1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬ বিষয় বাতিলের উদ্যোগের খবরের ভিত্তি নেই: শিক্ষা মন্ত্রণালয়

৯ জুন ২০২৬

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম বলেন, ‘‘এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই৷ শিক্ষা মন্ত্রণলায় এধরনের কোনো সিদ্ধান্ত নেয়া তো দূরের কথা, চিন্তাও করছে না৷’’

https://p.dw.com/p/5F4H9
Bangladesch Dhaka 2026 | Studierende der Universität Dhaka vor der Parlamentswahl
ছবি: Salahuddin Ahmed/AFP

তিনি বলেন, ‘‘কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই ভুয়া খবরটি ছড়াচ্ছে৷ এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা বৈঠকও হয়নি৷’’

‘‘আপনি বাংলাসহ যে বিষয়গুলো বাতিল হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ার কথা বলছেন ওই বিষয়গুলো বাদ দিয়ে উচ্চশিক্ষা কীভাবে চলবে! এগুলো বাদ দেয়া যায় নাকি?’’ বলেন যুগ্ম সচিব জহিরুল ইসলাম৷ 

অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেয়ার খবর ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন৷ মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কোনো বিষয় বাদ দেয়ার সিদ্ধান্ত হয়নি৷ চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার পর্যালোচনা চলছে৷ সেই সাথে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে৷’’

তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘‘অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন থাকবে৷ তবে সব জায়গায় থাকবে কি না তা নিয়ে আলোচনা চলছে৷’’

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বৈঠকে শিক্ষার নতুন মডেল নিয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু সেখানে বাংলা, ইতিহাস বা দর্শন বাদ দেয়ার কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি৷ নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা হয়েছে৷’’

এদিকে শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নুরুল দীপুও সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয়টি বিষয় বাতিলের যে খবর প্রকাশ হয়েছে তা ঠিক নয়৷ অনার্স পর্যায়ে ওই বিষয়গুলো বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি৷ এধনের কোনো চিন্তাও নেই৷ তিনি কোনো খবর পরিবেশনের আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়ার অনুরোধ করেছেন৷ জনমনে বিভ্রান্তি ছাড়ায় এধরনের কোনো খবর পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন৷

কয়েকটি সংবাদমাধ্যমের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয় বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে৷ এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে৷ 

'স্পোর্টস, সংস্কৃতি, দক্ষতাভিত্তিক শিক্ষার মতো বিষয় থাকবে’

খবরের সূত্র হিসেবে তারা শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলেছে৷ কিন্তু তার নাম বা পদবি প্রকাশ করা হয়নি প্রতিবেদনে৷

সোমবার শিক্ষার নতুন মডেল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন৷ তিনিও তখন সেখানে অনার্স পর্যায়ে কোনো বিষয় বাদ দেয়ার কথা বলেননি৷ তিনি নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘‘আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তব সম্মতভাবে এটাকে রিভাইজ করে এই ২০২৭ সালে দিচ্ছি৷ আর টোটাল চেইঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি৷ ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়৷ কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে৷’’

এরআগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা জানান৷ তিনি বলেন, ‘‘১৬ বছরের সব সমস্যা হয়তো এক দিনে এক বছরে সমাধান করা যাবে না৷ আমরা বিশ্বাস করি, আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে৷ যতটা দ্রুত সম্ভব আমরা প্রয়োজনীয় পরিবর্তন আনব৷ এখানে কারিকুলামের ভেতরে একটি অংশ রয়েছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে হবে৷ পাশাপাশি নতুন কিছু বিষয় আমরা যুক্ত করছি৷’’

আইটি ও কারিগরি শিক্ষার বিষয় বাড়ানোর সঙ্গে শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ বাড়াতে পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর দক্ষতাভিত্তিক বিষয় যুক্ত হচ্ছে বলে জানান তিনি৷ এছাড়া কলেজ পর্যায়েই চালু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিষ্ঠা করা হচ্ছে ক্যারিয়ার সেন্টার এবং শেখানো হবে সাতটি বিদেশি ভাষা৷

ওই বৈঠকে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘‘ওই বৈঠকে আমরা দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে যাওয়া নিয়ে আলোচনা করেছি৷ তার মানে এই নয় যে আমরা কোনো সাবজেক্ট বাদ দেব৷ বৈঠকে দক্ষতা ভিত্তিক শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, টার্গেট অরিয়েন্টেড এডুকেশন-এগুলো নিয়ে আলোচনা হয়৷ চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে৷ এছাড়া শিক্ষার বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের চার মিলিয়ন ট্যাব, জামা-জুতো দেয়া-এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে৷’’

‘‘চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে৷ তার মধ্যে স্পোর্টস এবং সংস্কৃতি, দক্ষতা ভিত্তিক শিক্ষা, মোরাল এডুকেশন-এগুলো আছে,’’ বলেন তিনি৷

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০টি গ্রিন ক্যাম্পাস করারও সিদ্ধান্ত হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫০ হাজার মেয়েকে ফ্রিল্যান্সিং-এর ফ্রি ট্রেনিং দেয়া হবে৷’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বৈঠকে কোনো ফরম্যাটেই বাংলা, ইতিহাস, দর্শন বা অন্যকোনো বিষয় বাতিলের ব্যাপারে আলোচনা হয়নি৷ কোনো ধরনের কোনো কথা হয়নি৷ এটা তো সম্ভব নয়৷ এর এটা তো শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারেনা৷ এটা তো আমার বিষয়৷ বিশ্ববিদালয়ের বিষয়৷ মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়ও তাও বাস্তবায়ন হবেনা৷ সরকার চাইলেও সম্ভব না৷ কারণ তা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া কোনো কোর্স বাতিল বা অন্তর্ভুক্ত করা যায়না৷’’

‘‘আর আপনি যে বিষয়গুলোর কথা বলছেন এগুলো বেসিক বিষয়৷ বিশ্বের কোনো দেশেই এগুলো পড়ানো বাদ দিতে পারে না৷ এর কোনো উদাহরণ নেই৷ এধরনের কথা হাস্যকর৷ আর আমাদের সরকারও কোনো সিদ্ধান্ত নেয়নি৷ নেয়া যৌক্তিকও নয়৷ আমরা মনে হয় কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছাড়াচ্ছে,” বলেন তিনি৷

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লা আল মামুন ডয়চে ভেলেকে বলেন, ‘‘অনার্স লেভেলে বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয় বাদ দেয়ার সরকারি কোনো সিদ্ধান্তের বিষয়ে আমাদের জানা নেই৷ আর এধনের সিদ্ধান্ত হতে পারে বলে আমার মনে হয় না৷"