1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ, হত্যা, হামলা,জ্বালানি সংকট,বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ

২২ মে ২০২৬

মিরপুরের পল্লবীতে কণ্যাশিশুকে ধর্ষণের পর হত্যা, মাজারে হামলা, জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি৷

https://p.dw.com/p/5EBiM
প্রতীকী ছবি
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার কমিটির সভায় পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ-হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়৷ গত চার মাসে দেশের বিভিন্ন স্থানে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন খুনের ঘটনায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়৷ছবি: Suvee Subyen/COLOURBOX

আজ শুক্রবার গণতান্ত্রিক অধিকার কমিটির এক সভায় এসব কথা বলা হয়৷ সভার পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার আলোচনার বিষয় জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার কমিটির সভায় পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ-হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়৷ গত চার মাসে দেশের বিভিন্ন স্থানে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন খুনের ঘটনায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়৷ সভায় বলা হয়, দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি এমন সহিংসতা বৃদ্ধি সামাজিক অস্থিরতা, সংবেদনহীনতা ও নিষ্ঠুরতার প্রকাশ৷ জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়ার পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন–সামাজিক সচেতনতা তৈরির ঘাটতি এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে৷ তবে এরপরও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না৷

অধিকার কমিটির সভায় বক্তারা মাদ্রাসায় ছেলে ও মেয়েশিশু নির্যাতন–ধর্ষণ–হত্যা বন্ধে ধর্মীয় নেতাদের প্রতিবাদী, কার্যকর ভূমিকা পালনের আহবান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷ একই সঙ্গে সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়৷

দেশব্যাপী হামে শিশুদের ক্রমবর্ধমান আক্রান্ত হওয়া, মারা যাওয়া নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা জানায় অধিকার কমিটি৷ এ ব্যাপারে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরো সক্রিয় ভূমিকা পালনের দাবি জানায়৷

এছাড়া সভায় রাজধানীর শাহ আলী মাজারে হামলা–ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করারও দাবি জানান অধিকার কমিটির সদস্যরা৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয় সভায়৷ বিনা বিচারে ৭০০ দিনের বেশি সময় ধরে আটক বম সম্প্রদায়ের মানুষের মুক্তি দাবি করা হয়৷ আরাকান আর্মির হাতে আটক জেলেদের মুক্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানায় অধিকার কমিটি৷

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আগামী ৭ জুন পর্যন্ত কর্মসূচি সম্পর্কে সভায় অধিকার কমিটি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে৷

অধিকার কমিটির এই সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক আনু মুহাম্মদ৷ কমিটির সদস্য হারুন উর রশীদ, মোশাহিদা সুলতানা, আকরাম খান, জয়দীপ ভট্টাচার্য, শহীদুল ইসলাম, মাহতাব উদ্দীন আহমেদ, নাজমুস সাকিব, একরাম হোসেন, বাকী বিল্লাহ, অনুপ কুমার কুন্ডু, রাফিকুজ্জামান ফরিদ, ছায়েদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)