শান্তি আলোচনার সব পক্ষ এখন সুইজারল্যান্ডে
প্রকাশিত ১৫ জুন ২০২৬শেষ আপডেট ২১ জুন ২০২৬
আপনার যা জানা দরকার
- সুইজারল্যান্ডে আলোচনার মূলে থাকবে লেবানন: ইরান
- শান্তি আলোচনার সব পক্ষ এখন সুইজারল্যান্ডে
- জার্মান পেনশন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব কমিশনের
- হামবুর্গের হোটেলে আগুন, আহত ১৪
- তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে চিঠি
- সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভান্স, পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- মালয়েশিয়া-চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১৭ সমঝোতা স্মারকে
- দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ডের পথে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ
- ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৫
- তেহরানের পথে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী
সুইজারল্যান্ডে আলোচনার মূলে থাকবে লেবানন: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাকাই বলেছেন, সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রধান বিষয় হবে লেবাননে চলমান সংঘর্ষ৷
ইসরায়েলের বিরুদ্ধে “লেবাননে অঙ্গীকার লঙ্ঘনের” অভিযোগ তুলেছেন এই ইরানি কর্মকর্তা৷ যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবার লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষ দেখা গেছে৷
তবে বাকাই বলেছেন, শনিবার সন্ধ্যা থেকে লেবাননে একটি ‘‘নাজুক যুদ্ধবিরতি’’ প্রতিষ্ঠিত হয়েছে৷
আলোচনার অন্যান্য বিষয়গুলোর মধ্যে ইরানের স্থগিত সম্পদ মুক্ত করা এবং ইরানি তেল বিক্রির লাইসেন্স আদায়ের প্রসঙ্গটি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি৷
তেল বিক্রি ইরানের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুইস ফেডারেল কাউন্সিলের সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাৎসিও কাসিসের মধ্যে প্রাথমিক বৈঠকের পর বাকাই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর সঙ্গে কথা বলেছেন এই মুখপাত্র৷
তিনি আরও জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপে অংশ নেবেন৷ যুক্তরাষ্ট্র, কাতার, পাকিস্তান ও ইরানের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
টিএম/এসটি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
শান্তি আলোচনার সব পক্ষ এখন সুইজারল্যান্ডে
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি আলোচনায় অংশ নিতে অংশীদার সব পক্ষ বুর্গেনস্টকে এসে পৌঁছেছেন৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এক্স’ প্ল্যাটফর্মে বলা হয়েছে, ‘‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘেরের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা সবাই বুর্গেনস্টকে পৌঁছেছেন৷’’
এতে আরও বলা হয়েছে, সবপক্ষের মধ্যেই আজই (রোববার) শান্তি আলোচনা শুরু হতে পারে৷
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, রোববার বিকেলেই যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে৷
টিএম/এসটি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
জার্মান পেনশন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব কমিশনের
জার্মানির পেনশন বা অবসর ভাতা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার প্রস্তাব দিয়েছে দেশটির সরকার নিযুক্ত একটি কমিশন৷ এর মধ্যে রয়েছে অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো এবং একটি অর্থায়নভিত্তিক ব্যবস্থা চালু করা৷
জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রস্তাব অনুযায়ী ধীরে ধীরে অবসরের বয়সসীমা বাড়িয়ে ২০৯০ সালের মধ্যে ৭০ বছরে উন্নীত করা হবে৷ ৬৩ বছর বয়সে পূর্ণ পেনশন পাওয়ার সুযোগ বাতিল করা হবে৷
এই পরিকল্পনার মূলে আছে বর্তমান পেনশন ব্যবস্থা অর্থাৎ বর্তমানে কর্মরত ব্যক্তিদের থেকে পাওয়া অর্থ দিয়ে পেনশন ভাতা পরিশোধ করার বদলে আইনগত কাঠামোর মধ্যে একটি নতুন মূলধনভিত্তিক ব্যবস্থা চালু করা৷
বর্তমান নিয়ম অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে অবসরের বয়স ৬৭ বছরে উন্নীত করার কথা৷ কমিশনের সুপারিশে বলা হয়েছে, ভবিষ্যতে অবসরের সময়সীমা গড় আয়ু অনুযায়ী নির্ধারণ করা হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বাড়ানো হবে৷
প্রস্তাবে আরো বলা হয়েছে, পেনশন ব্যবস্থাপনায় অবদান রাখছে না এমন মিনি-জব বাতিল করা, স্বনির্ভর কর্মী ও আইনপ্রণেতাদের পেনশন ব্যবস্থার আওতায় যুক্ত করা৷ বছরে পেনশন বৃদ্ধির হার কমাতে একটি ‘স্থিতিশীলতা সূচক’ পুনরায় চালু করারও সুপারিশ করেছে কমিশন৷
মঙ্গলবার চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সরকারের কাছে এই সুপারিশগুলো তুলে ধরবেন তারা৷ তারপরই সরকারই আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে৷
টিএম/এসটি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
হামবুর্গের হোটেলে আগুন, আহত ১৪
জার্মানির হামবুর্গের একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৪ জন আহত হয়েছেন৷
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ তিনিসহ আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে হামবুর্গের সেন্ট জর্জ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ১৬০ জন অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী নিয়ে বড় পরিসরে অভিযান চালানো হয়েছে৷
উদ্ধারকারী দল আরও জানিয়েছে, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন হোটেলটিতে অবস্থানরত অতিথিদের জানালার ধারে অপেক্ষা করতে দেখেছেন৷ কারণ ঘন ধোঁয়ার কারণে তারা ভবন থেকে বের হতে পারছিলেন না৷
হোটেলটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকর্মীরা৷ ফলে, আগুন উপরের তলাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল৷ কিন্তু উদ্ধার কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷
টিএম/এসটি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে চিঠি
বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান৷
ওই চিঠিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ি’ এবং মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শুক্রবার টেলিফোনে মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন৷ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা লিখিত নির্দেশনার চিঠি হাতে পেয়েছি৷ সেখানে মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে৷’
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ওই তিনটি ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে৷ এ জন্য নতুন করে গণশুনানির আয়োজন করা হবে৷
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়৷ এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়৷ শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ি’৷
অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’৷ চারটি নতুন ইউনিয়নের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ি’ এবং তার দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’-এর নামের সঙ্গে তিন ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়৷
টিএম/এসটি (প্রথম আলো)
সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভান্স, পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইরানি আলোচকদের সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স৷
ভান্সের কার্যালয় জানিয়েছে, তিনি ও তার স্ত্রী উষা ভান্স স্থানীয় সময় সকাল ৬টার ঠিক আগে সুইজারল্যান্ডের লুসার্ন শহরের বাইরে এমেন বিমান ঘাঁটিতে পৌঁছেছেন৷
রওনা দেওয়ার আগে ভান্স বলেন, তিনি আশা করছেন ‘‘পরমাণু ইস্যুতে অগ্রগতি হবে, এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়েও অগ্রগতি হবে৷’’
যুক্তরাষ্ট্র‑ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান৷ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইজারল্যান্ডের ব্যুর্গেনস্টক শহরের উদ্দেশে রওনা হয়েছেন৷ এই সফরে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন’ সম্পর্কিত আলোচনায় যোগ দেবেন তিনি৷
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইরান, কাতার এবং যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এসব আলোচনায় অংশ নেবে৷
টিএম/এসটি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
যুদ্ধবিরতি ভঙ্গ: একে অপরকে দোষারোপ ইসরায়েল ও হিজবুল্লাহর
শনিবার ভোররাতে লেবাননে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল৷ তবে তারা অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ভেঙেছে হিজবুল্লাহ৷
আইডিএফ কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েচে, ‘‘রাতভর ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর দিকে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ৷’’
এর জবাবে ইসরায়েল ‘‘হিজবুল্লাহর স্থাপনা’’ লক্ষ্য করে হামলা চালায় বলে জানান ওই কর্মকর্তা৷
লেবাননভিত্তিক হিজবুল্লাহ একটি ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া সংগঠন, পাশাপাশি এটি দেশটির একটি রাজনৈতিক দলও৷ তবে, হিজবুল্লাহকে ইসরায়েল, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
শনিবার হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ বলেন, ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে৷
এক বিবৃতিতে ফাদলাল্লাহ বলেন, ‘‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, শত্রুপক্ষ যেন পুরোপুরি যুদ্ধবিরতি মেনে চলে এবং আমাদের দেশ বা গ্রামগুলোতে হামলা বা নতুন কোনো অবস্থান ও দখলের চেষ্টা না করে৷’’
তিনি আরও বলেন, ‘‘এই শত্রুপক্ষ যখন আমাদের ওপর হামলা চালায়, তখন তাদের মোকাবিলা করার পূর্ণ অধিকার প্রতিরোধ বাহিনীর আছে, কারণ তারাই আগ্রাসী ও দখলদার৷’’
টিএম/আরআর (এপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)
দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)৷
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘ককরোচ’ আন্দোলনের সমর্থকেরা পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন৷ এই বিক্ষোভকে দেশটির শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও ব্যর্থতা নিয়ে তরুণদের গভীর হতাশার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে৷
এর আগে বেঙ্গালুরু, হায়দারাবাদ, পুনে, লখ্নৌ ও অমৃতসারে সিজেপির বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছিলেন৷ এবার দিল্লির বিক্ষোভকে দেখা হচ্ছে ককরোচ জনতা পার্টির দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে৷
চলতি মাসের শুরুতে রাজধানীতে সিজেপির প্রথম বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়, সেখানে শত শত মানুষ অংশ নিয়েছিলেন৷
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সবাইকে প্লেট ও চামচ নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান৷ ‘এক্স’ প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘জন্তর মন্তরে থালি (ধাতব প্লেট) বাজিয়ে ককরোচেরাও নিজেদের কথা শোনাবে৷’’
এর আগে ২০২০ সালে কোভিড লকডাউনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকিৎসক, নার্স ও অন্যান্য করোনা যোদ্ধাদের সমর্থনে ভারতীয়দের থালা-বাসন বাজানোর আহ্বান জানিয়েছিলেন৷
শিক্ষামন্ত্রীকে সরাতে মোদীকে সিজেপির আহ্বান
শুক্রবার প্রধানমন্ত্রী মোদিকে একটি খোলা চিঠি লেখেন অভিজিৎ৷ ওই চিঠিতে পরীক্ষার চাপের মুখে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাগুলো তুলে ধরেন৷ তিনি লিখেছেন, ‘‘গত কয়েক সপ্তাহে আমরা দুঃখজনকভাবে ১১ জন তরুণ শিক্ষার্থীকে শুধু আত্মহত্যার কারণে হারিয়েছি৷’’
তিনি আরো লিখেছেন, ‘‘আমাদের শিক্ষার্থীদের শুধু এতটুকুই চাওয়া, যেন এই প্রাণহানির জবাবদিহিতা থাকে৷’’
চিঠিতে আরও বলা হয়, ‘‘ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন এই কথা স্বীকার করে আপনি যদি তাকে সরিয়ে দিতে দৃঢ় পদক্ষেপ নেন… তাহলে আপনি পুরো দেশকে দেখাতে পারবেন, এই দেশে প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করার শক্তি ও দৃঢ়তা আপনার আছে৷’’
টিএম/আরআর (এএফপি, এপি, রয়টার্স)
মালয়েশিয়া-চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১৭ সমঝোতা স্মারকে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান৷ রোববার দুপুরে তার রওনা হওয়ার কথা রয়েছে৷
এরপর ২২ জুন রাতে কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগর দালিয়ানে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের৷ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী আগামী ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন৷
বেইজিং সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা এখন পর্যন্ত ২৮ জন বলেও জানান সচিব৷ বলেন, প্রতিটি ক্ষেত্রে সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করা হচ্ছে৷
মালয়েশিয়ায় ২২ জুন তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন৷ পরে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে৷ বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সম্পর্কিত নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনার কথা রয়েছে৷
পররাষ্ট্রসচিব আরও বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগ দেওয়া, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন আদায় নিয়েও আলোচনা হবে৷
এই সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) বা চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে৷ এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সই হওয়ার কথা রয়েছে৷
পররাষ্ট্রসচিব আরও জানান, মালয়েশিয়া সফর শেষে আগামী ২২ জুন সন্ধ্যায় চীনের বন্দরনগরী দালিয়ানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী৷ পরদিন ২৩ জুন বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে৷ ডব্লিউইএফ-এর বার্ষিক সভা সামার দাভোসে অংশগ্রহণকারী কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে৷
টিএম/আরআর (প্রথম আলো)
তেহরানের পথে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী
সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা নিয়ে যখন অনিশ্চয়তা দেখা যাচ্ছে, সেই সময়ে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি৷
শনিবার তিনি তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা৷
এতে বলা হয়েছে, তেহরানে শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নাকভি৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে পরবর্তী পদক্ষেপেও নজর রাখবেন৷
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে পাকিস্তান৷ ফেব্রুয়ারি শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে বেশ কয়েকবার তেহরান সফর করেছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী৷
এই সপ্তাহের শুরুর দিকে সবশেষ তেহরান সফর করেছিলেন তিনি৷ ওই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেন মহসিন৷
টিএম/আরআর (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৫
লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাতভর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে৷
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে৷ বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আবাসিক ভবনে জেট বিমান, ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে৷
তবে, এ হামলার বিষয়কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)৷
লেবাননভিত্তিক ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল৷ এই ঘটনার কয়েক ঘণ্টার পরই নতুন করে হামলার ঘটনাটি সামনে এলো৷
হিজবুল্লাহকে ইসরায়েল, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
টিএম/আরআর (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ডের পথে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ৷
শনিবার মার্কিন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শুক্রবার তার সফর বাতিল করার পরই এই আলোচনার বিষয়টি সামনে এসেছে৷
ইরান যুদ্ধ বন্ধে গৃহীত সমঝোতা স্মারক বাস্তবায়নের আশা করছিল ওয়াশিংটন এবং তেহরান৷ কিন্তু লেবাননে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে, এই পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়৷
হিজবুল্লাহকে ইসরায়েল, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্সও সুইজারল্যান্ডে আসছেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
তবে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পুনরায় সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নেবেন৷ কুশনার হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন৷
টিএম/আরআর (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)
বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন : ইইউ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত হয়েছে৷ এ প্রসঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, ‘‘এটা দুঃখজনক৷ তবে পরিস্থিতির ধরন বিবেচনায় এটা পুরোপুরি অপ্রত্যাশিতও নয়৷’’ তিনি আরো বলেন, ‘‘আমি (যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি) আলোচনা অব্যাহত রাখা এবং চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানাবো, কারণ, বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন৷’’
আজ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন৷
ফ্রান্সের এভিয়ানে জি-সেভেন সম্মেলনে ইরানের সঙ্গে স্বাক্ষর করা সমঝোতা স্মারকের বিষয়ে ইউরোপের রাজনৈতিক সমর্থন পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
ক্যাথারিনা ক্রল (ব্রাসেলস)/এসিবি
জার্মানিতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
দক্ষিণ-পশ্চিম দিক থেকে উষ্ণ বাতাস প্রবেশ করায় দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে জার্মানির আবহাওয়া পরিষেবা ডিডাব্লিউডি৷
পশ্চিমাঞ্চলের রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার বিশাল এলাকাজুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরাঞ্চলের রাজ্য লোয়ার স্যাক্সনি এবং মধ্যাঞ্চলের হেসেন রাজ্যের কিছু এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে৷ ডিডাব্লিউডি জানায়, আজ শুক্রবার জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে একটু বেশি) পর্যন্ত পৌঁছাতে পারে৷
সন্ধ্যায় দক্ষিণাঞ্চলে বজ্রসহ ঝড় ও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে৷
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে বাডেন ও সোয়াবিয়া অঞ্চলে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, তীব্র দমকা হাওয়া মিলিয়ে আবহাওয়ার দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে৷
ডিডাব্লিউডি আরো জানিয়েছে, শুক্রবার রাতে পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে পশ্চিমাঞ্চলে ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৭০
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে৷ এর ফলে সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭০৷
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়৷ এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামেনিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩৷ হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫৭৭ জন৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)