থাইল্যান্ড: ভিক্ষুদের ওপর গাড়ি উঠে পড়ায় ৮ জনের মৃত্যু
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২ জুলাই ২০২৬
আপনার যা জানা দরকার
- থাইল্যান্ড: ভিক্ষুদের ওপর এক কিশোরের গাড়ি উঠে পড়ায় ৮ জনের মৃত্যু
- হোলি আর্টিজানে নিহত ৭ জাপানি নাগরিককে স্মরণ
- জার্মানিতে হাসপাতালে আগুন, নিহত ২
- কিয়েভে ড্রোন ও মিসাইল হামলা করলো রাশিয়া
- মেক্সিকোতে জয়ের উৎসব পালন করতে গিয়ে মৃত তিন
- কেন বাংলাদেশে বিপুল সংখ্যাক পড়ুয়া পরীক্ষা দিচ্ছেন না?
- পাকিস্তানে গুরুদ্বার ভাঙা নিয়ে ভারতের কড়া প্রতিক্রিয়া
থাইল্যান্ড: ভিক্ষুদের ওপর এক কিশোরের গাড়ি উঠে পড়ায় ৮ জনের মৃত্যু
আজ বৃহস্পতিবার বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর ১১ বছর বয়সি এক কিশোরের পিকআপ ট্রাক উঠে পড়লে আট জন মারা যায়৷ থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ৷
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে৷
মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুনারাত জানান, ঘটনাস্থলে পাঁচজন মারা যান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকি তিন জন৷
জানা গেছে, বাবা-মায়ের মালিকানাধীন পিক-আপ ট্রাক চালাচ্ছিল ১১ বছর বয়সি ওই কিশোর৷ তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ৷
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের ওই এলাকায় ৩৫ জন ভিক্ষু তাদের পাঁচ অনুসারীকে নিয়ে তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন৷ ভিক্ষুরা জানান, গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরে তাদের দলের ওপর উঠে পড়ে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
জার্মানিতে হাসপাতালে আগুন, নিহত ২
জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে আগুনে দুজন জন নিহত এবং অন্তত এক জন আহত হয়েছেন৷
প্রাথমিক খবরে অন্তত ৩০ জন আহত হওয়ার কথা বলা হলেও পরে কর্মকর্তারা জানান, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের ফলে মাত্র একজন আহত হয়েছেন৷
সম্প্রচারমাধ্যম এনডিআর-এর তথ্য অনুযায়ী, রোগীদের একটি কক্ষে প্রথমে আগুন লাগে৷ সেই আগুন পরে রেডিওলজি বিভাগের ছাদে ছড়িয়ে পড়ে৷ এনডিআর-এর খবরে আরো বলা হয়, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে৷
এর আগে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগে৷ জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানায়, নিহত দুজনই ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন৷
আগুন লাগার পর ১৬০ শয্যার হাসপাতালটি থেকে রোগী এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়৷ শহরের একমাত্র হাসপাতালটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়৷
পরে কর্মকর্তারা জানান, শুরুতে মূলত ঘটনাস্থলে চিকিৎসকরা স্বাস্থ্য-পরীক্ষা করেছেন এমন সব ব্যক্তিকে হিসেবে নিয়ে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল৷ পরে দেখা যায়, তাদের অধিকাংশই অক্ষত আছেন৷
এসিবি/ জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)
হোলি আর্টিজানে নিহত ৭ জাপানি নাগরিককে স্মরণ
আজ বৃহস্পতিবার সকালে ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারানো সাত জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণসভার আয়োজন করা হয়৷
২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পাঁচ জঙ্গিসহ ২৯ জন নিহত হয়৷
সেই হামলার ১০ বছর পূর্তিতে মেট্রোরেলের উত্তরা ডিপোর মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার (এমইআইসি)-তে আয়োজিত এ স্মরণসভায় জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি বলেন, তার দেশ সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে৷
অনুষ্ঠানে শিমাদা তোমাকি বলেন, ‘‘এই নৃশংস ও অন্যায় সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগীর কথা আমরা স্মরণ করছি৷ এমন ট্র্যাজেডি যেন আর কখনোই না ঘটে৷ এ লক্ষ্য অর্জনে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা জোরদারে জাপান কাজ চালিয়ে যাবে৷’’
নিহত সাত জাপানি নাগরিক তখনকার ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রিপারেটরি স্টাডি দলের সদস্য ছিলেন৷ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে তারা ভূমিকা রেখেছিলেন৷ প্রতিবছরের মতো এবারও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) তাদের এই সাত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভার আয়োজন করে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো, ডয়চে ভেলে)
কিয়েভে ড্রোন ও মিসাইল হামলা করলো রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন ও মিসাইল হামলা করলো রাশিয়া। এর ফলে অন্তত পাঁচজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। রাশিয়ার ড্রোন ও মিসাইল আবাসিক এলাকায় গিয়ে পড়ে বলে ইউক্রেনের অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অনেক জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে. আগুন ও ধোঁয়া দেখা গেছে।
কিয়েভের মেয়র সামাজিক মাধ্যমে বলেছেোন, একটি হোটেলের ছাদে আগুন লেগে গেছে। পরে তিনি জানান, কিয়েভে ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে রাশিযা।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, রাশিয়া বড় ধরনের আক্রমণ করবে। তিনি ডাবলিন সফর কাচছাঁট করে ফিরে আসছেন।
তবে এই সপ্তাহের গোড়ায় মস্কোতে ড্রোন হামলা করে ইউক্রেন। তার দুই সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেনের একটি প্রধান তেল শোধনাগারে হামলা চালিয়েছিল।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
মেক্সিকোতে জয়ের উৎসব পালন করতে গিয়ে মৃত তিন
৪০ বছরের অপেক্ষা শেষ করে মেক্সিকো পুরুষদের বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্যায়ে জয় পেলো। ইকুয়েডরকে তারা ২-০ গোলে হারালো। কিন্তু সেই জয়ের উৎসব পালন করতে গিয়ে প্রাণ গেলো তিন সমর্থকের।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাডা জানিয়েছেন, শহরের রাস্তায় প্রায় ১০ লাখের মতো মানুষ জয়ের উৎসব পালন করতে শুরু করেন। সকলেই শহরের কেন্দ্রস্থলে আসতে চান। মেয়র তাদের অনুরোধ করেন, তারা যেন শহরতলির দিকে চলে যান।
কিন্তু ভিড়ের চাপে তিনজন মারা গেছেন। কর্তৃপক্ষ তাদের পরিচয় জানায়নি।
মেক্সিকো জেতার পরেই রাস্তায় নেমে ব্যান্ড বাজাতে থাকেন কিছু মানুষ। প্রচুর মানুষ বাজি নিয়ে বেরিয়ে পড়েন। বাজির আলোয় আকাশ ভরে যায়। ভিড়ের ধাক্কায় মাটিতে পড়ে যান অনেকে। অনেকে অজ্ঞান হয়ে যান।
মেয়র বলেছেন, সবসময় দায়িত্ব নিয়ে উৎসব পালন করা উচিত।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
কেন বাংলাদেশে বিপুল সংখ্যাক পড়ুয়া পরীক্ষা দিচ্ছেন না?
এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি ও সমমান) নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ নিচ্ছেন না। প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। তবে এ বছর পরীক্ষায় অংশ না নেওয়ার এই হার অস্বাভাবিক বেশি বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তাঁদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হারটি প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চিত্র আরও উদ্বেগজনক। এ বছর এই বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশের বেশি পরীক্ষার জন্য ফরমই পূরণ করেননি।
মাত্র দুই বছরের ব্যবধানে কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে গেলেন বা পরীক্ষায় অংশ নিচ্ছেন না, তার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি শিক্ষা বিভাগ।
অবশ্য গত বছরের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের করা একটি বিশ্লেষণে কিছুটা ধারণা পাওয়া যায়। ওই বছর ঢাকা বোর্ডের অধীনে ৬ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ১ হাজার ৩৫০ জনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় ৪১ শতাংশের বিয়ে হয়ে গিয়েছিল। অর্থাৎ বাল্যবিবাহই ছিল অনুপস্থিতির প্রধান কারণ। এ ছাড়া পরীক্ষার প্রস্তুতির অভাব ও দারিদ্র্যও উল্লেখযোগ্য কারণ হিসেবে উঠে আসে।
জিএইচ/এসজি(প্রথম আলো)
পাকিস্তানে গুরুদ্বার ভাঙা নিয়ে ভারতের কড়া প্রতিক্রিয়া
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সিং জয়সওয়াল লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ''পাকিস্তানের ফারুকাবাদে ১২৫ বছরের ঐতিহাসিক গুরুদ্বার শ্রী গুরু সিং সভার ভেঙে দেওয়ার খবর দেখে আমরা গভীরভাবে বিচলিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই গুরুদ্বার ভেঙে দেওয়া এবং স্থানীয় প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক।''
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ''এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু ও তাদের ধর্মস্থানের উপর আক্রমণ অব্যাহত আছে। আমরা পাকিস্তান সরকারকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার আবেদন জানাচ্ছি। গুরুদ্বারের যে অংশ ভাঙা হয়েছে, তা আবার নির্মাণ করার অনুনরোধও করছি। সেইসঙ্গে সরকার যাতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বজায় রাখে সে কথাও বলছি। এই ধরনের ঘটনা যাতে না হয়, সরকার তা নিশ্চিত করুক।''
জিএইচ/এসজি(পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি)
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মাঝে ‘ইসলামি পতাকা’ নিয়ে আলোচনা
সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যখন ফিফা বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে, তখনই সারা দেশে ‘ইসলামি পতাকা’ উত্তোলনের আহ্বান জানান কট্টরপন্থি এক ধর্মীয় বক্তা৷ তাতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন এলাকায় উত্তোলন করা হয় সেই পতাকা৷
মুসলিম-অধ্যুষিত বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়৷ দেশজুড়ে রয়েছে ফুটবলখেলুড়ে বিভিন্ন দেশের অসংখ্য সমর্থক৷ তাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি৷ বিশ্বকাপের সময় দেশজুড়ে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তির পতাকা ছড়িয়ে পড়াও দীর্ঘদিন ধরে চলে আসা স্বাভাবিক ঘটনা৷
কট্টরপন্থি ধর্মীয় নেতা মুফতি হারুন ইজহার সম্প্রতি এক বক্তৃতায় তার অনুসারীদের আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামিয়ে সম্ভব সব জায়গায় কালিমা-খচিত সাদা পতাকা উত্তোলনের আহ্বান জানান৷ এরপর দেশের বেশ কয়েকটি জেলায় এ ধরনের পতাকা উড়তে দেখা যায়৷ বিষয়টি নজরে আসার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘‘এসব পতাকা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে ব্যবস্থা নেয়া হবে৷’’ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান জানিয়েছেন, কালিমা-খচিত পতাকা উত্তোলনের বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে৷ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এটি বিশ্বজুড়ে ভুল বার্তা দিতে পারে৷’’
এসিবি/ জেডএইচ (এএফপি)
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান-পরবর্তী সংঘাতে নিহত এক লাখেরও বেশি মানুষ
একটি সংঘাত পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে৷
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী৷ ক্ষমতাচ্যুত করার পর শান্তিতে নোবেলজয়ী সুচিকে আটক করা হয়৷
ক্ষমতা দখলের পর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন শুরু করলে আন্দোলনকারীদের একাংশ শহর ছেড়ে গিয়ে গণতন্ত্রপন্থি গেরিলা গোষ্ঠী গড়ে তোলে৷ কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসা জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে যুদ্ধ শুরু করে তারা৷ আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি) নামের সংঘাত পর্যবেক্ষণ সংস্থা সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘাতে অন্তত এক লাখ ১১৪ জন মানুষ নিহত হয়েছে৷
পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এ সংঘাত সম্পর্কে মিয়ানমারে কোনো সরকারি তথ্য বা পরিসংখ্যান নেই৷ ২০২১ সালের মার্চ মাস থেকে চলমান এই গৃহযুদ্ধকে এশিয়ার সবচেয়ে প্রাণঘাতী সংঘাত মনে করেন বিশ্লেষকদের অনেকেই৷
এসিএলইডি-র তথ্য অনুযায়ী, গত বছর ফিলিস্তিনের পর মিয়ানমারই ছিল বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ দেশ৷
এসিবি/ জেডএইচ (এএফপি)
বাংলাদেশে অন্তত ৩১১ উগ্রপন্থি পলাতক: পুলিশ
বাংলাদেশে নিষিদ্ধঘোষিত বিভিন্ন সংগঠনের অন্তত ৩১১ সদস্য এখন পলাতক৷ হিযবুত তাহ্রীরের আরো ৫৯ জন এখন আত্মগোপনে৷ এক বিশেষ প্রতিবেদনে পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-কে উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷
নজরুল ইসলামের করা প্রতিবেদনে বলা হয়, পলাতক ও আত্মগোপনে থাকা এসব ব্যক্তি উগ্রবাদী তৎপরতাসংশ্লিষ্ট বিভিন্ন মামলার আসামি৷ এর বাইরে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন গাজীপুরের কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান উগ্রবাদী তৎপরতাসংশ্লিষ্ট মামলায় সাজাপ্রাপ্ত ৯ জন কারাবন্দি৷ পলাতক এসব উগ্রপন্থির অবস্থান ও তৎপরতা নিয়ে নিরাপত্তা-সংশ্লিষ্ট মহলের উদ্বেগের কথাও বলা হয় প্রতিবেদনে৷
পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) গত এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা তথ্য থেকে পলাতক উগ্রপন্থিদের তথ্য পাওয়া যায়৷ পলাতকদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র ১৮৫ জন, আনসার আল ইসলামের ৮৩ জন, হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি)-র ১৬ জন, নব্য জেএমবির ১৬ জন, ‘আল্লাহর দল’-এর ৯ জন, জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১ জন এবং ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১ জন রয়েছেন৷ এর বাইরে নিষিদ্ধ আরেক সংগঠন হিযবুত তাহ্রীরের ৫৯ জন বিভিন্ন মামলায় পলাতক রয়েছেন বলে এটিইউর তথ্যে এসেছে৷
পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট এটিইউর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের দেশের ১৬ কারাগারে উগ্রপন্থি বিভিন্ন সংগঠনের ৫৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ৪৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২৫ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি আছেন৷ এ ছাড়া কারাবন্দি আরো ৩২ জনের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বিচার চলছে৷
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতীত অভিজ্ঞতা বিবেচনায় পলাতক ও জামিনে মুক্ত উগ্রপন্থিদের ওপর নজরদারি শিথিল করার সুযোগ নেই৷ বিশেষ করে কারাগার থেকে পালানো, জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যাওয়া এবং মামলার আসামি হয়ে পলাতক থাকা ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ৷
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশে উগ্রবাদী তৎপরতা ঘিরে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছিল৷ সেই সময় ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক ও বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটে৷ ২০১৬ সালে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ হামলা চালানো হয়৷ এর আগে ২০০৫ সালে ৬৩ জেলায় একযোগে ৫০০ বোমা ফাটায় জেএমবি৷
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতীত অভিজ্ঞতা বিবেচনায় পলাতক ও জামিনে মুক্ত উগ্রপন্থিদের ওপর নজরদারি শিথিল করার সুযোগ নেই৷ বিশেষ করে কারাগার থেকে পালানো, জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যাওয়া এবং মামলার আসামি হয়ে পলাতক থাকা ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ার শঙ্কা
দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হাম সংক্রমণের সময়েই বাংলাদেশে দেখা দিয়েছে ডেঙ্গুর সংক্রমণও দ্রুত বাড়ার শঙ্কা৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, আর্দ্র আবহাওয়া ও মশা নিয়ন্ত্রণে অপর্যাপ্ত ব্যবস্থার কারণে ডেঙ্গু-পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে৷
বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার অনেক গতি পেয়েছে৷ এর ফলে ২০২৩ সালে যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, সেরকম পরিস্থিতির আশঙ্কাও করছেন তারা৷
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, মে মাসের শেষে বাংলাদেশে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন মাত্র এক জন৷ কিন্তু জুন মাসের শেষে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৷ এ সময়ে ডেঙ্গুতে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি ছিল আরো উদ্বেগজনক৷ মে মাসের শেষে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭১৪, জুন মাসের শেষে সেই সংখ্যা আট গুণেরও বেশি বেড়ে হয়ে যায় পাঁচ হাজার ৯২৪৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘জুলাই মাসে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা জুনের তুলনায় অন্তত দ্বিগুণ হবে বলে আমাদের ধারণা৷ আগস্ট নাগাদ তিন থেকে চার গুণও বেড়ে যেতে পারে৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৯৪৩ জন। ১০ হাজার পাঁচশোর বেশি মানুষ আহত। ১৬ হাজার গৃহহীন, ৪৩ হাজার মানুষ নিখোঁজ, ছয় লক্ষ ৮০ হাজার বাচ্চার মানবিক ত্রাণ দরকার, ৫৯ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভেনেজুয়েলাতে মঙ্গলবারও উদ্ধারকারীরা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করে গেছেন। পরপর দুইটি ভয়ংকর ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন অঞ্চল ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে।
উদ্ধারকারীরা এখনো আশা করছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেঁচে থাকা মানুষদের তারা উদ্ধার করতে পারবেন। তবে তারা এখন মৃত মানুষদের খোঁজও করছেন।
৪০ ঘণ্টা ধরে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধারের চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ও ইকুযেডর থেকে আসা উদ্ধারকারীরা। কিন্তু মঙ্গলবার তারা ধ্বংসস্তূপে আর জীবনের চিহ্ন না পাওয়ায় সেই কাজ বন্ধ করে দিয়েছেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করে দাবি করেছে, তারা পাকিস্তানের বালোচিস্তান, উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ায় বিমান হামলা করেছে। এর ফলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের সদস্যদের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, তালেবান সামরিক বাহিনীর কাছে পুরোদস্তুর বিমান বাহিনী নেই, তবে তারা মূলত ড্রোনের মাধ্যমে হামলা করে।
পাকিস্তানও জানিয়েছে, আফগানিস্তান ড্রোন হামলা করেছিল। চারটি ড্রোন তারা ধ্বংস করেছে। তবে তারা কোনো মৃত্যুর খবর জানায়নি। আর আইএস কর্মীরা পাকিস্তানে আছে সেটা তারা স্বীকার করে না।
এর আগে পাকিস্তান এই সপ্তাহে আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা করেছিল। তারপর আফগান সরকার জানিয়েছিল, তারা প্রত্যাঘাত করবে।
পাকিস্তান সেনার তরফে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান বাহিনী বালোচিস্তানে চারটি ড্রোন হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনগুলিকে ধ্বংস করেছে। সেনার তরফ থেকে বলা হয়েছে, আফগান তালেবানরা যদি এভাবে উসকানি দিতে থাকে, তাহলে তারা উচিত জবাব পাবে।
জিএইচ/এসজি(এএফপি)
সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বে ছিল ঢাবি-র পড়ুয়ারা: তারেক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এবার গণতন্ত্র সুসংহত করার পালা। এ ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
তারেক রহমান বলেন, ‘'প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের। এই উপলক্ষে আমি সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'’
তারেক রহমান বলেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি, ফাইভ-জি প্রযুক্তির মতো বিষয়গুলো শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই। শিক্ষাকে শুধু সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে, যা বাস্তব জীবনে যেকোনো দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে। এ কারণেই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও নজর দেওয়া জরুরি।
জিএইচ/এসজি(প্রথম আলো)
ভারতে বাস-ট্রাক ধাক্কা, আগুন, নিহত সাত
রাজস্থানের দৌসার কাছে দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস গিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। তারপরই বাস ও ট্রাকে আগুন লেগে যায়। এর ফলে সাতজন মারা গেছেন, ২২ জন আহত হয়েছেন।
রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা হয়। বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোর যাচ্ছিল। বাসটির গতি খুব বেশি ছিল।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মাথায় আঘাত লেগে দুইজন মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন বাস-ট্রাক সংঘর্ষ হয়, তখন অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন। দমকল এসে আগুন নেভায় ও যাত্রীদের উদ্ধার করে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)