ইউএনওকে অস্ত্র মামলার আসামি সাবেক যুবদল নেতার ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত ৮ জুন ২০২৬শেষ আপডেট ১০ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- ইউএনওকে অস্ত্র মামলার আসামি সাবেক যুবদল নেতার ফুলেল শুভেচ্ছা
- ইরানে আবার অ্যামেরিকার হামলা
- হিজাবের বিরুদ্ধে প্রতিবাদীদের সরাতে গুলি চালালো তালিবান
- বিএসএফ-বিজিবি বৈঠকে পুশ ইন নিয়ে যে কথা হলো
- সোনিয়া-মমতা বৈঠক
- সিআইডি-কে চিঠি দিলেন অভিষেক
- পাকিস্তানের বিমান হামলায় ১৩ জন মৃত, দাবি কাবুলের
- কলকাতায় ভয়াবহ আগুন
- পশ্চিমবঙ্গে কার হাতে কোন দপ্তর
ইউএনওকে অস্ত্র মামলার আসামি সাবেক যুবদল নেতার ফুলেল শুভেচ্ছা
পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি ও তার সহযোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবরে বলা হয়, পুলিশ এ আসামিকে এতদিন খুঁজে পায়নি, ইউএনওকে সেই আসামির শুভেচ্ছা জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট থানার ওসি বলেন, ‘‘আসামি কৌশল করে ঘুরে বেড়াচ্ছে৷’’
আলোচিত এ আসামির নাম সালাউদ্দিন শরীফ৷ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালের ১৮ মার্চ তাকে দুমকী উপজেলা যুবদলের সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হয়৷
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, সালাউদ্দিন শরীফ গত ১১ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি৷ পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে৷
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২ জুন দুমকীর ইউএনও হিসেবে যোগ দেন আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী৷ যোগদানের পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন৷ এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সালাউদ্দিন শরীফ ও তার ঘনিষ্ঠদের সঙ্গে ইউএনওর ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি তোলা হয়৷
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দল থেকে বহিষ্কৃত দুমকী উপজেলা বিএনপির নেতা জসিম উদ্দিন হাওলাদার ও মতিউর রহমান এবং কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াহাবসহ আরও কয়েকজনকে দেখা যায়৷
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক নেতা মতিউর রহমান বলেন, ‘‘নতুন ইউএনওকে শুভেচ্ছা জানাতে আমরা গিয়েছিলাম৷ সেখানে মামলার আসামি সালাউদ্দিন শরীফ কীভাবে এসে আমাদের সঙ্গে ছবি তুলেছেন, তা বুঝতে পারিনি৷ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারি৷’’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মামলার সাক্ষী আবুল বাশার নিউটন বলেন, ‘‘গত ১১ মে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় একাধিক শিক্ষক ও কর্মকর্তা আহত হন৷ এ ঘটনায় সালাউদ্দিন শরীফসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ পুলিশ বলছে, সালাউদ্দিনকে খুঁজে পাচ্ছে না তারা৷ অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, তিনি উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ছবি তুলছেন৷ বিষয়টি উদ্বেগজনক৷’’
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের মামলায় এ পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে৷ আরো ১৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন৷ সালাউদ্দিনকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে৷ তিনি কৌশলে চলাফেরা করছেন৷ তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
পশ্চিমবঙ্গে কার হাতে কোন দপ্তর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে স্বরাষ্ট্র দপ্তর রেখেছেন। তাছাড়াও তার হাতে রয়েছে পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি, প্রশাসনিক সংস্কারসহ আরো কিছু দপ্তর রয়েছে। অর্থ দপ্তর দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে, জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও স্কিল ডেভলাপমেন্ট দপ্তর, স্বাস্থ্য পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল পেয়েছেন নগরোন্নয়ন ও পুর দপ্তর, দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। তাপস রায় পেয়েছেন শিল্প দপ্তর। কৃষি দপ্তর দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। অর্জুন সিং শ্রম ও পরিবহন দপ্তর পেয়েছেন।
জিএইচ/এসসি(সরকারি বিজ্ঞপ্তি)
কলকাতায় ভয়াবহ আগুন
কলকাতায় আবার ভয়াবহ আগুন। এবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের অফিসে আগুন লাগে। সেখানে জেলা পরিষদের দপ্তর প্রথমে আগুন লাগে চতুর্থ তলায়। ডিডাব্লিউর প্রতিনিধি শময়িতা চক্রবর্তী জানিয়েছেন, অনেকক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
শময়িতা জানান, আগুন লেগেছিল চতুর্থ তলায়। তারপর তা নবম তল বা নয় তলা পর্যন্ত ছড়িয়েছিল। স্থানীয় মানুষ জানিয়েছেন. আগুন যেখানে ছড়ায়, সেখানে ইভিএম রাখা ছিল। ইভিএমের ব্যাটারি ফাটার শব্দ তারা পেয়েছেন।
জিএইচ/এসসি
ইরানে আবার অ্যামেরিকার হামলা
মার্কিন সামরিক হেলিকপ্টারে হামলা করে হরমুজ প্রণালীতে ডুবিয়েছিল ইরান। তারই প্রতিক্রিয়ায় ইরান আক্রমণ করলো মার্কিন সেনা।
মার্কিন সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম একটি বিবৃতিতে জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি রাডারের উপর আক্রমণ চালিয়েছে। তারা জানিয়েছে, মার্কিন বাহিনীর উপর আক্রমণের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক তরীর উপর আক্রমণের প্রতিক্রিয়ায় এটি একটি 'সমানুপাতিক আক্রমণ'।
বিবৃতিতে বলা হয়, "ইরানের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সেনা সতর্ক থাকবে।"
সুরক্ষিত থাকতে চাইলে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে ইরানের অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
একটি বিবৃতিতে তিনি বলেন, "যুদ্ধ ক্ষেত্রে পরাজয়ের পরেও মার্কিনরা আমাদের সংকল্প পরীক্ষা করতে চাইছে। আমাদের শক্তিশালী সেনাবাহিনী প্রত্যেকটি আক্রমণের উত্তর দেবে। নিজেদের সুরক্ষার জন্য আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। বহিরাগত শত্রুদের পরাজয়ের অনেক করুণ কাহিনী পারস্য উপসাগরের ইতিহাসে লেখা আছে।"
অন্যদিকে, মার্কিন আক্রমণের পরেই জর্ডন এবং কুয়েতের মার্কিন ঘাঁটি আক্রমণ করে ইরান। তাদের রেভলিউশন গার্ড জানিয়েছে, ড্রোন এবং মিসাইল দিয়ে এই দুই দেশে অবস্থিত মার্কিন যুদ্ধ পরিচালনা কেন্দ্র, জেট হ্যাঙ্গারসহ একাধিক জায়গা নিশানা করে আক্রমণ করেছে।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
পাকিস্তানের বিমান হামলায় ১৩ জন মৃত, দাবি কাবুলের
আফগানিস্তান জানিয়েছে, বুধবার পাকিস্তান নতুন করে বিমান হামলা করেছে। এর ফলে ১৩ জন মারা গেছেন, ১৪ জন আহত হয়েছেন।
তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, খোস্ত, কুন্নার ও পাকটিকা প্রদেশে পাকিস্তান যে বিমান হামলা করেছে, তাতে মৃত ১৩ জনের মধ্যে ১১ জনই শিশু।
পাকিস্তান এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি।
আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার হাসান খেল এলাকায় নিরাপত্তা ঘাঁটিতে মঙ্গলবার পাকিস্তান তালেবান সদস্যরা আক্রমণ করার একদিনের মধ্যে এই বিমানহানা হলো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, এই হামলার পর দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলে। নিরাপত্তা বাহিনীর অন্তত ছয়জন কর্মী নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী আটজন আক্রমণকারীকে হত্যা করেছে।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ঘোষণা করেছিল, তারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পরে চীনের উদ্যোগে শান্তি আলোচনাও হয়।
জিএইচ/এসসি(এপি)
বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনা সন্ত্রাসী হামলা নয়, জানালো পুলিশ
বেলফাস্টে সোমবার ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সুদানের এক নাগরিককে গ্রেপ্তার করে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হলেও এটিকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে চিহ্নিত করেনি পুলিশ। এই ঘটনায় চরম দক্ষিণপন্থিরা অভিবাসী বিরোধী প্রতিবাদের ডাক দেওয়ায় জনগণকে শান্তি বজায় রাখার আবেদন করেছে পুলিশ। এক বছর আগে উত্তর আয়ারল্যান্ডে এক স্কুল পড়ুয়াকে ধর্ষনের অভিযোগে এক সপ্তাহ ধরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল। নর্দার্ন আয়ারল্যান্ডের অ্যাসিস্টান্ট চিফ কনস্টেবল রায়ান হেন্ডারসন জানিয়েছেন, সোমবারের ঘটনা 'অত্যন্ত উদ্বেগজনক' হলেও এর পেছনে এখনো সন্ত্রাসী যোগ পাওয়া যায়নি।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)
হিজাবের বিরুদ্ধে প্রতিবাদীদের সরাতে গুলি চালালো তালিবান
নারীদের পোশাকনীতির বিরুদ্ধাচরণ করায় মঙ্গলবার আফগানিস্তানে প্রতিবাদীদের উপর গুলি চালায় তালিবান সরকার। প্রত্যক্ষ্যদর্শীরা একথা জানিয়েছেন।
গতসপ্তাহেই হিজাব, বোরখা বা চাদর না নিয়ে রাস্তায় বেরোনোর জন্য গ্রেপ্তার হন প্রায় ১২ থেকে ১৫ জন নারী। তাদের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমের হেরাত শহরে প্রতিবাদে অংশ নিয়েছিলেন শতাধিক পুরুষও। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, সেই প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা প্রথমে লাঠি চালায় এবং পরে শূন্যে গুলি ছোঁড়ে।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তালিবান রক্ষীদের আক্রমণে আহত হন প্রতিবাদীরা। তিনি বলেন, "রাস্তায় রক্ত দেখেছি আমি।"
তবে গুলিতে কেউ আহত হয়েছেন কিনা তা স্পষ্ট হয়নি। আহতের সংখ্যা কত সেই বিষয়টিও পরিষ্কার নয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত এক চিত্রগ্রাহক এএফপিকে জানিয়েছে, "মিছিল লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে।" তার মতে, বহু মানুষ আহত হয়েছেন।
হেরাত পুলিশের পক্ষ থেকে জানানও হয়, "হিজাবকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। তবে সৌভাগ্যবশত নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা গেছে এবং ভবিষ্যতেও এমন ঘটনা না ঘটার ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এসসি/ জিএইচ (এপি, এএফপি)
বিএসএফ-বিজিবি বৈঠকে পুশ ইন নিয়ে যে কথা হলো
দিল্লিতে এখন বিএসএফ ও বিজিবি-র শীর্ষপর্যায়ের বৈঠক চলছে। আসামের পর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে মানুষকে পুশ ইন করা নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে এই বৈঠক বাড়তি গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার বিএসএফ ও বিজিবি বৈঠকে পুশ ইনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে পুশ ইন ও পুশ ব্যাক নিয়ে দুপক্ষই তাদের মতামত জানিয়েছে।
সূত্র জানিয়েছে, বিএসএফের ডিজি প্রবীণ কুমার বলা বলেছেন, তারা আইন অনুসারে কাজ করছেন। চালু প্রক্রিয়া অনুসরণ করছেন। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে, বা আইন ভেঙে থেকে গেছে তাদেরই শুধুমাত্র ফেরত পাঠানো হচ্ছে। সেটাও করা হচ্ছে, তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর।
বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান বলেছেন, তাদের কাছে আগে তালিকা পাঠানো দরকার। তারা নাগরিকত্ব নিশ্চিত করে তারপর তাদের ফেরত নেবেন। এটাই আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি। যেভাবে পুশ ইন করা হচ্ছে, তা ঠিক নয়।
কিন্তু বিএসএফের মত হলো, অতীত অভিজ্ঞতা বলছে, তালিকা পাঠানোর পর দীর্ঘ সময় কেটে যায়। কিন্তু কোনো জবাব আসে না।
কিন্তু এই অভিযোগ বিজিবি মানতে রাজি হয়নি।
জিএইচ/এসসি(প্রশাসনিক সূত্র)
সোনিয়া-মমতা বৈঠক
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে এই বৈঠক হয়। মিনিট চল্লিশেকের এই বৈঠকের পর কোনো পক্ষই কোনো কথা বলেনি।
সোমবার ইন্ডিয়ার বৈঠকে সোনিয়া ও মমতা দুজনেই ছিলেন। সোনিয়া সেখানে মমতাকে জড়িয়েও ধরেন। তার পরের দিনই দুই নেত্রীর একান্ত বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসার পর তার লোকসভা সাংসদরাও বিদ্রোহ করেছেন। ২২ জনের মতো লোকসভা সাংসদ এনডিএ-র অংশ হতে চাইছেন।
এই পরিস্থিতিতে মমতার সঙ্গে সোনিয়ার বৈঠক তাৎপর্যপূর্ণ।
জিএইচ/এসসি(কংগ্রেস সূত্র)
সিআইডি-কে চিঠি দিলেন অভিষেক
সিআইডি-কে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে সিআইডি। সেখানে ইতিমঘধ্যে তিনবার অভিষেককে ডেকেছে তারা। তৃণমূল নেতা একবারের জন্যও যাননি। মঙ্গলবারও তারা অভিষেককে ডেকেছিল। কিন্তু অভিষেক দিল্লি ছিলেন।
দিল্লি থেকেই তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, কলকাতার বাইরে থাকায় তিনি সিআইডি-র কাছে যেতে পারবেন না। তাছাড়া তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে একটা আবেদনও করেছেন।
জিএইচ/এসসি(টিভি৯)
ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা ‘সব পক্ষেরই শিকার’: জাতিসংঘের কমিশন
জাতিসংঘের এক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারী ইসরায়েলিদের ব্যাপক নৃশংসতা এবং গাজায় হামাসের ‘ভয়ভিত্তিক শাসনের’ মধ্যে আটকা পড়েছেন৷ আজ মঙ্গলবার প্রকাশ করা পূর্ব জেরুসালেম ও ইসরায়েলসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়৷
প্রতিবেদন প্রকাশের সময় এক বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলের সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষেরই ‘মানবাধিকার আইনের পদ্ধতিগত ও ইচ্ছাকৃত গুরুতর লঙ্ঘনের শিকার’ হচ্ছেন ফিলিস্তিনিরা৷
কমিশন এ সিদ্ধান্তেও পৌঁছায় যে, গাজা যুদ্ধের সময় ইসরায়েলের কর্মকাণ্ড ‘গণহত্যা’ হিসেবে গণ্য হওয়ার আইনি মানদণ্ড পূরণ করেছে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
বিশ্বকাপ টিকিটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে টিকিটের বরাদ্দ বাতিল করা হয়েছে৷ এর ফলে ইরানের যেসব সমর্থক মাঠে হাজির থেকে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন, তারা এবার নিজেদের প্রিয় দলের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন না – এমন আশঙ্কা করছে ইরান৷ আজ মঙ্গলবার ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) টিকিট বরাদ্দ বাতিলের খবর নিশ্চিত করে৷
আগামী বৃহস্পতিবার শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬৷ ইরান গ্রুপ জি-তে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে৷ ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তারপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা৷ এরপর ২৬ জুন ইরানের পরের ম্যাচটি হবে সিয়াটলে, মিশরের সঙ্গে৷
মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানায়, এসব ম্যাচের জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে, কিন্তু এখন সমর্থকদের কাছে টিকিট সরবরাহ করা যাচ্ছে না৷
এফএফআইআরআই-এর বিবৃতিতে হতাশা প্রকাশ করে জানানো হয়, ‘‘অথচ ইরানের অনেক ফুটবল সমর্থক আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রক্রিয়ায় আস্থা রেখে ম্যাচগুলো দেখার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন৷’’
এফএফআইআরআই মনে করে, ‘‘ন্যায্য ও আনুষ্ঠানিক টিকিট বরাদ্দ থেকে ইরানের সমর্থকদের বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থি৷’’
উল্লেখ্য, বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দেশের ফেডারেশন সেই দেশের প্রতি ম্যাচের জন্য মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ পায়৷ সেই টিকিট নিয়ম অনুযায়ী সমর্থকদের মধ্যে বিতরণ করা হয়৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
সুখের ব়্যাংকিংয়ে জার্মানির ছোট শহরগুলো এগিয়ে
জার্মানির ৪০টি শহরের মধ্যে সবচেয়ে সুখে আছে ছোট্ট শহর এয়ারফুর্টের মানুষ৷ দেশব্যাপী চালানো এক জরিপ থেকে উঠে এসেছে এই তথ্য৷
‘এসকেএল হ্যাপিনেস অ্যাটলাস’-এর চালানো জরিপের ফলাফলে দেখা গেছে, টুরিঙ্গিয়া রাজ্যের রাজধানী এয়ারফুর্ট ষষ্ঠ স্থান থেকে এক লাফে উঠে এসেছে সবার ওপরে৷ আগের জরিপে শীর্ষে ছিল কাসেল৷ এবার তারা নেমে গেছে ১৩তম স্থানে৷কাসেলের দুই ধাপ পেছনে, অর্থাৎ ১৫তম স্থানে আছে বন৷
বড় শহরগুলোর মধ্যে জার্মানির সপ্তম বৃহত্তম শহর ড্যুসেলডর্ফ তৃতীয় স্থানে থাকলেও তালিকার ওপরের দিকে ছোট শহরগুলোরই প্রাধান্য৷ শীর্ষ পাঁচের বাকি শহরগুলো হলো বাভারিয়ার আউগসবুর্গ, জার্মানির পশ্চিমাঞ্চলের ক্রেফেল্ড এবং উত্তরাঞ্চলের শহর কিল৷
জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ আছে দশম স্থান৷ তবে বাভারিয়ার রাজধানী মিউনিখ ২৪তম স্থান ভাগাভাগি করেছে লাইপসিশের সঙ্গে৷ এছাড়া রাজধানী বার্লিন যৌথভাবে ৩৫তম স্থানে আছে নুরেমবার্গকে সঙ্গে নিয়ে৷
১০-এর মধ্যে ৭.৭৪ স্কোর নিয়ে এয়ারফুর্ট সবার ওপরে৷ অন্যদিকে জার্মানির উত্তরাঞ্চলের বন্দরনগরী রোস্টক রয়েছে তালিকার একেবারে তলানিতে৷ তাদের স্কোর ৫.৮৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটজনের নামে মামলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকারকে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে৷ ওই শিক্ষক বাদী হয়ে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন৷ মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে৷ এ ছাড়া ৯ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে৷
অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও চাঁদা দাবির জন্য মারধরের অভিযোগ আনা হয়েছে৷ গতকাল সোমবার আদালতের বিচারক আব্দুল্লাহ আল হাসিব মামলাটি আমলে নিয়ে এফআইআরের নির্দেশ দেন৷
গত রোববার সকালে বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষক সুজিৎ কর্মকারকে কয়েকজন তরুণ বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন৷ পরে তাকে মারধর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়৷ এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘‘প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ আদালতে মামলা হয়েছে, এমন কথা শুনেছি৷ সেখান থেকে কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি৷ আদালত মামলা এফআইআর করার নির্দেশনা দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো৷’’
ডামুড্যা থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে অবস্থিত ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সুজিৎ কর্মকার ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান৷ দুই বছর আগে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বিরোধ সৃষ্টি হয়৷ ওই পক্ষ তার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগ তোলে৷ ওই বিরোধের জেরে ২০২৪ সালে সরকার পতনের পর প্রধান শিক্ষক সুজিৎ কর্মকারের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়৷ এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৮ সেপ্টেম্বরের পর তিনি আর বিদ্যালয়ে যাননি৷ বিভিন্নভাবে ছুটি কাটিয়ে আসছিলেন৷ রোববার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় সুজিৎ কর্মকার বিদ্যালয়ের ফটকের সামনে যান৷ এ সময় অটোরিকশা থেকে নামার পর কয়েকজন তরুণ তাকে মারধর করেন৷ তারা তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেননি৷ পরে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেন৷
আহত শিক্ষককে তার স্বজনেরা চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন৷ গতকাল দুপুরে তিনি শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন৷
ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকার প্রথম আলোকে বলেন, ‘‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভেতর ও বাইরের একটি পক্ষ আমার ওপর নানা ধরনের চাপ প্রয়োগ করে আসছিল৷ ওই চক্রের সদস্যরা রোববার আমাকে বেধড়ক মারধর করেছেন৷ আমি বাধ্য হয়ে তাদের বিপক্ষে আইনগত পদক্ষেপ নিয়েছি৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
আফগানিস্তান : তালেবানের প্রতি পোশাকের কারণে নারীদের গ্রেপ্তার বন্ধের আহ্বান
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ‘পোশাকবিধি’ না মানার অভিযোগে নারীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তালেবান কর্তৃপক্ষের প্রতি তা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানায়, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হেরাত প্রদেশে অন্তত ২১ জন নারী ও কিশোরীকে আটক করা হয়৷ এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তালেবান কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
রোববার গভীর রাতে এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনএএমএ বলে, ‘‘পোশাকবিধি না মানার অভিযোগে হেরাতে বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার ও আটকের ঘটনায় ইউএনএএমএ উদ্বিগ্ন৷ বিষয়টি মানবাধিকার নিয়ে গুরুতর উদ্বেগের জন্ম দেয়৷’’ পোস্টে আরো বলা হয়, ‘‘আমরা ক্ষমতাসীন কর্তৃপক্ষকে মনে করিয়ে দিতে চাই যে, সব মানুষের চলাফেরার স্বাধীনতা রয়েছে৷ নারী-পুরুষ নির্বিশেষে সবাই আইনত সমান অধিকারের দাবিদার৷’’
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এক নির্দেশনার মাধ্যমে ‘উপযুক্ত হিজাব’ ছাড়া নারীদের জনসমক্ষে উপস্থিত হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল তালেবান৷ সেই নিষেধাজ্ঞার পরই নারী ও কিশোরীদের আটকের ঘটনাগুলো ঘটে৷
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞা সংক্রান্ত ওই নির্দেশনায় বলা হয়েছিল, মুখমণ্ডল উন্মুক্ত রাখলে, প্রসাধনী ব্যবহার করলে কিংবা যে-কোনোভাবে পোশাকবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)