সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান নিহত
৫ সেপ্টেম্বর ২০০৯
মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে দুর্ঘটনায় পড়ে সাইফুর রহমানকে বহনকারী জীপ গাড়িটি৷ বেলা পৌনে ৩টার দিকে আশুগঞ্জের খড়িয়ালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে একশ গজ নিচে গভীর খাদে পড়ে যায়৷ খাদের ৫/৬ ফুট পানির নীচে তলিয়ে যায় গাড়িটি ৷
স্থানীয় লোকজন গাড়ির দরজা ভেঙ্গে পানির মধ্য থেকে তাকে উদ্ধার করেন৷ তখন তাঁর সংজ্ঞা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ গুরুতর আহত অবস্থায় সাইফুর রহমানকে বাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়৷ হাসপাতালে নেয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷
সাইফুর রহমানকে হাসপাতালে নেয়ার পর সেখানে শত শত লোক ভীড় করেন৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে৷ তাঁর গ্রামের বাড়ি মৌলভী বাজার ও সিলেট থেকেও লোকজন ছুটে আসেন ব্রাহ্মনবাড়িয়ায়৷ রাতে তাঁর লাশ ঢাকায় নিয়ে আসা হয়৷
এদিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাকে বহনকারী গাড়ির ড্রাইভার নিহত হয়েছেন৷ এছাড়া গাড়িতে থাকা আরো দুইজনকে গুরুতর আহত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বর্ষিয়ান রাজনীতিবিদ এম. সাইফুর রহমান ১৯৩২ সালে সিলেটের মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্ম গ্রহণ করেন৷ ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরে লন্ডনে চার্টার্ড এ্যাকাউনটেন্সির ওপর ডিগ্রী নেন৷ চাটার্ড এ্যাকাউনটেন্ট হিসেবে কর্মজীবন শুরু করলেও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তিনি সম্পৃক্ত হন জাতীয় রাজনীতিতে ৷ ১৯৭৮ সালে জিয়ার মন্ত্রী সভায় এবং পরে বেগম খালেদা জিয়ার মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান৷ বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে তিনি মোট ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করে রেকর্ড গড়েছেন৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: সঞ্জীব বর্মন