দাবানল মোকাবিলায় গ্রিসে রেকর্ডসংখ্যক দমকলকর্মী
২৭ এপ্রিল ২০২৫
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই মারাত্মক রুক্ষ হয়ে উঠেছে আবহাওয়া৷ ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য মতে, ২০২৪ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড৷
ইউরোপের দেশ গ্রিসেও এর প্রভাব স্পষ্ট৷ ভূমধ্যসাগরে অবস্থিত শত শত দ্বীপের সমন্বয়ে গঠিত এই রাষ্ট্রটির আবহাওয়া ক্রমেই উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠছে৷ বাতাসের গতি পরিবতনের ফলে দেশটিতে বাড়ছে দাবানলের ঘটনা যা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠছে৷
এই পরিস্থিতিতে আগাম পদক্ষেপের পরিকল্পনা করছে গ্রিস৷ দুর্যোগ মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সাথে বৈঠক করেন সিভিল প্রোটেকশন অ্যান্ড ক্লাইমেট ক্রাইসিসি মন্ত্রী গিয়ানিস কেফালোগিয়ানিস৷ সাগরতীরের দেশ গ্রিসে ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে দাবানলের মরসুম শুরু হয়৷
গিয়ানিস কেফালোগিয়ানিস জানান, চলতি বছর দেশটির দমকলবাহিনীর ১৮ হাজার কর্মী প্রস্তুত রাখা হবে৷ দমকলকর্মী মোতায়েনের এই সংখ্যা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে সর্বোচ্চ৷ তাছাড়া হাজার হাজার স্বেচ্ছাসেবীও প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন গিয়ানিস কেফালোগিয়ানিস৷
তিনি বলেন, ‘‘চলতি বছরের আবহাওয়া অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভালো থাকবে এমন কোনো কথায় আমরা কান দেব না৷ খারাপ সময়গুলো আগামীর দিনগুলোতে লুকিয়ে থাকে৷''
উল্লেখ্য দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে নতুন এয়ার ক্রাফট কেনা, আবহাওয়া অফিস স্থাপস, ড্রোন কেনা ইত্যাদি বাবদ দুই বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে সরকার৷ চলতি বছর থারমাল ক্যামেরার ৮০টি ড্রোন মোতায়েন থাকবে বলেও জানানো হয়৷
আরআর/এসিবি (রয়টার্স)