1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার

প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ১ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার, পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, সাউথ আফ্রিকায় অভিবাসী-বিরোধী বিক্ষোভ ... আরো খবর এখানে।

https://p.dw.com/p/5GDYp
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে আটক মানুষের খোঁজ এখনো চলছে।
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় দুই হাজার। ছবি: U.S. Department of State/UPI Photo/IMAGO
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার
  • পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের
  • সাউথ আফ্রিকায় অভিবাসী-বিরোধী বিক্ষোভ
স্কিপ নেক্সট সেকশন ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার
প্রকাশিত ১ জুলাই ২০২৬শেষ আপডেট ১ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৯৪৩ জন। ১০ হাজার পাঁচশোর বেশি মানুষ আহত। ১৬ হাজার গৃহহীন, ৪৩ হাজার মানুষ নিখোঁজ, ছয় লক্ষ ৮০ হাজার বাচ্চার মানবিক ত্রাণ দরকার, ৫৯ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভেনেজুয়েলাতে মঙ্গলবারও উদ্ধারকারীরা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করে গেছেন। পরপর দুইটি ভয়ংকর ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন অঞ্চল ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে। 

উদ্ধারকারীরা এখনো আশা করছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেঁচে থাকা মানুষদের তারা উদ্ধার করতে পারবেন। তবে তারা এখন মৃত মানুষদের খোঁজও করছেন। 

৪০ ঘণ্টা ধরে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধারের চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ও ইকুযেডর থেকে আসা উদ্ধারকারীরা। কিন্তু মঙ্গলবার তারা ধ্বংসস্তূপে আর জীবনের চিহ্ন না পাওয়ায় সেই কাজ বন্ধ করে দিয়েছেন। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

ভূমিকম্পে নজরদারি থেকে উদ্ধারকাজে আসছে সাইবর্গ তেলাপোকা?

https://p.dw.com/p/5GLmC
স্কিপ নেক্সট সেকশন পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের
১ জুলাই ২০২৬

পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের

আফগানিস্তান ও পাকিস্তানের সীমানায় প্রহরারত এক পাকিস্তানি সেনা।
পাকিস্তানে হামলা করার দাবি করলো আফগানিস্তান। ছবি: Abdul Basit/AFP

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করে দাবি করেছে, তারা পাকিস্তানের বালোচিস্তান, উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ায় বিমান হামলা করেছে। এর ফলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের সদস্যদের মৃত্যু হয়েছে। 

 বিশেষজ্ঞরা বলেছেন, তালেবান সামরিক বাহিনীর কাছে পুরোদস্তুর বিমান বাহিনী নেই, তবে তারা মূলত ড্রোনের মাধ্যমে হামলা করে। 

পাকিস্তানও জানিয়েছে, আফগানিস্তান ড্রোন হামলা করেছিল। চারটি ড্রোন তারা ধ্বংস করেছে। তবে তারা কোনো মৃত্যুর খবর জানায়নি। আর আইএস কর্মীরা পাকিস্তানে আছে সেটা তারা স্বীকার করে না। 
    
এর আগে পাকিস্তান এই সপ্তাহে আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা করেছিল। তারপর আফগান সরকার জানিয়েছিল, তারা প্রত্যাঘাত করবে। 

পাকিস্তান সেনার তরফে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান বাহিনী বালোচিস্তানে চারটি ড্রোন হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনগুলিকে ধ্বংস করেছে।  সেনার তরফ থেকে বলা হয়েছে, আফগান তালেবানরা যদি এভাবে উসকানি দিতে থাকে, তাহলে তারা উচিত জবাব পাবে। 
   
জিএইচ/এসজি(এএফপি)

https://p.dw.com/p/5GLpv
স্কিপ নেক্সট সেকশন সাউথ আফ্রিকায় অভিবাসী-বিরোধী বিক্ষোভ
৩০ জুন ২০২৬

সাউথ আফ্রিকায় অভিবাসী-বিরোধী বিক্ষোভ

জোহানেসবার্গে অভিবাসী-বিরোধী বিক্ষোভ
জোহানেসবার্গের হিলব্রো এবং ইওভিল-এর যেসব এলাকায় অনেক অভিবাসীর বাস, সেই এলাকাগুলোতে বিক্ষোভকারীরা মিছিল করেছেন৷ মিছিল থেকে আলাদা হয়ে কিছু বিক্ষোভকারীকে জানালার কাচ লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেছে৷ছবি: Emmanuel Croset/AFP

সাউথ আফ্রিকা জুড়ে চলছে অভিবাসী-বিরোধী বিক্ষোভ৷ বিক্ষোভের সময় কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটলেও তা ব্যাপক রূপ নেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
জোহানেসবার্গের হিলব্রো এবং ইওভিল-এর যেসব এলাকায় অনেক অভিবাসীর বাস, সেই এলাকাগুলোতে বিক্ষোভকারীরা মিছিল করেছেন৷ মিছিল থেকে আলাদা হয়ে কিছু বিক্ষোভকারীকে জানালার কাচ লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেছে৷ বিক্ষোভস্থলে পুলিশ ও বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন৷ তা সত্ত্বেও কিছু লুটপাটের ঘটনা ঘটেছে৷ 
এক বিবৃতিতে পুলিশ উপমন্ত্রী ফিরোজ চাচালিয়া বলেন, যারা এই বিক্ষোভের সুযোগ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ হবে৷ তিনি আরো বলেন, ‘‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে পুলিশ৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5GKf2
স্কিপ নেক্সট সেকশন পীর আবদুর রহমান হত্যা মামলা : জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন ২০২৬

পীর আবদুর রহমান হত্যা মামলা : জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে

প্রতীকী ছবি
দক্ষিণ–পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা পীর আবদুর রহমান পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, এমন অভিযোগে ১১ এপ্রিল তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ ঘটনার পর ১৩ এপ্রিল শামীমের বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় হত্যা মামলা করেন৷ছবি: picture-alliance/dpa/P. Zinken

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত৷ আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
কারাগারে পাঠানো দুজন হলেন, হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান৷
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ আলী মর্তুজা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনা্র প্রথম আলোকে বলেন, এ নিয়ে মামলাটির এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনসহ মোট ছয়জনকে কারাগারে পাঠানো হলো৷
উপজেলার দক্ষিণ–পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা পীর আবদুর রহমান পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, এমন অভিযোগে ১১ এপ্রিল তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ ঘটনার পর ১৩ এপ্রিল শামীমের বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় হত্যা মামলা করেন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5GKCA
স্কিপ নেক্সট সেকশন কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করা: সমাধান, নাকি বাড়াবাড়ি?
প্রকাশিত ৩০ জুন ২০২৬শেষ আপডেট ৩০ জুন ২০২৬

কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করা: সমাধান, নাকি বাড়াবাড়ি?

প্রতীকী ছবি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সদ্য প্রকাশ করা জরিপ অনুযায়ী, স্কুল চলছে এমন দিনগুলোতে কম বয়সি ছেলে-মেয়েরা প্রতিদিন গড়ে সাড়ে চার ঘণ্টা এবং সপ্তাহান্তে ৬ ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়৷ছবি: Cristina Quicler/AFP/Getty Images

সাম্প্রতিক এক জরিপে বলছে, ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে প্রতি সাতজনের মধ্যে একজন কিশোর বা কিশোরী দিনে আট ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়৷ প্রতিকারের একমাত্র উপায় কি সোশাল মিডিয়া নিষিদ্ধ করা?

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সদ্য প্রকাশ করা জরিপ অনুযায়ী, স্কুল চলছে এমন দিনগুলোতে কম বয়সি ছেলে-মেয়েরা প্রতিদিন গড়ে সাড়ে চার ঘণ্টা এবং সপ্তাহান্তে ৬ ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়৷

জরিপ নিয়ে করা প্রতিবেদনটিতে আরো বলা হয়, ইইউ অঞ্চলের প্রায় ১৪ শতাংশ, অর্থাৎ প্রতি সাতজন কিশোর-কিশোরীর মধ্যে একজন জানিয়েছে, সাধারণ অবস্থায় তারা স্ক্রিনের সামনে দিনে অন্তত ৮ ঘণ্টা বা তারও বেশি সময় কাটায়, শনি ও রবিবারে সেই সময় আরো বেড়ে দিনে ১০ ঘণ্টাও ছাড়িয়ে যায়৷

গত জুন মাসে বড় এক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য৷ এক ঘোষণায় দেশটি জানিয়েছে, ২০২৭ সালের বসন্ত থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হবে৷ এক্ষেত্রে আরো এগিয়ে অস্ট্রেলিয়া৷ গত ডিসেম্বরেই দেশের সব অপ্রাপ্তবয়স্কের জন্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে তারা৷ নরওয়ে এবং ক্যানাডাসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কাজ করছে৷

ইইউর ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী৷ এর ফলে ইইউ অঞ্চলে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ও ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট-এর মাধ্যমে প্ল্যাটফর্মগুলোর ওপর কন্টেন্ট নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা আরোপ করা সম্ভব হয়েছে৷ তবে ইইউর কয়েকটি সদস্য দেশ আরো কঠোর পদক্ষেপ দাবি করছে৷

জাতীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স, স্পেন, গ্রিস, অস্ট্রিয়া এবং ডেনমার্ক৷ তারা চায় ইউরোপীয় ইউনিয়ন জুড়েই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হোক৷ জার্মানিতে সরকার-নিযুক্ত একটি কমিশন সম্প্রতি ১৩ বছরের কম বয়সিদের জন্য সোশাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধের সুপারিশ করেছে৷

সোশ্যাল মিডিয়া ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে সহ-লেখক, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ডিকিন ইউনিভার্সিটির রিসার্চ ফেলো নন্দী বিজয়কুমারও মনে করেন সোশাল মিডিয়ার ইতিবাচক দিকগুলোকে এ যুগে অগ্রাহ্য করা অনুচিত৷ 

ইউরোপিয়ান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট রারেস ভইকু মনে করেন, ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ফলাফল আগেই ভেবে দেখা জরুরি৷ তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আর সময় কাটাতে না পারলে তখন কী করবে তারা? এমন কিছু কার্যক্রমের ব্যবস্থা থাকা প্রয়োজন, যা সোশ্যাল মিডিয়ার মতোই পারস্পরিক সম্পৃক্ততার অনুভূতি গড়ে তুলতে সক্ষম৷''

রেনাটা পারনেগ্রোভা/এসিবি

https://p.dw.com/p/5GJTl
স্কিপ নেক্সট সেকশন মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড
৩০ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

হাসানুল হক ইনু (ফাইল ফটো)
ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে হাসানুল হক ইনুকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে৷ তবে আদালত জানায়, এই তিনটি সাজা একসঙ্গে চলবে৷ অর্থাৎ, ইনুকে মোট ১০ বছরই কারাগারে কাটাতে হবে৷ছবি: DW

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২৷ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়৷
মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়৷ এর মধ্যে অন্যতম অভিযোগ হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া৷
ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে৷ তবে আদালত জানায়, এই তিনটি সাজা একসঙ্গে চলবে৷ অর্থাৎ, ইনুকে মোট ১০ বছরই কারাগারে কাটাতে হবে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5GIuw
স্কিপ নেক্সট সেকশন বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি-জাপান-নেদারল্যান্ডস
প্রকাশিত ৩০ জুন ২০২৬শেষ আপডেট ৩০ জুন ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি-জাপান-নেদারল্যান্ডস

হারের পর জার্মান দল
হারের পর জার্মান দলছবি: Peter Cziborra/REUTERS

প্যারাগুয়ের কাছে হেরে এবছরের বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। প্যারাগুয়ের সঙ্গে নক আউট পর্বের খেলায় পেনাল্টি শুট আউটে হেরে গেল জার্মানি। এই প্রথম বিশ্বকাপের কোনো খেলায় পেনাল্টি শুট আউটে হেরে গেল জার্মানি। 

তবে এদিন বস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল প্যারাগুয়ে। তাদের তৈরি করা ম্যাচে জার্মানি প্রতিদ্বন্দ্বীর জালে বল ঢোকানোর চেষ্টা করেছে মাত্র। এবারের জার্মানির দল নিয়ে অনেকেই অনেক স্বপ্ন দেখেছিলেন। কিন্তু নক আউটের প্রথম পর্বেই বিদায় নিল জার্মানি। 

অন্যদিকে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারলো না জাপান। ব্রাজিলের সঙ্গে খেলায় প্রথম হাফে গোল দিয়ে এগিয়ে যায় জাপান। কিন্তু দ্বিতীয় হাফে দূর্দান্ত কামব্যাক করে ব্রাজিল। দ্বিতীয় হাফে জাপানকে কার্যত দাঁড়াতে দেয়নি ল্যাটিন অ্যামেরিকান সাম্বা। চাট ফুটবল খেলে দ্বিতীয় হাফের শুরুতেই গোল দেয় ব্রাজিল। আর জয়ের গোল আসে ম্যাচের একেবারে শেষ পর্বে। 

জার্মানির মতো নেদারল্যান্ডসও টাইব্রেকারে হেরে গেলো। মরক্কোর কাছে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর কাছে টাইব্রেকারে হার মানতে হলো নেদারল্যান্ডসকে। 

এসজি/জিএইচ (ফিফা ওয়ার্ল্ড কাপ)

https://p.dw.com/p/5GHoQ
স্কিপ নেক্সট সেকশন পেরুতে নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন ফুজিমোরি
৩০ জুন ২০২৬

পেরুতে নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন ফুজিমোরি

পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী দক্ষিণপন্থি ফুজিমোরি
পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী দক্ষিণপন্থি ফুজিমোরিছবি: Mauricio Munoz/AP Photo/picture alliance

এক সপ্তাহ ধরে গণনা এবং পুনর্গণনার পর অবশেষে পেরুর নির্বাচন কমিশন জানালো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কেইকো ফুজিমোরি। দক্ষিণপন্থি এই নেত্রী নির্বাচনি প্রচারে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

পেরুতে নির্বাচন হয়েছিল গত ৭ জুন। এরপর গণনার পর পুনর্গণনা হয়। প্রতিটি ব্যালট পরীক্ষা করে দেখা হয়। অবশেষে এতদিন পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলো। 

ফুজিমোরির পক্ষে ভোট গেছে ৫০ শতাংশের কিছু বেশি। অন্যদিকে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজ পেয়েছেন ৪৯ শতাংশের কিছু বেশি ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫০ হাজারেরও কম। 

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

https://p.dw.com/p/5GHpJ
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে গুলি, মৃতের সংখ্যা বেড়ে ছয়
৩০ জুন ২০২৬

জার্মানিতে গুলি, মৃতের সংখ্যা বেড়ে ছয়

জার্মানিতে গুলি
জার্মানিতে গুলির ঘটনায় ছয় জনের মৃত্যুছবি: Fabian Höfig/NEWS5/dpa/picture alliance

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনার পর বড় ধরনের পুলিশি অভিযান শুরু হয়েছে। 
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, সোমবারের এ ঘটনায় এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল পাঁচজনের। হাসপাতালে মৃত্যু হয় একজনের। 

পুলিশ জানিয়েছে, ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন বন্দুকধারী। পারিবারিক অশান্তির কারণেই এই গুলির ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ। আটক ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 
সেমবার এক বিবৃতিতে স্টাডে পুলিশ জানিয়েছিল, ডাঙ্কারসস্ট্রাসে একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে৷ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাদানকারী কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছিল ওই বিবৃতিতে। ওই অভিযানেই বন্দুকধারী আটক হয়।
এসজি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5GHoR
স্কিপ নেক্সট সেকশন পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি হলো
প্রকাশিত ৩০ জুন ২০২৬শেষ আপডেট ৩০ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি হলো

শুভেন্দু অধিকারী বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন। ফাইল ছবি।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: ANI Video Grab

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করার জন্য প্রথমে একটি কমিটি গঠন করলো শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই এই কমিটি প্রধান হবেন। চার সপ্তাহের মধ্যে কমিটি তাদের সুপারিশ জমা দেবে। তারপর অগাস্ট মাসে কমিটির সুপারিশের ভিত্তিতে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। 

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্যের আদিবাসী, মূলবাসী, কুড়মি এবং অন্যান্য স্বীকৃত প্রাচীন জনজাতি সম্প্রদায় এই আইনের বাইরে থাকবে। উত্তরাখণ্ড ও গুজরাতের মডল মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে রঞ্জনা দেশাই ছাড়া এক জন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, এক জন আইন বিশেষজ্ঞ, এক জন শিক্ষাবিদ, এক জন সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এক জন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে থাকবেন। 

শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী ২ জুলাই খসড়া বিল মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আসবে। উত্তরাখণ্ড, গুজরাট ও আসামে যে বিল আছে, তার ভিত্তিতেই পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনা হবে। 

এই বিল আইনে পরিণত হলে ধর্মীয় ভিত্তিতে আলাদা আলাদা ব্যক্তিগত আইন থাকবে না। সকলের জন্য একই আইন হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ ইন, ভরণপোষণ, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, দত্তক নেওয়ার মতো বিষয়গুলি এই আইনের আওতায় আসবে। 

জিএইচ/এসজি (মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেওয়া বিবৃতি)

https://p.dw.com/p/5GHoG
স্কিপ নেক্সট সেকশন আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা ভারতের
৩০ জুন ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা ভারতের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রহরারত পাকিস্তানের এক সেনা। ফাইল ছবি।
আফগানিস্তানে পাকিস্তানের হামলার নিন্দা করলো ভারত। ছবি: Abdul Basit/AFP

গত সপ্তাহান্তে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা করলো ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''এই প্রকাশ্য আগ্রাসন অত্যন্ত বেপরোয়াভাবে হয়েছে এবং তা আঞ্চলিক শান্তির পক্ষে বিপদের কারণ।''

আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তিনটি প্রদেশে এই হামলায় ৩৬ জন বেসামরিক মানুষ মারা গেছেন  এবং ১৬৩ জন আহত হয়েছেন। 

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহান্তে করাচিতে সন্ত্রাসী হামলায় ২৯ জন বেসামরিক মানুষ মারা গেছেন। আফগান সরকার অবশ্য দাবি করেছে, এই আক্রমণ তাদের ভূমি থেকে হয়নি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ''পাকিস্তানের বিমান হামলার কড়া নিন্দা করছে ভারত। এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত। আঞ্চলিক শা্ন্তি ও স্থিরতার উপরও সরাসরি আঘাত। পাকিস্তান সমানে এই ধরনের বেপরোয়া মনোভাব দেখাচ্ছে। তারা নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য এই কাজ করছে এবং সীমান্ত পেরিয়ে আক্রমণ চালাচ্ছে।''  

জিএইচ/এসজি(পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, রয়টার্স, এএফপি)

https://p.dw.com/p/5GHoL
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে ঋণের মূল অর্থ পরিশোধ করলেই খেলাপিদের মুক্তি
৩০ জুন ২০২৬

বাংলাদেশে ঋণের মূল অর্থ পরিশোধ করলেই খেলাপিদের মুক্তি

ঢাকায় একটি ভবনে অনেকগুলি ব্যাংকের অফিস।
বাংলাদেশে ব্যাংকের ঋণখেলাপিদের জন্য বিশেষ স্কিম আনা হলো। ছবি: Samir Kumar Dey/DW

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে ও ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ এক্সিট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এই নীতিমালার আওতায় আর্থিক সংকটে পড়লেও যেসব ঋণগ্রহীতার ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে, তারা ঋণের মূল অর্থ এককালীন পরিশোধ করে দায় নিষ্পত্তির সুযোগ পাবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান, তারল্য ব্যবস্থাপনা ও নতুন ঋণ দেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায় যাতে দ্রুত করা যায়, সেজন্য আগামী ৩০ জুন পর্যন্ত ‘মন্দ’ ও ‘ক্ষতিজনক’ শ্রেণিতে থাকা ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন এবং ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ এক্সিট সুবিধা দেওয়া যাবে।

তবে ঋণগ্রহীতাকে এককালীন পুরো বকেয়া পরিশোধ করতে হবে, সব আরোপিত ও অনারোপিত সুদ মাফের ক্ষেত্রে আগের দুটি সার্কুলারের (২০২২ সালের ২১ এপ্রিল জারি করা সার্কুলারের তহবিল ব্যয় আদায় নিশ্চিতকরণ সংক্রান্ত শর্ত এবং ওই বছরের ২৪ মে জারি করা রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের আয় খাত বিকলন না করার শর্ত) শিথিল থাকবে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যেসব ‘মন্দ’ বা ‘ক্ষতিজনক’ মানের ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোও এই সার্কুলারের আওতায় বিশেষ এক্সিট সুবিধা পাবে এবং কৃষি খাতের স্বল্পমেয়াদি কৃষি ঋণ ও সিএমএসএমই খাতের কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র ঋণগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5GHoI
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে গ্রামে প্রবল লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা
৩০ জুন ২০২৬

বাংলাদেশে গ্রামে প্রবল লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা

লোডশেডিং-এর ফলে মোমবাতির আলোয় পড়তে হচ্ছে। ফাইল ছবি।
বাংলাদেশে গ্রামের দিকে প্রবল লোডশেডিং হচ্ছে। ছবি: DW

গরমে বাড়তি লোডশেডিং নিয়ে বেশি ভোগান্তিতে আছেন বাংলাদেশের গ্রামের মানুষ। বিশ্বকাপ খেলা দেখতে না পারায় বিভিন্ন জেলায় বিদ্যুৎ কার্যালয় ও স্থাপনায় হামলা করেছেন ক্ষুব্ধ মানুষ। নিরাপত্তা শঙ্কায় সহায়তা চেয়ে থানাকে জানিয়েছে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বিদ্যুৎ সরবরাহ চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অন্তত চারজন সংসদ সদস্য। লোডশেডিং নিরসনে একই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডও (আরইবি)।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) তথ্য বলছে, গত জুন রাত আটটায় সারা দেশে লোডশেডিং হয়েছে দুই হাজার ৬৮৮ মেগাওয়াট। এর মধ্যে শুধু আরইবির অধীন লোডশেডিং হয়েছে দুই হাজার ৫৯২ মেগাওয়াট।

তার মানে ওই সময় বিদ্যুতের ঘাটতির ৯৬ শতাংশ ছিল গ্রামাঞ্চলে।

অস্বাভাবিক লোডশেডিং নিরসনে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে গত রোববার চিঠি পাঠিয়েছে আরইবি। ৮০টি সমিতির মাধ্যমে সারা দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সংস্থাটি। চিঠিতে বলা হয়, আরইবির গ্রাহকেরা ১৭ থেকে ৪২ শতাংশ পর্যন্ত লোডশেডিংয়ের আওতায় থাকছেন। কোনো কোনো এলাকায় ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা।

আরইবির চিঠিতে আরও বলা হয়, স্থানীয় লোকজন ও গ্রাহকেরা উপকেন্দ্রে এসে হামলা, দায়িত্বরত লাইন ক্রুদের মারধর, অফিস ঘেরাও, অফিস ভাঙচুর, অবস্থান কর্মসূচি ঘোষণা, বকেয়া বিল আদায়ে বাধা সৃষ্টি ও অফিসে এসে শারীরিক নির্যাতনের হুমকি প্রদান করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে। ১০ জেলার ১৪টি স্থানে এমন অপ্রীতিকর ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে চিঠিতে। সারা দেশে এমন ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে।

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5GHoH
স্কিপ নেক্সট সেকশন ভেনেজুয়েলা : ভূমিকম্পের চারদিন পরও চলছে উদ্ধারকাজ
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

ভেনেজুয়েলা : ভূমিকম্পের চারদিন পরও চলছে উদ্ধারকাজ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের চার দিনেরও বেশি সময় পার হওয়ার পরও জীবিত ও মৃতদের সন্ধানে ব্যস্ত উদ্ধারকর্মীরা৷ সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে অন্তত ১৪শ ৫০ জন মারা গেছেন৷ গতকাল রোববার ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘‘আমরা জীবিত মানুষদের উদ্ধার করতে পেরেছি৷ তাই এখনো উদ্ধারকাজ স্থগিত করা হচ্ছে না৷’’
এর আগে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখনো শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন৷ সে দেশের বিরোধী দলের পক্ষের এক ওয়েবসাইটে বলা হয় এখনো প্রায় ৫০ হাজার মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

উদ্ধারকাজে ব্যস্ত উদ্ধারকর্মীরা
সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে অন্তত ১৪শ ৫০ জন মারা গেছেন৷ছবি: Cem Tekkesinoglu/Anadolu/picture alliance
https://p.dw.com/p/5GGDW
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে গুলিবর্ষণে নিহত পাঁচ, আটক দুই জন
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

জার্মানিতে গুলিবর্ষণে নিহত পাঁচ, আটক দুই জন

লোয়ার স্যাক্সনি রাজ্যের স্টাডে শহরের এক রাস্তায় জরুরি সেবাকর্মী ও ফরেনসিক দলের সদস্যরা
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, আজ সোমবারের এ ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন৷ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ছবি: Fabian Höfig/NEWS5/dpa/picture alliance

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনার অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন৷ ইতিমধ্যে এক সন্দেহভাজনসহ দুজনকে আটক করা হয়েছে৷
হামবুর্গের পশ্চিম দিকের স্টাডে শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষ বাস করেন৷
পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা ডিপিএ জানাান, ‘‘শহরের কেন্দ্রস্থলে একটি ইয়ুথ সেন্টারের কাছে গুলির এ ঘটনা ঘটে৷’’ ইয়ুথ সেন্টারটিতে অন্তসত্ত্বা নারী বা শিশুসহ কম বয়সি মায়েরা থাকেন বলেও জানান তিনি৷
এর আগে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা এক বিবৃতিতে স্টাডে পুলিশ জানায়, ডাঙ্কারসস্ট্রাসে এখন একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে৷ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাদানকারী কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয় বিবৃতিতে৷
তবে পরে পুলিশ জানায়, সেই এলাকায় এখন আর ‘‘জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5GFrD
আরো পোস্ট দেখান