1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ

২৬ মে ২০২৬

ভারত থেকে মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হবে - এমন উদ্বেগের কারণে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ভারত সংলগ্ন সীমান্তের বিভিন্ন অংশে টহল জোরদার ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে৷

https://p.dw.com/p/5ELGv
প্রতীকী ফাইল ফটো
৬০তম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম রয়টার্সকে বলেন, ‘‘সীমান্ত এলাকার গ্রামগুলোতে আমরা মাইকিং শুরু করেছি, যাতে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, জোরপূর্বক ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে তারা যেন সতর্ক থাকেন৷''ছবি: Biswa Kalyan Purkayastha

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখন সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামেও ক্ষমতায়৷ সম্প্রতি রাজ্যগুলোর সরকার নথিপত্রহীন অভিবাসন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলার ঘোষণা দিয়েছে৷

চলতি মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের জানায়, বাংলাদেশকে দুই হাজার ৮৬০ জনেরও বেশি মানুষের জাতীয়তা যাচাই করার অনুরোধ জানিয়েছে ভারত সরকার৷ ভারতের কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তিরা বাংলাদেশি এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ মঙ্গলবার এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি৷

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ৬০তম ব্যাটালিয়ন রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে৷ মাইক ব্যবহার করে সবাইকে সীমান্ত দিয়ে মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে সতর্ক থাকতে বলছেন তারা৷

৬০তম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম রয়টার্সকে বলেন, ‘‘সীমান্ত এলাকার গ্রামগুলোতে আমরা মাইকিং শুরু করেছি, যাতে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, জোরপূর্বক ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে তারা যেন সতর্ক থাকেন৷''

‘পুশ ব্যাক আমাদের নীতি, কোনো প্রসেস নেই’: শমীক ভট্টাচার্য

তিনি আরো জানান, ‘‘সীমান্ত এলাকা জুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে৷ অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং মাদক ও অন্যান্য সামগ্রীর চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে৷''

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০০০ কিলোমিটারেরও (২,৪৮৫ মাইল) বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে৷ বিশ্বের অন্যতম দীর্ঘ এ স্থলসীমান্তের প্রায় ৭৩ কিলোমিটারের একটা অংশ পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলায়৷ ওই অংশটি ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন৷ এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সঙ্গেও রয়েছে বাংলাদেশের সীমান্ত৷ এসব এলাকা দিয়ে ২০২৫ সালের মে মাস থেকে এ পর্যন্ত কয়েকশ মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷ তার আগে ৩০ হাজার মানুষকে ‘বিদেশি' হিসেবে চিহ্নিত করে আসামের বিভিন্ন ট্রাইব্যুনাল৷ তবে বেশ কয়েকটি মানবাধিকার মনে করে, ভারতের কর্তৃপক্ষ মানুষকে নির্বিচারে দেশ থেকে বহিষ্কার করেছে৷ বাংলাদেশের পক্ষ থেকে যেকোনো প্রত্যাবাসনের ক্ষেত্রে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়ে সীমান্ত দিয়ে একতরফাভাবে এবং জোর করে কাউকে ঠেলে না পাঠানোর কথা বলা হয়েছে বারবার৷

এসিবি/ জেডএইচ (রয়টার্স)