হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ৩০ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধের ভালো-মন্দ
- কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করা: সমাধান, নাকি বাড়াবাড়ি?
- মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড
- বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি-জাপান
- পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি হলো
- বাংলাদেশে গ্রামে প্রবল লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা
- আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা ভারতের
- বাংলাদেশে ঋণের মূল অর্থ পরিশোধ করলেই খেলাপিদের মুক্তি
- জার্মানিতে গুলি, মৃতের সংখ্যা বেড়ে ছয়
পীর আবদুর রহমান হত্যা মামলা : জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত৷ আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
কারাগারে পাঠানো দুজন হলেন, হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান৷
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ আলী মর্তুজা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনা্র প্রথম আলোকে বলেন, এ নিয়ে মামলাটির এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনসহ মোট ছয়জনকে কারাগারে পাঠানো হলো৷
উপজেলার দক্ষিণ–পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা পীর আবদুর রহমান পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, এমন অভিযোগে ১১ এপ্রিল তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ ঘটনার পর ১৩ এপ্রিল শামীমের বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় হত্যা মামলা করেন৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করা: সমাধান, নাকি বাড়াবাড়ি?
সাম্প্রতিক এক জরিপে বলছে, ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে প্রতি সাতজনের মধ্যে একজন কিশোর বা কিশোরী দিনে আট ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়৷ প্রতিকারের একমাত্র উপায় কি সোশাল মিডিয়া নিষিদ্ধ করা?
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সদ্য প্রকাশ করা জরিপ অনুযায়ী, স্কুল চলছে এমন দিনগুলোতে কম বয়সি ছেলে-মেয়েরা প্রতিদিন গড়ে সাড়ে চার ঘণ্টা এবং সপ্তাহান্তে ৬ ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়৷
জরিপ নিয়ে করা প্রতিবেদনটিতে আরো বলা হয়, ইইউ অঞ্চলের প্রায় ১৪ শতাংশ, অর্থাৎ প্রতি সাতজন কিশোর-কিশোরীর মধ্যে একজন জানিয়েছে, সাধারণ অবস্থায় তারা স্ক্রিনের সামনে দিনে অন্তত ৮ ঘণ্টা বা তারও বেশি সময় কাটায়, শনি ও রবিবারে সেই সময় আরো বেড়ে দিনে ১০ ঘণ্টাও ছাড়িয়ে যায়৷
গত জুন মাসে বড় এক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য৷ এক ঘোষণায় দেশটি জানিয়েছে, ২০২৭ সালের বসন্ত থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হবে৷ এক্ষেত্রে আরো এগিয়ে অস্ট্রেলিয়া৷ গত ডিসেম্বরেই দেশের সব অপ্রাপ্তবয়স্কের জন্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে তারা৷ নরওয়ে এবং ক্যানাডাসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কাজ করছে৷
ইইউর ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী৷ এর ফলে ইইউ অঞ্চলে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ও ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট-এর মাধ্যমে প্ল্যাটফর্মগুলোর ওপর কন্টেন্ট নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা আরোপ করা সম্ভব হয়েছে৷ তবে ইইউর কয়েকটি সদস্য দেশ আরো কঠোর পদক্ষেপ দাবি করছে৷
জাতীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স, স্পেন, গ্রিস, অস্ট্রিয়া এবং ডেনমার্ক৷ তারা চায় ইউরোপীয় ইউনিয়ন জুড়েই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হোক৷ জার্মানিতে সরকার-নিযুক্ত একটি কমিশন সম্প্রতি ১৩ বছরের কম বয়সিদের জন্য সোশাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধের সুপারিশ করেছে৷
সোশ্যাল মিডিয়া ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে সহ-লেখক, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ডিকিন ইউনিভার্সিটির রিসার্চ ফেলো নন্দী বিজয়কুমারও মনে করেন সোশাল মিডিয়ার ইতিবাচক দিকগুলোকে এ যুগে অগ্রাহ্য করা অনুচিত৷
ইউরোপিয়ান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট রারেস ভইকু মনে করেন, ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ফলাফল আগেই ভেবে দেখা জরুরি৷ তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আর সময় কাটাতে না পারলে তখন কী করবে তারা? এমন কিছু কার্যক্রমের ব্যবস্থা থাকা প্রয়োজন, যা সোশ্যাল মিডিয়ার মতোই পারস্পরিক সম্পৃক্ততার অনুভূতি গড়ে তুলতে সক্ষম৷''
রেনাটা পারনেগ্রোভা/এসিবি
মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২৷ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়৷
মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়৷ এর মধ্যে অন্যতম অভিযোগ হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া৷
ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে৷ তবে আদালত জানায়, এই তিনটি সাজা একসঙ্গে চলবে৷ অর্থাৎ, ইনুকে মোট ১০ বছরই কারাগারে কাটাতে হবে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি-জাপান-নেদারল্যান্ডস
প্যারাগুয়ের কাছে হেরে এবছরের বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। প্যারাগুয়ের সঙ্গে নক আউট পর্বের খেলায় পেনাল্টি শুট আউটে হেরে গেল জার্মানি। এই প্রথম বিশ্বকাপের কোনো খেলায় পেনাল্টি শুট আউটে হেরে গেল জার্মানি।
তবে এদিন বস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল প্যারাগুয়ে। তাদের তৈরি করা ম্যাচে জার্মানি প্রতিদ্বন্দ্বীর জালে বল ঢোকানোর চেষ্টা করেছে মাত্র। এবারের জার্মানির দল নিয়ে অনেকেই অনেক স্বপ্ন দেখেছিলেন। কিন্তু নক আউটের প্রথম পর্বেই বিদায় নিল জার্মানি।
অন্যদিকে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারলো না জাপান। ব্রাজিলের সঙ্গে খেলায় প্রথম হাফে গোল দিয়ে এগিয়ে যায় জাপান। কিন্তু দ্বিতীয় হাফে দূর্দান্ত কামব্যাক করে ব্রাজিল। দ্বিতীয় হাফে জাপানকে কার্যত দাঁড়াতে দেয়নি ল্যাটিন অ্যামেরিকান সাম্বা। চাট ফুটবল খেলে দ্বিতীয় হাফের শুরুতেই গোল দেয় ব্রাজিল। আর জয়ের গোল আসে ম্যাচের একেবারে শেষ পর্বে।
জার্মানির মতো নেদারল্যান্ডসও টাইব্রেকারে হেরে গেলো। মরক্কোর কাছে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর কাছে টাইব্রেকারে হার মানতে হলো নেদারল্যান্ডসকে।
এসজি/জিএইচ (ফিফা ওয়ার্ল্ড কাপ)
পেরুতে নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন ফুজিমোরি
এক সপ্তাহ ধরে গণনা এবং পুনর্গণনার পর অবশেষে পেরুর নির্বাচন কমিশন জানালো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কেইকো ফুজিমোরি। দক্ষিণপন্থি এই নেত্রী নির্বাচনি প্রচারে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পেরুতে নির্বাচন হয়েছিল গত ৭ জুন। এরপর গণনার পর পুনর্গণনা হয়। প্রতিটি ব্যালট পরীক্ষা করে দেখা হয়। অবশেষে এতদিন পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলো।
ফুজিমোরির পক্ষে ভোট গেছে ৫০ শতাংশের কিছু বেশি। অন্যদিকে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজ পেয়েছেন ৪৯ শতাংশের কিছু বেশি ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫০ হাজারেরও কম।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)
জার্মানিতে গুলি, মৃতের সংখ্যা বেড়ে ছয়
জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনার পর বড় ধরনের পুলিশি অভিযান শুরু হয়েছে।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, সোমবারের এ ঘটনায় এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল পাঁচজনের। হাসপাতালে মৃত্যু হয় একজনের।
পুলিশ জানিয়েছে, ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন বন্দুকধারী। পারিবারিক অশান্তির কারণেই এই গুলির ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ। আটক ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
সেমবার এক বিবৃতিতে স্টাডে পুলিশ জানিয়েছিল, ডাঙ্কারসস্ট্রাসে একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে৷ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাদানকারী কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছিল ওই বিবৃতিতে। ওই অভিযানেই বন্দুকধারী আটক হয়।
এসজি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি হলো
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করার জন্য প্রথমে একটি কমিটি গঠন করলো শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই এই কমিটি প্রধান হবেন। চার সপ্তাহের মধ্যে কমিটি তাদের সুপারিশ জমা দেবে। তারপর অগাস্ট মাসে কমিটির সুপারিশের ভিত্তিতে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্যের আদিবাসী, মূলবাসী, কুড়মি এবং অন্যান্য স্বীকৃত প্রাচীন জনজাতি সম্প্রদায় এই আইনের বাইরে থাকবে। উত্তরাখণ্ড ও গুজরাতের মডল মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে রঞ্জনা দেশাই ছাড়া এক জন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, এক জন আইন বিশেষজ্ঞ, এক জন শিক্ষাবিদ, এক জন সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এক জন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে থাকবেন।
শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী ২ জুলাই খসড়া বিল মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আসবে। উত্তরাখণ্ড, গুজরাট ও আসামে যে বিল আছে, তার ভিত্তিতেই পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনা হবে।
এই বিল আইনে পরিণত হলে ধর্মীয় ভিত্তিতে আলাদা আলাদা ব্যক্তিগত আইন থাকবে না। সকলের জন্য একই আইন হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ ইন, ভরণপোষণ, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, দত্তক নেওয়ার মতো বিষয়গুলি এই আইনের আওতায় আসবে।
জিএইচ/এসজি (মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেওয়া বিবৃতি)
আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা ভারতের
গত সপ্তাহান্তে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা করলো ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''এই প্রকাশ্য আগ্রাসন অত্যন্ত বেপরোয়াভাবে হয়েছে এবং তা আঞ্চলিক শান্তির পক্ষে বিপদের কারণ।''
আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তিনটি প্রদেশে এই হামলায় ৩৬ জন বেসামরিক মানুষ মারা গেছেন এবং ১৬৩ জন আহত হয়েছেন।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহান্তে করাচিতে সন্ত্রাসী হামলায় ২৯ জন বেসামরিক মানুষ মারা গেছেন। আফগান সরকার অবশ্য দাবি করেছে, এই আক্রমণ তাদের ভূমি থেকে হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ''পাকিস্তানের বিমান হামলার কড়া নিন্দা করছে ভারত। এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত। আঞ্চলিক শা্ন্তি ও স্থিরতার উপরও সরাসরি আঘাত। পাকিস্তান সমানে এই ধরনের বেপরোয়া মনোভাব দেখাচ্ছে। তারা নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য এই কাজ করছে এবং সীমান্ত পেরিয়ে আক্রমণ চালাচ্ছে।''
জিএইচ/এসজি(পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, রয়টার্স, এএফপি)
বাংলাদেশে ঋণের মূল অর্থ পরিশোধ করলেই খেলাপিদের মুক্তি
বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে ও ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ এক্সিট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
এই নীতিমালার আওতায় আর্থিক সংকটে পড়লেও যেসব ঋণগ্রহীতার ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে, তারা ঋণের মূল অর্থ এককালীন পরিশোধ করে দায় নিষ্পত্তির সুযোগ পাবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান, তারল্য ব্যবস্থাপনা ও নতুন ঋণ দেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায় যাতে দ্রুত করা যায়, সেজন্য আগামী ৩০ জুন পর্যন্ত ‘মন্দ’ ও ‘ক্ষতিজনক’ শ্রেণিতে থাকা ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন এবং ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ এক্সিট সুবিধা দেওয়া যাবে।
তবে ঋণগ্রহীতাকে এককালীন পুরো বকেয়া পরিশোধ করতে হবে, সব আরোপিত ও অনারোপিত সুদ মাফের ক্ষেত্রে আগের দুটি সার্কুলারের (২০২২ সালের ২১ এপ্রিল জারি করা সার্কুলারের তহবিল ব্যয় আদায় নিশ্চিতকরণ সংক্রান্ত শর্ত এবং ওই বছরের ২৪ মে জারি করা রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের আয় খাত বিকলন না করার শর্ত) শিথিল থাকবে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যেসব ‘মন্দ’ বা ‘ক্ষতিজনক’ মানের ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোও এই সার্কুলারের আওতায় বিশেষ এক্সিট সুবিধা পাবে এবং কৃষি খাতের স্বল্পমেয়াদি কৃষি ঋণ ও সিএমএসএমই খাতের কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র ঋণগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
বাংলাদেশে গ্রামে প্রবল লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা
গরমে বাড়তি লোডশেডিং নিয়ে বেশি ভোগান্তিতে আছেন বাংলাদেশের গ্রামের মানুষ। বিশ্বকাপ খেলা দেখতে না পারায় বিভিন্ন জেলায় বিদ্যুৎ কার্যালয় ও স্থাপনায় হামলা করেছেন ক্ষুব্ধ মানুষ। নিরাপত্তা শঙ্কায় সহায়তা চেয়ে থানাকে জানিয়েছে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বিদ্যুৎ সরবরাহ চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অন্তত চারজন সংসদ সদস্য। লোডশেডিং নিরসনে একই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডও (আরইবি)।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) তথ্য বলছে, গত জুন রাত আটটায় সারা দেশে লোডশেডিং হয়েছে দুই হাজার ৬৮৮ মেগাওয়াট। এর মধ্যে শুধু আরইবির অধীন লোডশেডিং হয়েছে দুই হাজার ৫৯২ মেগাওয়াট।
তার মানে ওই সময় বিদ্যুতের ঘাটতির ৯৬ শতাংশ ছিল গ্রামাঞ্চলে।
অস্বাভাবিক লোডশেডিং নিরসনে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে গত রোববার চিঠি পাঠিয়েছে আরইবি। ৮০টি সমিতির মাধ্যমে সারা দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সংস্থাটি। চিঠিতে বলা হয়, আরইবির গ্রাহকেরা ১৭ থেকে ৪২ শতাংশ পর্যন্ত লোডশেডিংয়ের আওতায় থাকছেন। কোনো কোনো এলাকায় ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা।
আরইবির চিঠিতে আরও বলা হয়, স্থানীয় লোকজন ও গ্রাহকেরা উপকেন্দ্রে এসে হামলা, দায়িত্বরত লাইন ক্রুদের মারধর, অফিস ঘেরাও, অফিস ভাঙচুর, অবস্থান কর্মসূচি ঘোষণা, বকেয়া বিল আদায়ে বাধা সৃষ্টি ও অফিসে এসে শারীরিক নির্যাতনের হুমকি প্রদান করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে। ১০ জেলার ১৪টি স্থানে এমন অপ্রীতিকর ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে চিঠিতে। সারা দেশে এমন ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে।
জিএইচ/এসজি(প্রথম আলো)
ভেনেজুয়েলা : ভূমিকম্পের চারদিন পরও চলছে উদ্ধারকাজ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের চার দিনেরও বেশি সময় পার হওয়ার পরও জীবিত ও মৃতদের সন্ধানে ব্যস্ত উদ্ধারকর্মীরা৷ সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে অন্তত ১৪শ ৫০ জন মারা গেছেন৷ গতকাল রোববার ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘‘আমরা জীবিত মানুষদের উদ্ধার করতে পেরেছি৷ তাই এখনো উদ্ধারকাজ স্থগিত করা হচ্ছে না৷’’
এর আগে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখনো শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন৷ সে দেশের বিরোধী দলের পক্ষের এক ওয়েবসাইটে বলা হয় এখনো প্রায় ৫০ হাজার মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
জার্মানিতে গুলিবর্ষণে নিহত পাঁচ, আটক দুই জন
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনার অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন৷ ইতিমধ্যে এক সন্দেহভাজনসহ দুজনকে আটক করা হয়েছে৷
হামবুর্গের পশ্চিম দিকের স্টাডে শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষ বাস করেন৷
পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা ডিপিএ জানাান, ‘‘শহরের কেন্দ্রস্থলে একটি ইয়ুথ সেন্টারের কাছে গুলির এ ঘটনা ঘটে৷’’ ইয়ুথ সেন্টারটিতে অন্তসত্ত্বা নারী বা শিশুসহ কম বয়সি মায়েরা থাকেন বলেও জানান তিনি৷
এর আগে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা এক বিবৃতিতে স্টাডে পুলিশ জানায়, ডাঙ্কারসস্ট্রাসে এখন একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে৷ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাদানকারী কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয় বিবৃতিতে৷
তবে পরে পুলিশ জানায়, সেই এলাকায় এখন আর ‘‘জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
গত বছরের অক্টোবরে আটকের পর একাধিক মামলায় রিমান্ডে নেয়া সাংবাদিক আজহার আলী সরকারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবর অনুযায়ী, আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন৷
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ আগস্ট সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল বৈঠক চলাকালে হট্টগোল, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা ঘটে৷ তখন পুলিশ গিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে৷ এরপর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়৷ এ মামলায় লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-র আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাএখন জামিনে মুক্ত রয়েছেন৷
দুপুর ১২টা ২০ মিনিটে আদালতের হাজতখানা থেকে হুইলচেয়ারে করে আজহার আলী সরকারকে এজলাসে আনা হয়৷ শুনানি শেষে আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, তিনি নির্দোষ৷ তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে৷ ‘মঞ্চ ৭১’-এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না৷
সাংবাদিক আজহার আলী একসময় দৈনিক আমাদের সময়–এ কাজ করতেন৷ তবে বর্তমানে তিনি কোনো সংবাদপত্রের সঙ্গে যুক্ত নেই৷
গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
এ বছর বাংলাদেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
২০২৬ সালের মধ্যে দেশে ফেরার অঙ্গীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না৷’’ অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে – উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, সেই চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে৷
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এনডিটিভিকে বলেন, কোনো ঝুঁকিই তিনি পরোয়া করেন না এবং দেশে ফেরার জন্য ‘সব বাধা ও ষড়যন্ত্র’ তিনি মোকাবিলা করবেন৷
তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তা সত্ত্বেও দেশে ফিরবেন কিনা জানতে চাইলে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন, ‘‘স্পষ্ট করে বলতে চাই - সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এ বছরই আমি দেশে ফিরবো৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার : পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ যা বলছে
তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার, পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বক্তব্য
গত ২২ জুন আওয়ামী লীগের একটি মিছিলের পর তুরাগ নদীর বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার-এ এ নিয়ে একটি প্রতিবেদন করেছেন আকলাকুর রহমান আকাশ৷ এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছে সেখানে৷
প্রতিবেদনে বলা হয়, ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা মো. সুমন (১৭) গত ২২ জুন বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল৷ শুক্রবার রাত ১২টার দিকে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ৷
পরিবারের দাবি, আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল সুমন৷ পুলিশের ধাওয়া খেয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে সে নিখোঁজ হয়৷
গত ২১ জুন সুমন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের মিছিলের একটি ছবি পোস্ট করেন৷
গতকাল রোববার সুমনের খালু মো. জুয়েল বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, সুমন কাঁচামালের আড়তে কাজ করতো৷ সে যে আওয়ামী লীগের রাজনীতি করতো, এটা আমরা জানতাম না৷ ২২ জুন সকাল ১১টার দিকে সুমন বাসা থেকে বের হয়৷ এরপর থেকেই নিখোঁজ ছিল৷
‘পুলিশের কথামতো একটা অপমৃত্যু মামলা করেছি’
‘‘পরে খোঁজ নিয়ে জানতে পারি—ওইদিন নৌকা নিয়ে সুমন আশুলিয়ার রুস্তমপুর এলাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়৷ সেখান থেকে একই নৌকায় সবাই আশুলিয়া গরুরহাট সংলগ্ন নৌকা ঘাটে যায়৷ আশুলিয়ায় যাওয়ার পরপরই পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাতজনকে গ্রেপ্তার করে’’, বলেন তিনি৷
জুয়েল বাবু বলেন, ‘‘অন্যরা যে যেভাবে পেরেছে, কেউ নদী সাঁতরে, কেউ আবার ঝোঁপঝাড় পেরিয়ে দৌড়ে পালিয়ে যায়৷ তবে সুমন নদীতে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিল৷ আমরা নদীতে তাকে খুঁজেও পাইনি৷ শুক্রবার পুলিশ জানায়, নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ পরে মরদেহের পকেটে থাকা মানিব্যাগের ডকুমেন্ট ও পাঁচটি মোবাইল ফোন দেখে আমরা সুমনকে শনাক্ত করি৷’’
তিনি আরো বলেন, ‘‘আমরা কারো সঙ্গে ঝামেলায় যেতে চাইনি৷ তাই পুলিশের কথামতো একটা অপমৃত্যু মামলা করেছি৷ ময়নাতদন্ত শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়৷’’
বাদী বললেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না’
মামলার এজাহারে বাদী সুমনের সৎ ভাই মো. সালাউদ্দিন উল্লেখ করেন, গত ২২ জুন সুমন বন্ধু ও প্রতিবেশীসহ প্রায় ২০-২২ জনের সঙ্গে তুরাগ নদীতে নৌভ্রমণে যান৷ ধউর ব্রিজ ঘাট থেকে নৌকায় ওঠার পর বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসাবধানতাবশত সুমনসহ পাঁচ থেকে ছয়জন নদীতে পড়ে যায়৷ সাঁতার না জানার কারণে সেসময় সুমন নদীর স্রোতে ডুবে যায়৷
মামলার বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না৷ মামলা করার সময় আমার খালু জুয়েল বাবু সঙ্গে ছিলেন৷ তিনি বলতে পারবেন৷’’
মিছিলের দিনে মামলা, পুলিশের তৎপরতায় সাতজন আটক
এদিকে, গত ২২ জুন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুদ জামান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪৫ জনকে আসামি করে একটি মামলা করেন৷
মামলার অধিকাংশ আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তুরাগ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী৷
তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার
গত ২২ জুনের পর তুরাগ নদীর বিভিন্ন স্থান থেকে সুমনসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, শুক্রবার দিবাগত রাতে তুরাগ নদের আশুলিয়া গরুর হাট-সংলগ্ন নৌকা ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ভাসমান অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়৷
এদিকে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবর অনুযায়ী, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিদের মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে হয়েছে বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন৷ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুটি মরদেহ উদ্ধারের উল্লেখ করে তিনি বলেন, ‘‘দুটি ঘটনাই দুর্ঘটনাজনিত৷ তবে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাগুলো ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে৷ এসব অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে৷’’ এ ধরনের অপপ্রচার সম্পর্কে তথ্য থাকলে তিনি ঢাকা জেলা পুলিশকে জানানোর অনুরোধ জানান৷
পুলিশ সুপার জানান, চলতি বছরের মার্চ থেকে মে - এই তিন মাসে ঢাকা জেলায় মোট ১৭০টি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে৷ এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মামলাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাসংক্রান্ত৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)