৷ এছাড়া গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেয়া হবে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
শান্তি আলোচনায় ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্রতর করেছে ইসরায়েল৷এসব উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়গুলোই প্রমাণ করে যে, ওয়াশিংটন যুদ্ধবিরতি মেনে চলছে না৷
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ‘‘নৌ-অবরোধ এবং লেবাননে যুদ্ধাপরাধের মাত্রা বৃদ্ধি’’ যুক্তরাষ্ট্রের ‘‘যুদ্ধবিরতি মেনে না চলার স্পষ্ট প্রমাণ৷’’ ‘‘প্রতিটি সিদ্ধান্তেরই একটি মূল্য থাকে এবং সেই মূল্য শেষমেশ চুকাতে হয়-’’ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ‘‘সবকিছুই একসময় সঠিক জায়গায় এসে দাঁড়াবে৷’’
এর আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান ৷ গত ৮ এপ্রিল তা কার্যকর হয়৷ পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে৷
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শান্তিচুক্তি সম্পাদনে ব্যর্থ হওয়ার পর গত ১৬ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র৷ এ কারণে হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখে ইরান৷
এছাড়া ইরান মনে করে, লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর হওয়া আবশ্যক৷ অথচ ইরান-সমর্থিত হেজবুল্লাহর বিরুদ্ধে সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল৷ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা শান্তিচুক্তি সম্পাদনের পথে অন্তরায় বলেও মনে করে ইরান৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন৷ আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন৷
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন৷ অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল৷ বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন৷
৬৩ বছর বয়সি দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন৷ নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি৷
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন দীপেন দেওয়ান৷ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন৷
২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগ দেন৷ ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন৷ ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন৷
দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
হজ পালনে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরো দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে৷ বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী এ ফলে চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশির মৃত্যু হলো৷
সৌদি আরবে যে ৪১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, তাদের মধ্যে ২৭ জন পুরুষ, ১৪ জন নারী৷ ৩০ জন মারা গেছেন মক্কায়, বাকি ১১ জন মদিনায়৷
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছেন হাজিরা৷
পবিত্র হজ পালনে এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান প্রায় ৭৮ হাজার ৫০০ জন৷ তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যান৷
এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে৷ প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল৷ শেষ হয় ২১ মে৷ ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে৷ চলবে ৩০ জুন পর্যন্ত৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ইসরায়েল ডে-র কুচকাওয়াজে যোগ দিলেন না মামদানি
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি যোগ দিলেন না ইসরায়েল ডে-র কুচকাওয়াজে। ১৯৬০ সাল থেকে নিউ ইয়র্কে প্রতি বছর ইসরায়েল ডে পালন করা হয়। সেই উপলক্ষে কুচকাওয়াজের ব্যবস্থা করা হয়। শহরের মেয়রসহ রাজনীতিবিদেরা তাতে অংশ নেন।
অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্কের মেয়র সেই অনুষ্ঠানে যোগ দিলেন না। নিউ ইয়র্ক শহরে বিপুল পরিমাণ ইহুদি বসবাস করেন। তারাই এই কুচকাওয়াজের ব্যবস্থা করেন। পরিসংখ্যান বলছে, নিউ ইয়র্কে প্রায় ১০ লাখ ইহুদি এখন থাকেন। তাদের ভোট মেয়রের জন্য় গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে মামদানি ইসরায়েল দিবসের কুচকাওয়াজ এড়িয়ে গেলেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
অ্যামেরিকার নেওয়ার্কে কারফিউ ঘোষণা করেছেন মেয়র
নিউ জার্সিতে ডেলানি হল ডিটেনশন সেন্টারের সামনে গত কয়েকদিন ধরে লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, আটক করা অভিবাসী প্রত্যাশীদের খারাপ খাবার দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।
বস্তুত, ডিটেনশন সেন্টারের ভিতর গত কয়েকদিন ধরে এই অভিযোগগুলির ভিত্তিতে অনশন শুরু করেছেন অভিবাসনপ্রত্যাশীরা। এরই পরিপ্রেক্ষিতে নেওয়ার্কের মেয়র ওই ডিটেনশন সেন্টার সংলগ্ন অঞ্চলে কারফিউ ঘোষণা করেছেন। প্রতিবাদীদের অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা কলম্বিয়ায়
কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণপন্থি আবেলর্দো ডে লা এসপ্রিয়েলার সঙ্গে লড়াই চলছে বামপন্থি প্রার্থী ইভান কেপেডার। রোববার গভীর রাত পর্যন্ত ভোট গণনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট অর্জন করতে পারেননি। ইভানের থেকে দক্ষিণপন্থি এসপ্রিয়েলা সামান্য় এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৪৩ দশমিক সাত শতাংশ ভোট। আর বামপন্থি ইভান পেয়েছেন ৪১ শতাংশ ভোট।
কলম্বিয়ার নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে ৫০ শতাংশ ভোট পেতেই হবে। ফলে দুই প্রার্থীকে রান অফ নির্বাচনে অংশ নিতে হবে। সেখানে তাদের ৫০ শতাংশ ভোট পেতে হবে।
এসপ্রিয়েলা অবশ্য রোববার রাতে জানিয়েছেন, সোমবার নির্বাচনের ফলাফল নিয়ে তিনি নিজের বক্তব্য জানাবেন। এই ফলাফল তিনি নাও গ্রহণ করতে পারেন, এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
আবার আইপিএল-জয় বিরাট কোহলির বেঙ্গালুরুর
গতবছরই প্রথমবার আইপিএল জিতেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা আবার আইপিএল জিতলো। ফাইনালে বিরাট কোহলির ৪২ বলে ৭৫ রানের সুবাদে গুজরাটের ১৫৫ রানের স্কোর টপকে গেলো বেঙ্গালুরু।
ফাইনাল ছিল গুজরাটের ঘরের মাঠে। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটকে দাঁড়াতে দিলো না বেঙ্গালুরু। মাঠেও ৭০ শতাংশ ছিল বেঙ্গালুরুর সমর্থক। সেখানে শুরু থেকেই বেঙ্গালুরুর বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। রাসিখ সালাম তিনটি, ভুবনেশ্বর কুমার ও হ্যাজেলউড দুইটি করে উইকেট নিলেন। গুজরাটের হয়ে সবচেয়ে বেশি রান করলেন ওয়াশিংটন সুন্দর। ৩৭ বলে ৫০ রান করলেন তিনি।
বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের কাছে ১৫৫ খুব বড় স্কোর নয়। তা সত্ত্বেও গুজরাটের রান টপকাতে পাঁচ উইকেট হারালো তারা। তবে একদিকে প্রাচীর হয়ে দাঁড়ালেন বহু যুদ্ধের নায়ক বিচারট কোহলি। দেখিয়ে দিলেন দেশের হয়ে তিনি টি-টোয়েন্টি না খেললে কী হবে, এখনো তার ব্যাটে মরচে পড়েনি। আইপিএলের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় এখনো তিনি একের পর এক ম্যাচে দলকে জেতাতে পারেন। তিনিই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন।
কোহলি ম্যাচের পরে বললেন, আমি সতীর্থদের বলেছিলাম, ''গতবারের মতো চাপ এবার নেই। এই ম্যাচে বেঙ্গালুরুর প্লেয়াররা শান্ত হয়ে খেলেছে। একগুচ্ছ প্লায়ার ভালো খেলেছে। তাই কখনো মনে হয়নি, একজনের উপর বেশি চাপ পড়ছে।'' কোহলি জানালেন, তিনি স্বপ্ন দেখতেন, তার শটে বেঙ্গালুরু আইপিএল জিতছে।
তবে এই আইপিএলে সেরা প্রাপ্তি ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। ১৬ ম্যাচ খেলে তিনি ৭৭০ রান করেছেন। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করে কমলা টুপি পেয়েছেন। এছাড়া এমার্জিং ক্রিকেটার ও সবচেয়ে বেশি ছয় মারার পুরস্কার পেয়েছেন বৈভব। তাঁকে এখন ইন্ডিয়া এ দলে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের মূল টি-টোয়েন্টি দলে তার ঢোকাটা সময়ের অপেক্ষা মাত্র।
জিএইচ/এসজি(জিও হটস্টার)
মমতার বাড়িতে বিধায়কদের বৈঠতে উপস্থিত মাত্র ২০ জন
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের বিধায়কদলের বৈঠক ডেকেছিলেন বিরোধী নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু দলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। সেই বৈঠক বৈাতিল করে দেওয়া হয়।
পরে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিধায়করা অভিযেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে আসতে পারেননি। তাই বৈঠক বাতিল করা হয়েছে। তার উপর নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে , সেজন্য বিধায়করা বৈঠকের দিন বদলের অনুরোধ করেছিলেন।
ফিরহাদ হাকিম, মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা বৈঠকে যোগ দিতে এলেও অনেক বিধায়কই আসেননি।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)
বাংলাদেশে পেট্রোল, কেরোসিনের দাম বাড়লো, ডিজেলের নয়
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়। বিশ্ববাজারে দাম অনেক বেড়ে গেলে দেশেও গত এপ্রিলের মাঝামাঝি দাম বাড়ানো হয়। এরপর মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। তবে দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। মার্চের মতো এপ্রিলেও শুরুতে দাম অপরিবর্তিত রাখে সরকার। তবে ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
জিএইচ/এসজি(প্রথম আলো)