1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে কি আইপিএল দেখা যাবে?

২৫ মার্চ ২০২৬

শনিবার ভারতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল৷ অন্তর্বর্তী সরকারের সময় গত জানুয়ারি মাসে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল৷ তবে নতুন সরকারের মনোভাবের কারণে বাংলাদেশে আইপিএল দেখার সুযোগ তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/5B681
আইপিএল ২০২৫-এর ফাইনাল শেষে ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র ফটোসেশন (ফাইল ফটো)
শনিবার ভারতে শুরু হচ্ছে আইপিএল৷ অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও নতুন সরকার আসায় বাংলাদেশে টি-টুয়েন্টি ফ্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর দেখার সুযোগ তৈরি হয়েছে৷ছবি: Surjeet Yadav/ANI

নতুন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷''

তিনি বলেন, ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার তাতে বাধা দেবে না৷ ‘‘আমরা কাউকে বাধা দেবো না৷ যদি দেখা যায়, যাবে৷ আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব৷ জোর করে কিছু করা হবে না,'' বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন৷

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু ডয়চে ভেলেকে বলেন, ‘‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে৷ আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷''

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বিষয়ে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই৷ এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব৷ আগের সরকারের ওই সব নির্দেশনা এখন আর বহাল নেই৷'' 

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ঈদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে (আইপিএল সম্প্রচার বিষয়ে) কথা বলবেন৷'' তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই৷ কোনো সমস্যা হওয়া উচিত নয়৷ খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয়৷''

‘টি-স্পোর্টস' আইপিএল দেখাতে পারছে না

বাংলাদেশে গত কয়েক বছর ধরে আইপিএল সম্প্রচারের স্বত্ব পেয়ে আসছে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস৷ এবার কেন উদ্যোগ নেওয়া হলো না- জানতে চাইলে টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভীর উল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আইপিএলের মতো একটি আয়োজনের জন্য যথাযথ বিপণন ও অন্যান্য সব লজিস্টিকসের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় বাকি নেই৷ তাছাড়া, বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা সম্ভব নয় বলেই আমরা পিএসএলের সম্প্রচার স্বত্ব কিনেছি৷ ফলে এখন আমাদের সূচিতে সমস্যা হবে৷''

কেন আগে থেকে উদ্যোগ নেওয়া হয়নি? জানতে চাইলে ইসলাম বলেন, ‘‘আইপিএল দেড় মাসের একটা টুর্নামেন্ট৷ ফলে বছরের শুরুতেই এটা নিয়ে পরিকল্পনা করতে হয়৷ এর সঙ্গে বাজেট, বিজ্ঞাপনদাতা অনেক কিছুর সম্পর্ক থাকে৷ হুট করেই এটা করা যায় না৷ অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ায় আমাদের নতুন করে পরিকল্পনা সাজাতে হয়েছে৷ এখন আবার হুট করে কিছু করা সম্ভব না৷ এখন আমরা পিসিএল সম্প্রচারের স্বর্ত কিনেছি৷ ফলে নতুন করে কিছু আর ভাবছি না৷'' 

‘খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না’

আগের কথা

এবারের আইপিএল-এ বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই৷ যদিও কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স৷ এই ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ৷

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল তথ্য মন্ত্রণালায়৷ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে৷

তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ (পরবর্তীতে সিদ্ধান্ত বদলে ২৮ মার্চ হয়েছে) থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে৷’’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুধু খেলা নয়, আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে৷ এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো৷ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷