1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিনেপাল

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র

২৭ মার্চ ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ৷

https://p.dw.com/p/5BEVn
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বলেন্দ্র শাহ৷
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ৷তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২৭৫টি, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতায় দলের প্রধান মুখ বলেন্দ্রকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল৷ছবি: Prakash Mathema/AFP

২০২৫ সালের সেপ্টেম্বরে এক গণঅভ্যুত্থানে সে দেশের সরকার-উৎখাতের ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হয় নির্বাচন৷ গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ভূমিধস জয় পাওয়ায় রাজনীতির ময়দানে ‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর মতো করে প্রধানমন্ত্রী হওয়াও একরকম নিশ্চিত করে ফেলেছিলেন বলেন্দ্র৷ 

নেপালের সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২৭৫টি, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতায় দলের প্রধান মুখ বলেন্দ্রকে আজ শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল৷

বলেন্দ্র শাহর জন্ম রাজধানী কাঠমান্ডুতে৷ তবে তার পরিবার পরে ভারত সীমান্ত-সংলগ্ন হিন্দু-প্রধান অঞ্চল তরাই-এ বসবাস শুরু করে৷

রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ কন্যা নিলুফার শাহকে কোলে নিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ৷ পেছনে দাঁড়িয়ে স্ত্রী নিলুফার কাফলে৷
প্রধানমন্ত্রী বলেন্দ্র পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার৷ তবে দেশব্যাপী প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন র‍্যাপ শিল্পী হিসেবে৷ পরে কাঠমান্ডুর মেয়র হন৷ছবি: Navesh Chitrakar/REUTERS

নেপালের নতুন প্রধানমন্ত্রী পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার৷ তবে দেশব্যাপী প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন র‍্যাপ শিল্পী হিসেবে৷ পরে কাঠমান্ডুর মেয়র হন৷ গত সেপ্টেম্বরে মূলত জেনারেশন জেড প্রজন্মের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনে সরাসরি অংশ না নিলেও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার গণ-আকাঙ্খাকে সমর্থন করেছিলেন বলেন্দ্র শাহ৷ 

৩৫ বছর বয়সি বলেন্দ্রর সরকারের সামনে এখন নেপালের প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি জনগণের গভীর অসন্তোষ সামাল দেওয়ার চ্যালেঞ্জ৷ দুর্নীতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য সেই দলগুলোকেই দায়ী মনে করেন তিন কোটি মানুষের দেশটির ভোটাররা৷

এসিবি/ জেডএইচ (এপি)