বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম
৮ জুন ২০২৬
মিরপুরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে জানায়, নির্বাচিত পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম বোর্ডের শীর্ষ পদে মনোনীত হয়েছেন৷ আবাহনীর কাউন্সিলর ফাহিম সিনহা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি হিসেবে৷
ঢাকাভিত্তিক ক্লাব কাউন্সিলরদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২ থেকে নির্বাচনে অংশ নেন ১৬ জন প্রার্থী। সেখানে ৭৬ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে সবার ওপরে থাকেন তামিম৷ এই ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন৷
নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে বিসিবির নতুন ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ৷ তবে আগের মতো এবারও নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে৷
ক্যাটাগরি-২-এ সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন৷ মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট৷
জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালকের দায়িত্ব পালন করা ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ ফাহিম সিনহা ও শানিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট৷
এছাড়া সাকিব আহমেদ সালাম ৬৫, আসিফ রব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, মো. রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন৷
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ সরফরাজ আহমেদ৷
অন্যদিকে নির্বাচনে পরাজিত হয়েছেন সৈয়দ বোরহানুল হোসেন (৪০ ভোট), মোহাম্মদ আমজাদ হোসেন (৩২), ফাইয়াজুর রহমান (২৩) এবং মেজর ইমরোজ আহমেদ (২০)৷
বিভাগীয় প্রতিনিধি নির্বাচনে খুলনা থেকে মোহাম্মদ শফিকুল আলম ও শান্তনু ইসলাম ১০ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন৷ বরিশাল বিভাগ থেকে সাত ভোটের মধ্যে পাঁচ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান৷
ভোটগ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন আরো আটজন৷ তারা হলেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, সৈয়দ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মীর শাকরুল আলম সিমান্ত, মির্জা ফয়সাল আমিন, আবদুল কাইয়ুম চৌধুরী এবং সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)