জার্মানিতে মাদকজনিত মৃত্যুর ‘বিস্ময়কর’ বৃদ্ধি
প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ৯ জুলাই ২০২৬
আপনার যা জানা দরকার
- জার্মানিতে ৩০ বছরের কম বয়সিদের মাদকজনিত মৃত্যুর ‘বিস্ময়কর’ বৃদ্ধি
- সাউথ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত আরেক বাংলাদেশি
- বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ৭৪৭
- জার্মানি: তাপজনিত কারণে সারা বছরে পাঁচ হাজারের বেশি মৃত্যু
- শিশুদের মৃত্যুর পর রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ
- ইরানে আরো তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ
- পাকিস্তানে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলো
- বাংলাদেশের বান্দরবানে পাহাড়ধস, মৃত পাঁচ
- গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প যা বললেন
- বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট নিয়ে রায় বহাল সুপ্রিম কোর্টে
- ট্রাম্প কেন যুক্তরাজ্যে বিমান বদল করলেন?
জার্মানিতে ৩০ বছরের কম বয়সিদের মাদকজনিত মৃত্যুর ‘বিস্ময়কর’ বৃদ্ধি
জার্মানিতে মাদকজনিত মৃত্যু অনেক বেড়েছে৷ বিস্ময়কর বিষয় হলো, এমন মৃত্যু ৩০-এর কম বয়সিদের মধ্যেও বিস্ময়কর হারে বেড়েছে৷
অনেকের মৃত্যুর কারণ সিন্থেটিক ওপিওয়েড-এর মতো নতুন এবং অত্যন্ত বিপজ্জনক সব মাদকসেবন৷
সম্প্রতি বার্লিনের পাত্রিদা ওপিওয়েড আসক্তি নিরাময় কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মানিতে মাদকজনিত মৃত্যুর সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়৷ পরিসংখ্যান প্রকাশের পর জার্মানির কেন্দ্রীয় মাদক বিষয়ক কমিশনার হেন্ড্রিক স্ট্রেক জানান, এমন পরিসংখ্যান প্রকাশ করতে তার কষ্ট লাগছে, কারণ, বিষয়টি এখন যেন এক ধরনের বার্ষিক রুটিনে পরিণত হয়েছে৷ এ সময় দেশে মাদক সেবনজনিত কারণে তরুণদের মৃত্যু বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি৷
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে মাদকসেবনের কারণে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮১.৫% মারা গেছেন একাধিক মাদক বা বিভিন্ন পদার্থের মিশ্রণ সেবনের কারণে৷ ২০২১ সালের তুলনায় ক্র্যাক ও কোকেনজনিত মৃত্যুও ১১০.৭% বেড়েছে৷
ডাকবাক্সে বিনামূল্যে মাদক
জার্মানির রাজধানী বার্লিনে মাদক বিক্রেতারা আজকাল অনেক বাড়ির ডাকবাক্সে মাদকের নমুনা ভর্তি প্যাকেট পাওয়া যাচ্ছে৷ মঙ্গলবার বার্লিন পুলিশ জানিয়েছে, এভাবে বিনামূল্যে মাদকের নমুনা রেখে যাচ্ছে মাদকবিক্রেতারা৷
এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে
হেলেন হুইটল/ এসিবি
সাউথ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত আরেক বাংলাদেশি
সাউথ আফ্রিকার জোহানেসবার্গে নোয়াখালীর প্রবাসী আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গতকাল বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে৷
এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাড়ির গেটের সামনে মো. ইয়াছিন (৪০) নামের নোয়াখালীর আরেক প্রবাসীকে গুলি করা হয়৷
বুধবার জোহানেসবার্গে নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন (৪০)৷ তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা৷
গুলির ঘটনা ডয়চে ভেরের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে নিশ্চিত করেন নিহত বেলায়েত হোসেনের প্রতিবেশী মো. হানিফ৷ তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে৷ দুর্বৃত্তরা বেলায়েত হোসেনকে গুলি করে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়৷
এসিবি7 জেডএইচ (প্রথম আলো)
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ৭৪৭
হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো দুই শিশু মারা গেছে৷ এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে মোট ৬৫৪ জন শিশু৷ আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জন শিশুর৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭৪৭৷
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়৷
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে৷
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে৷ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত রোগীর সংখ্যা ১২৮৷ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে৷
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ রোগী৷ এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন৷
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরো বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি৷ হামের উপসর্গে যে দুই শিশু মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের৷ আরেকজন সিলেট বিভাগের৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
জার্মানি: তাপজনিত কারণে সারা বছরে পাঁচ হাজারের বেশি মৃত্যু
রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, চলতি বছরে জার্মানিতে অন্তত পাঁচ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে তাপমাত্রাজনিত কারণে৷ তাদের মধ্যে অধিকাংশই মারা যান জুনের দাবদাহের সময়৷
জার্মানির প্রধান জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আরকেআই আরো জানায়, মৃতদের মধ্যে প্রায় চার হাজার ২৭০ জনের বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি৷
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস-এর প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের জুন ছিল ইউরোপের ইতিহাসের উষ্ণতম জুন৷ গত মাসে ইউরোপের গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড় তাপমাত্রার চেয়েও ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল৷
গত জুনের শেষের দিকে জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়৷
দাবদাহের কারণে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামেও শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
শিশুদের মৃত্যুর পর রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ
গত কয়েক দিনে ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যুর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নিয়েছে৷
গতকাল কক্সবাজারের একটি ক্যাম্পে প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধস হওয়ায় একটি মাদ্রাসার একাংশে মাটি ধসে পড়ে৷ তাতে অন্তত পাঁচ জন শিশু প্রাণ হারায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷
এর আগে সাত শিশু শিক্ষার্থী ও এক শিক্ষকসহ মোট আটজনের মৃত্যুর খবর জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি৷
রোহি্ঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ সফল করতে আজ লাউডস্পিকারে শরণার্থীদের এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়৷ স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের একটি নেটওয়ার্কও এ কাজে সক্রিয় রয়েছে৷
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি)
ইরানে আরো তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ
বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাতে ইরানের উপর আরো তীব্র আক্রমণ করা হবে। বাস্তবে সেটাই হলো।
ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বন্দর আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং(আইআরআইবি) জানিয়েছে, হরমুজ প্রণালীর আবু মিসা দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চাবাহারে প্রজেক্টাইলের শার্পনেল হাসপাতালে গিয়ে আঘাত করেছে।
বার্তাসংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মঙ্গলবারের তুলনায় অনেক তীব্র আক্রমণ চালিয়েছে অ্যামেরিকা।
মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানায়, তারা ৮০টিরও বেশি লক্ষ্যে আঘাত করেছে। তার মধ্যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, কোস্টাল রেডার কেন্দ্র ও রেভলিউশনারি গার্ডের ৬০টি ছোট নৌকাও ছিল।
রেভলিউশনারি গার্ড জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে বুধবার সারারাত ধরে হামলা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বুধবার রাতে যে আক্রমণ হয়েছে, তা প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছে।
তার সামাজিক মাধ্যমের পোস্টে কোনো মন্তব্য ছাড়া বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। সম্ভবত সেগুলি ইরানের উপর মিসাইল হামলার ভিডিও। ট্রাম্প বলেছেন, যদি আবার আক্রমণ হয়, তাহলে তার (প্রতিক্রিয়া) আরো খারাপ হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আর নেই।
বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে বলেছেন, রাজধানী মানামাতে বিমান হামলার সাইরেন বেজেছে।
বুধবার ইরান বাহরাইনে হামলা করেছে। রয়টার্স জানাচ্ছে, কাতারে আবাসিকরা 'অল ক্লিয়ার' বার্তা পাওয়ার পর মোবাইলে আরো বাড়তি নিরাপত্তার সতর্কবার্তা পেয়েছেন। কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা আছে।
অন্যদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানের শর্তেই খুলতে পারে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
ট্রাম্প কেন যুক্তরাজ্যে বিমান বদল করলেন?
তুরস্কে ন্যাটোর শীর্ষসম্মেলনে যোগ দিয়ে অ্যামেরিকা ফেরার পথে যুক্তরাজ্যে বিমান বদল করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বুধবার জানায়, মার্কিন সিক্রেট সার্ভিসের অনুরোধে নিরাপত্তাজনিত সাবধানতার কারণে এই বিমান বদল করা হয়। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট হুমকির পরিপ্রেক্ষিতে এই বদল করা হয়নি।
ডনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন, কোনো নিরাপত্তাজনিত কারণে তিনি বিমান বদল করেননি।
তুরস্ক থেকে ফেরার পথে ট্রাম্প যুক্তরাজ্যে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে বিমান পরিবর্তন করেছেন। তিনি এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে যুক্তরাজ্যের সাফোকে আসেন এবং তারপর এয়ারফোর্স ওয়ানের নতুন বিমানে করে যুক্তরাষ্ট্রে ফেরেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ''আমার তো সবসময়ই ঝুঁকি আছে। আমি ওদের তালিকায় এক নম্বরে আছি।'' কিন্তু আগে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছিলেন, এয়ারফোর্স ওয়ানের নতুন বিমানটি তিনি যুক্তরাজ্যে পাঠিয়েছেন, যাতে সেখানকার মার্কিন সামরিক কর্মকর্তারা বিমানটি দেখতে পারেন। এই বিমানটি গতবছর কাতার তাকে উপহার দেয়।
ট্রাম্প বলেছেন, তিনি ফেলে আসা সময়কে সম্মান জানাতে তুরস্ক থেকে পুরনো বিমানে যুক্তরাজ্যে এসেছেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট নিয়ে রায় বহাল সুপ্রিম কোর্টে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এই রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা।
পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি আপিল হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন পৃথক আপিল করেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি আপিল করেন।
এক ব্রিফিংয়ে বুধবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত দেশের সংবিধানের আমূল পরিবর্তন করা হয়েছিল। এ পরিবর্তনের সঙ্গে মানুষের বাক্স্বাধীনতা, গণতন্ত্র, আগামী দিনের অগ্রযাত্রা, দেশের অগ্রযাত্রা, গণতন্ত্রের অভিযাত্রা—সবকিছুই বাধাগ্রস্ত ছিল।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়।
সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। অবৈধ ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতির পাশাপাশি সংবিধানে জাতীয় চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়।
জিএইচ/এসজি(প্রথম আলো)
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প যা বললেন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপ থেকে আরো মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা তা নির্ভর করছে গ্রিনল্যান্ড নিয়ে ভবিষ্যৎ চুক্তির উপর। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এক সাংবাদিক প্রশ্ন করেন ইউরোপ থেকে কি আরো মার্কিন সেনা প্রত্যাহার করা হবে?
ট্রাম্প জবাব দেন, ''আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। গ্রিনল্যান্ড নিয়ে অনেক কিছু হচ্ছে। গ্রিনল্যান্ড নিয়ে ভালো চুক্তি হবে কিনা তার উপর অনেক কিছু নির্ভর করছে। হয়ত আমি ভালো চুক্তি করতে পারব।''
ন্যাটো শীর্ষবৈঠকে যোগ দেওয়ার জন্য আঙ্কারা পৌঁছাবার পর ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ, কিন্তু তা অ্যামেরিকার নিয়ন্ত্রণে থাকা উচিত। এর আগে মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন, গ্রিনল্যান্ডের দীর্ঘকালীন নিরাপত্তা ঝুঁকির সমাধান করতে তাকে অধিগ্রহণ করা দরকার। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রিডরিকসন এই দাবি খারিজ করে দেন।
জিএইচ/এসজি(ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)
বাংলাদেশের বান্দরবানে পাহাড় ধস, মৃত পাঁচ
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পাহাড় ধসের পৃথক দুটি ঘটনায় দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাঁদের পাঁচ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।
জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লামার একই এলাকায় পৃথক দুই পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ পাঁচজন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায়। ওই সময় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হন। তাঁরা হলেন মো. ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাঁদের ছেলে মো. সোলেমান (৫)।
স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যদের সহায়তায় তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) নিহত হন।
জিএইচ/এসজি(প্রথম আলো)
পাকিস্তানে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলো
পাকিস্তানে নিখোঁজ মালবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেলেন উদ্ধারকারীরা। বিমানটি নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পরে গভীর সমুদ্রে তারা এই ধ্বংসাবশেষ পেয়েছেন। বিমানে থাকা পাঁচজন কর্মীর খোঁজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
পাকিস্তানের নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ধ্বংসাবশেষ খুঁজে পেতে আকাশপথে ও সমুদ্রে খোঁজ চালায়। এখনো তারা বিমানকর্মীদের খোঁজ চালাচ্ছে। আরব সাগরে ওমারা শহরের কাছে এই ধ্বসাবশেষ পাওয়া গেছে।
এই বিমানটি পাকিস্তানের বেসরকারি কে২ এয়ারওয়েজ চালাতো। তারা জানিয়েছে, তারা পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করছে। যে পাঁচজন বিমানে ছিলেন, তার মধ্যে দুইজন পাইলট, দুইজন ইঞ্জিনিয়ার এবং একজন সাপোর্ট স্টাফ।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তিনি বিমানকর্মীদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
বাংলাদেশে ভূমিধসে শরণার্থী শিবিরের স্কুলে আটজনের মৃত্যু
ভারী বর্ষণের ফলে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের এক স্কুলে ভূমিধস হলে সাত শিশু ও এক শিক্ষকের মৃত্যু হয়৷ স্কুলটিতে তখন ক্লাস চলছিল৷
উদ্ধারকর্মীরা কাদা ও মাটির স্তূপ খুঁড়ে শিশুদের মরদেহ উদ্ধার করেন৷ জানা গেছে, শ্রেণিকক্ষে পড়াশোনা করার সময় স্কুলঘরটি কাদায় তলিয়ে গেলে সেখানে আটকা পড়ে শিশুরা মারা যায়৷
এ বিষয়ে বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে
এসিবি/ জেডএইচ (এএফপি)
ন্যাটো শীর্ষ সম্মেলনে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়ে ‘অটল’ অঙ্গীকার
তুরস্কের রাজধানী আঙ্কারায় শেষ হয়েছে ন্যাটো সম্মেলন৷ ৩২টি সদস্য দেশের নেতারা দু দিনের এ সম্মেলনের অংশ নেন৷
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ হয়ে গেছে’ বলে মন্তব্য করে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধেরও হুমকি দেন৷
ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল৷ ন্যাটোর নেতারা বলেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে৷
ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেয়ার পরিকল্পনাও উঠে আসে দ্বিতীয় দিনের আলোচনায়৷ ট্রাম্পের এমন দাবির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন বলেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়৷
এ বিষয়ে বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
জার্মানির স্কুলে গুলিতে আহত কয়েকজন, গ্রেপ্তার এক সন্দেহভাজন
জার্মানির দক্ষিনাঞ্চলের বাভারিয়া রাজ্যের এক স্কুলে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
বাভারিয়া রাজ্যের ছোট শহর শোনগাউ-এর ভেলফেন গিমনাজিউমে এ ঘটনা ঘটে৷ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্থানীয় পুলিশ আরো জানিয়েছে, ‘‘সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনায় জড়িত ব্যক্তির সংখ্যা এবং আহতদের আঘাতের তীব্রতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে৷’’
লেক নদীর তীরের ছোট শহর শোনগাউ৷ ১২ হাজারের বেশি মানুষ বাস করেন সেখানে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
যুক্তরাষ্ট্রের রাস্তায় আইস এজেন্টের গুলিতে মেক্সিকোর নাগরিক নিহত
টেক্সাসের রাস্তায় গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে মেক্সিকোর এক নাগরিককে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস)-এর এজেন্ট গুলি চালান৷ গুলিতে আহত ওই ব্যক্তি পরে মারা যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
মঙ্গলবার গভীর রাতে আইস কর্তৃপক্ষ জানায়, টেক্সাসের হিউস্টনে লরেঞ্জো সালগাদো আরাউজো নামের ওই ব্যক্তি গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টা করেছিলেন৷ এক পর্যায়ে তিনি আইস কর্মকর্তার গাড়িতে সজোরে ধাক্কা দিলে আত্মরক্ষার্থে তাকে গুলি করা হয়৷
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দল এবং লাতিন আমেরিকার গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে৷
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, গুলিতে নিহত সালগাদো আরাউজো অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকছিলেন৷ তবে তার ছেলে রোনালদো সালগাদো সাংবাদিকদের বলেন, তিনি ওয়ার্ক পারমিট, অর্থাৎ কাজের আনুষ্ঠানিক অনুমতিপত্র পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন৷ সাংবাদিকদের রোনালদো সালগাদো বলেন, ‘‘আমার বাবার এমন পরিণতি প্রাপ্য ছিল না৷’’
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)