‘বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন’
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ১৯ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন : ইইউ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
- জার্মানিতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
- বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৭০
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: ৬ মাসেও এগোয়নি তদন্ত, জামিনে মুক্ত আসামিরা
- ফ্রান্সে ৫৩টি প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা
- পুশ-ইন সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা প্রয়োজন: জাতিসংঘ
- সুইস ব্যাংকে এক বছরে ৪১ শতাংশ আমানত বৃদ্ধি বাংলাদেশিদের
- জাতিসংঘে যথাযথ সম্মান প্রত্যাশা করে জার্মানি : পররাষ্ট্রমন্ত্রী
- অ্যামেরিকা-ইরানের সাময়িক চুক্তিকে স্বাগত জানালো জার্মানি
- ১৫ বছরের নিচে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট নয়: আরব আমিরাত
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ
- তৃণমূল অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ব্যাংককে অরূপের চিঠি
- ইসরায়েল-ইইউ সম্পর্কে টানাপড়েন
বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন : ইইউ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত হয়েছে৷ এ প্রসঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, ‘‘এটা দুঃখজনক৷ তবে পরিস্থিতির ধরন বিবেচনায় এটা পুরোপুরি অপ্রত্যাশিতও নয়৷’’ তিনি আরো বলেন, ‘‘আমি (যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি) আলোচনা অব্যাহত রাখা এবং চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানাবো, কারণ, বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন৷’’
আজ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন৷
ফ্রান্সের এভিয়ানে জি-সেভেন সম্মেলনে ইরানের সঙ্গে স্বাক্ষর করা সমঝোতা স্মারকের বিষয়ে ইউরোপের রাজনৈতিক সমর্থন পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
ক্যাথারিনা ক্রল (ব্রাসেলস)/এসিবি
জার্মানিতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
দক্ষিণ-পশ্চিম দিক থেকে উষ্ণ বাতাস প্রবেশ করায় দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে জার্মানির আবহাওয়া পরিষেবা ডিডাব্লিউডি৷
পশ্চিমাঞ্চলের রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার বিশাল এলাকাজুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরাঞ্চলের রাজ্য লোয়ার স্যাক্সনি এবং মধ্যাঞ্চলের হেসেন রাজ্যের কিছু এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে৷ ডিডাব্লিউডি জানায়, আজ শুক্রবার জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে একটু বেশি) পর্যন্ত পৌঁছাতে পারে৷
সন্ধ্যায় দক্ষিণাঞ্চলে বজ্রসহ ঝড় ও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে৷
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে বাডেন ও সোয়াবিয়া অঞ্চলে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, তীব্র দমকা হাওয়া মিলিয়ে আবহাওয়ার দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে৷
ডিডাব্লিউডি আরো জানিয়েছে, শুক্রবার রাতে পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে পশ্চিমাঞ্চলে ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৭০
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে৷ এর ফলে সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭০৷
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়৷ এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামেনিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩৷ হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫৭৭ জন৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: ৬ মাসেও এগোয়নি তদন্ত, জামিনে মুক্ত আসামিরা
দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ৬ মাস পেরিয়েছে৷ ঘটনার তদন্ত দ্রুত শেষ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দেয়া সত্ত্বেও তদন্ত-কাজ থমকে আছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷
২০২৫ সালের ১৮ ডিসেম্বর মিডিয়া হাউস দুটিতে হামলার পর মোট ৩৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ তাদের অনেকেই এখন জামিনে মুক্ত৷
হামলা ও ভাঙচুরের সময় এবং এর পরপরই বহু ভিডিও ইন্টারনেটে ছড়িয়েছিল৷ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক ডজন স্ক্রিনশট সংগ্রহ করেছিল৷ কিন্তু তদন্তকারীরা বলছেন, জড়িতদের শনাক্ত করতে এখনো বেশ বেগ পেতে হচ্ছে৷
ওই দিন সংঘবদ্ধ হামলাকারীরা প্রথমে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়৷ পরে তারা দ্য ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে৷ এসময় ভেতরে আটকা পড়েন ২৯ জন সাংবাদিক ও কর্মী৷ হামলার ঘটনায় দ্য ডেইলি স্টার ও প্রথম আলো আলাদা মামলা করে৷
গত ২৮ ফেব্রুয়ারি পত্রিকা দুটির কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ৷ পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, নজিরবিহীন এই হামলা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে৷ তখন পুলিশকে দুই মাসের মধ্যে নিরপেক্ষ তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
ফ্রান্সে ৫৩টি প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা
আজ শুক্রবার দুপুর থেকে ফ্রান্সের ৫৩টি প্রশাসনিক এলাকাকে তাপপ্রবাহের কমলা সতর্কতার আওতায় নেয়া হয়েছে৷ সে দেশের আবহাওয়া দপ্তর মেটেও-ফ্রান্স-এর এক ঘোষণায় তা জানানো হয়৷
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই সতর্কতা কার্যকর হবে৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৬টি এলাকায় কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছিল৷ একদিন পর সেই তালিকায় আরো ২৭টি এলাকা যুক্ত হলো৷
মেটিও-ফ্রান্স জানায়, এই বসন্তে ফ্রান্সে এটি দ্বিতীয় তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহ ‘ব্যাপক, দীর্ঘস্থায়ী ও তীব্র’ হতে পারে৷
ফ্রান্সের আবহাওয়া দপ্তর আরো জানায়, আজ ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মাসিফ সেন্ট্রাল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (৯৩ থেকে ৯৭ ডিগ্রি ফারেনহাইট)-এর মধ্যে থাকবে৷ তবে ফ্রেঞ্চ রিভিয়েরা এবং কর্সিকা অঞ্চলের কাছাকাছি এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে৷ এছাড়া রাজধানী প্যারিস এবং ইলে-ডে-ফ্রান্স অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৭ থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইট)-এর কাছাকাছি থাকার পূর্বাভাস দিয়েছে মেটেও ফ্রান্স৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
পুশ-ইন সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা প্রয়োজন : জাতিসংঘ
পুশ-ইন সমস্যার সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন এবং সীমান্তে নিয়ে আসা মানুষদের মানবাধিকারের প্রতিও দুই দেশের সম্মান দেখানো উচিত বলে মনে করছে জাতিসংঘ৷
আজ বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান৷
তিনি বলেন, ‘‘আমি মনে করি, মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান রেখে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা দুই দেশের দায়িত্ব৷’’
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
সুইস ব্যাংকে এক বছরে ৪১ শতাংশ আমানত বৃদ্ধি বাংলাদেশিদের
২০২৫ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের আমানত প্রায় ৪১ শতাংশ বেড়ে ৮৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ১২ হাজার ৭৫১ কোটি টাকায় পৌঁছেছে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়৷
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকা৷ তা ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের আগের তিন বছরের মধ্যে সর্বোচ্চ আমানত৷
সুইস ন্যাশনাল ব্যাংক প্রতি বছর আমানতের তথ্য প্রকাশ করে৷ ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড' ক্যাটাগরির আওতায় দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিক, বাসিন্দা বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সব ধরনের মুদ্রায় রাখা আমানত পর্যবেক্ষণ করে৷
তবে প্রতিবেদনে আমানতকারীর ধরন বা কোন উদ্দেশ্যে আমানত রাখা হয়েছে, তা আলাদা করে দেখানো হয় না৷
সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ঐতিহাসিকভাবে আর্থিক গোপনীয়তার জন্য পরিচিত৷ তবে সম্প্রতি কিছু সংস্কার আনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যাংকগুলোর স্বচ্ছতা ও সহযোগিতা বেড়েছে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
জাতিসংঘে যথাযথ সম্মান প্রত্যাশা করে জার্মানি : পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে পারেনি জার্মানি৷ তবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল মনে করেন, বিশ্বসংস্থাটিতে জার্মানির আর্থিক ও অন্যান্য সহায়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সদস্যপদ দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে৷
গতকাল বৃহস্পতিবার বনভিত্তিক সংবাদমাধ্যম রাইনিশে পোস্টকে তিনি বলেন, ‘‘আমরা অন্যতম প্রধান অর্থায়নকারী হওয়া সত্ত্বেও নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কোনো মতামত বা প্রভাব থাকবে না - এমন হতে পারে না৷ স্বাভাবিকভাবেই, বাজেট-সংক্রান্ত নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির বিষয় সংসদকে আরো গভীরভাবে পর্যালোচনা করতে হবে৷’’
চলতি মাসের শুরুর দিকে ‘পশ্চিম ইউরোপ ও অন্যান্যদের’ জন্য নির্ধারিত আসন পর্তুগাল ও অস্ট্রিয়া পাওয়ায় প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আবর্তনশীল সদস্য হওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয় জার্মানি৷
এ প্রসঙ্গে সিডিইউ দলের নেতা ভাডেফুল বলেন, ‘‘জার্মানির নিজস্ব স্বার্থ রয়েছে এবং দেশটি যথাযথ সম্মান প্রত্যাশা করে৷’’ রাইনিশে পোস্টকে তিনি আরো বলেন, ‘‘এটা আধিপত্য বিস্তারের দাবি নয়৷ তবে ভবিষ্যতে আমাদের অবস্থান আরো স্পষ্টভাবে তুলে ধরার বিষয়ে জাতিসংঘকে প্রস্তুত থাকতে হবে৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
অ্যামেরিকা-ইরানের সাময়িক চুক্তিকে স্বাগত জানালো জার্মানি
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের মাঝেই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎস জানিয়েছেন, ইরান এবং অ্যামেরিকার মধ্যে যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে, জার্মানি তাকে স্বাগত জানাচ্ছে। ম্যার্ৎস জানিয়েছেন, জার্মানি কীভাবে এই চুক্তির বাস্তবায়নে সাহায্য করতে পারে, তা নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে।
লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রীও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার এবং তার সমাধানসূত্রে পৌঁছানো প্রয়োজন।
ইউরোপীয় নেতারা সমর্থন জানালেও ইরানের সঙ্গে চুক্তি নিয়ে নিজের দলের রাজনীতিবিদদের কাছেই কথা শুনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। রিপাবলিকান নেতাদের একাংশের বক্তব্য, এই চুক্তি নিয়ে ট্রাম্প যা দাবি করেছিলেন, বাস্তবে তার ধারে কাছেও পৌঁছাতে পারেননি। রিবাপলিকান সেনেটর বিল ক্যাসিডি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট রনাল্ড রেগান তার কফিনের ভিতর নিশ্চয় ছটফট করছেন। নিশ্চয়ই বলছেন, গত কয়েকযুগের মধ্যে সবচেয়ে খারাপ পররাষ্ট্রনীতির নিদর্শন এই চুক্তি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
১৫ বছরের নিচে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট নয়: আরব আমিরাত
নতুন আইন করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। সমাজমাধ্যম সংস্থাগুলিকে এক বছর সময় দেওয়া হচ্ছে। তারমধ্যে তাদের দেখতে হবে ১৫ বছরের কম বয়সি কারও অ্যাকাউন্ট আছে কি না। থাকলে তা বন্ধ করতে হবে। সমাজমাধ্যমগুলি যদি একাজ ঠিক মতো না করে, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবারেই আরব আমিরাতের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, সমাজমাধ্যমে এমন বহু বিষয় থাকে যা শিশুদের দেখা উচিত নয়। কিন্তু অ্যাকাউন্ট থাকার কারণে শিশুরা নিয়মিত সেসব বিষয় দেখছে এবং তা তাদের মনে প্রভাব ফেলছে।
শিশুদের সমাজমাধ্যম বন্ধের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিয়েছিল অস্ট্রেলিয়া। আরব বিশ্বে আমিরাত প্রথম দেশ যারা এমন সিদ্ধান্ত নিলো।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে পুলিশকর্তাকে শাস্তি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। সেই মামলা তদন্তের দায়িত্ব পান ডিএমপির তৎকালীন এডিসি সাকলায়েন। ওই ঘটনার মাস দুয়েক পর ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। সেদিন এই নায়িকা ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম ওরফে দীপুকে আটক করা হয়। সেই রাতেই বনানী থেকে আটক করা হয় চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাঁর ব্যবস্থাপক সবুজ আলীকে। পরদিন তাঁদের বনানী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা করা হয়। তখন পরীমনির বাসায় অভিযান নিয়ে তুমুল আলোচনার মধ্যে সংবাদমাধ্যমে বলা হয়, ওই অভিযানের তিন দিন আগে তৎকালীন ডিবির এডিসি সাকলায়েনের সরকারি বাসায় প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান পরীমনি ।
এরপরই ডিএমপি সাকলায়েনকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করে। এর পাঁচ বছরের মাথায় এসে আজ তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম সাকলায়েন, ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক এডিসি (ডিবি) গুলশান বিভাগে কর্মকালীন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক জড়িয়েছেন। তাঁদের মধ্যকার সম্পর্ক বিভিন্ন প্রচারমাধ্যমে ওঠে আসে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি এডিসি গোলাম সাকলায়েনের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধি মোতাবেক ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। এবং তাঁকে কারণ দর্শাতে বলা হয়।
জিএইচ/এসজি(প্রথম আলো)
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
তাদের অভিযোগ, গত মে মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার সময় দিলেও তা পরিশোধ করেনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে আপাতত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
তৃণমূল অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ব্যাংককে অরূপের চিঠি
মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি দিয়ে বলেছেন, তৃণমূলের অ্যাকাউন্ট যেন ফ্রিজ করে দেওয়া হয়। অরূপ দাবি করেছেন, তিনিই তৃণমূলের কোষাধ্যক্ষ।
কুণা্ল ঘোষ বলেছেন, অরূপ আগে তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন। গত ৫ জুন তৃণমূলের ওয়ার্কিং কমিটির সভায় শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুণাল জানিয়েছেন, ব্যাংকের খাতায় কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা তিনি জানেন না।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তৃণমূলের দলের অডিট রিপোর্ট অনুসারে, ৬৭৫ কোটি টাকা জমা আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নির্বাচনী বন্ডে তৃণমূল প্রচুর অর্থ পেয়েছিল।
ব্যাঙ্ককে দেওয়া চিঠিতে অরূপ লিখেছেন, তৃণমূলের আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে অতীতে দলের কোষাধ্যক্ষ হিসেবে তাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সাধারণভাবে তিনি কিছু চেকে আগাম সই করে পার্টি অফিসে রেখে দিতেন। এখন, দলের নেতৃত্ব এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়েই যখন প্রশ্ন উঠেছে, তখন তার আশঙ্কা, যাদের নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়েছে এমন ব্যক্তিরা ওই সই করা চেকগুলি ব্যবহার করে টাকা তুলে নিতে পারেন বা অপব্যবহার করতে পারেন। তাই তিনি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে বলছেন।
এই চিঠিতে মমতাপন্থি তৃণমূল বিপাকে পড়তে পারে।
জিএইচ/এসজি(এএনআই, আনন্দবাজার)
ইসরায়েল-ইইউ সম্পর্কে টানাপড়েন
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বৃহস্পতিবার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কর্মকর্তা কাজা কালাসের সঙ্গে তারা কোনোরকম সম্পর্ক রাখবে না। এর ফলে ইইউ-র সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অবনতি ঘটলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি মেক্সিকোয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন কাজা কালাস। সেখানে তিনি বলেছেন, গাজা এবং পশ্চিম উপকূলে ইসরায়েল যে 'কাণ্ড' করছে তা একসময় সাউথ আফ্রিকায় ঘটে যাওয়া ঘটনার সমতুল্য। অর্থাৎ, সাউথ আফ্রিকার বিদ্বেষের ইতিহাসের কথা বলার চেষ্টা করেছেন তিনি।
কালাসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। আর তারই ফল তাদের বর্তমান সিদ্ধান্ত। ইসরায়েল জানিয়েছে, কালাসের সঙ্গে কোনোরকম আলোচনা বা আলাপচারিতায় থাকবে না তারা। ইউরোপীয় ইউনিয়ন এখনো এবিষয়ে তাদের মতামত জানায়নি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
চুক্তির শর্ত না মানলে ইরানে আবার হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী কাজ না করলে যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ৷ আজ বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তিনি আরো বলেন, শর্ত অমান্য করলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে আবার অবরোধ আরোপ করবে৷
হেগসেথ বলেন, ‘‘প্রেসিডেন্ট (ট্রাম্প) এটা স্পষ্ট করেছেন যে, আলোচনার সময়সীমার মধ্যে ইরান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে আমরা আবার (সামরিক) পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো৷’’ এর আগে গতকাল (বুধবার) ফ্রান্সে জি-সেভেন শীর্ষ সম্মেলনে ডনাল্ড ট্রাম্প বলেন, ‘‘এটি (চুক্তি) স্রেফ একটা সমঝোতা স্মারক৷ আমার যদি এটা পছন্দ না হয়, তাহলে আবার আমরা তাদের লক্ষ্য করে গুলি চালাবো, তাদের মাথায় বোমা ফেলবো৷ তারা যদি ঠিকঠাক আচরণ না করে, আমার তা ভালো লাগবে না৷ তখন আমরা আবার সরাসরি তাদের মাথার মাঝখানে বোমা ফেলতে শুরু করবো৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)