1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নরওয়েতে জয়ী বামপন্থিরা

১৪ সেপ্টেম্বর ২০২১

নরওয়েতে নির্বাচনে বিপুলভাবে জয়ী বামপন্থী জোট। লেবার পার্টির নেতা জোনাসের নেতৃত্বে এই জয় পেল বামপন্থি জোট।

https://p.dw.com/p/40HKk
লেবার পার্টির এই নেতাই বামপন্থিদের জয়ের পিছনে। ছবি: Javad Parsa/NTB/AP/picture alliance

২০১৩ থেকে ক্ষমতায় ছিলেন রক্ষণশীল নেত্রী অ্যারনা সোলব্যর্গের নেতৃত্বাধীন জোট। আট বছর পর তাদের ক্ষমতাচ্যূত করল বামপন্থি জোট। নির্বাচনের এই ফল দেশের তেল শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

জোনাস বলেছেন, ''আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম, আমরা খুবই পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত আমরা পেরেছি। তিনিই সম্ভবত পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।''

১৬৯ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৮৫টি আসনের। এখনো পর্যন্ত ৯৭ দশমিক পাঁচ শতাংশ ভোট গণনা হয়েছে। বামপন্থিরা পেয়েছেন একশটি আসন।

বামপন্থি জোটের নেতা বলছেন, ''নরওয়ের মানুষ একটা বার্তা দিয়েছেন। তারা ন্যায্য সমাজ চান, যেখানে বিভেদ থাকবে না।''

Norwegen Parlamentswahl 2021 | Erna Solberg, Ministerpräsidentin
জোটকে জেতাতে পারলেন না বিদায়ী প্রধানমন্ত্রী সোলব্যর্গ। ছবি: NTB/Hakon Mosvold Larsen via REUTERS

নরওয়ের নির্বাচনী প্রচারের সময় সব চেয়ে গুরুত্ব পেয়েছিল জলবায়ু পরিবর্তন নিয়ে রিপোর্ট। বামপন্থিরা বলেছিলেন, তেলভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে নরওয়েকে সরে আসতে হবে। গ্রিন পার্টি অবিলম্বে তেল খোঁজার কাজ বন্ধ করার দাবি তুলেছিল। রক্ষণশীলরাও পেট্রো পদার্থের উপর নির্ভরতা কমানোর কথা বলেছিল। নরওয়ে হলো পশ্চিম ইউরোপের অন্যতম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক।

সোলব্যর্গ বলেছেন, তিনি বামপন্থিদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আর জোনাস বলেছেন, ''নরওয়ে নতুন সরকার পাচ্ছে। মানুষ যাতে নতুন দিশা পান, সেটা নিশ্চিত করা হবে।''

বামপন্থিরা কম ও মধ্য আয়ের মানুষদের কর কমাবার ও বড়লোকদের উপর বেশি কর বসানোর কথা বলেছেন। তারা গ্রামের সমর্থকদের স্বার্থ রক্ষা করার কথাও বলেছেন। এখন দেখার সরকারে এসে কতটা পরিবর্তন আনতে পারেন বামপন্থিরা।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)