উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের
প্রকাশিত ২২ জুন ২০২৬শেষ আপডেট ২৭ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের
- ভেনেজুয়েলায় ভারতের মানবিক সহায়তা
- ইউরোপে দাবদাহ : ফ্রান্সে আরো মৃত্যু, স্বস্তি ফেরেনি কোথাও
- যুদ্ধ-পরবর্তী ইরান : ভঙ্গুর শান্তি, বিপর্যস্ত অর্থনীতি
- জার্মানি : ক্রিসমাস মার্কেটে হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড
- বাংলাদেশে ২০২৫ সালে ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুস লেনদেন : টিআইবি
- বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৫
- শি জিনপিং-এর সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস
- ন্যাটো সম্মেলনের আয়োজকদের উপর ক্ষুব্ধ তুরস্কের সাংবাদিকেরা
- এবি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল হলো
- বাংলাদেশে ২১ হাজার ৯৮৮ জন নদী দখলকারী চিহ্নিত
- রামমন্দিরের ডোনেশন চুরির অভিযোগে গ্রেপ্তার আটজন
ভেনেজুয়েলায় ভারতের মানবিক সহায়তা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা জানান৷
সহায়তায় অংশ হিসেবে ভারতীয় আর্মি ফিল্ড হাসপাতালের ৪১ সদস্যের একটি দলকেও প্রেরণ করা হয়েছে৷
গত বুধবার ল্যাটিন অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাতে অন্তত ২৩৫ জন নিহত হয়েছেন৷ গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ৷
‘অপারেশন আমিস্তাদ’ নামে মানবিক সহায়তার অংশ হিসেবে ভারতীয় বিমানবাহিনীর দুটি সি-১৭ এয়ারক্রাফট ত্রাণসামগ্রী, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামাদি প্রেরণ করা হয় বলে ভারত সরাকারের পক্ষ থেকে জানানো হয়৷
স্প্যানিশ শব্দ ‘আমিস্তাদ’ মানে হলো ‘বন্ধুত্ব’৷
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘‘এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার এবং দেশটির জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত৷’’
আরআর/এসটি
উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)৷
শুক্রবার দেশটিতে মার্কিন হামলার জবাবে পাল্টা এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইজিআরসির৷
আইএরজিসিকে উদ্ধৃত করে ইরানের তাসনিম নিউজ এবং দেশটির বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের নৌবাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী অবস্থান করছে এমন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে৷
তার আগে শুক্রবার হরমুজ প্রণালীর তীরবর্তী অঞ্চলে এবং ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র৷
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাবে ইরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন৷
ইরানের দাবি, শান্তিচুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে৷
আরআর/এসটি
ইউরোপে দাবদাহ : ফ্রান্সে বাড়ছে মৃত্যু, জনজীবনে স্বস্তি ফেরেনি কোথাও
ফ্রান্সে পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৫৫ জন৷ জার্মানি, নেদারল্যান্ডসসহ ইউরোপের অন্য অনেক দেশেই তীব্র দাবদাহ থেকে মানুষকে বাঁচাতে নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা৷
তীব্র গরম থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে ঝুঁকি না নেয়ার বিষয়ে আবার সবাইকে সতর্ক থাকতে বলেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি৷ দাবদাহের কারণে ফ্রান্সে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি৷
দাবদাহের কারণে ফ্রান্সের কয়েক হাজার স্কুল এখন বন্ধ৷ রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা ইডিএফ এমন পরিস্থিতিতে স্কুল, নার্সারি এবং ডে-কেয়ার সেন্টারগুলোকে শীতল রাখতে ৮ কোটি ইউরো (৯ কোটি ১২ লাখ ডলার) বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে৷
এদিকে দাবদাহের কারণে প্যারিস প্রাইড প্যারেড সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে৷ এছাড়া লিওঁ শহরে শনিবারে যে প্রাইড মার্চ হওয়ার কথা, তা-ও এখন হচ্ছে না৷
তীব্র দাবদাহের কারণে জার্মানির রাজধানী বার্লিনের ফিলহারমোনিক অর্কেস্ট্রা এবারের মৌসুমসমাপনী কনসার্টে পোশাকের বিধিনিষেধ শিথিল করেছে৷ অর্কেস্ট্রা কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমের কারণে শনিবার সন্ধ্যায় মৌসুম-সমাপনী কনসার্টে শিল্পীরা চিরাচরিত পোশাক পরবেন না৷
নেদারল্যান্ডসে এই সপ্তাহান্তে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল ডেফকন.১ হওয়ার কথা৷ তবে দাবদাহের কারণে আয়োজকরা তা বাতিল করেছেন৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
যুদ্ধ-পরবর্তী ইরান : ভঙ্গুর শান্তি, বিপর্যস্ত অর্থনীতি
ইরানকে সাময়িকভাবে তেল রপ্তানির অনুমতির পাশাপাশি যুদ্ধের কারণে তৈরি হওয়া সংকট মোকাবিলার জন্য কয়েক বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিতও দিয়েছে যুক্তরাষ্ট্র৷ তবে অর্থনৈতিক বিপর্যয় সামলে নেয়ার আগেই দেশে নতুন করে বিক্ষোভ শুরুর আশঙ্কা করছে ইরান সরকার৷
ডিম ও অন্যান্য ভোগ্যপণ্যের মূলবৃদ্ধি
ইরানে অর্থনৈতিক সংকটের মূল কারণগুলোর মধ্যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অব্যবস্থাপনা এবং দুর্নীতি এগিয়ে৷ যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বন্দরগুলোতে পণ্য চলাচলে সমস্যা পরিস্থিতিকে আরো জটিল করেছে৷
সারা দেশের মুদি দোকানগুলোতেও দেখা যাচ্ছে এর প্রভাব৷ দ্রব্যমূল্য বাড়ছে অস্বাভাবিক হারে৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বড় দৃষ্টান্ত হয়ে উঠেছে ডিম৷ মাত্র এক বছর আগেও ১৫টি ডিমের এক কার্টনের দাম যেখানে ছিল ৭০ হাজার তোমান (০.৩৭ ইউরো বা ০.৪০ ডলার), তা-ই এখন বিক্রি হচ্ছে দুই লাখ তোমানেরও বেশি দামে৷ ভোজ্যতেল ও আমদানিকৃত চালের দামও বেড়েছে ব্যাপক হারে৷
তেহরানের অনেক সাধারণ পরিবারের হয়েই যেন কথা বললেন স্কুলপড়ুয়া সন্তানের এক জননী৷ তিনি জানান, বাড়িভাড়া ক্রমাগত বাড়তে থাকায় অনেক মানুষই তাদের এখনকার বাসা ছেড়ে অপেক্ষাকৃত কম ভাড়ার ছোট বাসায় উঠতে, কিংবা আত্মীয়দের বাড়িতে গিয়ে থাকতে বাধ্য হচ্ছেন৷
পরিবর্তনের প্রত্যাশা
ইরান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের একাংশও এখন সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থার সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, দেশের বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক চাপে কাহিল৷ সংস্থাটির প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ বাথাই জানান, জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬০ শতাংশই জানিয়েছেন, অর্থনৈতিক সংকট সামাল দেওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না৷
এখানেই শেষ নয়৷ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অর্থনৈতিক সমস্যার জেরে দেশে আবার বিক্ষোভ শুরু হতে পারে৷
শবনম ফন হাইন/ এসিবি
জার্মানি : ক্রিসমাস মার্কেটে হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড
জার্মানির মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটে ‘গাড়ি-হামলা’ চালানো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত ৫১ বছর বয়সি ব্যক্তি ২০২৪ সালের ওই দিনে ভাড়া করা গাড়ি নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় ছয়জন নিহত এবং তিনশ’র বেশি মানুষ আহত হন৷
আজ শুক্রবার জার্মানির পূর্বাঞ্চলের শহর মাগডেবুর্গের আদালত ২০০৬ সালে সৌদি আরব থেকে জার্মানিতে এসে রাজনৈতিক আশ্রয় নিয়ে স্থায়ী হওয়া ঐ মনোরোগ বিশেষজ্ঞকে মানুষ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
বাংলাদেশে ২০২৫ সালে ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুস লেনদেন : টিআইবি
বাংলাদেশে ২০২৫ সালে জাতীয় পর্যায়ে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকার ঘুস লেনদেন হয়েছিল বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)৷ সংস্থাটি আরো জানায়, ঘুসের এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি৷ ঘুসের এই অর্থ ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেটের ১ দশমিক ৫৮ শতাংশ ও জিডিপির শূন্য দশমিক ২৩ শতাংশ৷
বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক এক জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়৷
দেশের আটটি বিভাগের গ্রাম ও শহর এলাকার ১৫ হাজার ৭১৫টি পরিবারের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে দুই ধাপের স্তরায়িত গুচ্ছ নমুনা পদ্ধতিতে এ জরিপ করেছে টিআইবি৷
জরিপে দেখা গেছে, ১৩টি পরিবারের ঘুস বাবদ ব্যয় তাদের বার্ষিক আয়ের চেয়েও বেশি৷ কোনো কোনো ক্ষেত্রে এ ব্যয় বার্ষিক আয়ের পাঁচ থেকে ছয় গুণ পর্যন্ত পৌঁছেছে৷
এসিবি/ এসএস (দ্য ডেইলি স্টার)
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে৷ বৃহস্পতিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারকগুলো সই হয়৷
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷
মাহদী আমিন বলেন, সমঝোতা স্মারকগুলো মূলত বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন (গ্রিন ডেভেলপমেন্ট) ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সই করা হয়েছে৷ এ ছাড়া বৈঠকে একটি যৌথ কর্মপরিকল্পনা (জয়েন্ট অ্যাকশন প্ল্যান) নিয়েও আলোচনা হয়েছে৷
পরে দুই দেশের প্রধানমন্ত্রী ঐতিহাসিক গ্রেট হলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন৷ বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা, বাণিজ্যঘাটতি কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়৷
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়৷
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, , প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু একটি গল্প নয়, বাংলাদেশ ও চীনের সম্পর্কের নতুন শুভসূচনা৷
এসিবি/ জেডএইচ (বাসস, প্রথম আলো)সমঝোতা স্মারক স্বাক্ষর
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৫
বুধবারের জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী। সরকারের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৫। আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো।
এদিকে অ্যামেরিকা জানিয়েছে, তারা ভেনেজুয়েলার উপকূলে দুইটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। হেলিকপ্টার, মাল পরিবহণের বিমানও পাঠানো হচ্ছে বলে জানিয়েছে তারা। এগুলির মাধ্যমে সেখানে ত্রাণ পাঠানো হচ্ছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, সব মিলিয়ে ১৫০ মিলিয়ন ডলারের ত্রাণ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ রাজধানী কারাকাস এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
শি জিনপিং-এর সঙ্গে তারেক রহমানের বৈঠক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন শুক্রবার সকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ করবেন। বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জিএইচ/এসজি(প্রথম আলো)
এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করতে চলেছেন। এই বিল পাস হলে পশ্চিমবঙ্গ হবে ভারতের চার নম্বর রাজ্য যেখানে এই আইন চালু হবে। এর আগে গোয়া, উত্তরাখণ্ড ও আসামে এই বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকারের ডাকা কার্যবিবরণী সভায় সোমবার এই বিল পেশ করার সিদ্ধান্ত হয়েছে। বিধানসভায় বিজেপি-র পূর্ণ গরিষ্ঠতা আছে। তৃণমূল ভেঙে ৬০ জন বিধায়ক চলে গেছেন, তারাও সরকারকে সমর্থন করছেন। ফলে এই বিল পাস হওয়া নিয়ে সংশয় নেই।
জিএইচ/এসজি(ইন্ডিয়া টুডে, আনন্দবাজার)
রামমন্দিরের ডোনেশন চুরির অভিযোগে গ্রেপ্তার আটজন
অযোধ্যায় রামমন্দিরের ডোনেশন চুরির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করলো পুলিশ। এই আটজনের মধ্যে ছয়জন হলো মন্দিরের কর্মী, যাদের উপর অনুদানের অর্থ গোনার দায়িত্ব ছিল। এফআইআর-এ বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে মন্দিরের কর্মীরা অর্থ আত্মসাৎ করছেন।
রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পৎ রাই-এর ড্রাইভার ও আরো একজনকে পুলিশ খুঁজছে। রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে, যেখানে বলা হয়েছে, প্রায় সাড়ে সাত কোটি টাকা পাওয়া যাচ্ছে না।
সমাজবাদী পার্টি প্রথম এই অর্থ চুরির বিষয়টি সামনে আনে। দলের প্রধান অখিলেশ যাদব দাবি করেন, কোটি কোটি টাকার ডোনেশন পাওয়া যাচ্ছে না। তিনি বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এরপর সরকারকে তদন্ত করার অনুরোধ করে বলে, সামাজিক মাধ্যমে গুজবের ফলে রামমন্দিরের ভাবমূর্তিতে এবং কোটি কোটি ভক্তের বিশ্বাসে আঘাত লাগছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডিটিভি)
বাংলাদেশে ২১ হাজার ৯৮৮ জন নদী দখলকারী চিহ্নিত
বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং সারা দেশে ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকারী চিহ্নিত হয়েছে বলে সংসদে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং নদীকর্মীদের সহায়তায় প্রণীত তালিকা অনুযায়ী দেশে এক হাজার ৪১৫টি নদী রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা বাড়াতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ সংশোধনের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনীতে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত গঠন, দখলসংক্রান্ত অভিযোগ তদন্ত, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায় এবং সংশ্লিষ্ট মামলার তদারকির বিধান রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ–১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকারী চিহ্নিত হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসকদের তালিকা যাচাই করে উচ্ছেদ পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। পরিকল্পনা পাওয়ার পর পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল হলো
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। একই সঙ্গে তাঁকে ২০২৪ সালের ২০ জুন থেকে ইমেরিটাস অধ্যাপকের বিপরীতে নেওয়া বেতন ও ভাতা ফেরত দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মোস্তফা কামালের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের একজন সদস্যের প্রস্তাবে পরিপ্রেক্ষিতে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়। একই সিন্ডিকেটে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করে পুনরায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ (আজীবন) দেওয়া হয়, যা বিধিবহির্ভূত। একই সিন্ডিকেট অধ্যাদেশ সংশোধন করে নিয়োগ অনুমোদন করা যায় না। বিধিবহির্ভূত বিবেচিত হওয়ায় ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম সভায় এবিএম আবদুল্লাহর অধ্যাপক ইমেরিটাস হিসেবে নিয়োগ (আজীবন) বাতিল করা হলো।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন এ বি এম আবদুল্লাহ।
ধ্যাপক আবদুল্লাহ ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘আমি ৫০ বছর চিকিৎসা পেশায় নিয়োজিত এবং প্রায় সমান সময় চিকিৎসা শিক্ষায় নিয়োজিত। আমি মনপ্রাণ দিয়ে রোগী ও মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার লেখা বই দেশে-বিদেশে পাঠ্য। আমাকে যে ইমেরিটাস অধ্যাপক করা হয়েছিল, তা আমার যোগ্যতার ভিত্তিতেই করা হয়েছিল। আমি আরও সম্মান ও সম্মাননা পেয়েছি। কিন্তু যেভাবে এটা বাতিল করা হলো, সেটি নীতিবহির্ভূত। আমি আশা করি এতে আমার সম্মান ক্ষুণ্ন হবে না।’
জিএইচ/এসজি(প্রথম আলো)
বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস
২০১৭ সাল থেকে সংস্কারের কাজ চলছে বাকিংহাম প্যালেসে। আগামী বছর সেই কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শেষ হয়ে গেলেও ৭৭৫ ঘরের এই রাজপ্রাসাদে নিয়মিত থাকার জন্য ফিরবেন না রাজা চার্লস এবং রানি ক্যামিলা। তারা লন্ডনে ক্ল্যারেন্স হাউসেই থাকবেন। এখনো তারা সেখানেই থাকেন।
বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজপ্রাসাদ মূলত ব্যবহার করা হবে অফিসের কাজে এবং বিদেশি অভ্যাগতদের স্বাগত জানানোর জন্য। বিভিন্ন অনুষ্ঠানও হবে বাকিংহাম প্যালেসে। কিন্তু রাজা ও রানি সেখানে বসবাস করবেন না।
এদিকে বৃহস্পতিবার চার্লস তার ট্যাক্স ডিক্লারেশন প্রকাশ করেছেন। ২০২২ সালে রাজা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে নিজের কর জানালেন তিনি। ২০২৪-২৫ সালে সব মিলিয়ে ১২ দশমিক নয় মিলিয়ন পাউন্ড কর দিয়েছেন বলে জানিয়েছেন রাজা।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
ন্যাটো সম্মেলনের আয়োজকদের উপর ক্ষুব্ধ তুরস্কের সাংবাদিকেরা
জুলাই মাসে তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলন হওয়ার কথা। তার আগে দেশের সাংবাদিকদের একটি বড় অংশ আয়োজকদের উপর ক্ষুব্ধ। তাদের অভিযোগ, দেশের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের বিরুদ্ধে যারা খবর করেছেন, তাদের কাউকে ন্যাটো সম্মেলন কভার করতে দেওয়া হচ্ছে না। অ্যাক্রেডিটেশন কার্ডই ইস্যু করা হচ্ছে না তাদের নামে।
বেশ কিছু সংবাদমাধ্যমকে কার্যত কালো তালিকাভুক্ত করেছে তুরস্কের সরকার। অভিযোগ, তারা বামপন্থি, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রচার করে। সরকারবিরোধী সংবাদ প্রকাশ করে। এই সংবাদমাধ্যমগুলিতে কর্মরত কোনো সাংবাদিককে ন্যাটো সম্মেলন কভার করার অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী ৭ এবং ৮ জুলাই এই সম্মেলন হওয়ার কথা।
ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, সাংবাদিকদের ক্ষোভের বিষয়টি তারা শুনেছেন। এবিষয়ে তুরস্কের সরকারের সঙ্গে তারা কথা বলছেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)